পৃষ্ঠা নং-২৫১
বেলায়ও কার্পণ্য করে এবং ইলম ও ঈমানের ব্যাপারেও কার্পণ্য করে, তারা আল্লাহ্ তাআলার নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ; তাদের জন্য নির্ধারিত রয়েছে অপমানজনক আযাব।
দান-খয়রাতের ফযীলত এবং কার্পণ্যের ক্ষতি সম্পর্কে মহানবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন-
“প্রতিদিন ভোর বেলায় দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ্ সৎপথে ব্যয়কারীকে শুভ প্রতিদান দান কর। আর অন্যজন বলেন, হে আল্লাহ্ কৃপণকে ধন-সম্পদের দিক দিয়ে ধ্বংসের সম্মুখীন করে দাও।”-(বোখারী, মুসলিম)
অতঃপর وَالَّذِيْنَ يُنْفِقُوْنَ বাক্যের দ্বারা দাম্ভিকের আরেকটি দোষের কথা বলা হয়েছে। তা হল এই যে, এসব লোক আল্লাহ্র পথে নিজেরাও ব্যয় করে না এবং অন্যকেও ব্যয় না করার অনুপ্রেরণা যোগায়। অবশ্য তারা ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে। আর যেহেতু এরা আল্লাহ্ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে না, সেহেতু তাদের পক্ষে আল্লাহ্র সন্তুষ্টি এবং আখেরাতের সওয়াবের নিয়তে ব্যয় করার কোন প্রশ্নই উঠতে পারে না। এ ধরনের লোক শয়তানের দোসর। অতএব, তাদের পরিণতিও তাই হবে, যা হবে তাদের দোসর শয়তানের পরিণতি।
এ আয়াতের দ্বারা প্রতীয়মান হচ্ছে যে, ওয়াজিব হকের ক্ষেত্রে শৈথিল্য ও কার্পণ্য প্রদর্শন করা যেমন দূষণীয়, তেমনিভাবে লোক দেখানোর জন্য এবং উদ্দেশ্যহীনভাবে ব্যয় করাও নিতান্ত মন্দ কাজ। যারা একান্তভাবে আল্লাহ্র উদ্দেশে ব্যয় না করে লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে, তাদের আমল আল্লাহ্র দরবারে গৃহীত হয় না। হাদীসে এমন কাজকে শিরক বলেও অভিহিত করা হয়েছে। যথাঃ
শাদ্দাদ ইবনে আওস (রাঃ) বলেন, আমি রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, ‘যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামায পড়ল সে শিরক করল। যে লোক দেখানোর উদ্দেশ্যে রোযা রাখল সে শিরক করল এবং যে লোক দেখানোর উদ্দেশ্যে সদকা-খয়রাত করল সে শিরক করল।”- (মুসনাদে-আহমদ)
প্রথম আয়াতে বলা হয়েছে وَمَاذَاعَلَيْهِمْ لَوْ أمَنُوْا بِاللهِ অর্থাৎ, তাদের ক্ষতিটা কি হবে এবং তাদের এমন কি বিপদই বা হবে, যদি তারা আল্লাহ্ ও আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করে নেয় এবং আল্লাহ্-প্রদত্ত ধন-সম্পদের মধ্য থেকে ব্যয় করে? এগুলো সবই যে একান্ত সহজ কাজ। এগুলো গ্রহণ করা বা বাস্তবায়ন করা কোনই কষ্টের বিষয় নয়, তবুও কেন নাফরমান ও অকৃতজ্ঞ থেকে আখেরাতে ধ্বংসের বোঝা নিজের মাথায় তুলে নিচ্ছে।
অতঃপর বলা হয়েছেاِنَّ اللهَ لَايَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ অর্থাৎ, আল্লাহ্ তাআলা কারো সৎকর্মের সওয়াব এবং অশুভ প্রতিদানের বেলায় বিন্দু-বিসর্গও অন্যায় করেন না। বরং নিজের পক্ষ থেকে এতে অধিকতর বৃদ্ধি করে দেন এবং আখেরাতে এগুলোকে কয়েকগুণ বাড়িয়ে তার সওয়াব দান করবেন এবং নিজের পক্ষ থেকেও দেবেন মহান দান।
আল্লাহ্ তাআলার নিকট নিম্নতম সওয়াবের পরিমাণ হচ্ছে এই যে, সেখানে একটি সৎ কাজের জন্য দশ-দশটি সওয়াব লেখা হয়, তদুপরি নানা বাহানায় বৃদ্ধির পরেও বৃদ্ধি হতে থাকে। কোন কোন রেওয়ায়েতে প্রতীয়মান হয় যে, কিছু সৎকাজ এমনও রয়েছে, যেগুলোর সওয়াব বিশ লক্ষ গুণ পর্যন্ত বর্ধিত হয়ে যায়। তাছাড়া আল্লাহ্ হলেন মহাদাতা। তিনি তাঁর অসীম রহমতে (সৎ কাজের বিনিময়) এমনভাবে বাড়িয়ে দেন, যা কোন হিসাব বা সীমা-পরিসীমায় আসে না। বলা হয়েছে- وَاللهُ يُضعِفُ لِمَنْ يَّشَاءُ কাজেই আল্লাহ্ তাআলার দরবার থেকে যে কি মহাদান হতে পারে, তার কি কল্পনা করা যেতে পারে?
আলোচ্য আয়াতে উল্লেখিত ذَرَّةٍ শব্দের একটি অর্থ তো সুবিদিত, যা ইতিপূর্বে বলা হয়েছে। এছাড়া কোন কোন মনীষী বলেছেন যে, লাল রঙের সর্বাধিক ক্ষুদ্র পিঁপড়াকে ذَرَّةٍ (যাররাতুন) বলা হয়। আরবরা নিকৃষ্টতা ও ওজনহীনতা বোঝানোর জন্য শব্দটি উদাহরণস্বরূপ বলে থাকে।
فَكَيْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍ বলে আখেরাতের ময়দানের দৃশ্য সামনে উপস্থিত করার প্রতি লক্ষ্য করতে বলা হয়েছে। এতে মক্কাবাসী কাফেরদের ভীতি প্রদর্শনও উদ্দেশ্য বটে।
তাদের কি অবস্থা হবে, যখন হাশরের ময়দানে প্রত্যেক উম্মতের নবীগণকে নিজ নিজ উম্মতের নেক-বদ ও সৎ-অসৎ আমলের সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে এবং যখন আপনিও নিজের উম্মতের সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন। আর বিশেষ করে সেই কাফের-মুশরিকদের সম্পর্কে খোদায়ী আদালতে সাক্ষ্য দান করবেন যে, তারা প্রকাশ্য সব মু’জেযা প্রত্যক্ষ করা সত্ত্বেও মিথ্যারোপ করেছে এবং আল্লাহ্র তাওহীদ ও আমার রেসালতে বিশ্বাস স্থাপন করেনি।
বোখারী শরীফে বর্ণিত আছে যে, হুযূর (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হযরত আবদুল্লাহ্ ইবনে মাসঊদকে লক্ষ্য করে বলেছেন, আমাকে কুরআন শোনাও। হযরত আবদুল্লাহ্ নিবেদন করলেন, আপনি কি আমার কাছ থেকে শুনতে চান, অথচ কুরআন আপনারই উপর অবতীর্ণ হয়েছে! হুযূর বললেন, হাঁ পড়। হযরত আবদুল্লাহ্ বলেন, অতঃপর আমি সূরা আন-নিসা পড়তে আরম্ভ করলাম। فَكَيْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍ بِشَهِيْدٍ পর্যন্ত পৌঁছার পর তিনি বললেন, এবার থাম। তারপর যখন আমি তাঁর দিকে চোখ তুলে তাকালাম, দেখলাম, তাঁর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে।
আল্লামা কস্তুলানী (রহঃ) লিখেছেন, এ আয়াত পাঠে, হুযূর (সাঃ)-এর সামনে আখেরাতের দৃশ্যাবলী উদ্ভাসিত হয়ে যায় এবং স্বীয় উম্মতের শৈথিল্যপরায়ণ ব্যক্তিদের কথা স্মরণ হয়। আর সে জন্যই তাঁর চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে।
জ্ঞাতব্যঃ কোন কোন মনীষী বলেছেন, هؤُلآءِ –এর দ্বারা রসূলে কারীম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সময়ে উপস্থিত কাফের-মুনাফেকদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আবার অনেকের মতে কেয়ামত পর্যন্ত আগত গোটা উম্মতের প্রতিই এতে ইঙ্গিত করা হয়েছে। কারণ, কোন কোন রেওয়ায়েত দ্বারা বোঝা যায় যে, হুযূরের উম্মতের যাবতীয় আমল হুযূরের সামনে উপস্থাপিত করা হতে থাকে।
যাহোক, এতে বোঝা গেল যে, বিগত উম্মতসমূহের নবী-রসূলগণ-