পৃষ্ঠা নং-৭২
শ্বেতকায় হতে পারে না, ঠিক তেমনিভাবে একজন শ্বেতকায় ব্যক্তিও স্বেচ্ছায় কৃষ্ণকায় হতে পারে না।
এমন বিষয়কে ঐক্যের কেন্দ্রবিন্দু সাব্যস্ত করা হলে মানবতা শতধা, এমনকি সহস্রধা বিভক্ত হয়ে পড়া অপরিহার্য হয়ে যাবে। এ কারণে সভ্যতা ও সংস্কৃতির সাথে জড়িত এ সব বিষয়কে ইসলাম পরিপূর্ণ সম্মান দান করলেও, মানব ঐক্যের কেন্দ্রবিন্দু হতে দেয়নি। তবে ইসলাম ইচ্ছাধীন বিষয়সমূহে চিন্তাগত ঐক্যের সাথে সাথে কার্যগত ও আকারগত ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার প্রতি বিশেষ লক্ষ্য রেখেছে। এতেও এমন বিষয়কে ঐক্যের কেন্দ্রবিন্দু সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে, যা স্বেচ্ছায় অবলম্বন করা প্রত্যেক পুরুষ-স্ত্রী, শিক্ষিত-অশিক্ষিত, শহুরে-গ্রাম্য, ধনী-দরিদ্রের পক্ষে সমান সহজ। কাজেই ইসলামী শরী‘আত সারা বিশ্বের মানুষকে পোশাক, বাসস্থান ও পানাহারের ব্যাপারে কোন এক নিয়মের অধীন করেনি। কারণ, প্রত্যেক দেশের আবহাওয়া ও প্রাকৃতিক অবস্থা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে প্রয়োজনাদিও ভিন্ন ভিন্ন। এমতাবস্থায় সবাইকে একই ধরনের পোশাক ও ইউনিফর্মের অধীনে করে দিলে নানা অসুবিধা দেখা দিবে। যদি ন্যুনতম কোন ইউনিফর্মেরও অধীন করে দেয়া হয়, তাতেও মানবিক সমতার প্রতি অবিচার করা হবে এবং আল্লাহ প্রদত্ত উৎকৃষ্ট পোশাক ও বস্ত্রের অবমাননা হবে। পক্ষান্তরে আরও বেশী দামের ইউনিফর্মের অধীন করে দেয়া হলে দরিদ্র ও নিঃস্ব লোকদের পক্ষে অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে।
এ কারণে ইসলামী শরী‘আত মুসলমানদের জন্যে কোন বিশেষ পোশাক বা ইউনিফর্ম নির্দিষ্ট করেনি, বরং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সব পন্থা ও পোশাক প্রচলিত ছিল, সবগুলো যাচাই করে অপব্যয়, অযথা গর্ব ও বিজাতীয় অনুকরণ-ভিত্তিক পন্থা ও পোশাক পরিচ্ছেদকে নিষিদ্ধ করেছে। অবশিষ্ট প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীকে স্বাধীনতা দেয়া হয়েছে। এমনি বিষয়াদিকে ঐক্যের কেন্দ্রবিন্দু সাব্যস্ত করা হয়েছে, যা ইচ্ছাধীন সহজলভ্য ও সস্তা। উদাহরণতঃ জামা‘আতের নামাযে কাতারবন্দি হওয়া, ইমামের উঠাবসায় পূর্ণ অনুকরণ, হজ্বের সময় পোশাক ও অবস্থানের অভিন্নতা ইত্যাদি।
এমনিভাবে কেবলার ঐক্যও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ্র পবিত্র সত্তা যদিও যাবতীয় দিকের বন্ধন থেকে মুক্ত; তার জন্য সবদিকই সমান, তথাপি নামাযে সমষ্টিগত ঐক্য সৃষ্টি করার উদ্দেশ্যে বিশ্ববাসীর মুখমন্ডল একই দিকে নিবদ্ধ থাকা একটি উত্তম, সহজ ও স্বাভাবিক ঐক্য পদ্ধতি। এতে পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণের সমগ্র মানবমন্ডলী সহজেই একত্রিত হতে পারে। এখন সমগ্র বিশ্বের মুখ করার দিক কোনটি হবে এর মীমাংসা মানুষের হাতে ছেড়ে দিলে তাও বিরাট মতানৈক্য এবং কলহের কারণ হয়ে যাবে। একারণে এর মীমাংসা আল্লাহ্র পক্ষ থেকে হওয়াই বিধেয়। হযরত আদম ‘আলাইহিচ্ছালামের পৃথিবীতে অবতরণের পূর্বেই ফেরেশতাদের দ্বারা কা’বা গৃহের ভিত্তি স্থাপন করা হয়েছিল। আদম ও আদম-সন্তানদের জন্যে সর্বপ্রথম কেবলা কা’বাগৃহকেই সাব্যস্ত করা হয়। বলা হয়েছেঃ
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ
অর্থাৎ, মানুষের জন্যে সর্বপ্রথম যে গৃহ নির্মিত হয়, তা মক্কায় অবস্থিত এবং এ গৃহ বিশ্ববাসীর জন্যে হিদায়াত ও বরকতের উৎস।
নামাযে কা’বার দিকে মুখে করাই যথেষ্টঃ এখানে একটি ফিকাহ্-বিষয়ক সুক্ষ্ণ তত্ত্ব উল্লেখযোগ্য। আয়াতে কা’বা অথবা বাইতুল্লাহ বলার পরিবর্তে ‘মসজিদে-‘হারাম’ বলা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, দূরবর্তী দেশসমূহে বসবাসকারী পক্ষে হুবহু কা’বাগৃহ বরাবর দাঁড়ানো জরুরী নয়, বরং পূর্ব পশ্চিম, উত্তর, দক্ষিণের মধ্য থেকে যে দিকটিতে কা’বা অবস্থিত সেদিকে মুখ করলেই যথেষ্ট হবে। তবে যে ব্যক্তি মসজিদে-‘হারামে উপস্থিত রয়েছে কিংবা নিকটস্থ কোন স্থান বা পাহাড় থেকে কা’বা দেখতে পাচ্ছে, তার পক্ষে এমনভাবে দাঁড়ানো জরুরী যাতে কা’বাগৃহ তার চেহারার বরাবর থাকে। যদি কা’বাগৃহের কোন অংশ তার চেহারা বরাবর না পড়ে, তবে তার নামায শুদ্ধ হবে না। কা’বাগৃহ যাদের চোখের সামনে নেই এ বিধান তাদের জন্যে নয়। তারা কা’বাগৃহ কিংবা মসজিদে-‘হারামের দিকে মুখ করলেই যথেষ্ট। وسط শব্দের অর্থ সর্বোৎকৃষ্ট বিষয়। আবূ সা‘ঈদ খুদরী রদিয়াল্ল-হু ‘আনহু বলেনঃ মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) عدل শব্দ দ্বারাوسط এর ব্যাখ্যা করেছেন। -এর অর্থ সর্বোৎকৃষ্ট। (কুরতুবী) আলোচ্য আয়াতে মুসলিম সম্প্রদায়ের একটি শ্রেষ্ঠত্ব ও বৈশিষ্ট বর্ণিত হয়েছে যে, তাদেরকে মধ্যবর্তী উম্মত করা হয়েছে। এর ফলে তারা ‘হাশরের ময়দানে একটি স্বাতন্ত্র্য লাভ করবে। সকল পয়গাম্বর/নবীর উম্মতরা তাঁদের হিদায়াত ও প্রচারকার্য অস্বীকার করে বলতে থাকবে, দুনিয়াতে আমাদের কাছে কোন আসমানী গ্রন্থ পৌঁছেনি এবং কোন পয়গম্বর/নবীও আমাদের হিদায়াত করেননি। তখন মুসলিম সম্প্রদায় পয়গম্বর/নবীগনের পক্ষে সাক্ষ্যদাতা হিসাবে উপস্থিত হবে এবং সাক্ষ্য দেবে যে, পয়গম্বর/নবীগণ সব যুগেই আল্লাহ্র পক্ষ থেকে আনীত হিদায়াত তাদের কাছে পৌছে দিয়েছেন, তাদেরকে সঠিক পথে আনার জন্যে তাঁরা সাধ্যমত চেষ্টাও করেছেন ।বিবাদী উম্মতরা মুসলিম সম্প্রদায়ের সাক্ষ্যে প্রশ্ন তুলে বলবেঃ আমাদের আমলে এই সম্প্রদায়ের কোন অস্তিত্বই ছিল না। আমাদের ব্যাপারাদি তাদের জানার কথা নয়, কাজেই আমাদের বিপক্ষে তাদের সাক্ষ্য কেমন করে গ্রহনযোগ্য হতে পারে?
মুসলিম সম্প্রদায় এ প্রশ্নের উত্তরে বলবেঃ নিঃসন্দেহে তখন আমাদের অস্তিত্ব ছিল না, কিন্তু আমাদের নিকট তাদের অবস্থা ও ঘটনাবলী সম্পর্কিত তথ্যাবলী একজন সত্যবাদী রসুল ও আল্লাহ্র গ্রন্থ কুরআন সরবরাহ করেছে। আমরাও সে গ্রন্থের উপর ঈমান এনেছি এবং তাদের সরবরাহকৃত তথ্যাবলীকে চাক্ষুষ দেখার চাইতেও অধিক সত্য মনে করি; তাই আমাদের সাক্ষ্য সত্য। অতঃপর রসুলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) উপস্থাপিত হবেন এবং সাক্ষীদের সমর্থন করে বলবেনঃ তারা যা কিছু বলেছে, সবই সত্য। আল্লাহ্র গ্রন্থ এবং আমার শিক্ষার মাধ্যমে তারা এসব তথ্য জানতে পেরেছে।
‘হাশরের ময়দানে সংঘটিতব্য এ ঘটনার বিবরণ স‘হীহ্ বুখারী, তিরমিযী, নাসায়ী ও মুসনাদে-আ‘হমাদের একাধিক ‘হাদীসে সংক্ষেপে ও সবিস্তারে বর্ণিত রয়েছে।
মোটকথা, আলোচ্য আয়াতে মুসলিম সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব ও সম্মানের কারণ হিসাবে বলা হয়েছে যে, এ সম্প্রদায়কে মধ্যপন্থী সম্প্রদায় করা হয়েছে। তাই এখানে কয়েকটি বিষয় প্রণিধানযোগ্য।
মধ্যপন্থার রুপরেখা, তার গুরুত্ব ও কিছু বিবরনঃ
(১) মধ্যপন্থার অর্থ ও তাৎপর্য কি?
(২) মধ্যপন্থার এত গুরুত্বই বা কেন যে, এর উপরই শ্রেষ্টত্বকে নির্ভরশীল করা হয়েছে?
(৩) মুসলিম সম্প্রদায় যে মধ্যপন্থী,-