পৃষ্ঠা নং-৪৯
সত্যজ্ঞান সবার চাইতে বেশী । তাই বলে সে ঈমানদার হয়ে যাবে কি? জানাসত্ত্বে অস্বীকার করার কারণে কুফরের তীব্রতাই বৃদ্ধি পেয়েছে। পরবর্তী আয়াতে তাদের শত্রুতাকে কুফরের কারণ বলে অভিহিত করা হয়েছে।
এখানে এক ক্রোধ কুফরের কারণে এবং অপর ক্রোধ হিংসার কারণে। এ জন্যেই ক্রোধের উপর ক্রোধ বলা হয়েছে।শাস্তির সাথে অপমানজনক শব্দ যোগ করে বলা হয়েছে যে, এ শাস্তি কাফেরদের জন্যেই নির্দিষ্ট। কেননা, পাপী ঈমানদারকে যে শাস্তি দেয়া হবে, তা হবে, তাকে পাপমুক্ত করার উদ্দেশ্যে, অপমান করার উদ্দেশ্যে নয়। পরবর্তী আয়াতে তাদের যে উক্তি উদ্ধৃত হয়েছে তা থেকে কুফর প্রমাণিত হয় এবং হিংসাও বুঝা যায়।
‘আমরা শুধু তাওরাতের প্রতিই ঈমান আনব, অন্যান্য গ্রন্থের প্রতি ঈমান আনব না,’ ইহুদীদের এ উক্তি সুস্পষ্ট কুফর। সেই সাথে তাদের উক্তি ‘যা (তাওরাত) আমাদের প্রতি নাযিল করা হয়েছে’- এ থেকে প্রতিহিংসা বুঝা যায়। এর পরিস্কার অর্থ হচ্ছে এই যে, অন্যান্য আসমানী গ্রন্থ যেহেতু আমাদের প্রতি নাযিল করা হয়নি, কাজেই আমরা সেগুলোর প্রতি ঈমান আনব না। আল্লাহ্ তা‘আলা তিন পন্থায় তাদের এ উক্তি খণ্ডন করেছেন ।
প্রথমতঃ অন্যান্য গ্রন্থের সত্যতা ও বাস্তবতা যখন অকাট্য দলীল দ্বারা প্রমাণিত, তখন সেগুলো অস্বীকার করার কোন কারণ থাকতে পারে না। অবশ্য দলীলের মধ্যে কোন আপত্তি থাকলে তারা তা উপস্থিত করে দুর করে নিতে পারত। অহেতুক অস্বীকারের কোন অর্থ হয় না।
দ্বিতীয়তঃ অন্যান্য গ্রন্থের মধ্যে একটি হচ্ছে কুরআন মাজীদ, যা তাওরাতেরও সত্যায়ন করে। সুতরাং কুরআন মাজীদকে অস্বীকার করলে তাওরাতের অস্বীকৃতিও অপরিহার্য হয়ে পড়ে।
তৃতীয়তঃ সকল খোদায়ী গ্রন্থের মতেই নবীদের (নবী-রসূল) হত্যা করা কুফর। তোমাদের সম্প্রদায়ের লোকেরা কয়েকজন নবীকে হত্যা করেছে। অথচ তারা বিশেষভাবে তাওরাতের শিক্ষাই প্রচার করতেন। তোমরা সেসব হত্যাকারীকেই নেতা ও পুরোহিত মনে করেছ। এভাবে কি তোমরা তাওরাতের সাথেই কুফরি করনি? সুতরাং তাওরাতের প্রতি তোমাদের ঈমান আনার দাবী অসার প্রমাণিত হয়ে যায়। মোটকথা, কোন দিক দিয়েই তোমাদের কথা ও কাজ শুদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ নয়।
পরবর্তী আয়াতে আরও কতিপয় যুক্তি দ্বারা ইহুদীদের দাবী খন্ডন করা হয়েছে।
ঘটনাটি ঘটে তাওরাত অবতরণের পূর্বে। তখন মূসা (‘আলাইহিচ্ছালাম)-এর নবুওয়াতের সত্যতা প্রমাণ করার জন্যে যেসব যুক্তি প্রমাণ প্রতিষ্ঠিত ছিল, আয়াতে بَيِّنَاتٍ বলে সেগুলোকে বোঝানো হয়েছে। যেমন, লাঠি, জ্যোতির্ময় হাত, সাগর দ্বি-খন্ডিত হওয়া ইত্যাদি।
ইহুদীদের দাবীর খন্ডনে আয়াতে বলা হয়েছে যে, তোমরা একদিকে ঈমানের দাবী কর, অন্যদিকে প্রকাশ্যে শিরকে লিপ্ত হও। ফলে শুধু মূসা (‘আলাইহিচ্ছালাম)-কেই নয়, আল্লাহ্কেও মিথ্যা প্রতিপন্ন করে চলেছ। কুরআন অবতরণের সময় হযরত মু‘হাম্মদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ‘আমলে যেসব ইহুদী ছিল, তারা গোবৎসকে উপাস্য নির্ধারণ করেনি সত্য; কিন্তু তারা নিজেদের পূর্ব-পুরুষদের সমর্থক ছিল। অতএব, তারাও মোটামোটিভাবে এ আয়াতের লক্ষ্য।
আয়াতে বর্ণিত কারণ ও ঘটনাসমূহের সারমর্ম এই যে, ভূমধ্যসাগর পাড়ি দেয়ার পর তারা একটি কুফরী বাক্য উচ্চারণ করে। পরে মূসা (‘আলাইহিচ্ছালাম)-এর শাসানোর ফলে যদিও তাউবাহ্ করে নেয়, কিন্তু তাউবারও বিভিন্ন স্তর রয়েছে। উচ্চস্তরের তাওবার অভাবে তাদের অন্তরে কুফরের কালিমা থেকেই যায়। পরে সেটাই বেড়ে গিয়ে গোবৎস পূজার কারণ হয়ে দাঁড়ায়। কোন কোন টীকাকারের বর্ণনা মতে গোবৎস পূজা থেকে তাউবাহ্ করতে গিয়ে তাদের কিছু লোককে হত্যা বরণ করতে হয় এবং কিছু লোক ক্ষমা প্রাপ্ত হয়। এদের তাউবাও সম্ভবতঃ দূর্বল ছিল। এছাড়া যারা গোবৎস পূজায় জড়িত ছিল না, তারাও অন্তরে গোবৎস পূজারীদের প্রতি প্রয়োজনীয় ঘৃণা পোষণ করতে পারেনি। ফলে তাদের অন্তরে শির্কের প্রভাব কিছু না কিছু অবশিষ্ট ছিল। মোটকথা, তাউবার দূর্বলতা ও শির্কের প্রতি প্রয়োজনীয় ঘৃণার অভাব- এতদুভয়ের প্রতিক্রিয়ায় তাদের অন্তরে ধর্মের প্রতি শৈথিল্য দানা বেঁধে উঠেছিল। এ কারণেই অঙ্গীকার নেওয়ার জন্য তুর পর্বতকে তাদের মাথার উপর ঝুলিয়ে রাখার প্রয়োজন দেখা দেয়।