পৃষ্ঠা নং-২৬২
তাঁকে স্বীয় অধঃস্তন বিচারকের পক্ষপাতিত্ব করার পরিবর্তে ন্যায়ভিত্তিক মীমাংসা করা কর্তব্য। যেমন, এ ঘটনার প্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে মহানবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হযরত ওমরের মীমাংসার বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করেন। অতঃপর যখন এ আয়াত নাযিল হয়, তখন বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, এ আয়াতের ভিত্তিতে সে লোক মুমিনই ছিল না।
দ্বিতীয় মাসআলাঃ এ আয়াতের দ্বারা এ বিষয়ও প্রমাণিত হয় যে, فِيْمَا شَجَرَ বাক্যটি শুধু আচার-অনুষ্ঠান কিংবা অধিকারের সাথেই সম্পৃক্ত নয়; আকীদা, মতবাদ এবং অপরাপর বৈষয়িক বিষয়েও ব্যাপক।– (বাহ্রে মুহীত)
অতএব, কোন সময় কোন বিষয়ে পারস্পরিক মতবিরোধ দেখা দিলে বিবাদ পরিহার করে উভয়পক্ষকে রসূলে কারীম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এবং তাঁর অবর্তমানে তৎপ্রবর্তিত শরীয়তের আশ্রয়ে গিয়ে মীমাংসা অন্বেষণ করা প্রতিটি মুসলমানের উপর ফরয।
তৃতীয় মাসআলাঃ এতে একথাও জানা গেল যে, যে কাজ বা বিষয় মহানবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক কথা বা কাজের মাধ্যমে প্রমাণিত, তা সম্পাদন করতে গিয়ে মনে কোন রকম সংকীর্ণতা অনুভব করাও ঈমানের দুর্বলতার লক্ষণ। উদাহরণতঃ যেক্ষেত্রে শরীয়ত তায়াম্মুম করে নামায পড়ার অনুমতি দিয়েছে, সেক্ষেত্রে তায়াম্মুম করতে কেউ যদি সম্মত না হয়, তবে একে পরহেযগারী বলে মনে করা যাবে না, বরং এটা একান্তই মানসিক ব্যাধি। রসূলে কারীম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অপেক্ষা কেউ বেশী পরহেযগার হতে পারে না। যে অবস্থায় মহানবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বসে নামায পড়ার অনুমতি দিয়েছেন এবং নিজেও বসে নামায আদায় করেছেন, কারো মন যদি এতে সম্মত না হয় এবং অসহনীয় পরিশ্রম ও কষ্ট সত্ত্বেও দাঁড়িয়ে নামায পড়ে, তবে তার জেনে রাখা উচিত যে, তার মন ব্যাধিগ্রস্ত। অবশ্য সাধারণ প্রয়োজন কিংবা কষ্টের সময় যদি প্রদত্ত অব্যাহতিকে পরিহার করে কষ্টের উপর আমল করে, তবে তা মহানবীর শিক্ষা অনুসারেই বৈধ। কিন্তু সর্বক্ষেত্রেই শরীয়ত প্রদত্ত অব্যাহতির প্রতি সংকীর্ণতা অনুভব করা তাকওয়া নয়।
একটি অতি গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য বিষয়ঃ বিগত বিশ্লেষণের দ্বারা এ বিষয় সুস্পষ্ট হয়ে গেছে যে, রসূলে কারীম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মতের জন্য শুধুমাত্র একজন সংস্কারক এবং নৈতিক পথপ্রদর্শকই ছিলেন না, বরং তিনি একজন ন্যায়নিষ্ঠ বিচারকও ছিলেন। তদুপরি এমন শাসকও ছিলেন যাঁর সিদ্ধান্তকে ঈমান ও কুফরের মানদন্ড সাব্যস্ত করা হয়েছে। যেমন, মুনাফেক বিশ্রের ঘটনার দ্বারা প্রমাণ হয়। আর এ বিষয়টি বিশ্লেষণের উদ্দেশেই আল্লাহ্ তাআলা স্বীয় পবিত্র গ্রন্থের একাধিক জায়গায় স্বীয় আনুগত্যের সাথে সাথে রসূলে কারীম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর আনুগত্যকেও অপরিহার্য বলে অভিহিত করেছেন।
কা’আব ইবনে আশরাফ ইহুদীকে প্রস্তাব করে এবং পরে বাধ্য হয়ে মহানবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হয়। আর হুযূর আকরাম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মীমাংসা যেহেতু তার বিরুদ্ধে হয়েছিল, সেহেতু সে তাতে আশ্বস্ত না হয়ে বরং পুনর্বার মীমাংসা করার জন্য হযরত ওমর (রদ্বিয়াল্লাহু ‘আনহু)-এর নিকট গিয়ে উপস্থিত হল। এ ঘটনা মদীনায় জানাজানি হয়ে গেলে ইহুদীরা মুসলমানগণকে ধিক্কার দিতে লাগল। পূর্ব কারণে আলোচিত বিশ্র ইবনে আহবারের ঘটনা মদীনায় জানাজানি হয়ে গেলে ইহুদীরা মুসলমানদেরকে এই বলে ভর্ৎসনা করত যে, তোমরা কেমন মানুষ! যাকে তোমরা রসূল বলে মান্য কর এবং তার অনুসরণ কর বলেও দাবী কর, তাঁর মীমাংসাসমূহকে স্বীকার কর না! ইহুদীদের প্রতি লক্ষ্য কর, তাদের গোনাহের তাওবাকল্পে তাদের প্রতি নির্দেশ হয়েছিল যে, তোমাদের মধ্য থেকে একে অপরকে হত্যা কর, আমরা এহেন কঠিন নির্দেশ পর্যন্ত পালন করেছি। এমন কি এভাবে আমাদের সত্তর ব্যক্তি নিহত হয়। তোমাদেরকে যদি এমন কোন হুকুম দেয়া হত, তবে তোমরা কি করতে? আয়াতটিতে তারও উত্তর দেয়া হয়েছে যে, এই অবস্থা মুনাফেকদেরই হতে পারে, পাকা মুসলমানদের নয়। তার প্রমাণ হলো, এ আয়াত যখন অবতীর্ণ হয়, তখন সাহাবায়ে-কেরামের (রদ্বিয়াল্লাহু আনহুম আজমাঈন) মধ্য থেকে একজন বললেন, আল্লাহ্ আমাদিগকে এহেন (কঠিন) পরীক্ষার সম্মুখীন করেননি। সাহাবীর এ বাক্যটি রসূলে কারীম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পৌঁছলে তিনি বললেন, “আমার উম্মতের মধ্যে এমন লোকও রয়েছে, যাদের অন্তরে পাহাড়ের মত সুদৃঢ় মজবুত ঈমান রয়েছে।” ইবনে ওহাব বলেন যে, এ বাক্য হল হযরত আবু বকর সিদ্দীক (রদ্বিয়াল্লাহু ‘আনহু)-এর।
অপর এক রেওয়ায়েতে আছে, হযরত আবু বকর সিদ্দীক (রদ্বিয়াল্লাহু ‘আনহু) এ আয়াত শুনে বলেছিলেন যে, আল্লাহ্র কসম, এ হুকুম নাযিল হলে আমি নিজেকে এবং নিজের পরিবার-পরিজনকে এর জন্য কোরবান করে দিতাম। অবশ্য সাহাবায়ে কেরাম (রদ্বিয়াল্লাহু ‘আনহু) দেশত্যাগের নির্দেশ আমল করে দেখিয়েও দিয়েছেন। তাঁরা স্বীয় জন্মভূমি মক্কা, নিজেদের সমস্ত সম্পদ ও ব্যবসা-বাণিজ্য পরিত্যাগ করে মদীনা অভিমুখে হিজরত করেছিলেন।