পৃষ্ঠা নং-২৫৫
পূত-পবিত্র বলে বর্ণনা করত। তারই প্রেক্ষিতে আল্লাহ্ তাআলা এ আয়াতে তাদের নিন্দা করে বলেছেন, তাদের দিকে একটু লক্ষ্য করে দেখ, যারা নিজেরাই নিজেদের পবিত্রতা বর্ণনা করে; তাদের ব্যাপারে বিস্মিত হওয়াই উচিত।
এতে প্রতীয়মান হয় যে, কারো পক্ষে নিজের কিংবা অন্য কারো পবিত্রতা বর্ণনা করা জায়েয নয়। এই নিষিদ্ধতার তিনটি কারণ রয়েছে-
(১) অধিকাংশ ক্ষেত্রে আত্মপ্রশংসার কারণ হয়ে থাকে কিবির তথা অহমিকা বা আত্মগর্ব। কাজেই মূলতঃ এই নিষিদ্ধতাও কিবিরেরই জন্য হয়ে থাকে।
(২) দ্বিতীয়তঃ শেষ পরিণতি সম্পর্কে শুধুমাত্র আল্লাহ্ তাআলাই অবগত যে, তা পবিত্রতা কিংবা পরহেযগারীর মধ্যেই হবে কিনা। কাজেই নিজে নিজেকে পবিত্র বলে আখ্যায়িত করা খোদাভীতির পরিপন্থী। এক রেওয়ায়েতে হযরত সালমা বিনতে যায়নাব (রাঃ) বলেছেন যে, হযরত রসূলে কারীম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তখন যেহেতু আমার নাম ছিল برة (বাররাহ্ অর্থাৎ, পাপমুক্ত), কাজেই আমি তাই বললাম। তাতে হুযূর (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন- لاتزكوا انفسكم الله أعلم البرمنكم অর্থাৎ, তোমরা নিজেরা নিজেকে পাপ-মুক্ত বলে বর্ণনা করো না। কারণ, একমাত্র আল্লাহ্ তাআলাই জানেন, তোমাদের মধ্যে কে পবিত্র। অতঃপর বাররাহ্ নামটি পাল্টিয়ে তিনি যায়নাব রেখে দিলেন।–(মাযহারী)
(৩) নিষিদ্ধতার তৃতীয় কারণটি হল এই যে, অধিকাংশ সময় এ ধরনের দাবী করতে গিয়ে মানুষের মনে এমন ধারণা সৃষ্টি হতে থাকে যে, সেলোক আল্লাহ্ তাআলার দরবারে এজন্য প্রিয় যে, সে যাবতীয় দোষ-ত্রুটি থেকে মুক্ত। অথচ কথাটি সর্বৈব মিথ্যা। কারণ, মানুষের মধ্যে অসংখ্য ত্রুটি-বিচ্যুতি বিদ্যমান থাকে।–(বয়ানুল-কোরআন)
মাসআলাঃ যদি উল্লেখিত কারণগুলো না থাকে, তাহলে নেয়ামতের প্রকাশকল্পে নিজের গুণ বর্ণনা করার অনুমতি রয়েছে।– (বয়ানুল-কোরআন)
‘জ্বিবত’ ও ‘তাগূত’-এর মর্মঃ উল্লেখিত একান্নতম আয়াতে ‘জ্বিবত’ ও ‘তাগূত’ শীর্ষক দু’টি বিষয়ের আলোচনা করা হয়েছে। শব্দ দু’টির মর্ম সম্পর্কে তাফসীরকার মনীষীবৃন্দের বিভিন্ন মতামত রয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আবিসিনীয় ভাষায় ‘জ্বিবত’ বলা হয় জাদুকরকে। আর ‘তাগূত’ বলা হয় গণক বা জ্যোতিষীকে।
হযরত ওমর (রাঃ) বলেন যে, ‘জ্বিবত’ অর্থ জাদু এবং ‘তাগূত’ অর্থ শয়তান। হযরত মালেক ইবনে আনাস (রাঃ) বলেন যে, আল্লাহ্ ব্যতীত যে সমস্ত জিনিসের উপাসনা করা হয়, সে সবই ‘তাগূত’ বলে অভিহিত হয়।
ইমাম কুরতুবী বলেন যে, মালেক ইবনে আনাস (রাঃ)-এর উক্তিটিই অধিক পছন্দনীয়। তার কারণ, কুরআন থেকেও এর সমর্থন পাওয়া যায়। ইরশাদ হয়েছেঃ اَنِ اعْبُدُوا اللهَ وَاجْتَنِبُوْا الطَّاغُوْتَ (আল্লাহ্র ইবাদত কর এবং ‘তাগূত’ থেকে বেঁচে থাক।) কিন্তু উল্লেখিত বিভিন্ন মতের মাঝে কোন বিরোধ নেই। কাজেই এর যে কোনটিই অর্থ করা যায়। প্রকৃতপক্ষে ‘জ্বিবত’ প্রতিমাকেই বোঝাত, পরে আল্লাহ্ ব্যতীত অন্যান্য পূজ্য বস্তুতে এর প্রয়োগ হতে আরম্ভ করে।–(রূহুল-মা’আনী)
আলোচ্য আয়াতের শানে নুযূলঃ হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত রয়েছে যে, ইহুদীদের সরদার হুইয়াই ইবনে আখতার ও কা’ব ইবনে আশরাফ ওহুদ যুদ্ধের পর নিজেদের একটি দলকে সঙ্গে নিয়ে কোরাইশদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশে মক্কায় এসে উপস্থিত হয়। ইহুদী সরদার কা’ব ইবনে আশরাফ আবু সুফিয়ানের কাছে এসে হুযূরে আকরাম (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বিরুদ্ধে তাদের সাথে সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। তখন মক্কাবাসীরা কা’ব ইবনে আশরাফকে বলল, তোমরা হলে একটি প্রতারক সম্প্রদায়। সত্য সত্যই যদি তোমরা তোমাদের এই প্রতিশ্রুতির ব্যাপারে সত্য হয়ে থাক, তবে আমাদের এ দু’টি মূর্তির (জ্বিবত ও তাগূতের) সামনে সেজদা কর।
সুতরাং সে কোরাইশদিগকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাই করল। তারপর কা’ব কোরাইশদিগকে বলল, তোমাদের মধ্য থেকে ত্রিশ জন এবং আমাদের মধ্য থেকে ত্রিশ জন লোক এগিয়ে আস, যাতে আমরা সবাই মিলে কা’বার প্রভুর সামনে দাঁড়িয়ে এ ওয়াদা করে নিতে পারি যে, আমরা মুহাম্মদ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বিরুদ্ধে যুদ্ধ করব।
কা’বের এ প্রস্তাব কোরাইশরাও পছন্দ করল এবং সেভাবে তারা মুসলমানদের বিরুদ্ধে একটি ঐক্যজোট গঠন করল। অতঃপর আবু সুফিয়ান কা’বকে বলল, তোমরা হলে শিক্ষিত লোক; তোমাদের নিকট আল্লাহ্র কিতাব রয়েছে, কিন্তু আমরা সম্পূর্ণ মূর্খ। সুতরাং তুমিই আমাদেরকে বল, প্রকৃতপক্ষে আমরা ন্যায়ের উপর রয়েছি, নাকি মুহাম্মদ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ন্যায়ের উপর রয়েছেন?
তখন কা’ব জিজ্ঞেস করল, তোমাদের দ্বীন কি? আবু সুফিয়ান উত্তরে বলল, আমরা হজ্বের জন্য নিজেদের উট জবাই করি এবং সেগুলোর দুধ খাওয়াই, মেহমানদিগকে দাওয়াত করি, নিজেদের আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক সুদৃঢ় রাখি এবং বায়তুল্লাহ্ (আল্লাহ্র ঘর)-এর তাওয়াফ করি, ওমরা আদায় করি। পক্ষান্তরে এর বিপরীতে মুহাম্মদ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর পৈত্রিক ধর্ম পরিহার করেছেন, নিজের আত্মীয়-স্বজন থেকে পৃথক হয়ে গেছেন এবং সর্বোপরি তিনি আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধে নিজের এক নতুন ধর্ম উপস্থাপন করেছেন। এসব কথা শোনার পর কা’ব ইবনে আশরাফ বলল, তোমরাই ন্যায়ের উপর রয়েছ। মুহাম্মদ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গোমরাহ হয়ে গেছেন।–(নাউযুবিল্লাহ্)
এরই প্রেক্ষিতে আল্লাহ্ তাআলা আলোচ্য আয়াতটি নাযিল করে ওদের মিথ্যা ও প্রতারণার নিন্দা করেন।–(রূহুল-মা’আনী)
রিপুর কামনা-বাসনা অনেক সময় মানুষকে দ্বীন ও ঈমান থেকে বঞ্চিত করে দেয়ঃ কা’ব ইবনে আশরাফ ছিল বিশিষ্ট ইহুদী পণ্ডিত। সে আল্লাহ্তে বিশ্বাস পোষণ করত এবং তাঁরই ইবাদত-বন্দেগী করত। কিন্তু তার মন-মস্তিষ্কে যখন রৈপিক কামনা-বাসনার পিশাচ চেপে বসল, তখন সে মুসলমানদের বিরুদ্ধে কোরাইশদের সাথে ঐক্যবদ্ধ হতে প্ররোচিত হয়। কোরাইশরা তার সাথে ঐক্যজোট করার জন্য শর্ত আরোপ করল যে, তাদেরকে আমাদের দেব-দেবীর সামনে সেজদা করতে হবে। সে তা মেনে নিল, যা আগেই বলা হয়েছে। সে নিজের ধর্মের বিরুদ্ধে কোরাইশদের শর্ত বাস্তবায়িত করলো বটে, কিন্তু স্বীয় ধর্ম-বিশ্বাসকে ঠিক রাখার জন্য তাদের থেকে পৃথক হয়ে যাওয়া পছন্দ করলো না। কুরআনে-কারীম অন্য-