পৃষ্ঠা নং-১০৭
প্রথম বাক্যে ইরশাদ হয়েছে-
كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً
ইমাম রাগেব ইস্পাহানী ‘মুফরদাতুল কুরআনে’ বলেছেন, ‘আরবী অভিধান অনুযায়ী এমন মানবগোষ্ঠীকে উম্মত বলা হয়, যাদের মধ্যে কোন বিশেষ কারণে সংযোগ, ঐক্য ও একতা বিদ্যমান থাকবে। সে ঐক্য মতাদর্শ ও বিশ্বাসজনিত হোক অথবা একই যুগে একই এলাকা বা দেশের অধিবাসী হওয়ার দরুনই হোক অথবা অন্য কোন অঞ্চলের বংশ, বর্ণ ও ভাষার সমতার কারণেই হোক।
‘কোন এককালে সকল মানুষ পরস্পর একতাবদ্ধ ছিল’- এতে দু’টি কথা প্রণিধানযোগ্য। প্রথমতঃ ‘একতা’ বলতে কোন ধরনের একতাকে বোঝানো হয়েছে? দ্বিতীয়তঃ এই একতা কখন ছিল? প্রথম বিষয়ের মীমাংসা এ আয়াতের শেষ বাক্যটির দ্বারা হয়ে যায়। এতে একতার মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়ার এবং বিভিন্ন মতবাদের মধ্যে হক ও সত্য মতবাদ নির্ধারণের ব্যাপারে নবী ও রসুল প্রেরণের কথা উল্লেখ করা হয়েছে। কেননা, এ মতাদর্শের মধ্যে মীমাংসা করার জন্যে নবী ও রসুলগণের প্রেরণ এবং আসমানী কিতাব অবতরণ করা হয়েছে। বলাবাহুল্য, সে মতবিরোধ বংশ, ভাষা বর্ণ বা অঞ্চল অথবা যুগের মতানৈক্য ছিল না, বরং মতাদর্শ, ‘আকায়িদ ও ধ্যান-ধারণার পার্থক্য ছিল। এতেই বোঝা যায় যে, এ আয়াতে একত্ব বলতে ধ্যান-ধারণা, চিন্তা এবং ‘আকীদার একত্বকেই বোঝানো হয়েছে।
সুতরাং এ আয়াতটির অর্থ দাঁড়ায় এই যে, এমন এক সময় ছিল, যখন প্রতিটি মানুষ একই মত ও আদর্শ এবং একই ধর্মের অন্তর্ভুক্ত ছিল। প্রশ্ন উঠে, সে মত ও বিশ্বাসটি কি ছিল? এতে দু’টি সম্ভাবনা বিদ্যমান। (১) হয় তখনকার সব মানুষ তাও‘হীদ ও ঈমানের বিশ্বাসে ঐক্যবদ্ধ ছিল। নতুবা (২) সবাই মিথ্যা ও কুফরীতে ঐক্যবদ্ধ ছিল। অধিকাংশ তাফসীরকারের সমর্থিত মত হচ্ছে যে, সে ‘আকীদাটি ছিল সঠিক ও যথার্থতা ভিত্তিক। অর্থাৎ তাও‘হীদ ও ঈমানের ঐক্যমত।
এ আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে, ‘এক’ বলতে ‘আকীদা ও তরীকার একত্ব এবং সত্য-ধর্ম বলে আল্লাহ্র একত্ববাদ ও ঈমানের ব্যাপারে ঐক্যমত্যের কথাই বলা হয়েছে।
এখন দেখতে হবে, এ সত্য দ্বীন ও ঈমানের উপর সমস্ত মানুষের ঐকমত্য কোন যুগে প্রতিষ্ঠিত ছিল এবং তা কোন যুগ পর্যন্ত স্থায়ী ছিল? তাফসীরকার সা‘হাবীগণের মধ্যে হযরত উবাই ইবনে কা‘আব এবং ইবনে যায়েদ (রদ্বিয়াল্ল-হু ‘আনহুমা) বলেছেন যে, এ ঘটনাটি ‘আলমে-আযল’ বা আত্মার জগতের ব্যাপার। অর্থাৎ, সমস্ত মানুষের আত্মাকে সৃষ্টি করে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, أَلَسْتُ بِرَبِّكُمْ (আমি কি তোমাদের পালনকর্তা নয়?) তখন একবাক্যে সকল মানুষ একই ‘আকীদাতে বিশ্বাসী ছিল, যাকে দ্বীন ও ইসলাম বলা হয়।–(কুরতবী)
হযরত ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাস (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বলেছেন যে, এই একত্বের বিশ্বাস তখনকার, যখন আদম (‘আলাইহিচ্ছালাম) সস্ত্রীক দুনিয়াতে আগমন করলেন এবং তাঁদের সন্তান-সন্ততি জন্মাতে আরম্ভ করল আর মানবগোষ্ঠি বৃদ্ধিপ্রাপ্ত হতে শুরু করলো। তাঁরা সবাই হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর ধর্ম, তাঁর শিক্ষা ও শরী‘আতের অনুগত ছিল। একমাত্র কাবীল ছাড়া সবাই তাও‘হীদের সমর্থক ছিলেন।
‘মুসনাদে বায্যার’ গ্রন্থে হযরত ইবনে ‘আব্বাসের উদ্ধৃতির সাথে সাথে একথাও উল্লেখ রয়েছে যে, একত্বের ধারণা হযরত আদম (‘আলিাইহিচ্ছালাম) থেকে আরম্ভ হয়ে হযরত ইদ্রীস (‘আলাইহিচ্ছালাম) পর্যন্ত বিদ্যমান ছিলেন। এতদুভয় নবীর মধ্যবর্তী সময় হল দশ ‘করন’। বাহ্যতঃ এক ‘করন’ দ্বারা এক শতাব্দী বোঝা যায়। সুতরাং মোট সময় ছিল এক হাজার বছর।
কেউ কেউ একথাও বলেছেন যে, এই একক বিশ্বাসের যুগ ছিল হযরত নূ‘হ (‘আলাইহিচ্ছালাম)-এর তুফান পর্যন্ত। নূ‘হ (‘আলাইহিচ্ছালাম)-এর সাথে যারা নৌকায় আরোহণ করেছিলেন, তাঁরা ব্যতিত সমগ্র বিশ্ববাসী এতে ডুবে মরেছিল। তুফান বন্ধ হওয়ার পর যারা জীবিত ছিলেন, তাঁরা সবাই ছিলেন মুসলমান; সত্য ধর্ম ও একত্ববাদে বিশ্বাসী।
বাস্তবপক্ষে এ তিনটি মতামতের মধ্যে কোন বিরোধ নেই। তিনটি যুগই এমন ছিল, যেগুলোতে সমস্ত মানুষ একই মতবাদ ও একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল এবং সত্য ধর্মের উপর কায়েম (প্রতিষ্ঠিত) ছিল। পরবর্তী আয়াতে একটি বিষয় লক্ষণীয় যে, পূর্ববর্তী বাক্যটিতে সমস্ত মানব জাতিকে একই মত ও ধর্মের অনুসারী বলে উল্লেখ করার পর মতবিরোধের কোন কারণ বর্ণনা না করেই বলা হয়েছে-‘আমি নবী-রসূলগণ ও কিতাবসমূহ অবতীর্ণ করেছি, যাতে মতবিরোধের মীমাংসা করা যায়’।
এ দু’টি বাক্যে আপাত দৃষ্টিতে গরমিল মনে হয়। কারণ, নবীগণ এবং কিতাবসমূহ প্রেরণের কারণ ছিল মানুষের মতানৈক্য। পক্ষান্তরে সে সময় কোন মত-পার্থক্য ছিল বলেই উল্লেখ করা হয়নি। অবশ্য এর অর্থ অত্যন্ত পরিষ্কার। যারা কুরআনের বর্ণনাভঙ্গি সম্পর্কে একটু চিন্তা করেন, তাঁদের জন্যে এর মর্ম উপলব্ধি করা মোটেই কঠিন নয়। কুরআন কখনও অতীতের বর্ণনা দিতে গিয়ে গল্প, কাহিনী কিংবা ইতিহাসের গ্রন্থাবলীতে উল্লেখিত যাবতীয় কাহিনীরই অবতারণা করেনি; বরং মধ্য থেকে সেসব অংশ বাদ দিয়ে দিয়েছে, যা এই কালামের প্রেক্ষাপটের দ্বারা বোঝা যায়। ফলে তা’ই বর্ণনা করা হয়েছে। অতঃপর যে মতানৈক্য দেখা দিয়েছে তা বিশ্ববাসী স্বচক্ষে দেখেছে। তাই এর পুনরালোচনা ছিল নিষ্প্রয়োজন। তবে এতটুকু বলা হয়েছে যে, এসব মতানৈক্যের মীমাংসা করার জন্য আল্লাহ্ তা‘আলা কি ব্যবস্থা করেছেন। ইরশাদ হয়েছেঃ
فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ ‘অর্থাৎ, আল্লাহ্ তা‘আলা নবীগণকে প্রেরণ করলেন’। তাঁরা সত্য ধর্মের অনুসারীদেরকে স্থায়ী আরাম ও সুখ-শান্তির সুসংবাদ দিতেন, আর তা থেকে যারা বিমুখ হয়েছিল, তাদেরকে জাহান্নামের শাস্তির ভয় দেখাতেন। আর তাদের নিকট ও‘হী ও আসমানী গ্রন্থ অবতীর্ণ করলেন যা বিভিন্ন মতাদর্শের নিরসন করে সত্য ও সঠিক মতাদর্শ জানিয়ে দেয়। অতঃপর ইরশাদ হয়েছে, নবী-রসূল এবং আসমানী গ্রন্থের মাধ্যমে প্রকাশ্য ও অকাট্য যুক্তি-প্রমাণ উপস্থাপন করার পরেও বিশ্ববাসী দু’টি দলে বিভক্ত হয়ে গেছে। কিছু লোক এ হিদায়াতকে গ্রহণ করেনি। আরো আশ্চর্যের বিষয় যে, যাদের কাছে নবীগণ ও দলীলসমূহ এসেছে, তাদেরই একদল তা অগ্রাহ্য করেছে। অর্থাৎ, ইহুদী ও নাসারাগণ। আরো বিস্ময়কর বিষয়, আসমানী কিতাবে কোন সন্দেহ-সংশয়ের সম্ভাবনা ছিল না যে, তা বোঝা যায় না বা বোঝতে ভুল হয়। বরং প্রকৃতপক্ষে জেনে-বোঝেও শুধুমাত্র গোঁড়ামি ও জেদবশতঃ তারা এসবের বিরুদ্ধাচরণ করেছে।
দ্বিতীয় দল হচ্ছে তাদের, যারা আল্লাহ্র দেয়া হিদায়াতকে গ্রহণ-