আলি ইমরান ১৫৮-১৭৩

পৃষ্ঠা নং-২১৫

সেনাবাহিনীর মাঝে বন্টন করবে? কাজেই কেয়ামতের দিনই তুমি এগুলো নিয়ে উপস্থিত হইও।

          ‘গুলূল’ তথা গনীমতের মাল চুরি করার ব্যাপারটি অন্যান্য চুরি অপেক্ষা কঠিন পাপ এজন্যই যে, হাশরের ময়দানে যেখানে সমগ্র সৃষ্টি সমবেত হবে, সবার সামনে তাকে সেখানে এমনভাবে লাঞ্ছিত করা হবে যে, চুরি করা বস্তু-সামগ্রী তার কাঁধে চাপানো থাকবে। বুখারী ও মুসলিম শরীফে হযরত আবূ হুরায়রার (রদ্বিঃ) রিওয়ায়াতক্রমে উল্লেখ করা হয়েছে যে, রসূলে কারীম (সঃ) ইরশাদ করেছেনঃ দেখ, কেয়ামতের দিন কারো কাঁধে একটি উট চাপানো অবস্থায় থাকবে (এবং ঘোষণা করা হবে যে, এ লোক গনীমতের মালের উট চুরি করেছিল) এমন যেন না হয়। যদি সে লোক আমার শাফা‘আত কামনা করে, তবে আমি তাকে পরিস্কার ভাষায় জবাব দিয়ে দেব যে, আমি আল্লাহ্‌র যা কিছু নির্দেশ পেয়েছিলাম, তা সবই পৌঁছে দিয়েছিলাম, এখন আমি কিছুই করতে পারব না।

          আল্লাহ্‌ রক্ষা করুন। হাশর মাঠের এই লাঞ্ছনা এমনই কঠিন হবে যে, কোন কোন রিওয়ায়াতে বলা হয়েছে যে, যাদের সাথে এসব ঘটনা ঘটবে, তারা কামনা করবে যে, আমাদিগকে জাহান্নামে পাঠিয়ে দেয়া হোক, তবু যেন এহেন লাঞ্ছনা-গঞ্জনা থেকে বেঁচে যাই।

          ওয়াক্‌ফ ও সরকারী ভান্ডারে চুরি করা ‘গুলূলেরই পর্যায়ভুক্তঃ মসজিদ, মাদরাসা, খানকাহ এবং ওয়াক্‌ফের মালের অবস্থাও একই রকম, যাতে হাজার-হাজার মুসলমানের চাঁদা বা দান অন্তর্ভুক্ত। ক্ষমাও যদি করাতে হয়, তবে কার কাছ থেকে ক্ষমা করাবে? এমনিভাবে রাষ্ট্রের সরকারী কোষাগার (বায়তুল-মাল)-এর হুকুমও তাই। কারণ, এতে সমগ্র দেশবাসীর অধিকার অন্তর্ভুক্ত। যে লোক এতে চুরি করে, সে সবারই অধিকার চুরি করে থাকে। কিন্তু যেহেতু এ সমস্ত মালেরই কোন একক বা ব্যক্তি-মালিকানা থাকে না, বরং যারা রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত, তারা শৈথিল্য প্রদর্শন করে এবং চুরির সযোগ-সুবিধাও অধিক থাকে, কাজেই ইদানিংকালে সমগ্র বিশ্বে সবচাইতে বেশী চুরি ও খেয়ানত এ সমস্ত মালেই হচ্ছে। পক্ষান্তরে মানুষ এর কঠিন পরিণতি ও ভয়াবহ বিপদ সম্পর্কে একান্ত নিস্পৃহ। তারা যেন এতটুকুও বুঝতে পায় না যে, এতে জাহান্নাম ছাড়াও হাশরের ময়দানে রয়েছে চরম লাঞ্ছনা। তদুপরি হুযুর আকরাম (সঃ)-এর শাফা‘আত থেকে বঞ্চিত হওয়ার পূর্ণ সম্ভাবনা। —(না‘ঊযু বিল্লাহ!)

          মহানবী (সঃ)-এর আগমন সমগ্র মানবতার জন্য সর্ববৃহৎ অনুগ্রহঃ لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ আয়াতে বর্ণিত বিষয়বস্তুর প্রায় অনুরূপ বিষয়েরই একটি আয়াত সূরা বাক্বারায় উল্লেখ করা হয়েছে। তবে এ আয়াতে একটি শব্দ অতিরিক্ত ব্যবহার করা হয়েছে-

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ

          এ প্রসঙ্গে প্রথম লক্ষ্যণীয় বিষয় এই যে, কুরআন কারীমের বিশ্লেষণ অনুযায়ী মহানবী (সঃ) হচ্ছেন সমগ্র বিশ্বের জন্য সবচাইতে বড় নেয়ামত ও মহা অনুগ্রহ। কিন্তু এখানে এই আয়াতে শুধুমাত্র মু’মিনেদের জন্য নির্দিষ্ট করাটা কুরআনের অন্যান্য আয়াতের মাধ্যমে কুরআন সমগ্র বিশ্বের জন্য হিদায়াত হওয়ার বিষয়টি প্রমাণিত থাকা সত্ত্বেও هُدًى لِّلْمُتَّقِينَ বলারই অনুরূপ যে, কোন কোন ক্ষেত্রে তাকে মুত্তাকীনেদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। তার কারণ, উভয় ক্ষেত্রেই এক। তা হল এই যে, যদিও রসূলে মকবূল (সঃ)-এর অস্তিত্ব মু’মিন-কাফের নির্বিশেষে সমগ্র বিশ্বের মহা নেয়ামত এবং বিরাট অনুগ্রহ, তেমনিভাবে কুরআন কারীমও সমগ্র বিশ্ব-মানবতার জন্য হিদায়াত, কিন্তু যেহেতু এই হিদায়াত ও নেয়ামতের ফল শুধু মু’মিন-মুত্তাকীরাই উপভোগ করছে, সেহেতু কোন কোন স্থানে একে তাঁদেরই সাথে সম্পৃক্ত করে বর্ণনা করা হয়েছে।

          আরেকটি লক্ষ্যণীয় বিষয় হল রসূলে কারীম (সঃ)-কে মু’মিনদের জন্য কিংবা সমগ্র বিশ্বের জন্য মহা নেয়ামত ও বিরাট অনুগ্রহ হিসেবে বিশ্লেষণ করা।

          আধুনিককালের মানুষ যদি আধ্যাত্মিকতাবিমুখ এবং বস্তুবাদের দাসে পরিণত না হত, তবে এ বিষয়টি কোন ব্যাখ্যা-বিশ্লেষণের অপেক্ষা রাখত না; যে কোন বুদ্ধিমান মানুষই এই মহা অনুগ্রহের তাৎপর্য সম্পর্কে অবহিত হতে পারত। কিন্তু আধিুনিককালের মানুষ যেহেতু পৃথিবীর জীব-জন্তুসমূহের মধ্যে একটি অতি বিচক্ষণ জীব অপেক্ষা অধিক কিছু রয়নি, কাজেই তাদের দৃষ্টিতে অনুগ্রহ ও ইনআম বা পুরস্কার বলতেও সে সমস্ত বস্তু-সামগ্রীকেই মনে করা হয়, যাতে তাদের পেট ও জৈবিক কামনা-বাসনা চরিতার্থ করার উপকরণ মজুদ থাকে। তারা সেগুলোর অস্তিত্বের মূল তাৎপর্য বা তার প্রাণ ও ভাল-মন্দ সম্পর্কে সম্পূর্ণ গাফেল। সে কারণেই এই বিশ্লেষণের প্রয়োজন দেখা দিয়েছে। মানুষকে প্রথম একথা বাতলে দেয়া দরকার হয়ে পড়েছে যে, তাদের মূল সত্তা শুধু কয়েকটি হাড় গোড় ও চর্ম-মাংশের সমষ্টি নয়, বরং মানুষের প্রকৃত তাৎপর্য হল সে আত্মা, যা তার দেহের সাথে যুক্ত। যতক্ষণ এ আত্মা তার দেহে বর্তমান রয়েছে, ততক্ষণই সে মানুষ এবং ততক্ষণই তার মানবাধিকার প্রতিষ্ঠিত থাকে। সে যতই দুর্বল, সামর্থ্যহীন ও মুমূর্ষ হোক না কেন, দেহে আত্মা থাকা পর্যন্ত তার সম্পত্তি করায়ত্ত করে নেবার কিংবা তার অধিকার ছিনিয়ে নেবার ক্ষমতা কারোরই নেই। পক্ষান্তরে যখনই তার দেহ থেকে এই আত্মা পৃথক হয়ে যায়, তখন সে যত বড় বীর-পাহ্‌লোয়ানই হোক না কেন, তার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ যতই সুগঠিত ও সুসংহত থাক না কেন, সে আর মানুষ থাকে না—নিজের বিষয়-সম্পত্তিতেও আর তার কোন অধিকার অবশিষ্ট থাকে না।

          আম্বিয়া (আঃ) পৃথিবীতে আগমন করেছেন, মানবাত্মার যথার্থ প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করার জন্যে, যাতে তাদের দেহের দ্বারা সম্পাদিত প্রতিটি কাজ-কর্ম মানবতার পক্ষে কল্যাণকর প্রতিপন্ন হতে পারে। তারা যেন বিষাক্ত হিংস্র জীব-জানোয়ারের মত অন্যান্য মানুষকে কষ্ট দিয়ে না বেড়ায় এবং নিজের পরিণতি সম্পর্কে অবহিত হয়ে আখেরাতের অনন্ত জীবনের জন্য নিজেই যেন উপাদান সংগ্রহ করে নিতে পারে। আর মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার কাজেও মহানবী হযরত রসূলে মকবূর (সঃ)-এর মর্যাদা অন্যান্য নবী-রসূলগণ অপেক্ষা স্বতন্ত্র। তিনি তাঁর মক্কী জীবনে শুধু মানব সমাজের জন্যে ক্যাডার গঠনের কাজই সম্পাদন করেছেন এবং মানব সম্প্রদায়কে এমন এক সমাজ গঠন করে দিয়েছেন, যার মর্যাদা ফেরেশতাদরে চাইতেও ঊর্ধ্বে। সারা দুনিয়া এর পূর্বে আর কখনও এমন ধরনের মানুষ প্রত্যক্ষ করেনি। তাঁদের একেকজন রসূলে কারীম (সঃ)-এর প্রত্যক্ষ মু’জেযার ফসল প্রতীয়মান হয়েছেন। তাঁদের পরবর্তীদের জন্যও তিনি যে শিক্ষা এবং শিক্ষাদানপদ্ধতি রেখে গেছেন, তার পূর্ণ-বাস্তবায়ন করা হলে সহাবায়ে কেরামের অনুরূপ স্থান লাভ করা যেতে পারে। আর যেহেতু এই শিক্ষা সারা বিশ্বেরই জন্য, সেহেতু তার অস্তিত্ব সমগ্র বিশ্বমানবের জন্যই অনুগ্রহ স্বরূপ। অবশ্য এর দ্বারা প্রকৃত মু’মিনগণই পরিপূর্ণ উপকার লাভ করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ