আলি-ইমরান ৩০-৬২

পৃষ্ঠা নং- ১৭৮

অবতরণ এবং শত্রুর বিরুদ্ধে জয়লাভের পর মৃত্যুবরণের ঘটনাটি একাধারে একটি মু’জেযা। এতদসঙ্গে ঈসা (আঃ)-এর সম্মান ও মর্যাদার পূর্ণত্বলাভ এবং খ্রীষ্টানদের এ বিশ্বাসের খন্ডন যে, ঈসা (আঃ) অন্যতম উপাস্য। নতুবা জীবিত অবস্থায় আকাশে উত্থিত হওয়ার ঘটনা থেকে তাদের ভ্রান্ত বিশ্বাস আরও জোরদার হয়ে যেতো যে, তিনিও আল্লাহ্‌ তাআলার মতই চিরঞ্জীব এবং ভালমন্দের নিয়ামক। এ কারণে প্রথমে مُتَوَفِّيكَ বলে এসব ভ্রান্ত ধারণার মূলোৎপাটন করা হয়েছে। এরপর নিজের দিকে উঠিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

সত্যি কথা এই যে, কাফের ও মুশরেকরা চিরকালই পয়গম্বরগণের বিরোধিতা ও তাঁদের সাথে শত্রুতা করে এসেছে। অপরদিকে আল্লাহ্‌ তাআলারও চিরাচরিত রীতি ছিল এই যে, যখনই কোন জাতি পয়গম্বরের বিরোধিতায় অনমনীয় হয়েছে এবং মু’জেযা দেখার পরও অস্বীকার ও অবিশ্বাস অব্যাহত রেখেছে, তখনই আল্লাহ্‌ তাআলা আসমানী আযাব পাঠিয়ে সবাইকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। যেমন, ‘আদ সামুদ এবং সালেহ ও লূত পয়গম্বরের কওমের বেলায় করা হয়েছে। অথবা পয়গম্বরকেই কাফেরদের দেশ থেকে হিজরত করিয়ে অন্যদিকে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাঁকে শক্তি ও সৈন্যদল দান করে অবাধ্য কওমের বিরুদ্ধে জয়ী করা হয়েছে। হযরত ইবরাহীম (আঃ) ইরাক থেকে হিজরত করে সিরিয়ায় আশ্রয় গ্রহণ করেন। হযরত মুসা (আঃ) মিসর থেকে হিজরত করে সিরিয়ায় আগমন করেন এবং সবশেষে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদীনায় আগমন করেন। ইহুদীদের কবল থেকে রক্ষা করার জন্য হযরত ঈসা (আঃ)-কে আকাশে তুলে নেয়াও প্রকৃতপক্ষে এক প্রকার হিজরতই ছিল- তারপর তিনি আবার দুনিয়াতে পদার্পণ করে ইহুদীদের বিরুদ্ধে পুরোপুরি জয়লাভ করবেন।

          এখন প্রশ্ন হতে পারে যে, এ হিজরত সম্পূর্ণ ভিন্নভাবে আকাশের দিকেই করানো হলো কেন? এ সম্পর্কে আল্লাহ্‌ তাআলা স্বয়ং বলেন যে, ঈসার দৃষ্টান্ত আদমের মতই। অর্থাৎ, আদম (আঃ) যেমন সাধারন সৃষ্টজীব থেকে সম্পূর্ণ ভিন্ন পন্থায় পিতা-মাতা ব্যতিরেকে জন্মগ্রহণ করেছেন, তেমনি ঈসা (আঃ)-এর জন্মও সাধারণ মানুষের জন্ম থেকে পৃথক পন্থায় হয়েছে এবং মৃত্যুও অভিনব পন্থায় শত শত বৎসর পর জগতে পুনরাগমনের পরেই হবে। সুতরাং তাঁর হিজরতও যদি ভিন্ন প্রকৃতিতে ও বিস্ময়কর পন্থায় হয়; তবে তাতে আশ্চর্য কি?

          এসব বিস্ময়কর ঘটনার কারণেই মূর্খ খ্রীষ্টানরা ভ্রান্তবিশ্বাসে পরিণত হয়ে তাঁকে খোদা বলতে শুরু করেছে। অথচ চিন্তা করলে দেখা যায় যে, এসব ঘটনার মধ্যেই তাঁর বন্দেগী, খোদায়ী নির্দেশের প্রতি আনুগত্য এবং মানবিক গুণে গুণান্বিত হওয়ার প্রমাণাদি রয়েছে। এ কারণেই কুরআন প্রতিটি ক্ষেত্রে ওদের উপরোক্ত ভ্রান্ত বিশ্বাস খন্ডনের প্রতি ইঙ্গিত করেছে। আকাশে উত্থিত করার ফলে ওদের বিশ্বাস খুব জোরদার হয়ে যেতো। তাই مُتَوَفِّيكَ শব্দটি অগ্রে উল্লেখ করে এ বিশ্বাসের মূলোৎপাটন করা হয়েছে। এতে বোঝা গেল যে, আলোচ্য আয়াতের প্রধান উদ্দেশ্য ইহুদীদের খন্ডন। কারণ, ওরা হযরত ঈসা (আঃ)-কে হত্যা করতে ও শূলীতে চড়াতে চেয়েছিল। আল্লাহ্‌ তাআলা ওদের সব পরিকল্পনা ধূলিস্যাৎ করে দেন।

          কিন্তু শব্দ আগে-পিছে করার ফলে আলোচ্য আয়াতে খ্রীষ্টানদের বিশ্বাসও খন্ডন হয়ে গেছে যে, ঈসা (আঃ) খোদা নন যে, তিনি মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন। এক সময় তাঁরও মৃত্যু হবে।

          ইমাম রাযী তাফসীরে-কাবীরে বলেনঃ কুরআন মাজীদে এমনি ধরনের বিশেষ বিশেষ রহস্যের কারণে শব্দ আগে-পিছে করার ভুরি ভুরি নজির রয়েছে। পরবর্তী ঘটনাকে অগ্রে ও অগ্রবর্তী ঘটনাকে পরে বর্ণনা করা হয়েছে। -(তপফসীর কপবীর, ২য় খন্ড, ৪৮১ পৃষ্ঠা)

          وَرَافِعُكَ إِلَىَّ এতে বাহ্যতঃ ঈসা (আঃ)-কেই সম্বোধন করে বলা হয়েছে যে, আপনাকে উঠিয়ে নেব। সবাই জানেন যে, ঈসা শুধু আত্মার নাম নয়; বরং আত্মা ও দেহ উভয়ের নাম। কাজেই আয়াতে দৈহিক উত্তোলন বাদ দিয়ে শুধু আত্মিক উত্তোলন বোঝা সম্পূর্ণ ভুল। তবে একথা ঠিক যে, আরবী শব্দটি উচ্চ মর্তবার অর্থেও ব্যবহৃত হয়। যেমন- وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ এবং يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ইত্যাদি আয়াতে ব্যবহৃত হয়েছে। কিন্তু এটা জানা কথা যে, উচ্চ মর্তবার অর্থে رفع শব্দটির ব্যবহার রূপক। উল্লেখিত আয়াতসমূহে পূর্বাপর আলোচ্য আয়াতে বিষয়ের সাথে সামঞ্জস্য রক্ষার ভিত্তিতে এ ব্যবহার হয়েছে। কিন্তু আলোচ্য আয়াতে আসল অর্থ ছেড়ে রূপক অর্থ বোঝার কোন কারণ নেই। এ ছাড়া আয়াতে رفع শব্দের সাথে إِلَى ব্যবহার করার কারণে রূপক অর্থের সম্ভাবনা সম্পূর্ণ তিরোহিত হয়ে গেছে। এ আয়াতে وَرَافِعُكَ إِلَىَّ এবং সূরা নিসার আয়াতেও ইহুদীদের ভ্রান্ত বিশ্বাস খন্ডন প্রসঙ্গে وَمَا قَتَلُوهُ يَقِينًا بَل رَّفَعَهُ اللَّهُ إِلَيْهِ বলা হয়েছে। অর্থাৎ, ইহুদীরা নিশ্চিতই হযরত ঈসাকে হত্যা করেনি, বরং আল্লাহ্‌ তাঁকে নিজের কাছে তুলে নিয়েছেন। “নিজের কাছে তুলে নেয়া” সশরীরে তুলে নেয়াকেই বলা হয়।

          ঈসা (আঃ)-এর সাথে আল্লাহ্‌র পাঁচটি অঙ্গীকারঃ আলোচ্য ৫৫ নং আয়াতে আল্লাহ্‌ তাআলা ইহুদীদের বিপক্ষে হযরত ঈসা (আঃ)-এর সাথে পাঁচটি অঙ্গীকার করেছেন।

          সর্বপ্রথম অঙ্গীকার এই যে, তাঁর মৃত্যু ইহুদীদের হাতে হত্যার মাধ্যমে হবে না, বরং প্রতিশ্রুত সময়ে স্বাভাবিক পন্থায় হবে। প্রতিশ্রুত সময়টি কেয়ামতের নিকটতম যমানায় আসবে। তখন ঈসা (আঃ) আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন। বিভিন্ন সহীহ ও মুতাওয়াতির হাদীসে এর বিবরণ উল্লেখিত হয়েছে।

          দ্বিতীয় অঙ্গীকার ছিল যে, হযরত ঈসা (আঃ)-কে আপাততঃ উর্ধ্ব জগতে তুলে নেয়া হবে। সাথে সাথে এ অঙ্গীকার পূর্ণ করা হয়।

          তৃতীয় অঙ্গীকার ছিল শত্রুদের অপবাদ থেকে মুক্ত করার ব্যাপারে। এ অঙ্গীকার এভাবে পূর্ণ হয়েছে যে, শেষ নবী (সাঃ) আগমন করে ইহুদীদের যাবতীয় অপবাদ দূর করে দেন। উদাহরণতঃ পিতা ব্যতিরেকে জন্মগ্রহণ করার কারণে ইহুদীরা ঈসার (আঃ) জন্মবিষয়ে অপবাদ আরোপ করতো। কুরআন এ অভিযোগ খন্ডন করে বলেছে যে, তিনি আল্লাহ্‌র কুদরত ও নির্দেশে পিতা ব্যতিরেকে জন্মগ্রহণ করেছেন। এটা কোন বিস্ময়কর ব্যাপার নয়। হযরত আদমের জন্মগ্রহণ ছিল আরো বেশী বিস্ময়কর-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ