আল-বাকারা ৮৯-১০৫

পৃষ্ঠা নং-৫২

করা হয়নি। এ কাজের জন্য ফেরেশতাই মনোনীত হন। কারণ, সৃষ্টি জগতে ফেরেশতাদের দ্বারা এমন কাজও নেয়া হয়, যা সামগ্রিক উপযোগিতার দিক দিয়ে ভাল, কিন্তু অনিষ্টের কারণে স্বতন্ত্র দৃষ্টিতে মন্দ। যেমন, কোন হিংস্র ও ইতর প্রাণীর লালন-পালন ও দেখাশুনা করা। সৃষ্টিগত দৃষ্টিভঙ্গিতে একাজ সঠিক ও প্রশংসনীয়, কিন্তু জাগিতক কল্যাণ আইনের দৃষ্টিতে অঠিক ও নিন্দনীয়। পক্ষান্তরে পয়গম্বরগণকে শুধু জাগতিক কল্যাণমূলক আইন তদারকের কাজেই নিযুক্ত করা হয়-যা সাধারণতঃ ভাল কাজেই হয়ে থাকে। উপরোক্ত জাদুর উচ্চারণ ও বর্ণনা উদ্দেশ্যের দিক দিয়ে জাগতিক কল্যাণমূলক কাজ হলেও জাদুর আমলে লিপ্ত হয়ে পড়ার (যেমন, বাস্তবে হেয়ছে) ক্ষীণ সম্ভাবনার পরিপ্রেক্ষিতে পয়গম্বরগণকে এ থেকে দূরে রাখাই পছন্দ করা হয়েছে।

জাদু ও মু’জিযার পার্থক্য: নবীদের মু’জিযাহ ও ওলীদের কারামাত দ্বারা যেমন অস্বাভাবিক ও অলৌকিক ঘটনাবলী প্রকাশ পায়, জাদুর মাধ্যমেও বাহ্যত তেমনি প্রতিক্রিয়া লক্ষ করা যায়। ফলে মুর্খ লোকেরা বিভ্রান্তিতে পতিত হয়ে জাদুকরদেরকেও সম্মানিত ও মাননীয় মনে করতে থাকে। এ কারণে এতদুভয়ের পার্থক্য বর্ণনা করা দরকার।

          বলাবাহুল্য, প্রকৃত সত্তার দিক দিয়ে এবং বাহ্যিক প্রতিক্রিয়ার দিক দিয়ে এতদুভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। সত্তার পার্থক্য এই  যে, জাদুর প্রভাবে সৃষ্ট ঘটনাবলীও কারণের আওতাবহির্ভুত নয়। পার্থক্য শুধু কারণটি দৃশ্য কিংবা অদৃশ্য হওয়ার মধ্যে। যেখানে কারণ দৃশ্যমান, সেখানে ঘটনাকে কারণের সাথে সম্পৃক্ত করে দেয়া হয় এবং ঘটনাকে মোটেই বিস্ময়কর মনে করা হয় না। কিন্তু যেখানে কারণ অদৃশ্য, সেখানেই ঘটনাকে অদ্ভুত ও আশ্চর্যজনক মনে করা হয়। সাধারণ লোক ‘কারণ’ না জানার দরুন এ ধরনের ঘটনাকে অলৌকিক মনে করতে থাকে। অথচ বাস্তবে তা অন্যান্য অলৌকিক ঘটনারই মত। কোন দূরপ্রাচ্য থেকে আজকের লেখা পত্র হঠাৎ সামনে পড়লে দর্শকমাত্রই সেটাকে অলৌকিক বলে আখ্যায়িত করবে। অথচ জ্বিন ও শয়তানরা এ জাতীয় কাজের ক্ষমতাপ্রাপ্ত হয়েছে। মোটকথা এই যে, জাদুর প্রভাবে দৃষ্ট ঘটনাবলীও প্রাকৃতিক কাজের অধীন! তবে কারণ অদৃশ্য হওয়ার দরুন মানুষ অলৌকিকতার বিভ্রান্তিতে পতিত হয়।

মু’জিযার অবস্থা এর বিপরীত। মু’জিযাহ প্রত্যক্ষভাবে আল্লাহ তা’আলার কাজ। এতে প্রাকৃতিক কারণের কোন হাত নেই। ইবরাহীম (’আলাইহিচ্ছালাম)-এর জন্যে নমরুদের জ্বালানো আগুনকে আল্লাহ তা’আলা আদেশ করেছিলেন, ‘ইবরাহীমের জন্য সুশীতল হয়ে যাও।’ কিন্তু এতটুকু শীতল নয় যে, ইবরাহীম কষ্ট অনুভব করে।’ আল্লাহর এই আদেশের ফলে আগুন শীতল হয়ে যায়।

ইদানিং কোন কোন লোক শরীরে ভেষজ প্রয়োগ করে আগুনের ভেতরে চলে যায়। এটা মু’জিযা নয়; বরং ভেষজের প্রতিক্রিয়া। তবে ভেষজটি অদৃশ্য, তাই মানুষ একে অলৌকিক বলে ধোকা খায়।

স্বয়ং কুরআনের বর্ণনা দ্বারা বুঝা যায় যে, মু’জিযা সরাসরি আল্লাহ্‌র কাজ। বলা হয়েছে-

ومارميت إذرميت ولكن اللّهََ رمى

অর্থাৎ-আপনি যে এক মুষ্টি কঙ্কর নিক্ষেপ করেছিলেন, প্রকৃতপক্ষে তা আপনি নিক্ষেপ করেননি, আল্লাহ্ নিক্ষেপ করেছিলেন। অর্থাৎ, এক মুষ্টি কঙ্কর যে সমবেত সবার চোখে পৌঁছে গেল, এতে আপনার কোন হাত ছিল না। এটা ছিল একান্তভাবেই আল্লহ্‌র কাজ। এই মু’জিযাটি বদর যুদ্ধে সংঘটিত হয়েছিল। রসূলুল্লাহ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম) একমুষ্টি কঙ্কর কাফের বাহিনীর প্রতি নিক্ষেপ করেছিলেন যা সবার চোখেই পড়েছিল।

মু’জিযা প্রাকৃতিক কারণ ছাড়াই সরাসরি আল্লাহ্‌র কাজ আর জাদু অদৃশ্য প্রাকৃতিক কারণের প্রভাব। এ পার্থক্যটিই মু’জিযা ও জাদুর স্বরূপ বোঝার পক্ষে যথেষ্ট। কিন্তু তা সত্ত্বেও এখানে একটি প্রশ্ন থেকে যায় যে, সাধারণ লোক এই পার্থক্যটি কিভাবে বুঝবে? কারণ, বাহ্যিক রূপ উভয়েরই এক। এ প্রশ্নের উত্তর এই যে, সাধারণ লোকদের বোঝার জন্যেও আল্লাহ্ তা’আলা কয়েকটি পার্থক্য প্রকাশ করেছেন।

প্রথমত: মু’জিযা ও কারামত এমন ব্যক্তিবর্গের দ্বারা প্রকাশ পায়, যাঁদের আল্লাহ্‌ভীতি, পবিত্রতা, চরিত্র ও কাজকর্ম সবার দৃষ্টির সামনে থাকে। পক্ষান্তরে জাদু তারাই প্রদর্শন করে, যারা নোংরা, অপবিত্র এবং আল্লাহ্‌র যিক্‌র থেকে দূরে থাকে। এসব বিষয় চোখে দেখে প্রত্যেকেই মু’জিযা ও জাদুর প্রার্থক্য বুঝতে পারে।

দ্বিতীয়ত: আল্লাহ্‌র চিরাচরিত রীতি এই যে, যে ব্যক্তি মু’জিযা ও নবুওয়াত দাবী করে জাদু করতে চায়, তার জাদু প্রতিষ্ঠা লাভ করতে পারে না। অবশ্য নবুওয়অতের দাবী ছাড়া জাদু করলে, তা প্রতিষ্ঠা লাভ করে।

পয়গম্বরগণের উপর জাদু ক্রিয়া করে কি না? এ প্রশ্নের উত্তর হবে ‘ইতিবাচক। কারণ, পূর্বেই বর্ণিত হয়েছে যে, জাদু প্রকৃতপক্ষে প্রাকৃতিক কারণের প্রবাব। পয়গম্বরগণ প্রাকৃতিক কারণের প্রভাবে প্রভাবান্বিত হন। এটা নবুওয়াতের মর্যাদার পরিপন্থী নয়। সবাই জানেন, বাহ্যিক কারণ দ্বারা প্রভাবান্বিত হয়ে পয়গম্বরগণ ক্ষুধা-তৃষ্ণায় কাতর হন, রোগাক্রান্তহন এবং আরোগ্য লাভ করেন। তেমনিবাবে জাদুর অদৃশ্য কারণ দ্বারাও তারা প্রভাবান্বিত হতে পারেন। সহীহ হাদীস দ্বারা প্রমাণিত রয়েছে যে, ইহদীরা রসূলুল্লাহ (সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর জাদু করেছিল এবং সে জাদুর কিছু প্রতিক্রিয়াও প্রকাশ পেয়েছিল। ওহীর মাধ্যমে তা জানা সম্ভব হয়েছিল এবং জাদুর প্রভাব দূরও করা হয়েছিল। মূসা (আলাইহিচ্ছালাম)-এর জাদুর প্রভাবে প্রভাবান্বিত হওয়া কুরআনেই উল্লেখিত রয়েছে-

– يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ এবং فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُّوسَىٰ

জাদুর কারণেই মূসা (আলাইহিচ্ছালাম)-এর মনে ভিতীর সঞ্চার হয়েছিল।

শরী’আতে জাদু সম্পর্কিত বিধি-বিধান:

          পূর্বেই বর্ণিত হয়েছে, কুরআন ও হাদীসের পরিভাষায় জাদু এমন অদ্ভুত কর্মকান্ড, যাতে কুফর শিরক এবং পাপচার অবলম্বন করে জ্বিন ও শয়তানকে সন্তুষ্ট করে তাদের সাহায্য নেয়া হয়। কুরআনে বর্ণিত বাবেল শহেরের জাদু ছিল তাই। -(জাস্‌সাস)

এ জাদুকেই কুরআন কুফর বলে অভিহিত করেছে। আবূ মনসূর (রহ:) বলেন, বিশুদ্ধ অভিমত এই যে, জাদুর সকল প্রকারই কুফর নয়; বরং যাতে ঈমানের পরিপন্থী কথাবার্তা এবং কাজকর্ম অবলম্বন করা হয়, তাই কুফর।–(রূহুল মা’আনী)।

          আয়াত দ্বারা বোঝা যায় যে, আপনার কোন জায়েয কাজ থেকে যদি অন্যরা না-জায়েয কাজের আশকারা পায়, তবে সে জায়েয কাজটিও আপনার পক্ষে জায়েয থাকবে না। উদাহরণত: কোন আলেমের কোন জায়েয কাজ দেখে যদি সাধারণ লোকেরা বিভ্রান্ত হয় এবং না-জায়েয কাজে লিপ্ত হয়, তবে সে আলেমের জন্য সে জায়েয কাজটিও নিষিদ্ধ হয়ে যাবে। তবে শর্ত এই যে, সংশ্লিষ্ট কাজটি শরীআতের দৃষ্টিতে জরুরী না হওয়া চাই। কুরআন ও হাদীসে এর ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ