পৃষ্ঠা নং-২৬০
শুধুমাত্র নিজেদের পরিবেশেই সীমাবদ্ধ থাকে এবং পরিবর্তিত পরিস্থিতিতে সেগুলোরও পরিবর্তন অপরিহার্য হয়ে পড়ে।
প্রথম আয়াতের লক্ষ্য যেমন শাসনকর্তৃপক্ষ ছিল, তেমনি দ্বিতীয় আয়াতে সাধারণ মানুষকে সম্বোধন করে বলা হয়েছে, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্, রসূল এবং তোমাদের সচেতন নেতৃবর্গের অনুসরণ কর।
‘উলিল আমর’ কাকে বলা হয়ঃ ‘উলিল-আমর’ আভিধানিক অর্থে সে সমস্ত লোককে বলা হয়, যাদের হাতে কোন বিষয়ের ব্যবস্থাপনার দায়িত্ব অর্পিত থাকে। সে কারণেই হযরত ইবনে আব্বাস, মুজাহিদ ও হাসান বসরী (রঃ) প্রমুখ মুফাসসেরগণ ওলামা ও ফোকাহা সম্প্রদায়কে ‘উলিল-আমর’ সাব্যস্ত করেছেন। তাঁরাই হচ্ছেন মহানবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নায়েব বা প্রতিনিধি। তাঁদের হাতেই দ্বীনী ব্যবস্থাপনা দায়িত্ব অর্পিত।
মুফাসসেরীনের অপর এক জামাআত-যাদের মধ্যে হযরত আবু হোরায়রা (রদ্বিয়াল্লাহু ‘আনহু) প্রমুখ সাহাবায়ে কেরামও রয়েছেন-বলেছেন যে, ‘উলিল-আমর’ –এর অর্থ হচ্ছে সে সমস্ত লোক যাদের হাতে সরকার পরিচালনার দায়িত্ব ন্যস্ত।
এছাড়া তফসীরে-ইবনে-কাসীর এবং তফসীরে-মাযহারীতে উল্লেখ করা হয়েছে যে, এ শব্দটির দ্বারা (ওলামা ও শাসক) উভয় শ্রেণীকেই বোঝায়। কারণ, নির্দেশ দানের বিষয়টি তাঁদের উভয়ের সাথেই সম্পর্কিত।
এ আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পেছনে একটি বিশেষ ঘটনা রয়েছে। তা এই যে, বিশ্র নামক এক মুনাফেক ছিল। কোন এক ইহুদীর সাথে তার বিবাদ বেধে যায়। ইহুদী লোকটি বলল, চল মুহাম্মদ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে গিয়ে এর মীমাংসা করিয়ে নেই। কিন্তু মুনাফেক বিশ্র এ প্রস্তাবে সম্মত হল না। বরং সে কা’ব ইবনে আশরাফ নামক ইহুদীর কাছে গিয়ে মীমাংসা করাবার প্রস্তাব করল। কা’ব ইবনে আশরাফ ছিল ইহুদীদের একজন সর্দার এবং রসূলে করীম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও মুসলমানদের কঠিন শত্রু। কাজেই বাহ্যিক দৃষ্টিতে বিষয়টি ছিল একান্তই বিস্ময়কর যে, ইহুদী নিজেদের সর্দারকে বাদ দিয়ে মহানবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মীমাংসাকে পছন্দ করছিল, অথচ নিজেকে মুসলমান বলে পরিচয়দানকারী বিশ্র হুযূরের স্থলে ইহুদী সর্দারের মীমাংসা গ্রহণ করছিল। কিন্তু এর পেছনে রহস্য ছিল এই যে, তাদের উভয়ের মনেই এ বিশ্বাস বদ্ধমূল ছিল যে, রসূলে করীম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে মীমাংসা করবেন তা একান্তই ন্যায়সঙ্গত করবেন। আর তাতে কারোই পক্ষপাতিত্বের কোন সন্দেহ-সংশয় ছিল না। কিন্তু যেহেতু বিরোধীয় বিষয়ে ইহুদী লোকটি ছিল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, তাই তার নিজেদের সর্দার অপেক্ষাও বেশী বিশ্বাস ছিল মহানবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর। পক্ষান্তরে মুনাফেক বিশ্র ছিল অন্যায়ের উপর। সে জন্য সে জানত যে, মহানবীর মীমাংসা তার বিরুদ্ধেই যাবে, যদিও আমি মুসলমান বলে পরিচিত।
যাইহোক, এতদুভয়ের মধ্যে কথা কাটাকাটির পর মহানবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হয়ে নিজেদের বিষয় তাঁরই মাধ্যমে মীমাংসা করার সিদ্ধান্ত হল। অতঃপর মহানবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মোকদ্দমার বিষয় অনুসন্ধান করলেন। তাতে ইহুদীর অধিকার প্রমাণিত হল এবং তিনি তারই পক্ষে ফয়সালা করে দিলেন। আর বাহ্যিকভাবে মুসলমান বিশ্রকে প্রত্যাখ্যান করলেন। এতে সে এ মীমাংসা মেনে নিতে অসম্মত হল এবং নতুন এক পন্থা উদ্ভাবন করল যে, কোনক্রমে ইহুদীকে রাযী করিয়ে হযরত ওমর ইবনে খাত্তাবের নিকট মীমাংসা করাতে নিয়ে যাবে। ইহুদীও তাতে সম্মত হয়। এর পেছনে রহস্য ছিল এই যে, বিশ্র মনে করেছিল, যেহেতু হযরত ওমর কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন, কাজেই তিনি ইহুদীর পক্ষে রায় দেয়ার পরিবর্তে আমারই পক্ষে রায় দেবেন।
তাদের দু’জনই হযরত ওমর ফারূকের নিকট হাযির হল। ইহুদী লোকটি ফারূকে আযমের নিকট সমগ্র ঘটনা বিবৃত করে জানাল যে, এ মোকদ্দমার ফয়সালা হুযূর (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-ও করেছেন, কিন্তু তাতে এ লোকটি সম্মত নয়। ফলে আপনার নিকট এসেছি।
হযরত ওমর বিশ্রকে জিজ্ঞেস করলেন, ঘটনাটি কি তাই? সে স্বীকার করল। তখন হযরত ফারূকে আযম বললেন, তাহলে একটু অপেক্ষা কর, আমি এখনই আসছি। একথা বলে তিনি ঘরের ভেতর থেকে একটি তলোয়ার নিয়ে এলেন এবং মুনাফেক লোকটিকে সাবাড় করে দিলেন। তিনি বললেন, যে লোক রসূলের (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফয়সালা মানতে রাযী নয়, এই হল তার মীমাংসা। (ঘটনাটি ছা’লাবী, ইবনে আবী হাতেম ও হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের রেওয়ায়েতক্রমে রূহুল মা’আনীতে বর্ণিত রয়েছে।)
সংখ্যাগরিষ্ঠ তফসীরকারগণ এতদসঙ্গে একথাও লিখেছেন যে, এরপর নিহত মুনাফেকের ওয়ারিসানরা হযরত ওমর (রদ্বিয়াল্লাহু ‘আনহু)-এর বিরুদ্ধে মামলাও দায়ের করেছিল যে, তিনি শরীয়তসিদ্ধ কোন দলীল ছাড়াই একজন মুসলমানকে হত্যা করেছেন। তদুপরি নিহত লোকটিকে মুসলমান বলে প্রমাণ করার জন্য তার কথা ও কার্যগত কুফরীর বিভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করল। আলোচ্য আয়াতে আল্লাহ্ তাআলা ঘটনার প্রকৃত তাৎপর্য এবং নিহত ব্যক্তির মুনাফেক হওয়ার কথা প্রকাশ করে হযরত ওমরকে মুক্ত করে দিয়েছেন।
طَاغُوْت শব্দের অর্থ ঔদ্ধত্য প্রকাশকারী। আর প্রচলিত অর্থে ‘তাগুত’ বলা হয় শয়তানকে। এ আয়াতে বিরোধীয় বিষয়টিকে কা’ব ইবনে আশরাফের নিকট নিয়ে যাওয়াকে শয়তানের নিকট নিয়ে যাওয়া সাব্যস্ত করা হয়েছে। তা এ কারণে যে, কা’ব নিজেই ছিল এক শয়তান। কিংবা এ কারণে যে, শরীয়তের ফয়সালা বর্জন করে শরীয়ত বিরোধী মীমাংসার দিকে ধাবিত হওয়া শয়তানেরই শিক্ষা হতে পারে। বস্তুতঃ যে, লোক সে শিক্ষার অনুসরণ করেছে সে শয়তানেরই নিকট যেন নিজের মোকদ্দমা নিয়ে গেছে। সেজন্য আয়াতের শেষাংশে হেদায়েত দান করা হয়েছে যে, যে লোক শয়তানের অনুসরণ করবে, শয়তান তাকে পথভ্রষ্টতার সুদূর প্রান্তে নিয়ে যাবে।
দ্বিতীয় আয়াতে বাতলে দেয়া হয়েছে যে, পারস্পরিক বিগ্রহ বিসংবাদের সময় রসূলে করীম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কৃত মীমাংসাকে অমান্য করা কোন মুসলমানের কাজ হতে পারে না। যে কেউ এমন কাজ করবে, সে মুনাফেক ছাড়া আর কিছু নয়। আর যখন সে মুনাফেকের কাফের হওয়া কার্যতঃ এভাবে প্রকাশ হয়ে পড়েছিল যে, সে মহানবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মীমাংসায় সম্মত হয়নি, তখন হযরত ফারূকে আযম কর্তৃক তাকে হত্যা করাও বৈধ হয়ে যায়। কারণ, তখন আর সে মুনাফেক থাকেনি, বরং প্রকাশ্য মুর্তাদ হয়ে যায়। কাজেই বলা হয়েছে-এরা এমন লোক, যারা-