আলি ইমরান ৯২-১০৮

পৃষ্ঠা নং-১৯৪

অন্তর্ভুক্ত। এ স্থলে ‘ওয়াজিবাত’ (জরুরী করণীয় কাজ) ও ‘মাআসী’ (গোনাহে্‌র কাজ)-এর পরিবর্তে ‘মা’রূফ’ ও ‘মুনকার’ বলার রহস্য সম্ভবতঃ এই যে, নিষেধ ও বাধাদানের নির্দেশটি শুধু সবার কাছে পরিচিত ও সর্বসম্মত মাসআলা-মাসায়েলের ব্যাপারেই প্রযোজ্য হবে। ইজতেহাদী মাসআলায় শরীয়তের নীতি অনুসারেই বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে। এসব মাসআলায় নিষেধ ও বাধাদান সঙ্গত নয়। পরিতাপের বিষয়, এহেন বিজ্ঞজনোচিত শিক্ষার প্রতি ইদানিং উদাসীনতা প্রদর্শন করা হচ্ছে। আজকাল ইজতেহাদী মাসআলাকে বিতর্কের ক্ষেত্র হিসেবে গণ্য করে মুসলমানদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ সৃষ্টি করা হয় এবং একেই সর্ববৃহৎ পূণ্যের কাজ বলে সাব্যস্ত করা হয়। অথচ এর বিপরীতে সর্বসম্মত গোনাহে্‌র কাজে বাধা দানের প্রতি তেমন মনোনিবেশ করা হয় না। আয়াতের শেষাংশে এ আহবানকারী দলের প্রশংসনীয় পরিণামের কথা উল্লেখ করা হয়েছেঃ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ অর্থাৎ প্রকৃতপক্ষে তারাই হলো সফলকাম। ইহকাল ও পরকালের মঙ্গল ও সৌভাগ্য তাদেরই প্রাপ্য।

আয়াতে বর্ণিত সম্প্রদায়ের সর্বপ্রথম প্রতীক ছিলেন সাহাবায়ে-কেরামের দল। তাঁরা কল্যাণের প্রতি আহবান এবং সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ এর মহান লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে অল্পদিনের মধ্যে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। রোম ও পারস্যের বিশাল সাম্রাজ্য পদানত করেন। বিশ্বকে নৈতিকতা ও পবিত্রতার শিক্ষা দেন এবং পূণ্য ও খোদাভীতির প্রদীপ জ্বালিয়ে দেন।

কল্যাণের প্রতি আহবানকারী সম্প্রদায়ের প্রয়োজনীয়তা ও তাদের গুণাবলী বর্ণনা করার পর আল্লাহ্ তাআলা আলোচ্য দ্বিতীয় আয়াতে মুসলমানদের পারস্পরিক মতভেদ ও বিচ্ছিন্নতা থেকে বেঁচে থাকার নির্দেশ দিচ্ছেনঃ

وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ

অর্থাৎ- তাদের মত হয়ো না, যারা প্রকৃষ্ট প্রমাণাদি আসার পর পরস্পর মতবিরোধ করেছে।

উদ্দেশ্য এই যে, ইহুদী ও খ্রীষ্টানদের মত হয়ো না। তারা আল্লাহ্ তাআলার পরিষ্কার নির্দেশ পাওয়ার পর শুধু কুসংস্কার ও কামনা-বাসনার অনুসরণ করে ধর্মের মূলনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পারস্পরিক দ্বন্দ-কলহের  মাধ্যমে আযাবে পতিত হয়েছে। এ আয়াতটি প্রকৃতপক্ষে وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا আয়াতের পরিশিষ্ট। প্রথম আয়াতে ঐক্যের কেন্দ্রবিন্দু আল্লাহ্‌র রজ্জুকে শক্ত হাতে ধারণ করার প্রতি আহবান করা হয়েছে এবং ইঙ্গিতে বলা হয়েছে যে, ঐক্যবদ্ধতা সমগ্র জাতিকে একক সত্তায় পরিণত করে দেয়। এরপর কল্যাণের  প্রতি আহবান এবং ‘সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ’ দ্বারা এ ঐক্যবদ্ধতাকে শক্তিশালী করা হয়েছে। এরপর وَلَا تَفَرَّقُوا এবং وَلَا تَكُونُوا كَالَّذِينَ আয়াতে নির্দেশ দেয়া হয়েছে যে, বিচ্ছিন্নতা ও মতবিরোধের কারণে পর্ববর্তী জাতিসমূহ ধ্বংস হয়ে গেছে। তোমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ কর এবং নিজেদের মধ্যে এ ব্যাধি অনুপ্রবেশ করতে দিও না।

আয়াতে যে বিচ্ছিন্নতা ও মতবিরোধের নিন্দা করা হয়েছে, তা সে সমস্ত মতবিরোধ যা দ্বীনের মূলনীতিতে করা হয় অথবা স্বার্থপরতার বশবর্তী হয়ে শাখা-প্রশাখায় করা হয়। আয়াতে ‘উজ্জ্বল নির্দেশাবলী আসার পর’ বাক্যটি এর পক্ষেই সাক্ষ্য দেয়। কেননা, দ্বীনের মূলনীতি উজ্জ্বল ও স্পষ্ট হয়ে থাকে। কিছু শাখা প্রশাখাও এমন সুস্পষ্ট হয়ে থাকে, যাতে স্বার্থপরতা না থাকলে মতবিরোধের অবকাশ নাই। কিন্তু যেসব শাখা-প্রশাখা অস্পষ্ট, সে সম্পর্কে কোন আয়াত ও হাদীস না থাকার কারণে অথবা আয়াতে ও হাদীসে বাহ্যিক বৈপরীত্য থাকার কারণে যদি ইজততিহাদে মতবিরোধ দেখা দেয়, তবে তা আয়াতে উল্লেখিত নিন্দার আওতায় পড়বে না। বুখারী ও মুসলিমে বর্ণিত একটি সহীহ্ হাদীসে এ ধরনের মতবিরোধের সমর্থন এবং অনুমতি পাওয়া যায়। হাদীসটি এইঃ যদি কেউ ইজতেহাদ করে এবং সঠিক নির্দেশ প্রকাশ করে, তবে সে দ্বিগুণ সওয়াব পাবে। আর যদি ইজতেহাদে ভুল করে তবুও একটি সওয়াব পাবে।

এতে বুঝা যায় যে, ইজতেহাদ সম্পর্কিত মতবিরোধ ভুল হলেও যখন এক সাওয়াব পাওয়া যায়, তখন তা নিন্দনীয় হতে পারে না। সুতরাং সাহাবায়ে-কেরাম ও মুজতাহিদ ইমামগণের মধ্যে যেসব ইজতেহাদী মতবিরোধ হয়েছে, সে সবগুলোই কোনো না কোনো পর্যায়ে আলোচ্য আয়াতের সাথে সম্পর্কহীন। হযরত কাসেম ইবনে মুহাম্মদ ও হযরত ওমর ইবনে আবদুল আযীয বলেনঃ সাহাবায়ে-কেরামের মতবিরোধ মুসলমানদের জন্যে রহমত ও মুক্তির কারণ স্বরূপ।–(রুহুল-মা’আনী)

ইজতেহাদী মতবিরোধে কোন পক্ষের নিন্দাবাদ জায়েয নয়ঃ এখান থেকে একটি গুরুত্বপূর্ণ নীতি ফুটে উঠেছে। তা এই যে, শরীয়ত সম্মত ইজতেহাদী মতবিরোধে যে ইমাম যে পক্ষ অবলম্বন করেন, তন্মধ্যে আল্লাহ্ তাআলার কাছে এক পক্ষ ভুল ও অপরপক্ষ সঠিক হলেও তা মীমাংসা করার অধিকার একমাত্র আল্লাহ্ তাআলার। তিনি হাশরের ময়দানে সঠিক ইজতেহাদকারী আলেমকে দ্বিগুণ সওয়াব দান করবেন এবং যার ইজতেহাদ ভ্রান্ত প্রতিপন্ন হবে, তাকে একটি সওয়াব দান করবেন। ইজতেহাদী মতবিরোধের কারণে একথা বলার অধিকার নাই যে, নিশ্চিতরূপে এ পক্ষ সঠিক এবং ও পক্ষ ভ্রান্ত। অবশ্য কোন ব্যক্তি যদি স্বীয় জ্ঞানবুদ্ধির আলোতে এক পক্ষকে কুরআন ও সুন্নাহর অধিক নিকটবর্তী মনে করে, তবে সে এরূপ বলতে পারে যে, আমার মতে এ পক্ষটি সঠিক; কিন্তু ভ্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং এ পক্ষটি ভ্রান্ত; কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনাও আছে। এ নীতিকথাটি ইমাম ও ফেকাহবিদগণের কাছে স্বীকৃত। এতে আরও বুঝা যায় যে, ইজতেহাদী মতবিরোধে কোন পক্ষ এরূপ অসৎ হয় না যে, ‘সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ’-এর নীতি অনুযায়ী তাকে নিন্দা করা যেতে পারে। সুতরাং যা অসৎ নয়, তাকে নিন্দা করা থেকে বিরত থাকা অত্যাবশ্যক। আজকাল অনেক আলেমকেও এ ব্যাপারে গাফেল দেখা যায়। তাঁরা বিরুদ্ধ মতবাদ পোষণকারীদের গালি-গালাজ করতেও কুন্ঠিত হন না। এর ফলে মুসলমানদের মধ্যে যত্রতত্র দ্বন্দ্ব-কলহ, বিচ্ছিন্নতা ও মতানৈক্য দৃষ্টিগোচর হচ্ছে।

ইজতেহাদের নীতিমালা যথাযথভাবে পালন করার পরও যদি ইজতেহাদী মতবিরোধ দেখা দেয়, তবে তা আলোচ্য وَلَا تَفَرَّقُوا আয়াতের পরিপন্থী ও নিন্দনীয় নয়। কিন্তু আজকাল মুসলমানদের মধ্যে কি হচ্ছে! আজকাল এতদসম্পর্কিত আলোচনা ও তর্ক-বিতর্ককেই দ্বীনের ভিত্তি মনে করা হচ্ছে এবং এ নিয়ে পারস্পরিক গালি-গালাজ, লড়াই-ঝগড়া, –

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ