পৃষ্ঠা নং-১৭৫
হযরত নবী কারীম (সাঃ) বিবাহ ও সন্তানের প্রশ্নটিকে অত্যধিক গুরুত্ব দান করেছেন। তাই যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহ কিংবা সন্তান গ্রহণে অনীহা প্রকাশ করে, তাকে তিনি স্বীয় দলের অন্তর্ভূক্ত হওয়ার অনুমতি দেননি। তিনি বলেনঃ
“বিবাহ আমার সুন্নাত। যে ব্যক্তি এ সুন্নাত থেকে বিমুখ হয়, সে আমার দলভূক্ত নয়। তোমরা বিবাহ কর। কেননা, তোমাদের আধিক্যের কারণে আমি অন্যান্য উম্মতের উপর গর্ব করবো”।
كلمة الله (আল্লাহ্র বাণী)- হযরত ঈসা (আঃ)-কে ‘কলিমাতুল্লাহ’ বলার কারণ এই যে, তিনি শুধু আল্লাহ্র নির্দেশে চিরাচরিত প্রথার বিপরীতে পিতার মাধ্যম ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন।
وَحَصُوْرًا এটা হযরত ইয়াহ্য়া (আঃ)-এর তৃতীয় গুণ। এর অর্থ যাবতীয় কামনা-বাসনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। উদাহরণতঃ উত্তম পানাহার, উত্তম পোষাক পরিধান এবং বিবাহ ইত্যাদি। এ গুণটি প্রশংসার ক্ষেত্রে উল্লেখ করায় বাহ্যতঃ মনে হয় যে, এটাই উত্তম প্রথা। অথচ বিভিন্ন হাদীসে বিবাহিত জীবন-যাপন করাই যে উত্তম একথা প্রমাণিত আছে। এ সম্পর্কে সুচিন্তিত সিদ্ধান্ত এই যে, যদি কারও অবস্থা হযরত ইয়াহইয়া (আঃ)-এর মত হয়- অর্থাৎ, অন্তরে পরকালের চিন্তা প্রবল হওয়ার কারণে স্ত্রীর প্রয়োজন অনুভূত না হয় এবং স্ত্রী ও সন্তানদের হক আদায় করার মত অবকাশ না থাকে, তবে তার পক্ষে বিবাহ না করাই উত্তম। এ কারণের যেসব হাদীসে বিবাহের ফযীলত বর্ণিত হয়েছে, তাতে এ কথাও বলা হয়েছে, من استطاع منكم الباءة অর্থাৎ, যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে এবং স্ত্রীর হক আদায় করতে পারে, তার পক্ষেই বিবাহ করা উত্তম- অন্যথায় নয়। (বায়ানুল কুরআন)
হযরত যাকারিয়া (আঃ)-এর দু‘আর তাৎপর্যঃ
أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ
-হযরত যাকারিয়া (আঃ) খোদায়ী শক্তি-সামর্থ্যে বিশ্বাসী ছিলেন। ইতিপূর্বে এর নমুনা প্রত্যক্ষ করে নিজে দোয়াও করেছিলেন। এছাড়া দু‘আ কবুল হওয়ার বিষয়ও তিনি অবগত ছিলেন। এতসবের পরেও ‘কিভাবে আমার পূত্র হবে’ বলার মানে কি? এ প্রশ্নের উত্তর এই যে, এ জিজ্ঞাসা আল্লাহ্র শক্তি-সামর্থ্যের সন্দেহের কারণে ছিল না। বরং তিনি পুত্র হওয়ার অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন যে, আমরা স্বামী-স্ত্রী বর্তমানে বার্ধক্যের যে পর্যায়ে এসে উপনীত হয়েছি, তা বহাল রেখেই পুত্র দান করা হবে, না এতে কোনরূপ পরিবর্তন করা হবে? আল্লাহ্ তাআলা উত্তরে বলেছিলেন যে, না তোমরা বার্ধক্যাবস্থায়ই থাকবে এবং এ অবস্থাতেই তোমাদের সন্তান হবে। সুতরাং আয়াতের অর্থে কোনরূপ জটিলতা নেই।
قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا
প্রতিশ্রুত সেই সুসংবাদটি সম্পর্কে বিস্তারিত অবগতি এবং পুত্র জন্মগ্রহণের পূর্বেই কৃতজ্ঞতা প্রকাশে মশগুল হওয়ার উদ্দেশ্যে হযরত যাকারিয়া (আঃ) নিদর্শন জানতে চেয়েছিলেন। আল্লাহ্ তাআলা তাঁকে এ নিদর্শন দিলেন যে, তিন দিন পর্যন্ত তুমি মানুষের সাথে ইশারা-ঈঙ্গিত ছাড়া কথা বলতে সমর্থ হবে না।
এ নিদর্শনের মধ্যে সূক্ষ্মতা এই যে, কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে নিদর্শন চাওয়া হয়েছিল। আল্লাহ্ তাআলা এমন নিদর্শন দিলেন যে, তাতে কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া হযরত যাকারিয়া অন্য কোন কাজের যোগ্যই থাকবেন না। সুতরাং কাঙ্ক্ষিত নিদর্শন পাওয়া গেলো এবং উদ্দেশ্যও পুরোপুরি অর্জিত হলো।
إِلَّا رَمْزًا এ আয়াত থেকে বোঝা যায় যে, কথা বলতে অক্ষম হলে ইশারা-ঈঙ্গিত কথার স্থলাভিষিক্ত হতে পারে। এক হাদীসে বর্ণিত আছে, হযরত নবী করীম (সাঃ) এক বাদীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ্ কোথায়? উত্তরে সে আকাশের দিকে ইশারা করলে হযরত (সাঃ) বললেনঃ এ বাদী মুসলমান। -(কুরতুবী)
ইসলামী শরীয়তে লটারী সম্পর্কিত বিধান এই যে, হানাফী মাযহাব মতে যেসব হকের কারণ শরীয়তানুযায়ী নির্দিষ্ট ও জানা আছে, সেসব হকের মীমাংসা লটারীযোগে করা নাজায়েয এবং তা জুয়ার অন্তর্ভুক্ত। উদাহরণতঃ শরীকানাধীন বস্তুর মীমাংসা লটারীযোগে করা এবং লটারীতে যার নাম বের হয় তাকে সম্পূর্ণ বস্তুটি দিয়ে দেয়া অথবা কোন শিশুর পিতৃত্বে মতবিরোধ দেখা দিলে লটারিযোগে একজনকে পিতা মনে করে নেয়া। পক্ষান্তরে যেসব হকের কারণ জনগণের রায়ের ওপর ন্যাস্ত, সেসব হকের মীমাংসা লটারীযোগে করা জায়েয। যথা- কোন শরীককে কোন অংশ দেয়া হবে, সে ব্যাপারে লটারীর মাধ্যমে মীমাংসা করা। এক্ষেত্রে লটারীর মাধ্যমে একজনকে পূর্বের অংশ ও অন্যজনকে পশ্চিমের অংশ দেয়া জায়েয। এর কারণ এই যে, লটারী ছাড়াই উভয়পক্ষ একমত হয়ে যদি এভাবে অংশ নিতো অথবা বিচারকের রায়ের ভিত্তিতে এভাবে নিতো, তবুও তা জায়েয হতো। -(বায়ানুল-কুরআন)
অর্থাৎ, যেক্ষেত্রে সব শরীকের অংশ সমান হয়, সেখানে কোন এক দিককে এক শরীকের জন্যে নির্দিষ্ট করার উদ্দেশ্যে লটারী জায়েয।
হযরত ঈসা (আঃ)-এর আবির্ভাবের একটি প্রমাণঃ আলোচ্য আয়াতে হযরত ঈসা (আঃ)-এর একটি অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, তিনি শৈশবে যে বয়সে কোন শিশু কথা বলতে সক্ষম হয়না, তখনই কথা বলবেন। অপর এক আয়াতে বলা হয়েছে যে, জন্মের পর যখন ইহুদীরা মারয়ামের প্রতি অপবাদ আরোপ করতঃ ভৎসনা করতে থাকে, তখন সদ্যজাত শিশু ঈসা (আঃ) বলে ওঠেনঃ আমি আল্লাহ্র বান্দা। এতদসত্ত্বেও আলোচ্য আয়াতে আরও বলা হয়েছে যে, যখন তিনি পৌঢ় বয়সের হবেন, তখনও মানুষের সাথে কথা বলবেন। এখানে প্রণিধানযোগ্য বিষয় এই যে, শৈশাবস্থায় কথা বলা নিঃসন্দেহে একটি অলৌকিক ব্যাপার। যার উল্লেখ এক্ষেত্রে সমীচীন হয়েছে। কিন্তু পৌঢ় বয়সে কথা বলা কোন অলৌকিক ব্যাপার নয়। মুমিন, কাফের, পণ্ডিত, মূর্খ সবাই এ বয়সে কথা বলে। কাজেই এক্ষেত্রে বিশেষ গুণ হিসাবে এটা উল্লেখ করার অর্থ কি?
এ প্রশ্নের এক উত্তর বায়ানুল-কুরআনে দেয়া হয়েছে যে, ‘শৈশাবস্থায় কথা বলা’ বর্ণনা করাই আসল উদ্দেশ্য। ততসঙ্গে ‘পৌঢ় বয়সের কথা’ উল্লেখ করার উদ্দেশ্য এই যে, তাঁর শৈশাবস্থার কথাবার্তাও শিশুসুলভ হবে না; বরং পৌঢ় লোকদের মত জ্ঞানীসুলভ, মেধা সম্পন্ন প্রাঞ্জল ও বিশুদ্ধ হবে।