পৃষ্ঠা নং-২১৩
করা হয়েছে যে, এই কোমলতা, সদ্ব্যবহার, ক্ষমা প্রদর্শন এবং দয়া ও করুণা করার সে গুণ যদি আপনার মধ্যে না থাকত, তবে মানুষের সংশোধনের যে দায়িত্ব আপনার উপর সমর্পণ করা হয়েছে তা যথা উদ্দেশ্য সম্পাদিত হতো না। মানুষ আপনার মাধ্যমে আত্ম-সংশোধন ও চারিত্রিক সংস্কার সাধনের উপকারিতা লাভ করার পরিবর্তে আপনার কাছ থেকে দূরে সরে যেতো।
এ সমস্ত বিষয়ের দ্বারা দীক্ষাদান, সংস্কার এবং ধর্ম প্রচারের রীতি-পদ্ধতি সম্পর্কে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় জানা গেল। যে ব্যক্তি দীক্ষাদান, সমাজ-সংস্কার এবং ধর্ম প্রচারের কাজে আত্ম-নিয়োগ করার সংকল্প করবে, তার পক্ষে উল্লেখিত গুণ-বৈশিষ্ট্য নিজের মধ্যে সৃষ্টি করা অপরিহার্য। এ ব্যাপারে যখন আল্লাহ্ তা’আলার প্রিয়তম রসূলের কঠোরতাই সহ্য করা হয়নি, তখন কোন প্রকার কঠোরতা বা চারিত্রিক অনমনীয়তার মাধ্যমে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে এবং তাদের সংস্কার ও দীক্ষাদানের দায়িত্ব পালন করতে পারবে এমন সাধ্য কার হতে পারে।
সবশেষে বলা হয়েছে وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ অর্থাৎ, ইতিপূর্বে যেমন কাজে-কর্মে এবং কোন সিদ্ধান্ত নিতে হলে তাদের সাথে পরামর্শ করতেন, তেমনিভাবে এখনও তাদের সাথে পরামর্শ করুন, যাতে তাঁদের মনে প্রশান্তি আসতে পারে। এতে হেদায়াত দেওয়া হয়েছে যে, কল্যাণ কামনার যে অনুরাগ তাঁদের অন্তরে বিদ্যমান, তা তাদেরকে পরামর্শের অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্রকাশ করবেন।
এই সমুদয় আয়াতে সমাজ সংস্কারক ও ধর্ম প্রচারকদের জন্য কয়েকটি বিষয়কে অপরিহার্য বলে সাব্যস্ত করা হয়েছে। প্রথমতঃ আচার-ব্যবহার ও কথা-বার্তায় রূঢ়তা ও ককর্শতা পরিহার করা। দ্বিতীয়তঃ সাধারণ লোকদের দ্বারা কোন ভুলভ্রান্তি হয়ে গেলে কিংবা কষ্টদায়ক কোন বিষয় সংঘটিত হলে সে জন্য প্রতিশোধমূলক কোন ব্যবস্থা না নিয়ে বরং ক্ষমা প্রদর্শন করা এবং সদয় ব্যবহার করা। তৃতীয়তঃ তাদের পদস্খলন ও ভুলভ্রান্তির কারণে তাদের কল্যাণ কামনা থেকে বিরত না থাকা। তাদের জন্যে দোয়া-প্রার্থনা করতে থাকা এবং বাহ্যিক আচার-আচরণের তাদের সাথে সদ্ব্যবহার পরিহার না করা। উল্লেখিত আয়াতে মহানবী (সাঃ)-কে প্রথমে তো সাহাবীদের কাছ থেকে পরামর্শ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে এবং অতঃপর আচরণ-পদ্ধতি সম্পর্কে হেদায়াত দেয়া হয়েছে। পরামর্শ গ্রহণ সম্পর্কে কুরআন-কারীম দু’জায়গায় সরাসরি নির্দেশ দান করেছে। একটি হলো এই আয়াতে এবং দ্বিতীয়টি হলো সূরা-শূরার সে আয়াতে যাতে সত্যিকার মুসলমানদের গুণবৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে একটি গুণ এই বলা হয়েছে যে, وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ অর্থাৎ, (যারা সত্যিকার মুসলমান) তাঁদের প্রতিটি কাজ হবে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে।
এতদুভয় আয়াতে যেভাবে রাষ্ট্রীয় ব্যাপারে পরামর্শের অপরিহার্যতা প্রতীয়মান হয়, তেমনিভাবে এতে ইসলামের রাষ্ট্রব্যবস্থা ও বিধান সংক্রান্ত কয়েকটি মূলনীতিও সামনে এসে যায়। তা হলো এই যে, ইসলামী রাষ্ট্র হলো একক পরামর্শ-ভিত্তিক রাষ্ট্র যাতে পরামর্শের ভিত্তিতে নেতা বা রাষ্ট্রপ্রধান নির্বাচন সম্পন্ন হয়ে থাকে; বংশগত উত্তরাধিকারের ভিত্তিতে নয়। অধুনা ইসলামী শিক্ষারই দৌলতে সমগ্র বিশ্বে এই মূলনীতি সর্বজনস্বীকৃত সত্যে পরিণত হয়ে গেছে। তদুপরি ব্যক্তি-শাসিত রাজতন্ত্রী সাম্রাজ্যসমূহও জোরে হোক জবরদস্তিতে হোক এ দিকেই চলে আসতে বাধ্য হচ্ছে। কিন্তু আজ থেকে চৌদ্দ শ বছর আগেকার যুগের প্রতি লক্ষ্য করুন, যখন সমগ্র বিশ্বের উপর বর্তমান তিন বৃহতের স্থলে দুই বৃহতের শাসন বিদ্যমান ছিল। তার একটি হলো কিসরার শাসন আর অপরটি হলো কায়সারের শাসন। এতদুভয়ের বিধি-বিধানই ব্যক্তি রাষ্ট্র ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সাম্রাজ্য হিসাবে একই পর্যায়ভুক্ত ছিল। এতে এক ব্যক্তি লক্ষ-কোটি বানী-আদমের উপর শাসন করতো নিজের মেধা ও যোগ্যতার বলে নয়, বরং উত্তরাধিকারের নৃশংস ও উৎপীড়নমূলক নীতির ভিত্তিতে। আর মানুষকে গৃহপালিত জানোয়ারের মর্যাদা দেয়াকেও মনে করা হতো একান্ত রাষ্ট্রীয় সম্মান ও এনাম। রাষ্ট্রীয় এই মতবাদই দুনিয়ার অধিকাংশ এলাকার উপর চাপিয়ে রাখা হয়েছিল। শুধুমাত্র গ্রীসে গণতন্ত্রের কিছু নমুনার একটা অসম্পূর্ণ রেখা বিদ্যমান ছিল। কিন্তু তাও ছিল এতই অস্পষ্ট ও ক্ষীণ যে, তার উপর কোন রাষ্ট্র ভিত্তি স্থাপন করা ছিল একান্তই দূরূহ ব্যাপার। সে কারণেই গ্রীক রাষ্ট্রনীতির ভিত্তিতে কোন স্থিতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভবপর হয়নি, বরং সে সমস্ত মূলনীতি এরিষ্টটলের দর্শনের একটি শাখা হিসেবে বিদ্যমান রয়ে গেছে। পক্ষান্তরে ইসলাম রাষ্ট্রীয় ক্ষেত্রে উত্তরাধিকারের অপ্রাকৃতিক নীতি-পদ্ধতিসমূহকে বাতিল করে দিয়ে রাষ্ট্রপ্রধানের নিয়োগ ও অপসারণের বিষয়টি একান্তভাবে জন-সাধারণের অধিকারে তুলে দিয়েছে। যে অধিকারকে তারা নিজেদের প্রতিনিধি এবং বিচক্ষণ ও বিচারবুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে ব্যবহার করতে পারে। সাম্রাজ্যবাদের পথে আটকে পড়া পৃথিবী ইসলামের শিক্ষারই দৌলতে এই ন্যায়সঙ্গত ও প্রকৃতিগ্রাহ্য ব্যবস্থা সম্পর্কে অবহিত হয়েছে। আজকের পৃথিবী যাকে গণতন্ত্র নামে অবহিত করছে, সে রাষ্ট্রব্যবস্থার প্রকৃত প্রাণই হলো এটি।
কিন্তু বর্তমান ধাচের গণতান্ত্রিক ব্যবস্থাসমূহ যেহেতু রাজতান্ত্রিক উৎপীড়ন-নিপীড়নেরই প্রতিক্রিয়ায় অস্তিত্ব লাভ করেছে এবং তাও এত অসমঞ্জস্যভাবে বিকাশ লাভ করেছে যে, জনসাধারণকে সর্বময় ক্ষমতার অধিকারী সাব্যস্ত করে দিয়ে রাষ্ট্রীয় আইন ও শাসন-বিধানের মুক্ত মালিকানা দান করেছে। ফলে তাদের মন-মস্তিষ্ক, আসমান, যমীন ও মানবজাতির স্রষ্টা আল্লাহ্ এবং তাঁর প্রকৃত মালিকানা ও রাষ্ট্রাধিকারের কল্পনা থেকেও বিমুক্ত হয়ে পড়েছে। এখন তাদের গণতন্ত্র আল্লাহ্ তাআলারই দেয়া গণ অধিকারের উপর আল্লাহ্ কর্তৃক আরোপিত বাধ্যবাধকতাসমূহকে পর্যন্ত মনের উপর কঠিন চাপ এবং ন্যায়ের পরিপন্থী বলে ধারণা করতে শুরু করেছে।
ইসলামী সংবিধান যেভাবে বানী-আদমকে ‘কাইসার’ ও ‘কিসরার’ এবং ব্যক্তি শাসনের নিপীড়ন-নির্যাতনের নিগড় থেকে মুক্ত করেছে, তেমনিভাবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অজ্ঞ পাশ্চাত্য গণতন্ত্রকেও দেখিয়েছে আল্লাহর আনুগত্যের পথ। কোন দেশের বিধিব্যবস্থা হোক কিংবা জনসাধারণ-সবাইকে একথা বাতলে দেয়া হয়েছে যে, তারা সবাই আল্লাহর আইনেরই অনুগত। জনসাধারণ এবং গণসংসদের অধিকার, আইন প্রণয়ন, মনোনয়ন-অপসারণ সবই আল্লাহ্ কর্তৃক নির্ধারিত সীমারেখার ভিতরে হতে হবে। শাসক বা নেতার নির্বাচনে, পদ ও দফতর বন্টনের ব্যাপারে একদিকে তাদের সামর্থ্য ও যোগ্যতার প্রতি যেমন পরিপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে, তেমনিভাবে তাদের আমানতদারী এবং বিশ্বস্ততারও পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। এমন লোককেই নিজেদের শাসক বা নেতা নির্বাচন করতে হবে, যিনি ‘ইল্ম ও পরহেযগারী, আমানতদারী ও বিশ্বস্ততা, সামর্থ্য ও যোগ্যতা এবং রাজনৈতিক অভিজ্ঞতার দিক দিয়ে হবেন সর্বোত্তম। তদুপরি এ নেতা-