পৃষ্ঠা নং-১২৮
কখনো বিয়ে হতে পারবে না।
একত্রে তিন তালাকের প্রশ্নঃ এ প্রশ্নের যুক্তি ভিত্তিক উত্তর এই যে, কোন কাজের পাপ কাজ হওয়া তার প্রতিক্রিয়ার পথে বাধার সৃষ্টি করে না। অন্যায়ভাবে হত্যা পাপ হলেও যাকে গুলী করে বা কোন অস্ত্রের আঘাতে হত্যা করা হয়, সে নিহত হয়েই যায়। এই গুলী বৈধভাবে করা হলো, কি অবৈধভাবে করা হয়েছে, সে জন্য মৃত্যু অপেক্ষা করে না। চুরি সব ধর্মমতেই পাপ, কিন্তু যে অর্থ-সম্পদ চোরাই পথে পাচার করা হয়, তা তো হাতছাড়া হয়েই গিয়েছে। এমনিভাবে যাবতীয় অন্যায় ও পাপের একই অবস্থা যে, এর অন্যায় ও পাপ হওয়া এর প্রতিক্রিয়া ক্ষেত্রে কোন বাধার সৃষ্টি করে না।
এই মূলনীতির ভিত্তিতে শরীয়ত-প্রদত্ত উত্তম নীতি-নিয়মের প্রতি ভ্রক্ষেপ না করে প্রয়োজন ব্যতীত স্বীয় সমস্ত ক্ষমতাকে শেষ করে দেয়া এবং একই সঙ্গে তিন তালাক দিয়ে নিষ্কৃতি লাভ করা যদিও রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর অসন্তুষ্টির কারণ, যা পূর্ববর্তী বর্ণনায় উল্লেখ করা হয়েছে, এজন্য সমগ্র উম্মত এক বাক্যে একে নিকৃষ্ট পন্থা বলে উল্লেখ করেছে এবং কেউ কেউ নাজায়েযও বলেছে, কিন্তু তা সত্ত্বেও যদি কেউ এ পদক্ষেপ নেয়, তবে এর ফলাফলও তাই হবে, বৈধ পথে অগ্রসর হলে যা হয়। অর্থাৎ, তিন তালাক হয়ে যাবে এবং শুধু প্রত্যাহার নয়, বিবাহ বন্ধন নবায়নের সুযোগও আর থাকবে না।
হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর মীমাংসাই এ ব্যাপারে বড় প্রমাণ যে, তিনি অসন্তুষ্ট হয়েও তিন তালাক কার্যকরী করেছেন। ‘হাদীস গ্রন্থে অনুরুপ বহু ঘটনা বর্ণনা রয়েছে। আর যারা এ সম্পর্কে স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন, তাতেও তাঁরা হাদীসের সেসব ঘটনা সংগ্রহ করেই একত্রিত করেছেন। সম্প্রতি, জনাব মাওলানা আবু যাহেদ সরফরাজ তাঁর ‘উমদাতুল-আসার’ গ্রন্থে এ মাসআলা বিশদভাবে উল্লেখ করেছেন। এখানে এ সম্পর্কিত মাত্র দু’তিনটি ‘হাদীস উদ্ধৃত হলো।
ইতিপূর্বেও দু’তালাক সংক্রান্ত আইন ও গুরুত্বপূর্ণ বিষয় এবং ইসলামে তালাকের ন্যায়সঙ্গত ব্যবস্থাসমূহ কুরআনের দার্শনিক বর্ণনাসহকারে বিবৃত হয়েছে। এ আয়াতগুলোতে আরো কিছু বিষয় এবং তার আ’হ্কাম বর্ণিত হয়েছে।
তালাকের পর তা প্রত্যাহার ও বিবাহ বন্ধন ছিন্ন করাঃ প্রথম আয়াতের বর্ণিত প্রথম মাসআলাটি হচ্ছে এই যে, যখন তালাকপ্রাপ্তা স্ত্রীলোক তার ‘ইদ্দত অতিক্রম করার কাছাকাছি গিয়ে পৌঁছে, তখন স্বামীর দু’টি অধিকার থাকে। একটি হচ্ছে তালাক প্রত্যাহার করে তাকে স্বীয় বিবাহেই রেখে দেয়া। দ্বিতীয়টি হচ্ছে, তালাক প্রত্যাহার না করে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে ফেলা।
এ দু’টি অধিকার সম্পর্কে কুরআন শর্ত আরোপ করেছে যে, রাখতে হলে কিংবা ছিন্ন করতে হলে নিয়মানুযায়ী করতে হবে। এতে بِالْمَعْرُوْفِ শব্দটি দু’জায়গায়ই পৃথক পৃথকভাবে উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে যে, প্রত্যাহারের জন্যও কিছু শর্ত ও নিয়ম-কানুন রয়েছে এবং ছেড়ে দেয়ার ব্যাপারেও কিছু শর্ত ও নিয়ম-কানুন বর্তমান। উভয় অবস্থায় যেটাই গ্রহণ করা হোক, শরীয়তের নিয়মানুযায়ী করতে হবে। শুধু সাময়িক খেয়াল-খুশী বা আবেগের তাগিদে কোন কিছু করা চলবে না। উভয় দিক সম্পর্কেই শরীয়তের কিছু বিধান কোরআনে বর্ণিত হয়েছে। আর তারই বিশ্লেষণ করেছেন মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)- তাঁর ‘হাদীসে।
উদাহরণস্বরুপ বলা যায় যে, তালাক দেয়ার পর এই বিচ্ছিন্নতার ভয়াবহ অবস্থা ও পরিণাম সম্পর্কে চিন্তা করে যদি তালাক প্রত্যাহার করে স্ত্রীকে স্বীয় বিয়েতে বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়, তবে এ জন্য শরীয়তের নিয়ম হচ্ছে মনোমালিন্যকে অন্তর থেকে দূর করে সুন্দর ও সুখী জীবনযাপন এবং পরস্পরের অধিকার ও কর্তব্য যথাযথভাবে করার মানসে করতে হবে, স্ত্রীকে যন্ত্রণা দেয়ার উদ্দেশ্যে তা করা চলবে না। এ জন্য আলোচ্য আয়াতে ইরশাদ হয়েছে- وَلَاتُمْسِكُوْهُنَّ ضِرَرًالِّتَعْتَدُوْا অর্থাৎ, স্ত্রীকে কষ্ট ও যন্ত্রণা দেয়ার উদ্দেশ্যে স্বীয় বিবাহ বন্ধনে আটকে রেখো না।
এ পৃথিবীতেও চিন্তা করলে দেখা যায়, কোন অত্যাচারী ব্যক্তি কারো প্রতি অত্যাচার করে সাময়িকভাবে আত্মতুষ্টি লাভ করে বটে, কিন্তু তার অশুভ পরিণতিতে তাকে অধিকাংশ সময় অপমানিত ও লাঞ্ছিত হতে হয়। সে অনুধাবন করুক বা নাই করুক, অনেক সময় এমন বিপদে পতিত হয় যে, অত্যাচারের ফলাফল দুনিয়াতেই তাকে কিছু না কিছু ভোগ করতে হয়।
কুরআনে-হাকীমের নিজস্ব একটা দার্শনিক বর্ণনাভঙ্গি রয়েছে। দুনিয়ার আইন-কানুন ও শাস্তির বর্ণনার ন্যায় কুরআন শুধুমাত্র আইন-কানুন ও শাস্তির কথাই বর্ণনা করে না; বরং একান্ত গুরুগম্ভীরভাবে তার বিধি-বিধানের দার্শনিক ও যৌক্তিক বিশ্লেষণ এবং তার বিরোধিতার দরুন মানুষের যে অকল্যাণ হতে পারে, তার এমন ধারাবাহিক বর্ণনা দেয়, যা দেখে যে লোক মানবতার আবরণ সম্পূর্ণভাবে খুলে ফেলেনি, সে কখনো এসবের দিকে অগ্রসরই হতে পারে না। কেননা, প্রত্যেকটি আইন-কানুনের সঙ্গে আল্লাহর ভয় ও পরকালের হিসাব-নিকাশের কথাও স্মরণ করিয়ে দেয়া হয়।
বিয়ে ও তালাককে খেলায় পরিণত করো নাঃ দ্বিতীয় মাসআলা হচ্ছে এই, এ আয়াতে ইরশাদ হয়েছে যে, আল্লাহ্র আয়াতকে খেলায় পরিণত করো না।
وَلَاتَتَّخِذُوْاايتِ هُزُوا –খেলায় পরিণত করার একটি তফসীর হচ্ছে এই যে, বিয়ে ও তালাক সম্পর্কে আল্লাহ্ তাআলা যে সীমারেখা ও শর্তাবলী নির্ধারণ করে দিয়েছেন, তার বিরুদ্ধাচরণ করা। আর দ্বিতীয় তফসীর হযরত আবুদ্দারদা (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) থেকে বর্ণিত হয়েছে যে, জাহেলিয়াত যুগে কোন কোন লোক স্ত্রীকে তালাক দিয়ে বা বাঁদীকে মুক্ত করে দিয়ে পরে বলতো যে, আমি তো উপহাস করেছি মাত্র, তালাক দেয়া বা মুক্তি দিয়ে দেয়ার কোন উদ্দেশ্যই আমার ছিল না। তখনই এ আয়াত নাযিল হয়। এতে ফয়সালা দেয়া হয়েছে যে, বিয়ে ও তালাককে যদি কেউ খেলা বা তামাশা হিসাবেও সম্পাদন করে, তবুও তা কার্যকরী হয়ে যাবে। এতে নিয়তের কথা গ্রহণযোগ্য হবে না।
রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন,- তিনটি বিষয় এমন রয়েছে যে, হাসি-তামাশার মাধ্যমে করা এবং বাস্তবে করা দুই-ই সমান। তন্মধ্যে একটি হচ্ছে তালাক, দ্বিতীয়টি দাস মুক্তি এবং তৃতীয়টি বিয়ে। ‘হাদীসটি ইবনে-মার্দুবিয়্যাহ্ উদ্ধৃত করেছেন ইবনে আব্বাস (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) থেকে, আর ইবনুল-মুনযির বর্ণনা করেছেন ওবাদাহ্ ইবনে সামেত (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) থেকে।