আন-নিসা, আয়াত ৯২-১১৩

পৃষ্ঠা নং-২৭৮

পথেই মৃত্যুবরণ করে তার সওয়াব আল্লাহ্‌র যিম্মায় সাব্যস্ত হয়ে যায়।

কোন কোন রেওয়ায়েত মতে এ আয়াতটি হযরত খালেদ ইবনে হেযাম সম্পর্কে আবিসিনিয়ায় হিজরতের সময় অবতীর্ণ হয়। তিনি মক্কা থেকে হিজরতের নিয়তে আবিসিনিয়ার পথে রওয়ানা হয়ে যান। পথিমধ্যে সর্প-দংশনে তিনি মৃত্যুমুখে পতিত হন। মোটকথা, উপরোক্ত তিনটি আয়াতে দারুল-কুফর থেকে হিজরতে উৎসাহ দান এবং এর বিরাট ফযীলত সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে।

এক হাদীসে রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ‘হিজরত পূর্বকৃত সব গোনাহ্‌কে নিঃশেষ করে দেয়।

হিজরতের বরকতঃ হিজরত বরকত সম্পর্কে সূরা নাহ্‌লের এক আয়াতে বলা হয়েছেঃ

“যারা আল্লাহ্‌র জন্যে হিজরত করে নির্যাতিত হওয়ার পর, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা দান করব এবং পরকালের বিরাট সওয়াব তো রয়েছেই, যদি তারা বুঝে।”

সূরা নিসার উল্লেখিত চার আয়াতে বলা হয়েছেঃ “যে ব্যক্তি আল্লাহ্‌র পথে হিজরত করবে, সে পৃথিবীতে অনেক জায়গা ও সুযোগ-সুবিধা পাবে।”

আয়াতে বর্ণিত مُرَاغَم শব্দটি একটি ধাতু। এর অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া। স্থানান্তরিত হওয়ার জায়গাকেও অনেক সময় مُرَاغَمًا  বলে দেয়া হয়।

এ আয়াতদ্বয়ে হিজরতের বাহ্যিক ও আভ্যন্তরীণ বরকত বর্ণিত হয়েছে। এতে আল্লাহ্ তাআলার ওয়াদা রয়েছে যে, যে ব্যক্তি আল্লাহ্ ও রসূলের জন্যে হিজরত করে, আল্লাহ্ তার জন্যে দুনিয়াতে অনেক পথ খুলে দেন। সে দুনিয়াতেও উত্তম অবস্থান লাভ করে এবং পরকালের সওয়াব ও পদমর্যাদা তো কল্পনাতীত।

মোটকথা এই যে, আল্লাহ্ তাআলা কুরআন পাকে মুহাজিরদের জন্যে যে ওয়াদা করেছেন, জগদ্বাসীতা স্বচক্ষে দেখে নিয়েছে। তবে আলোচ্য আয়াতেই এ শর্ত বর্ণিত হয়েছে যে, هَاجَرُوا فِي اللَّهِ অর্থাৎ, আল্লাহ্‌র পথে হিজরত হওয়া চাই। পার্থিব ধন-সম্পদ, রাজত্ব, সম্মান অথবা প্রভাব-প্রতিপত্তির অন্বেষায় হিজরত না হওয়া চাই। বোখারীর হাদীসে রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর এ উক্তিও বর্ণিত আছে যে, ‘যে ব্যক্তি আল্লাহ্‌ ও রসূলের নিয়তে হিজরত করে, তার হিজরত আল্লাহ্ ও রসূলের জন্যেই হয়। অর্থাৎ, এটিই বিশুদ্ধ হিজরত। এর ফযীলত ও বরকত কুরআন পাকে বর্ণিত হয়েছে। পক্ষান্তরে যে ব্যক্তি অর্থের অন্বেষণে কিংবা কোন মহিলাকে বিয়ে করার নিয়তে হিজরত করে, তার হিজরতের বিনিময় ঐ বস্তুই পাবে, যার জন্য সে হিজরত করে।”

আজকাল কিছুসংখ্যক মুহাজিরকে দুর্দশাগ্রস্ত দেখা যায়। হয় তারা এখনও অন্তর্বর্তীকালে অবস্থান করছে, অর্থাৎ, হিজরতের প্রাথমিক দুঃখ-কষ্ট ভোগ করছে, না হয় তারা সঠিক অর্থে মুহাজির নয়। স্বীয় নিয়ত ও অবস্থা সংশোধনের প্রতি তাদের মনোনিবেশ করা উচিত। নিয়ত ও আমল সংশোধন করার পর তারা আল্লাহ্‌ তাআলার ওয়াদার সত্যতা স্বচক্ষে দেখতে পাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ