আল-বাকারা ৬২-৭৬

পৃষ্ঠা নং-৪৪

জ্ঞাতব্যঃ যখন ছাইয়াদানা মূসা (‘আলাইহিচ্ছাল-ম)-কে তূর পর্বতে তাউরাত প্রদান করা হল, তখন তিনি ফিরে এসে তা বানি-ইসরাঈলকে দেখাতে ও শুনাতে আরম্ভ করলেন। এতে হুকুম গুলো কিছুটা কঠোর ছিল- কিন্তু তাদের অবস্হানুযায়ীই ছিল। এ সম্পর্কে প্রথম তারা একথাই বলেছিল যে, যখন স্বয়ং আল্লাহ্‌ তা‘আলা বলে দেবেন যে, ‘এটা আমার কিতাব’ তখনই আমরা মেনে নেব। (যে বর্ণনা উপরে চলে গেছে) মোট কথা, যে সত্তর জন লোক মুসা (‘আলাইহিচ্ছাল-ম)-এর সাথে গিয়েছিল, তারাও ফিরে এসে সাক্ষী দিল। কিন্তু তাদের সাক্ষ্যের সাথে এ কথাটিও নিজেদের পক্ষ হতে সংযুক্ত করে দিল যে, আল্লাহ্‌ তা‘আলা সর্বশেষ একথাও বলে দিয়েছেন, ‘তোমরা যতটুকু পার ‘আমল কর, আর যা না পার, তা আমি ক্ষমা করে দিব’৷

তখন তা কতটা তাদের স্বভাবগত দুরন্তপনা ও হঠকারিতা, হুকুম গুলোর কিছুটা কঠোরতা এবং কতকটা এ সংযোগের ফলে তাদের এক সূবর্ণ সুযোগ হয়ে গেল। তারা পরিস্কারভাবে বলে দিল, আমাদের দ্বারা এ গ্রন্থের উপর ‘আমল করা সম্ভব হবেনা৷ ফলে আল্লাহ্‌ তা‘আলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ‘তূর পর্বতের একটি অংশ তুলে নিয়ে তাদের মাথার উপর ঝুলিয়ে দাও এবং বল, হয় কিতাব মেনে নাও, নইলে এক্ষুণি মাথার উপর পড়ল। অবশেষে নিরুপায় হয়ে মেনে নিতে হল।

জ্ঞাতব্যঃ আল্লাহ্‌র সাধারণ রহমত পৃথিবীতে বিশ্বাসী-অবিশ্বাসী, মুমিন-কাফের নির্বিশেষে সবার জন্যই ব্যাপক। তারই প্রভাব হল পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য ও শারীরিক সুস্হতা। তবে বিশেষ রহমতের বিকাশ ঘটবে আখেরাতে, যার ফলে মুক্তি ও আল্লাহ্‌র নৈকট্যলাভ সম্ভব হবে।

বাহ্যিক দৃষ্টিতে আয়াতের ৬৪ শেষাংশের লক্ষ্য হল সে সমস্ত ইহুদী, যারা মহা-নবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সময়ে উপস্হিত ছিল। হুযুরে আকরাম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর উপর ঈমান না আনাও যেহেতু উল্লেখিত প্রতিজ্ঞা ভঙ্গেরই অন্তর্ভূক্ত, সেহেতু তাদেরকে পূর্বোক্ত প্রতিজ্ঞা ভঙ্গকারীদের আওতাভূক্ত করে উদাহরণ স্বরূপ বলা হয়েছে যে, এতদসঙ্গেও আমি দুনিয়াতে তোমাদের উপর তেমন কোন আযাব অবতীর্ণ করিনি, যেমনটি পুর্বকালে প্রতিজ্ঞা ভঙ্গকারীদের উপর অবতীর্ণ হয়ে থাকত। এটা একান্তই আল্লাহ্‌র রহমত।

আর ‘হাদীসের বর্ণনার ভিত্তিতে আযাব অবতীর্ণ না হওয়াটা যেহেতু মহা-নবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এরই বরকত, কাজেই কোন তাফসীরকার মহা-নবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর আবির্ভাবকেই আল্লাহ্‌র রহমত ও করুণা বলে বিশ্লেষণ করেছেন। এ বিষয়টির সমর্থনকল্পে বিগত বেঈমানের একটি ঘটনা পরবর্তী আয়াতে বিবৃত হয়েছে।

৬৫ আয়াতে বর্ণিত এ ঘটনাটিও হযরত দাঊদ (‘আলাইহিচ্ছালা-ম)-এর আমলেই সংঘটিত হয়। বানী-ইসরাঈলের জন্য শনিবার ছিল পবিত্র এবং সাপ্তাহিক উপাসনার জন্য নির্ধারীত দিন। এ দিন মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। তারা সমুদ্রোপকুলের অধিবাসী ছিল বলে মৎস্য শিকার ছিল তাদের প্রিয় কাজ। ফলে নিষেধাজ্ঞা আমান্য করেই তারা মৎস্য শিকার করে। এতে আল্লাহ্‌ তা‘আলার পক্ষ থেকে ‘মসখ’ তথা বিকৃতি বা রূপান্তরের শাস্তি নেমে আসে। তিনদিন পর এদের সবাই মৃত্যুমুখে পতিত হয়।

এ ঘটনার দর্শক ও শ্রোতা দুই শ্রেনীতে বিভক্ত। অবাধ্য শ্রেণী ও অনুগত শ্রেনী৷ অবাধ্যদের জন্যে এ ঘটনাটি ছিল অবাধ্যতা থেকে তাউবাহ করার উপকরণ৷ এ কারণে একে نكال ‘শিক্ষাপ্রদ দৃষ্টান্ত’ বলা হয়েছে৷ অপরদিকে অনুগতদের জন্য এটা ছিল আনুগত্যে অটল থাকার কারণ। এ জন্য একে موعظة  ‘উপদেশপ্রদ’ ঘটনা বলে আখ্যায়িত করা হয়েছে।

আকূতি রূপান্তরের ঘটনাঃ তাফসীরে কুরতুবীতে বলা হয়েছে, ইহুদীরা প্রথম কলা-কৌশলের অন্তরালে এবং পরে সাধারণ পদ্ধতিতে ব্যাপকভাবে মৎস্য শিকার করতে থাকে। এতে তারা দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল ছিল সৎ ও বিজ্ঞ লোকদের। তারা এ অপকর্মে বাধা দিলেন। কিন্তু প্রতিপক্ষ বিরত হলনা। অবশেষে তারা এদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পৃথক হয়ে গেলেন। এমনকি বাসস্হানও দু’ভাগে ভাগ করে নিলেন। একভাগে অবাধ্যরা বসবাস করত আর অপর ভাগে সৎ ও বিজ্ঞ জনেরা বাস করতেন। একদিন তারা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবীক নীরবতা লক্ষ্য করলেন। অতঃপর সেখানে পোঁছে দেখলেন যে, সবাই বিকৃত হয়ে বানরে রূপান্তরিত হয়ে গেছে।

হযরত ক্বতাদাহ্ (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বলেন, তাদের যুবকরা বানরে এবং বৃদ্ধরা শূকরে পরিণত হয়ে গিয়েছিল। রূপান্তরিত বানররা নিজ আত্বীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝোরে অশ্রু বিসর্জন করত।

রূপান্তরিত সম্প্রদায়ের বিলুপ্তিঃ সহীহ্ মুসলিমে ‘আবদুল্লাহ্ ইব্‌ন মাস‘ঊদ (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) কতৃক বর্ণিত আছে যে, কয়েকজন সাহাবী একবার রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে জিজ্ঞেস করলেনঃ হুযুর! আমাদের যুগের বানর ও শূকরগুলো কি সেই রূপান্তরিত ইহুদী সম্প্রদায়? তিনি বললেন, আল্লাহ্‌ তা‘আলা যখন কোন সম্প্রদায়ের উপর আকৃতি রূপান্তরের আযাব নাযিল করেন, তখন তারা ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়ে যায়। তিনি আরও বলেন, বানর ও শূকর পৃথিবীতে পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এদের সাথে রূপান্তরিত বানর ও শূকরদের কোন সম্পর্ক নেই।

জ্ঞাতব্যঃ ঘটনার বিবরণ এই যে, বানী-ইসরাঈলদের মধ্যে একটি হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। মিশকাতের টীকা গ্রন্থ মিরক্বাতের বর্ণনা অনুযায়ী এর কারণ ছিল বিবাহজনিত। জনৈক ব্যক্তি নিহত ব্যক্তির কন্যার পানিগ্রহণ করার প্রস্তাব করে প্রত্যাখাত হয় এবং এই পানিপ্রার্থী কন্যার পিতাকে হত্যা করে গা ঢাকা দেয়। ফলে হত্যাকারী কে? তা জানা কঠিন হয়ে দাঁডায়৷

মা‘আলী (র‘হমাতুল্ল-হি ‘আলাইহ) কালবী (র‘হমাতুল্ল-হি ‘আলাইহ)-এর বর্ণনার উদ্ধৃতি দিয়ে বলেন, তখন পর্যন্তও তাউরাতে হত্যা সম্পর্কে কোন আইন বিদ্যমান ছিলনা। এতে বোঝা যায় ঘটনাটি তাউরাত অবতীর্ণ হওয়ার পূর্বেকার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ