পৃষ্ঠা নং-২৮১
এদিকে কাতাদা রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে উপস্থিত হলে তিনি বললেনঃ আপনি বিনা প্রমাণে একটি মুসলমান পরিবারকে চুরির জন্য দোষারোপ করছেন। এতে হযরত কাতাদা খুব দুঃখিত হলেন এবং আফসোস করে বললেন, আমার মাল গেলেও এ ব্যাপারে রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে কোন কিছু না বলাই ভাল ছিল। এমনিভাবে হযরত রেফাআহ্কেও তিনি এ ধরনের কথা বললেন। রেফাআহ্ও ধৈর্যধারণ করলেন এবং বললেনঃ وَاللهُ المُستَعَان (আল্লাহ্ সহায়)
বেশীদিন অতিবাহিত না হতেই এ ব্যাপারে কুরআন পাকের পূর্ণ একটি রুকূ অবতীর্ণ হয়। এর মাধ্যমে রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে ঘটনার বাস্তবরূপ তুলে ধরা হয় এবং এ জাতীয় ব্যাপারাদি সম্পর্কে সাধারণ নির্দেশ দান করা হয়।
কুরআন পাক বনী উবায়রাকের চুরি ফাঁস করে ইহুদীকে দোষমুক্ত করে দিল। এতে বনী-উবায়রাক বাধ্য হয়ে চোরাই মাল রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে সমর্পণ করল। তিনি রেফাআহ্কে তা প্রত্যার্পণ করলেন। রেফাআহ্ সমুদয় অস্ত্র-শস্ত্র জেহাদের জন্য ওয়াকফ্ করে দিলেন। এদিকে বনী-উবায়রাকের চুরি প্রকাশ হয়ে পড়লে বশীর ইবনে-উবায়রাক মদীনা থেকে পলায়ন করল এবং মক্কার কাফেরদের সাথে একাত্ম হয়ে গেল। সে পূর্বে মুনাফেক থাকলে এবার প্রকাশ্য কাফের এবং পূর্বে মুসলমান থাকলে এবার ধর্মত্যাগী হয়ে গেল।
তাফসীরে বাহরে-মুহীতে বলা হয়েছে, আল্লাহ্ ও রসূলের বিরুদ্ধাচরণের পাপ বশীরকে মক্কায়ও শান্তিতে থাকতে দেয়নি। যে মহিলার গৃহে সে আশ্রয় নিয়েছিল, সে ঘটনা জানতে পেয়ে তাকে বহিষ্কার করে দিল। এমনিভাবে ঘুরতে ঘুরতে অবশেষে সে এক ব্যক্তির গৃহে সিঁধ কাটে এবং প্রাচীর চাপা পড়ে মৃত্যুমুখে পতিত হয়।
এ পর্যন্ত ছিল ঘটনার বিবরণ; এবার এ সম্পর্কে কুরআনের বক্তব্য শুনুন। প্রথম আয়াতে রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে চুরির ঘটনার আসল স্বরূপ বর্ণনা করে বলা হয়েছেঃ আমি আপনার প্রতি কুরআন ও ওহী এজন্যে অবতারণ করেছি, যাতে আপনি আল্লাহ্ প্রদত্ত জ্ঞান ও তত্ত্ব অনুযায়ী ফয়সালা করেন এবং বিশ্বাসঘাতকদের অর্থাৎ, বনী-উবায়রাকের পক্ষপাতিত্ব না করেন। যদিও বাহ্যিক অবস্থা ও লক্ষণাদি দৃষ্টে চুরির ব্যাপারে ইহুদীর প্রতি রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রবল ধারণা হওয়া কোন গোনাহ্ ছিল না; কিন্তু ছিল বাস্তব ঘটনার পরিপন্থী। তাই দ্বিতীয় আয়াতে তাঁকে ক্ষমা প্রার্থনার আদেশ দেয়া হয়েছে। কেননা, পয়গম্বরগণের স্থান অনেক ঊর্ধ্বে। এতটুকু ব্যাপারেও তাঁর পক্ষে শোভা পায় না।
তৃতীয় (অর্থাৎ, ১০৭) আয়াতে পুনরায় তাকিদ করা হয়েছে যে, আপনি বিশ্বাসঘাতকদের পক্ষে কোন বিতর্ক করবেন না। কেননা, আল্লাহ্ তাদরকে পছন্দ করে না।
চতুর্থ (অর্থাৎ, ১০৮) আয়াতে বিশ্বাসঘাতকদের জঘন্য অবস্থা ও নির্বুদ্ধিতা ব্যক্ত হয়েছে যে, তারা নিজেদের মত মানুষের কাছে তো লজ্জাবোধ করে এবং চুরি গোপন করে; কিন্তু আল্লাহ্র কাছে লজ্জিত হয় না, যিনি সর্বদা তাদের সাথে রয়েছেন এবং তাদের প্রত্যেকটি কাজ নিরীক্ষণ করছেন; বিশেষ করে এ ঘটনাটি দেখেছেন যে, তারা পরস্পর পরামর্শ করে স্থির করে যে, ইহুদীর বিরুদ্ধে অভিযোগ কর, রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে রেফাআহ্ ও কাতাদার বিরুদ্ধে নালিশ কর এবং তাঁকে অনুরোধ কর তিনি যেন ইহুদীর বিরুদ্ধে আমাদিগকে সমর্থন করেন।
পঞ্চম (অর্থাৎ, ১০৯) আয়াতে বনী-উবায়রাকের সমর্থকদেরকে হুঁশিয়ার করা হয়েছে যে, দুনিয়াতে তো তোমরা তাদের সমর্থন করলে; কিন্তু ব্যাপার এখানেই শেষ নয়। কেয়ামতে যখন আল্লাহ্র আদালতে মোকদ্দমার শুনানী হবে, তখন কে সমর্থন করবে? এ আয়াতে তাদেরকে একাধারে তিরস্কার করা হয়েছে এবং পরকালের ভীতি প্রদর্শন করে স্বীয় দুষ্কর্মের জন্যে তাওবা করতে উৎসাহিত করা হয়েছে।
ষষ্ঠ (অর্থাৎ, ১১০) আয়াতে কুরআন পাকের সাধারণ বিজ্ঞোচিত পদ্ধতি অনুযায়ী অপরাধী-পাপীদেরকে নৈরাশ্য থেকে উদ্ধার করার জন্যে বলা হয়েছে যে, ছোট গোনাহ্ হোক বা বড় গোনাহ্, গোনাহ্গার ব্যক্তি যখন আল্লাহ্র কাছে তাওবা ও ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ্কে ক্ষমাশীল করুণাময় পায়। এতেকরে উপরোক্ত গোনাহে যারা জড়িত ছিল, তাদেরকে উৎসাহিত করা হয়েছে যে, এখনও সময় আছে ফিরে এস। খাঁটি মনে তাওবা করলে কিছুই নষ্ট হয়নি, আল্লাহ্ তাআলা মাফ করবেন।
সপ্তম (অর্থাৎ, ১১১) আয়াতে হুঁশিয়ার করা হয়েছে যে, তারা এখনও যদি তাওবা না করে, তাহলে তাতে আল্লাহ্র রসূল কিংবা মুসলমানদের কোন ক্ষতি হবে না; বরং এ পাপের বোঝা তাদেরকেই বহন করতে হবে।
অষ্টম (অর্থাৎ, ১১২) আয়াতে একটি সাধারণ বিধির আকারে বলা হয়েছে, যে ব্যক্তি নিজে কোন অপরাধ করে তা অন্য নিরপরাধ ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেয়, (যেমন বর্ণিত ঘটনায় বনী-উবায়রাক নিজে চুরি করে হযরত লবীদ অথবা ইহুদীর ঘাড়ে চাপিয়ে দিয়েছিল) সে জঘন্য অপবাদ এবং প্রকাশ্য গোনাহ্র বোঝা নিজে বহন করে।
নবম (অর্থাৎ, ১১৩) আয়াতে রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সম্বোধন করে বলা হয়েছে, আল্লাহ্ তাআলার অনুগ্রহ ও কৃপা আপনার সঙ্গী না হলে তাঁরা আপনাকে বিভ্রান্ত করে দিত। তিনি ওহীর মাধ্যমে আপনাকে সত্য ঘটনা বলে দিয়েছেন। আল্লাহ্র অনুগ্রহ ও কৃপা আপনার সঙ্গী। তাই কখনও তারা আপনাকে বিভ্রান্ত করতে পারে না; বরং নিজেরাই পথভ্রষ্ট হবে। আপনার বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারে না। কেননা, আল্লাহ্ তাআলা আপনার প্রতি ঐশীগ্রন্থ এবং জ্ঞানগর্ভ বিষয়াদি অবতারণ করেছেন, যা আপনি ইতিপূর্বে জানতেন না।
রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইজতিহাদ করার অধিকারঃ إِنَّا أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ আয়াত থেকে পাঁচটি বিষয় প্রমাণিত হয়। (এক) যেসব বিষয় সম্পর্কে কুরআন পাকে কোন স্পষ্ট উক্তি বর্ণিত নেই সেগুলোতে রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিজের মতামত দ্বারা ইজতিহাদ করার অধিকার ছিল। জরুরী বিষয়াদিতে তিনি অনেক ফয়সালা স্বীয় ইজতিহাদ দ্বারাও করতেন।
(দুই) আল্লাহ্ তাআলার কাছে সে ইজতিহাদই গ্রহণযোগ্য, যা কুরআন ও সুন্নাহ্র মূলনীতি থেকে গৃহীত। এব্যাপারে নিছক ব্যক্তিগত মতামত ও ধারণা গ্রহণযোগ্য নয়, শরীয়তের পরিভাষায় একে ইজতিহাদ বলা যায় না।
(তিন) রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইজতিহাদ অন্যান্য মুজতাহিদ ইমামের ইজতিহাদের মত ছিল না, যাতে ভুল-ভ্রান্তির সম্ভাবনা সর্বদাই বিদ্যমান থাকে। তিনি যখন ইজতিহাদের মাধ্যমে কোন ফায়সালা করতেন, তাতে কোন ভুল হয়ে গেলে, আল্লাহ্ তাআলা তাঁকে সতর্ক করে ফয়সালাকে নির্ভুল ও সঠিক করিয়ে দিতেন।
রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন ইজতিহাদী ফয়সালার পর আল্লাহ্র পক্ষ থেকে যদি এ সম্পর্কে কোন হুঁশিয়ারী অবতীর্ণ না হত, তবে তাতে-