আলি ইমরান ১৫৮-১৭৩

পৃষ্টা নং- ২১৮

তৃতীয় আয়াতে সে সমস্ত সাহাবায়ে কেরামের জেহাদের জন্য রওয়ানা হওয়া এবং ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল’ বলার উপকারিতা, ফলশ্রুতি ও বরকত বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে- “এরা আল্লাহ্‌র দান ও অনুগ্রহ নিয়ে ফিরে এল। তাতে তাদের কোন রকম অসন্তোষ হলো না আর তারা হল আল্লাহ্‌র ইচ্ছার অনুগত”।

          আল্লাহ্‌ তাআলা তাঁদেরকে তিনটি নেয়ামত দান করেছেন। প্রথম নেয়ামত হল এই যে, কাফেরদের মনে তাঁদের ভীতির সঞ্চার করে দিলেন, এতে তারা পালিয়ে গেল। ফলে তারা যুদ্ধ-বিগ্রহ থেকে নিরাপদ রইলেন। এ নেয়ামতকে আল্লাহ্‌ তাআলা ‘নেয়ামত’ শব্দেই উল্লেক্ষ করলেন। দ্বিতীয় নেয়ামত এই যে, হামরাউল আসাদের বাজারে তাঁদের ব্যবসা-বাণিজ্যের যে সুযোগ হয়েছিল এবং তাতে তাঁরা যে লাভবান হয়েছিলেন, তাকেই বলা হয়েছে ‘ফযল’।

          তৃতীয় নেয়ামতটি হলো আল্লাহ্‌র রেযামন্দী বা সন্তুষ্টি লাভ যা সমস্ত নেয়ামতের উর্ধ্বে এবং যা এই জেহাদে তাঁদেরকে বিশেষ ভঙ্গিতে দেওয়া হয়েছে।

          কুরআনে কারীম حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ আয়াতে যেসব লাভ ও উপকারিতের কথা বর্ণনা করেছে, তা শুধুমাত্র সাহাবায়ে কেরামের জন্য নির্দিষ্ট ছিল না বরং যে কেউ পূর্ণ ঈমানী উদ্দীপনা সহকারে এর জপ করবে, সেই এ সমস্ত বরকত লাভে সমর্থ হবে।

          ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল’ পাঠের উপকারিতা বর্ণনা প্রসঙ্গে ওলামা ও মাশায়েখগণ লিখেছেন যে, এ আয়াতটি পূর্ণ ঈমানী উদ্দীপনা ও স্থির বিশ্বাসের সাথে এক হাজার বার পাঠ করে কোন দোয়া করা হলে আল্লাহ্‌ তা প্রত্যাখ্যান করেন না। দুশ্চিন্তা ও বিপদাপদের সময় ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল’ পাঠ করা পরীক্ষিত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ