পৃষ্ঠা নং-২১৭
তোমার নিকট আসছেন। তখন তিনি তেমনি আনন্দিত হন, যেমন পৃথিবীতে বহু দূরের কোন বন্ধুর সাথে সুদীর্ঘ সময়ের পর সাক্ষাৎ হলে যা হয়ে থাকে।
এ আয়াতের যে শানে নুযূল হযরত আবু দাঊদ (রহঃ) বিশুদ্ধ সনদের মাধ্যমে হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে রেওয়ায়াত করেছেন, তা হল এই- রসূলুল্লাহ (সাঃ) সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে বললেন যে, ওহুদের ঘটনায় যখন তোমাদের ভাইয়েরা শহীদ হন তখন আল্লাহ্ তাঁদের আত্মাগুলোকে সবুজ পাখীর পালকের ভেতরে স্থাপন করে মুক্ত করে দেন। তাঁরা জান্নাতের ঝর্ণা ও উদ্যানসমূহ থেকে নিজেদের রিযিক আহরণ করেন এবং অতঃপর তাঁরা সেই আলোক ধারায় ফিরে আসেন, যা তাঁর জন্য আল্লাহ্র আরশের নীচে টাঙ্গিয়ে দেয়া হয়েছে। যখন তাঁরা নিজেদের জন্য আনন্দ ও শান্তিময় এ জীবন প্রত্যক্ষ করলেন, তখন বললেন, আমাদের আত্মীয়-আপনজনরা পৃথিবীতে আমাদের মৃত্যুতে শোকার্ত; আমাদের অবস্থা সম্পর্কে কি কেউ তাঁদের জানিয়ে দিতে পারে, “যাতে তারা আমাদের জন্য দুঃখ না করে এবং তারাও যাতে জেহাদে (অংশগ্রহণের) চেষ্টা করে”। তখন আল্লাহ্ বললেন, ‘তোমাদের এ সংবাদ তাঁদেরকে পৌঁছে দিচ্ছি’। এরই প্রেক্ষিতে وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِم আয়াত অবতীর্ণ হয়। -(কুরতুবী)
এ যুদ্ধের ঘটনাটি এই, মক্কার কাফেররা যখন ওহুদের ময়দান থেকে ফিরে এল, তখন পথে এসে তাঁদের আফসোস হলো যে, আমরা বিজয় অর্জন করার পরিবর্তে অনর্থকই ফিরে এলাম। সবাই মিলে একটা কঠিন আক্রমণ চালিয়ে সমস্ত মুসলমানকে খতম করে দেয়াই উচিত ছিল। আর এই কল্পনা তাঁদের মনে এমনই প্রতিক্রিয়ার সৃষ্টি করল যে, পুনরায় মদীনায় ফিরে যেতে ইচ্ছা করতে লাগল। কিন্তু আল্লাহ্ তা’আলা তাদের মনে গভীর ভীতির সঞ্চার করে দিলেন। তাতে তারা সোজা মক্কার পথ ধরল। কিন্তু যেতে যেতে মদীনাযাত্রী কোন কোন পথিকের কাছে বলে দিয়ে গেল যে, তোমরা সেখানে গিয়ে কোন প্রকারে মুসলমানদের মনে আমাদের ভয় বিস্তার করবে যে, তারা আবার এদিকে ফিরে আসছে। এ ব্যাপারটি ওহীর মাধ্যমে হুজুর (সাঃ) জানতে পারলেন। কাজেই তিনি ‘হামরাউল-আসাদ’ পর্যন্ত তাদের পশ্চাদ্ধাবন করলেন। -(ইবনে জারীর, রুহুল-বায়ান)
আর সহীহ বুখারীতে উল্লেখ রয়েছে যে, রসূলুল্লাহ (সাঃ) ঘোষণা করলেন, কে আছে, যারা মুশরেকীনের পশ্চাদ্ধাবন করবে? তখন সত্তর জন সাহাবী প্রস্তুত হলেন যাদের মধ্যে এমন লোকও ছিলেন যারা গত কালকের যুদ্ধে কঠিনভাবে আহত হয়ে পড়েছিলেন এবং অন্যের সাহায্যে চলাফেরা করছিলেন। এরাই রসূলে মকবুল (সা;)-এর সাথে মুশরিকদের পশ্চাদ্ধাবনে রওয়ানা হলেন। যখন তাঁরা ‘হামরাউল-আসাদ’ নামক স্থানে গিয়ে পৌছলেন, তখন সেখানে নুআইম ইবনে মাসউদের সাথে সাক্ষাৎ হল। সে সংবাদ দিল যে, আবু সুফিয়ান নিজের সাথে আরও সৈন্য সংগ্রহ করে পুনরায় মদীনা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। আহত-দুর্বল সাহাবায়ে কেরাম এই ভীতিজনক সংবাদ শুনে সমস্বরে বলে উঠলেন, আমরা তা জানি না حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ অর্থাৎ, আল্লাহ্ আমাদের জন্যে যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী।
এদিকে মুসলমানদেরকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ সংবাদ দেয়া হলো, কিন্তু মুসলমানগণ তাতে কোনরূপ প্রভাবান্বিত হলেন না; অপরদিকে বানী খোযাআহ গোত্রের মা’বাদ ইবনে খোযাআহ নামক এক ব্যক্তি মদীনা থেকে মক্কার দিকে যাচ্ছিল। যদিও সে লোকটি মুসলমান ছিল না কিন্তু মুসলমানদের হিতার্থী ছিল এবং তার গোত্র ছিল রসূলুল্লাহ (সাঃ)-এর সাথে বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ। কাজেই রাস্তায় মদীনা প্রত্যাগত আবু সুফিয়ানকে যখন দেখতে পেল যে, সে নিজেদের প্রত্যাগমনের জন্য অপেক্ষা করছে এবং পুনরায় মদীনা আক্রমণের চিন্তা-ভাবনা করছে। তখন সে আবু সুফিয়ানকে বলল, তোমরা ধোঁকায় পড়ে আছ যে, মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে। আমি তাদের বিরাট বাহিনীকে হামরাউল আসাদে দেখে এসেছি, যারা কিনা পরিপূর্ণ সাজ-সরঞ্জামে সজ্জিত হয়ে তোমাদের পশ্চাদ্ধাবন উদ্দেশ্যে বেড়িয়েছে। এ সংবাদ আবূ সুফিয়ানের মনে ভীতির সঞ্চার করে দিল।
আলোচ্য আয়াতগুলোকে এ ঘটনারই বর্ণনা দেয়া হয়েছে।
এখানে এ বিষয়টি বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, আল্লাহ্র উপর রসূলে কারীম (সাঃ) এবং তাঁর সাহাবীদের চাইতে অধিক তাওউয়াক্কুল তো দুনিয়ার অন্য কারো মধ্যে থাকতেই পারে না, কিন্তু তাঁদের তাওয়াককুল বা নির্ভরশীলতা এমন ছিল না যে, বাহ্যিক প্রয়োজনীয় ব্যবস্থাদি পরিহার করে বসে থাকতেন এবং বলতেন যে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট; তিনি বসিয়ে বসিয়েই আমাদিগকে বিজয় দান করবেন। কিন্তু তা নয়। বরং তিনি সাহাবায়ে কেরামকে সমবেত করলেন, আহত মানুষের মনে নতুন প্রাণ সঞ্চারিত করলেন, জেহাদের জন্য তাদেরকে তৈরী করলেন এবং রওয়ানা হয়ে গেলেন। বস্তুতঃ নিজের আয়ত্বে যত রকম ব্যবস্থা ছিল সে সবই তিনি করলেন এবং তারপরে বললেন, ‘আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। এটাই হল সেই সঠিক ও যথার্থ তাওয়াককুল বা নির্ভরশীলতা, যার শিক্ষা কুরআনে দেওয়া হয়েছে। আর রসূলে কারীম (সাঃ)-ও এরই উপর আমল করেছেন এবং করিয়েছেন। তাছাড়া বাহ্যিক ও পার্থিব উপকরণসমূহও আল্লাহ্ তাআলারই অনুগ্রহের দান। এগুলোকে বর্জন করা তাঁর অকৃতজ্ঞতারই নামান্তর। তদুপরি স্বাভাবিক উপকরণাদি বর্জন করে তাওয়াককুল করা রসূলে কারীম (সাঃ)-এর সুন্নত নয়।
রসূলে কারীম (সাঃ) স্বয়ং কোন এক ঘটনার প্রেক্ষিতে حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ এ আয়াত সম্পর্কেই পরিষ্কার ভাষায় এরশাদ করেছেন-
হযরত আউফ ইবনে মালেক বলেছেন, রসূলুল্লাহ (সাঃ) এর নিকট দু’ব্যক্তির মোকদ্দমা উপস্থিত হলে তিনি তাদের মধ্যে মীমাংসা করে দিলেন। এই মীমাংসাটি যে লোকের বিরুদ্ধে গেল তিনি গভীর মনোযোগের সাথে তা শোনলেন এবং এ কথা বলতে বলতে চলে যেতে লাগলেন حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ হুযুর (সাঃ) বললেন, তাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আস। তারপর বললেন- “আল্লাহ্ হাত-পা ভেঙ্গে বসে থাকা পছন্দ করেন না। বরং তোমাদের উচিত সমস্ত ব্যবস্থা অবলম্বন করার পর নরম হয়ে যাওয়া এবং ‘আল্লাহ্র আমাদের জন্যে যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কারক’ বলে ঘোষণা করা”।