আল-বাকারা ১৩৫-১৪৬

পৃষ্ঠা নং-৭০

(‘আলাইহিচ্ছালাম) যখন মিশর থেকে বনী-ইসরাঈলকে নিয়ে বের হলেন, তখন তাঁর সাথে ইয়া’কূব (‘আলাইহিচ্ছালাম)-এর সন্তানদের মধ্য থেকে প্রত্যেক ভাইয়ের সন্তান হাজার হাজার সদস্যের সমন্বয়ে একটি গোত্র ছিল। তাঁর বংশে আল্লাহ্ তা‘আলা আরও একটি বরকত দান করেছেন এই যে, দশজন নবী ছাড়া সব নবী ও রসুল ইয়া’কূব (‘আলাইহিচ্ছালাম)-এর বংশধরের মধ্যেই পয়দা/সৃষ্টি হয়েছেন। বনী-ইসরাঈল ছাড়া অবশিষ্ট পয়গম্বরগণ হলেন, আদম (‘আলিইহিচ্ছালাম)-এর পর হযরত নূ‘হ, শু‘আইব, হূদ, স্বালে‘হ, লূত্ব, ইব্‌রাহীম, ইস‘হাক্ব, ইয়া’কূব, ইসমা‘ঈল ও মু‘হাম্মাদ মুস্তফা সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম।

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَاۤ  اٰمَنْتُمْ  بِهٖ  (যদি তারা তদ্রুপ ঈমান আনে, যেরূপ তোমরা ঈমান এনেছ)- সূরা বাক্বরার প্রথম থেকে এ পর্যন্ত ঈমানের স্বরূপ কোথাও সংক্ষেপে এবং কোথাও বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এ আয়াতের বর্ণনা সংক্ষিপ্ত হলেও তাতে বিশদ বিবরণ ও ব্যাখ্যার প্রতি ইঙ্গিত নিহিত রয়েছে। কেননা, ‘তোমরা ঈমান এনেছ’ বাক্যে রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়অসাল্লাম) ও সা‘হাবায়ে-কেরামকে সম্বোধন করা হয়েছে। আয়াতে তাঁদের ঈমানকে আদর্শ ঈমানের মাপকাঠি সাব্যস্ত করে নির্দেশ দেয়া হয়েছে যে, আল্লাহ্‌র কাছে গ্রহণযোগ্য ও স্বীকৃত ঈমান হচ্ছে সে রকম ঈমান, যা রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সা‘হাবায়ে কেরাম অবলম্বন করেছেন। যে ঈমান ও বিশ্বাস এ থেকে চুল পরিমাণও ভিন্ন, তা আল্লাহ্‌র কাছে গ্রহণযোগ্য নয়।

এর ব্যাখ্যা এই যে, যে সব বিষয়ের উপর তাঁরা ঈমান এনেছেন, তাতে হ্রাস-বৃদ্ধি হতে পারবে না। তাঁরা যেরূপ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ঈমান এনেছেন, তাতেও প্রভেদ থাকতে পারবে না। নিষ্ঠায় পার্থক্য হলে তা ‘নিফাক্ব’ তথা কপট বিশ্বাসে পর্যবসিত হবে। আল্লাহ্‌র সত্তা, গুণাবলী, ফেরেশতা, নবী-রসুল, আল্লাহ্‌র কিতাব ও এ সবের শিক্ষা সম্বন্ধে যে ঈমান ও বিশ্বাস রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) অবলম্বন করেছেন, একমাত্র তাই আল্লাহ্‌র কাছে গ্রহণযোগ্য। এ সবের বিপরীত ব্যাখ্যা করা অথবা ভিন্ন অর্থ নেয়া আল্লাহ্‌র কাছে গ্রহণযোগ্য নয়। রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর উক্তি ও কর্মের মাধ্যমে ফেরেশতা ও নবী-রসুলগণের যে মর্তবা, মর্যাদা ও স্থান নির্ধারিত হয়েছে, তা হ্রাস করা অথবা বাড়িয়ে দেওয়াও ঈমানের পরিপন্থী।

এ ব্যাখ্যার ফলে কতিপয় ভ্রান্ত সম্প্রদায়ের ঈমানের ত্রুটি সুস্পষ্ট হয়ে উঠেছে। তারা ঈমানের দাবীদার, কিন্তু ঈমানের স্বরূপ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। ঈমানের মৌখিক দাবী মূর্তিপূজক, মুশরিক, ইহুদী, খ্রীষ্টানরাও করত এবং প্রতিটি যুগে ধর্মভ্রষ্ট বিপথগামীরাও করেছে। যেহেতু আল্লাহ্, রসূল, ফেরেশতা, ক্বিয়ামত-দিবস ইত্যাদির প্রতি তাদের ঈমান তেমন নয়, যেমন রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এ কারণে আল্লাহ্‌র কাছে তা ধিকৃত ও গ্রহণের অযোগ্য সাব্যস্ত হয়ে যায়।

ইহুদী ও খ্রীষ্টানদের কোন কোন দল পয়গম্বরদের অবাধ্যতা করেছে। এমনকি কোন কোন পয়গম্বরকে হত্যাও করেছে। পক্ষান্তরে কোন কোন দল পয়গম্বরদের সম্মান ও মহত্ব বৃদ্ধি করতে গিয়ে তাঁদেরকে ‘খোদা’ অথবা ‘খোদার পুত্র’ অথবা খোদার সমপর্যায়ে নিয়ে স্থাপন করেছে। এ উভয় প্রকার ত্রুটি ও বাড়াবাড়িকেই পথভ্রষ্টতা বলে অভিহিত করা হয়েছে। بِمِثْلِ مَاۤ  اٰمَنْتُمْ   আয়াতে।

ইসলামী শরী‘আতে রসুলের মহত্ব ও ভালবাসা ফরয তথা অপরিহার্য কর্তব্য। এর অবর্তমানে ঈমানই শুদ্ধ হয় না। কিন্তু রসুলকে ‘ইল্‌ম্, কুদরত ইত্যাদি গুণে আল্লাহ্‌র সমতুল্য মনে করা একান্তই পথভ্রষ্টতা ও শির্‌ক। আজকাল কোন কোন মুসলমান রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে ‘আলিমুল-গাইব’ ‘আল্লাহ্‌র মতই সর্বত্র বিরাজমান’ উপস্থিত ও দর্শক (হাযির ও নাযির) বলেও বিশ্বাস করে। তারা মনে করে যে, এভাবে তারা মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর মহত্ব ও মহব্বত ফুটিয়ে তুলছে। অথচ এটা স্বয়ং রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নির্দেশ ও আজীবন সাধনার প্রকাশ্য বিরোধিতা। আলোচ্য আয়াতে এসব মুসলমানের জন্যেও শিক্ষা রয়েছে। আল্লাহ্‌র কাছে মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর মহত্ব ও মহব্বত এতটুকু কাম্য যতটুকু সা‘হাবায়ে-কেরামের অন্তরে তাঁর প্রতি ছিল। এতে ত্রুটি করাও অপরাধ এবং একে বাড়িয়ে দেয়াও বাড়াবাড়ি ও পথভ্রষ্টতা।

নবী ও রসূলের যেকোন রকম মনগড়া প্রকারভেদই পথভ্রষ্টতাঃ

এমনিভাবে কোন কোন সম্প্রদায় খতমে নবুওয়্যাত অস্বীকার করে নতুন নবীর আগমনের পথ খুলে দিতে চেয়েছে। তারা  কুরআনের সুস্পষ্ট বর্ণনা ‘খাতামুন্নাবিয়্যীন’ (সর্বশেষ নবী)-কে উদ্দেশ্য সাধনের পথে প্রতিবন্ধক মনে করে নবী ও রসূলের অনেক মনগড়া প্রকার আবিষ্কার করেছে। এসব প্রকারের নাম রেখেছে ‘নবী-যিল্লী’ (ছায়া-নবী) ‘নবী-বুরুযী’ (প্রকাশ্য-নবী) ইত্যাদী। আলোচ্য আয়াতটি তাদের অবিমৃশ্যকারিতা ও পথভ্রষ্টতার মুখোশটিকেও উন্মোচিত করে দিয়েছে। কারণ, রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) রসুলগণের উপর যে ঈমান এনেছেন, তাতে ‘যিল্লী-বুরুযী’ বলে কোন নাম-গন্ধও নেই। সুতরাং এটা পরিষ্কার ধর্মদ্রোহিতা।

আখেরাতের উপর ঈমান সম্পর্কে কোন অপব্যাখ্যা গ্রহণযোগ্য নয়ঃ কিছুসংখ্যক লোকের মস্তিস্ক ও চিন্তা-ভাবনা শুধু বস্তু ও বস্তুবাচক বিষয়াদির মধ্যেই নিমজ্জিত। অদৃশ্যজগত ও পরজগতের বিষয়াদি তাদের মতে অবান্তর ও অযৌক্তিক। তারা এসব ব্যাপারে নিজ থেকে নানাবিধ ব্যাখ্যা করতে প্রবৃত্ত হয় এবং একে দ্বীনের খেদমত বলে মনে করে। তারা এসব জটিল বিষয়কে বোধগম্য করে দিয়েছে বলে মনে করে গর্বও করে। কিন্তু এসব ব্যাখ্যা بِمِثْلِ مَاۤ  اٰمَنْتُمْ  بِهٖ  উক্তির পরিপন্থী হওয়ার কারণে বাতিল ও অ-গ্রহণযোগ্য। আখেরাতের অবস্থা ও ঘটনাবলী কুরআন ও ‘হাদীসে যেভাবে বর্ণিত হয়েছে, বিনা দ্বিধায় ও বিনা ব্যাখ্যায় তা বিশ্বাস করাই প্রকৃতপক্ষে ঈমান। ‘হাশরের পুনরুত্থানের পরিবর্তে আত্মিক পুনরুত্থান স্বীকার করা এবং ‘আযাব, ছাওয়াব, ‘আমল, ওজন ইত্যাদি বিষয়ে নিজের পক্ষ থেকে ব্যাখ্যা বর্ণনা করা সবই গোমরাহী ও পথভ্রষ্টতার কারণ।

ইখলাস্বের তাৎপর্যঃ وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَ বাক্যটিতে মুসলিম সম্প্রদায়ের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে, তারা আল্লাহ্‌র ব্যাপারে নিষ্ঠাবান। নিষ্ঠা বা ইখলাসের অর্থ হযরত সা‘ঈদ ইব্‌নে যুবাইর (রদ্বিয়াল্ল-হু ‘আনহু)-এর বর্ণনা মতে ধর্মে নিষ্ঠাবান হওয়া। অর্থাৎ, আল্লাহ্‌র সাথে কাউকে অংশীদার না করা এবং একমাত্র আল্লাহ্‌র জন্যে সৎকর্ম করা, মানুষকে দেখানোর জন্যে অথবা মানুষের প্রশংসা অর্জনের জন্যে নয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ