পৃষ্ঠা নং-২১৯
ওহীর পরিবর্তে কার্যকর পদ্ধতিতে মুমিন ও মুনাফেকের পার্থক্য বিধানের তাৎপর্যঃ এ আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে, নিঃস্বার্থ মুমিন ও মুনাফেকের মধ্যে পার্থক্য বিধানের উদ্দেশ্যে আল্লাহ্ তাআলা এমন জটিলতা ও দুর্ঘটনার অবতারনা করেন, যাতে বাস্তব ও কার্যকরভাবে মুনাফেকের প্রতারণা প্রকৃষ্ট হয়ে উঠতে পারে। এ পার্থক্য বিধান যদিও ওহীর মাধ্যমে মুনাফেকদের নামোল্লেখ করেও করা যেতে পারত, কিন্তু হেকমতের তাকাদা তা নয়। আল্লাহ্ তাআলার পরিপূর্ণ হেকমত তিনিই জানেন। তবে এখানে একটি হেকমত এটাও হতে পারে যে, মুসলমানদিগকে যদি ওহীর মাধ্যমে বলে দেওয়া হত যে, অমুক ব্যক্তি মুনাফেক, তাহলে তার সাথে মুসলমানদের সম্পর্কচ্ছেদ করা এবং তার আচার-আচরণে সতর্কতার ব্যাপারে এমন কোন প্রকৃষ্ট প্রমাণ থাকত না, যা মুনাফেকরাও সমর্থন করতে পারত। তখন তারা বলত যে, তোমরা ভুল বলছ। আমরা প্রকৃতই মুসলমান।
পক্ষান্তরে বিপদাপদ ও জটিলতা আরোপের মাধ্যমে যে বাস্তব ও কার্যকর পার্থক্য নিরূপণ করা হয়েছে; তাতে মুনাফেকরা সরে পড়তে বাধ্য হয়েছে; তাদের প্রতারণা স্পষ্ট হয়ে গেছে। এখন আর তাদের দাবী করার সুযোগ থাকেনি যে, তারাও নিঃস্বার্থ মুমিন।
এভাবে মুনাফেকী প্রকাশিত হয়ে পড়ায় একটি ফায়দা এও হয়েছে যে, তাদের সাথে মুসলমানদের বাহ্যিক মেলামেশাও বন্ধ হয়ে যায়। অন্যথায় মানসিক বিরোধ থাকা সত্ত্বেও বাহ্যিক মেলামেশা যদি বিদ্যমান থাকত, তবুও তা ক্ষতিকর হত।
গায়েবী ব্যাপারে কাউকে অবহিত করে দেওয়া হলে তা গায়েব থাকে নাঃ এ আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে, আল্লাহ্ তাআলা গায়েবী ব্যাপারে ওহীর মাধ্যমে যে কাউকে অবহিত করেন না। অবশ্য নিজের নবী-রসূল নির্বাচিত করে তাদেরকেই গায়েবী ব্যাপারে অবহিত করেছেন। এতে এমন সন্দেহ করা উচিত নয় যে, তাই যদি হয়, তবে নবীগণও তো ‘ইলমে গায়েবের অংশীদার এবং আলেমে-গায়েব। কারণ, ‘ইলমে-গায়েব আল্লাহ্ রাব্বুল আলামীনের সত্তার সাথে সংযুক্ত, কোন সৃষ্টিকে তার অংশীদার সাব্যস্ত করা শিরক। আর তা হল দু’টি শর্তসাপেক্ষে। (এক) সে ‘ইলমকে হতে হবে ‘ইলমে যাতী’ যাতে অপর কারো মাধ্যমে আগত বা শেখানো যায়। (দুই) সে ‘ইলমকে সমগ্র বিশ্বজগৎ ও ভূত-ভবিষ্যতের উপর পরিব্যপ্ত হতে হবে, যাতে কোন একটি অণু-পরমাণু পর্যন্ত গোপন থাকবে না। আল্লাহ্ তাআলা স্বয়ং ওহীর মাধ্যমে নবী-রসূলগণকে যে সমস্ত গায়েবী বিষয় অবহিত করেছেন, সেগুলো প্রকৃতপক্ষে ইলমে গায়েব নয় বরং গায়েবী বিষয়ের সংবাদ যা নবী-রসূলগণকে দেওয়া হয়েছে। কুরআনে কারীমও একে কয়েক স্থানে أَنبَاءِ الْغَيْبِ (তথা গায়েবের সংবাদ বা অবগতি) শব্দে বিশ্লেষণ করেছে। বলা হয়েছে-
مِنْ أَنبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ (অর্থাৎ, -সেগুলো ছিল গায়েবী সংবাদের অন্তর্ভুক্ত যা ওহীর মাধ্যমে আপনাকে অবহিত করা হয়েছে)।
উল্লেখিত সাতটি আয়াতের প্রথম আয়াতে কার্পণ্যের নিন্দাবাদ এবং তার উপর অভিসম্পাতের কথা আলোচনা করা হয়েছে।
কার্পন্যের সংজ্ঞা এবং সে জন্য শাস্তি বিধানের বিস্তারিত বিশ্লেষণঃ ‘বুখ্ল্’ বা কার্পণ্যের শরীয়ত নির্ধারিত অর্থ হল- ‘যা আল্লাহ্র রাহে ব্যয় করা কারো উপর ওয়াজিব, তা ব্যয় না করা’। এ কারণেই কার্পণ্য বা বোখল হারাম এবং এজন্য জাহান্নামের ভীতি প্রদর্শন করা হয়েছে। পক্ষান্তরে যেসব ক্ষেত্রে ব্যয় করা ওয়াজিব নয়, বরং মুস্তাহাব, তাতে ব্যয় না করা হারাম-কার্পণ্যের আওতাভুক্ত নয়। অবশ্য সাধারণ অর্থে তাকেও কার্পণ্যই বলা হয়ে থাকে। এ ধরনের কার্পণ্য বা বুখ্ল্ হারাম নয়। তবুও অনুত্তম।
‘বুখ্ল্’ বা কার্পণ্য অর্থেই আরও একটি শব্দ হাদীসে ব্যবহৃত হয়েছে। তা হল شُحَّ-এর সংজ্ঞা হলো এই যে, যে ব্যয় নিজের দায়িত্বে ওয়াজিব ছিল, তা ব্যয় না করা। তদুপরি সম্পদ বৃদ্ধিকল্পে লোভের বশবর্তী হওয়া। এটি কার্পণ্য অপেক্ষাও অধিক অপরাধ। সে কারণেই রসূলে কারীম (সাঃ) এরশাদ করেছেন—
لايجتمع شح وإيمان فى قلب رجل مسلم ابدًا
অর্থাৎ- ‘শুহ’ বা কৃপণতা এবং ‘ঈমান’ কোন মুসলমানের অন্তরে একত্রে অবস্থান করতে পারে না। -(কুরতুবী)