পৃষ্ঠা নং-১০৯
সেগুলোর উত্তর রসুল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)- এর মাধ্যমে সরাসরি ‘আরশে মু‘আল্লা থেকে আল্লাহ্ তা‘আলাই দিয়েছেন। সেমতে এসব ফতোয়া বা প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ্ তা‘আলাই দিয়েছেন বলেও যদি মনে করা হয়, তাও ভুল হবে না। কুরআন শরীফে রয়েছেঃ
قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ -এতে পরিষ্কারভাবে আল্লাহ্ তা‘আলা ফতোয়া দেয়ার কাজটিকে নিজেরই সাথে সম্পৃক্ত করেছেন। কাজেই এতে কোন প্রকার রূপক বিশ্লেষণ চলে না। তাছাড়া বলা যেতে পারে যে, এ ফতোয়া রসুল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) দিয়েছেন, যা তাঁকে ও‘হীর মাধ্যমে শেখানো হয়েছে। এ রুকু’তে শরী‘আতের যেসব হুকুম-আহকাম সাহাবীগণের প্রশ্নের উত্তরে বর্ণনা করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র কুরআনে এমনিভাবে প্রশ্নোত্তরের আকারে বিশেষ বিধানের বর্ণনা প্রায় সতেরটি জায়গায় রয়েছে। তন্মধ্যে সাতটি সূরা বাক্বারায়, একটি সূরা মায়িদায়, একটি সূরা আনফালে। এ নয়টি স্থানে প্রশ্ন করা হয়েছে সাহাবায়ে-কেরামের পক্ষ থেকে। এছাড়া সূরা আ’রাফে দু’টি এবং সূরা বানী ইসরাঈল, সূরা কাহ্ফ্, সূরা ত্ব-হা ও সূরা নাযি‘আতে একটি করে ছয়টি স্থানে কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যার উত্তর কুরআনে কারীমে উত্তরের আকারেই দেয়া হয়েছে। মুফাস্সির হযরত ইবনে ‘আব্বাস (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বলেছেন, মু‘হাম্মদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর সাহাবীগণের চাইতে কোন উত্তম দল আমি দেখিনি; ধর্মের প্রতি তাঁদের অনুরাগ ছিল অত্যন্ত গভীর আর হুযুরে আকরম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রতি তাঁদের এহেন ভালবাসা ও সম্পর্ক সত্ত্বেও তাঁরা প্রশ্ন করতেন খুব অল্প। তাঁরা সর্বমোট তেরটি বিষয়ের উপর প্রশ্ন করেছিলেন। সেগুলোর উত্তর কুরআনে কারীমে দেয়া হয়েছে। তবে তাঁরা প্রয়োজন ছাড়া প্রশ্ন করতেন না।–(কুরতুবী)
আলোচ্য আয়াতগুলোর প্রথমটিতে সাহাবিগণের প্রশ্নের বিষয়টি নিম্নলিখিতভাবে উদ্বৃত হয়েছে وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ অর্থাৎ, মানুষ কি ব্যয় করবে এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। এ প্রশ্নই দু’টি আয়াতের পর পুনরায় একই বাক্যের মাধ্যমে করা হয়েছে।
وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ কিন্তু প্রথমবার এই প্রশ্নের যে উত্তর উল্লেখিত আয়াতে দেয়া হয়েছে, দু’আয়াতের পর এর উত্তর অন্যভাবে দেয়া হয়েছে। এজন্য বোঝতে হবে যে, একই রকমের প্রশ্নের দু’টি উত্তরের একটি তাৎপর্য অবশ্যই রয়েছে। আর সে তাৎপর্যটি সে সমস্ত অবস্থা ও ঘটনার বিষয়ে চিন্তা করলেই বোঝা যায়, যেগুলোর প্রেক্ষিতে আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল। যেমন, আলোচ্য আয়াতের শানে-নুযুল হচ্ছে, এই যে, ‘আমর ইবনে নূ‘হ রসুল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে প্রশ্ন করেছিলেন, যে ماذا ننفق من أموالنا وأين نضعها ؟ অর্থাৎ, আমাদের সম্পদ হতে কি পরিমাণ ব্যয় করবো এবং কোথায় ব্যয় করবো? ইবনে জারীরের বর্ণনামতে এ প্রশ্নটির দু’টি অংশ রয়েছে। একটি হচ্ছে অর্থ-সম্পদের মধ্য থেকে কি বস্তু এবং কত পরিমাণ খরচ করা হবে? দ্বিতীয়টি হচ্ছে, এই দানের পাত্র কারা?
দু’আয়াত পড়ে যে একই প্রশ্ন করা হয়েছে, তার শানে-নুযূল ইবনে ‘হাতেমের বর্ণনা অনুযায়ী এই যে, মুসলমানগণকে যখন বলা হল যে, তোমরা স্বীয় সম্পদ আল্লাহ্র পথে ব্যয় কর, তখন কয়েকজন সাহাবী রসুল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর দরবারে উপস্থিত হয়ে বললেন, আল্লাহ্র পথে ব্যয় করার যে আদেশ আমাদেরকে দেয়া হয়েছে, আমরা এর বিস্তারিত আলোচনা শুনতে চাই, কি বস্তু কি পরিমানে আল্লাহ্র রাস্তায় ব্যয় করবো? এখানে এ প্রশ্নের একটি মাত্র অংশ বিদ্যমান। অর্থাৎ, কি ব্যয় করা হবে। এভাবে এ দু’টি প্রশ্নের ধারা ও রূপের কিছুটা বিভিন্নতা দেখা দিয়েছে। প্রথম প্রশ্নে কি ব্যয় করবে এবং কোথায় ব্যয় করবে বলা হয়েছে। দ্বিতীয়টিতে বলা হয়েছে কি ব্যয় করব। প্রথম প্রশ্নের উত্তরে কুরআন মাজীদ যা বলেছে, তাতে বোঝা যায় যে, প্রশ্নের দ্বিতীয় অংশ অর্থাৎ, ‘কোথায় ব্যয় করবে’ একে অধিক গুরুত্ব দিয়ে পরিষ্কারভাবে এর উত্তর দেয়া হয়েছে এবং প্রথম অংশ ‘কি খরচ করবো’ –এর উত্তর দ্বিতীয় উত্তরের আওতায় বর্ণনা করা যথেষ্ট বলে মনে করা হয়েছে। এখন কুরআন মাজীদে বর্ণিত দু’টি অংশের প্রতি লক্ষ্য করা যাক। প্রথম অংশে অর্থাৎ, কোথায় ব্যয় করবে সে সম্পর্কে ইরশাদ হচ্ছেঃ ‘আল্লাহ্র রাস্তায় তোমরা যা-ই ব্যয় কর তার হকদার হচ্ছে- তোমাদের পিতা-মাতা, নিকট আত্নীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন ও মুসাফিরগণ।’ আর দ্বিতীয় অংশের জবাব অর্থাৎ, কি ব্যয় করবে? এ প্রশ্নের উত্তর প্রাসঙ্গিকভাবে অন্তর্ভুক্ত করে ইরশাদ করা হয়েছে, তোমরা যেসব কাজ করবে তা আল্লাহ্ তা‘আলা জানেন।’ বাক্যটিতে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্র পক্ষ থেকে তোমাদের জন্য কোন পরিমাণ নির্ধারণ করে দেয়া হয়নি যে, এতটুকু তোমাদের বাধ্যতামূলকভাবেই ব্যয় করতে হবে এবং স্বীয় সামর্থ্যানুযায়ী যা কিছু তোমরা ব্যয় কর, আল্লাহ্র নিকট এর প্রতিদান পাবে।
মোটকথা, প্রথম আয়াতে হয়ত প্রশ্নকারীদের প্রতি লক্ষ্য রেখেই এই প্রশ্নের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে যে, আমরা যা ব্যয় করবো তা কাকে দেব? কাজেই উত্তর দিতে গিয়ে দানের ‘মাসরফ’ বা পাত্র সম্পর্কে অধিকতর গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া দানের বস্তু ও পরিমাণ নির্ণয়ের ব্যাপারটিকে প্রাসঙ্গিক বলে ধরে নেয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে শুধু জিজ্ঞাসা ছিল যে, কি খরচ করবো? এর উত্তরে বলা হয়েছে قُلِ الْعَفْوَ ۗ ‘আপনি বলে দিন যে, যা অবশিষ্ট থাকে অর্থাৎ, প্রয়োজনের অতিরিক্ত যা থাকে তাই খরচ কর।’ এতে বোঝা গেল যে, নফল সদাকার বেলায় নিজের প্রয়োজনের অতিরিক্ত যা থাকে তাই ব্যয় করতে হবে। নিজের সন্তানাদিকে কষ্টে ফেলে, তাদেরকে অধিকার হতে বঞ্চিত করে সদাকা করার কোন বিধান নেই। এতে ছাওয়াব পাওয়া যাবে না। অনুরূপভাবে যে ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ না করে তার পক্ষে নফল সদাকা করাও আল্লাহ্র পছন্দ নয়।