পৃষ্ঠা নং- ১৮৮
গৃহকে যে অবস্থায় রেখে গেছেন, সে অবস্থায় রাখাই আমাদের কর্তব্য। এ অজুহাতে কা’বা গৃহকে আবার ভেঙ্গে জাহেলিয়াত আমলের কোরাইশরা যেভাবে নির্মাণ করেছিল, সেভাবেই নির্মাণ করা হলো। হাজ্জাজ ইবনে ইউসুফের পর কোন কোন বাদশাহ্ উল্লেখিত হাদীস দৃষ্টে কা’বা গৃহকে ভেঙ্গে হাদীস অনুযায়ী নির্মাণ করার ইচ্ছা করেছিলেন। কিন্তু তৎকালীন ইমাম হযরত মালেক ইবনে আনাস (রাঃ) ফতোয়া দেন যে, এভাবে কা’বা গৃহের ভাঙ্গাগড়া অব্যাহত থাকলে পরবর্তী বাদশাহ্দের জন্যে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হয়ে যাবে এবং কা’বা গৃহ তাদের হাতে একটি খেলনায় পরিণত হবে। কাজেই বর্তমানে যে অবস্থায় রয়েছে, সে অবস্থায় থাকতে দেয়া উচিত। সমগ্র মুসলিম সমাজ তাঁর এ ফতোয়া গ্রহণ করে নেয়। ফলে আজ পর্যন্ত হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণই অবশিষ্ট রয়েছে। তবে মেরামতের প্রয়োজনে ছোটখাট কাজ সব সময়ই অব্যাহত থাকে।
এসব রেওয়ায়াত থেকে জানা যায় যে, খানায়ে কা’বা জগতের সর্বপ্রথম গৃহ এবং কমপক্ষে সর্বপ্রথম উপাসনালয়। কুরআনে যেখানে আল্লাহর আদেশে হযরত ইবরাহীম ও ইসমাঈল কর্তৃক কা’বা গৃহ নির্মিত হওয়ার কথা বলা হয়েছে, সেখানে একথাও বর্ণিত রয়েছে যে, তাঁরা কা’বা গৃহের প্রাথমিক ভিত নির্মাণ করেননি, বরং সাবেক ভিত্তির উপরই নির্মাণ করেন। আয়াত وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ থেকেও বোঝা যায় যে, কা’বা গৃহের ভিত্তি পূর্ব থেকেই বিদ্যমান ছিল। সূরা ‘হাজ্বের এক আয়াতে বলা হয়েছেঃ
وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ অর্থাৎ যখন আমি ইবরাহীমের জন্যে এ গৃহের স্থান ঠিক করে দিলাম। এতেও বোঝা যায় যে, কা’বা গৃহের স্থান পূর্ব থেকে নির্ধারিত ছিল।
কোন কোন রেওয়ায়াতে আছে, হযরত ইবরাহীম (আঃ)-কে কা’বা গৃহ নির্মাণের আদেশ দেয়া হলে ফেরেশতার মাধ্যমে বালুর স্তুপের নীচে লুকায়িত সাবেক ভিত্তি চিহ্নিত করে দেয়া হয়।
মোটকথা, আলোচ্য আয়াত দ্বারা কা’বা গৃহের একটি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো যে, এ হচ্ছে জগতের সর্ব প্রথম গৃহ অথবা সর্বপ্রথম উপাসনালয়। বুখারী ও মুসলিমের হাদীসে আছে, হযরত আবু যর (রাঃ) হুযুর (সাঃ)-কে একবার জিজ্ঞেস করেন যে, জগতের সর্বপ্রথম মসজিদ কোনটি? উত্তর হলোঃ মসজিদে হারাম। আবার প্রশ্ন করা হলোঃ এরপর কোনটি? উত্তর হলো মসজিদে বাইতুল-মুকাদ্দাস। আবার জিজ্ঞেস করলেনঃ এই দু’টি মসজিদ নির্মাণের মাঝখানে কতদিনের ব্যবধান ছিল? উত্তর হলোঃ চল্লিশ বৎসর।
এ হাদীসে হযরত ইবরাহীম (আঃ)-এর হাতে কা’বা গৃহের পুনঃনির্মাণের দিক দিয়ে বাইতুল-মুকাদ্দাস নির্মাণের ব্যবধান বর্ণনা করা হয়েছে। কেননা বিভিন্ন হাদীস থেকে প্রামাণিত রয়েছে যে, বাইতুল মুকাদ্দাসের প্রথম নির্মাণও হযরত ইবরাহীমের হাতে কা’বা গৃহ নির্মাণের চল্লিশ বৎসর পর সম্পন্ন হয়। এরপর হযরত সুলায়মান (আঃ) বাইতুল-মুকাদ্দাসের পুনঃনির্মাণ করেন। এভাবে বিভিন্ন হাদীসের পরষ্পর বিরোধিতা দূর হয়ে যায়।
আদিকাল থেকেই কা’বা গৃহের প্রতি সম্মান প্রদর্শন অব্যাহত রয়েছে। আয়াতে وُضِعَ لِلنَّاسِ শব্দের মাধ্যমে ইঙ্গিত রয়েছে যে, জাতিধর্ম নির্বিশেষে সমগ্র মানবগোষ্ঠী এর প্রতি সম্মান প্রদর্শন করবে। আল্লাহ্ তাআলা এর প্রকৃতিতে এমন মহাত্ম্য নিহিত রেখেছেন যে, মানুষের অন্তর আপনা-আপনিই এর দিকে আকৃষ্ট হয়। আয়াতে উল্লেখিত ‘বাক্কা’ শব্দের অর্থ মক্কা। এখানে ‘মীম’ অক্ষরকে ‘বা’ অক্ষর দ্বারা পরিবর্তন করা হয়েছে। আরবী ভাষায় এর ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। অথবা উচ্চারণ ভেদে অপর নাম ‘বাক্কা’।
কা’বা গৃহের বরকতঃ আয়াতে দ্বিতীয় শ্রেষ্ঠত্বের বর্ণনা প্রসঙ্গে কা’বা গৃহকে ‘মোবারক’ (বরকতময়) বলা হয়েছে। ‘মোবারক’ শব্দটি বরকত থেকে উদ্ভুত। বরকত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। কোন বস্তু দু’ভাবে বৃদ্ধি পেতে পারে। (এক) প্রকাশ্যতঃ বস্তুর পরিমাণ বেড়ে যাওয়া। (দুই) তদ্বারা এত বেশী কাজ হওয়া, যা তদপেক্ষা বেশী বস্তু দ্বারা সাধারণতঃ সম্ভব হয় না। একেও অর্থগত দিক দিয়ে ‘বৃদ্ধি পাওয়া’ বলা যেতে পারে।
কা’বা গৃহের বরকতময় হওয়া বাহ্যিক এবং অর্থগত উভয় দিক দিয়েই রয়েছে। বাহ্যিক বরকত এই যে, মক্কা ও তৎপার্শ্ববর্তী এলাকা শুষ্ক বালুময় অনুর্বর মরুভূমি হওয়া সত্ত্বেও এতে সব সময়, সব ঋতুতে, সব রকম ফল-মূল, তরি-তরকারী ও প্রয়োজনীয় জিনিসপত্র এত বিপুল পরিমাণে মজুদ থাকে, যা শুধু মক্কাবাসীর জন্যেই নয়- বহিরাগতদের জন্যেও যথেষ্ট। বহিরাগতদের অবস্থা সবাই জানে। বিশেষতঃ হজ্বের মওসুমে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে সমবেত হয়। তাদের সংখ্যা মক্কার অধিবাসী সংখ্যা অপেক্ষা অনেক গুণ বেশী হয়ে থাকে। এ বিরাট জনসমাবেশ সেখানে দু’চার দিন নয়- কয়েক মাস অবস্থান করে। হজ্বের মওসুম ছাড়াও এমন কোন দিন যায় না, যখন সেখানে হাজার হাজার বহিরাগত মানুষের ভীড় না থাকে। বিশেষতঃ হজ্বের মওসুমে যখন সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়, তখনও এমন কথা শোনা যায়নি যে, বাজারে জরুরী পণ্য সামগ্রীর অভাব দেখা দিয়েছে। মক্কায় পৌঁছে কোন কোন হাজী শত শত ভেড়া-দুম্বাও কোরবানী করেন। গড়ে জনপ্রতি একটি কোরবানী তো অবশ্যই হয়। এ লক্ষ লক্ষ ভেড়া-দুম্বা সেখানে সব সময়ই পাওয়া যায়। এগুলো বড় একটা বাইরে থেকে আমদানী করার ব্যবস্থা করেত হয় না।
এ হচ্ছে বাহ্যিক বরকতের অবস্থা- যা উদ্দিষ্ট নয়। অর্থগত ও আধ্যাত্মিক বরকত যে কি পরিমাণ, তা নির্ণয় করা সম্ভব নয়। কতিপয় প্রধান ইবাদত, বিশেষ করে কা’বা গৃহেই করা যায়। এসব ইবাদতে যে বিরাট সাওয়াব ও কল্যাণ রয়েছে, তা কা’বা গৃহের কারণেই হয়ে থাকে। উদাহরণতঃ হজ্ব ও ওমরা। আরও কিছু ইবাদত আছে, যা মসজিদে-হারামে করলে সাওয়াব বহুগুণে বেড়ে যায়। রসূলুল্লাহ্ (সাঃ) বলেন, বাস গৃহে নামায পড়লে এক নামাযের সওয়াব পাওয়া যায়। কিন্তু মহল্লার মসজিদে পড়লে পঁচিশ নামাযের, জামে মসজিদে পড়লে পাঁচশ নামাযের, মসজিদে আকসায় পড়লে এক হাজার নামাযের, আমার মসজিদে পড়লে পঞ্চাশ হাজার নামাযের এবং মসজিদে-হারামে পড়লে এক লক্ষ নামাযের সওয়াব পাওয়া যায়।– (ইবনে মাজাহ্, তাহাভী)
হজ্বের ফযীলত সম্পর্কিত হাদীসে বলা হয়েছে, বিশুদ্ধভাবে হজ্বব্রত পালনকারী মুসলমান বিগত গোনাহ্ থেকে এমনভাবে মুক্ত ও পবিত্র হয়ে-