পৃষ্ঠা নং-৭৬
আহলে-কিতাবদের আকৃষ্ট করা উদ্দেশ্য ছিল। কিন্তু ষোল/সতের মাসের অভিজ্ঞতার পর সে উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। কারণ, মদীনার ঈহুদীরা এর কারণে ইসলামের নিকটবর্তী হওয়ার পরিবর্তে দূরেই সরে যাচ্ছিল।
মোটকথা, কা’বা মুসলমানদের কেবলা সাব্যস্ত হোক- এটাই ছিল মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর আন্তরিক বাসনা। তবে আল্লাহ্র নৈকট্যশীল পয়গম্বর/নবীগণ কোন দরখাস্ত ও বাসনা পেশ করার অনুমতি আছে বলে, না জানা পর্যন্ত আল্লাহ্র দরবারে কোন দরখাস্ত ও বাসনা পেশ করেন না। এতে বুঝা যায় যে, মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) এ দু‘আ করার অনুমতি পূর্বাহ্নেই পেয়েছিলেন। এজন্য তিনি কেবলা পরিবর্তনের দু‘আ করেছিলেন এবং তা কবুল হবে বলে আশাবাদীও ছিলেন। একারণেই তিনি বারবার আকাশের দিকে চেয়ে দেখতেন যে, ফেরেশতা নির্দেশ নিয়ে আসছে কিনা। আলোচ্য আয়াতে এ দৃশ্যটি বর্ণনা করার পর প্রথমে দু‘আ কবুল করার ওয়াদা করা হয়- فَلَنُوَلِّيَنَّكَ অর্থাৎ- আমি আপনার চেহারা-মোবারক সেদিকেই ফিরিয়ে দেব, যেদিকে আপনি পছন্দ করেন। অতঃপর তৎক্ষণাৎ সে দিকে মুখ করার আদেশ নাযিল করা হয়, যথা, فَوَلِّ وَجْهَكَ এর বর্ণনা পদ্ধতিটি বিশেষ আনন্দদায়ক। এতে প্রথমে ওয়াদার আনন্দ ও পরে ওয়াদা পূরণের আনন্দ একই সাথে উপভোগ করা যায়।
নামাযে কেবলামূখী হওয়ার মাসআলাঃ পূর্বে বর্ণিত হয়েছে যে, আল্লাহ রাব্বুল ‘আলামীনের কাছে সবদিকই সমান- قُلْ لِلّٰهِ الْمَشْرِقُ والْمَغْرِبُ পূর্ব-পশ্চিম আল্লাহ্রই মালিকানাধীন। কিন্তু উম্মতের স্বার্থে সারা বিশ্বের মুসলমানদের জন্যে একটি দিককে কেবলা হিসাবে নির্দিষ্ট করে সবার মাঝে ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে এ দিকটি বাইতুল-মোকাদ্দাসও হতে পারত। কিন্তু মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর আন্তরিক বাসনার কারণে কা’বাকে কেবলা সাব্যস্ত করে আলোচ্য আয়াতে এ নির্দেশ দেয়া হয়েছে। এখানে فَوَلِّ وَجْهَكَ إلَى الْكَعْبَة অর্থাৎ, ‘কা’বার দিকে অথবা বাইতুল্লাহ্র দিকে মুখ কর’ বলার পরিবর্তে شَطْرَالْمَسْجِدِالْحَرَامِ (অর্থাৎ মাসজিদে ‘হারামের দিকে) বলা হয়েছে। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা স্পষ্ট হয়ে গেছে।
প্রথমতঃ যদিও আসল কেবলা বাইতুল্লাহ তথা কা’বা; কিন্তু কা’বার দিকে মুখ করা সেখান পর্যন্তই সম্ভব, যেখান থেকে তা দৃষ্টিগোচর হয়। যারা সেখান থেকে দূরে এবং কা’বা তাদের দৃষ্টির অগোচরে থাকে, তাদের উপরও হুবহু কা’বার দিকে মুখ করার কড়াকড়ি আরোপ করা হলে, তা পালন করা খুবই কঠিন হতো। বিশেষ যন্ত্রপাতি ও অঙ্কের মাধ্যমেও নির্ভুল দিক নির্ণয় করা দূরবর্তী অঞ্চলসমূহে অনিশ্চিত হয়ে পড়তো। অথচ শরী‘আত সহজ-সরল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এ কারণে বাইতুল্লাহ অথবা কা’বা শব্দের পরিবর্তে মাসজিদুল-‘হারাম শব্দ ব্যবহার করা হয়েছে। বাইতুল্লাহ অপেক্ষা মাসজিদুল ‘হারাম অনেক বেশি স্থান জুড়ে বিস্তৃত। এ বিস্তৃত স্থানের দিকে মুখ করা দূর-দূরান্তের মানুষের জন্যেও সহজ।
সংক্ষিপ্ত শব্দ إلى এর পরিবর্তে شطر শব্দটি ব্যবহার করায় কেবলার দিকে মুখ করার ব্যাপারটি আরও সহজ হয়ে গেছে। شطر দু’অর্থে ব্যবহৃত হয়- বস্তুর অর্ধাংশ ও বস্তুর দিক। আলোচ্য আয়াতে এর অর্থ হচ্ছে বস্তুর দিক। এতে বুঝা যায় যে, দূরবর্তী দেশসমূহে বা অঞ্চলে বিশেষভাবে মাসজিদে-‘হারামের দিকে মুখ করাও জরুরী নয়; বরং মাসজিদে-‘হারাম যেদিকে অবস্থিত সে দিকের প্রতি মুখ করাই যথেষ্ট।- (বা‘হরে-মু‘হীত)
وَمَاأَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْআয়াতে ঘোষণা করা হয়েছে যে, খানায়ে-কা’বা কিয়ামত পর্যন্ত আপনার কেবলা থাকবে। এতে ইহুদী-নাসারাদের সে মতবাদের খণ্ডন করাই ছিল উদ্দেশ্য যে, মুসলমানদের কেবলার কোন স্থিতি নেই; ইতিপূর্বে তাদের কেবলা ছিল খানায়ে-কা’বা, পরিবর্তিত হয়ে বাইতুল-মোকাদ্দাস হল,
আবার তাও বদলে গিয়ে পুনরায় খানায়ে-কা’বা হলো। আবারও হয়তো বাইতুল-মোকাদ্দাসকেই কেবলা বানিয়ে নেবে।- (বা‘হরে-মু‘হীত)
وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ এখানে অসম্ভবকে সম্ভব ধরে নিয়ে হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে সম্বোধন করা হয়েছে। প্রকৃতপক্ষে বিষয়টি দ্বারা উম্মতে-মু‘হাম্মদীকে অবহিত করাই উদ্দেশ্য যে, উল্লেখিত নির্দেশের বিরুদ্ধাচরণ এতই কঠিন ব্যাপার যে, স্বয়ং রসূলে-কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-ও যদি এমনটি করেন, (অবশ্য তা অসম্ভব), তবে তিনিও সীমা লঙ্ঘনকারী বলে সাব্যস্ত হবেন।
১৪৬ নং আয়াতে রসূলে-কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে রসূল হিসাবে চেনার উদাহরণ সন্তানদের চেনার সাথে দেয়া হয়েছে। অর্থাৎ, এরা যেমন কোনরকম সন্দেহ-সংশয়হীনভাবে নিজেদের সন্তানদেরকে জানে, তেমনিভাবে তাওরাত ও ইঞ্জীলে বর্ণিত রসূলে কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সুসংবাদ, প্রকৃষ্ট লক্ষণ ও নিদর্শনাবলীর মাধ্যমে তাঁকেও সন্দেহাতীতভাবেই চেনে। কিন্তু তাদের যে অস্বীকৃতি তা একান্তভাবেই হঠকারিতা ও বিদ্বেষপ্রসূত।
এখানে লক্ষণীয় বিষয় এই যে, পরিপূর্ণভাবে চেনার উদাহরণ পিতা-মাতাকে চেনার সাথে না দিয়ে সন্তান-সন্ততিকে চেনার সাথে দেয়া হয়েছে। অথচ মানুষ স্বভাবতঃ পিতা-মাতাকেও অত্যন্ত ভাল করেই জানে। এহেন উদাহরণ দেয়ার কারণ হল এই যে, পিতা-মাতার নিকট সন্তানাদির পরিচয় সন্তানের নিকট পিতা-মাতার পরিচয় অপেক্ষা বহুগুণ বেশি হয়ে থাকে। কারণ, পিতা-মাতা জন্মলগ্ন থেকে সন্তান-সন্ততিকে স্বহস্তে লালন-পালন করে। তাদের শরীরের এমন কোন অঙ্গ-প্রত্যঙ্গ নেই, যা পিতা-মাতার দৃষ্টির অন্তরালে থাকতে পারে। পক্ষান্তরে পিতা-মাতার গোপন অঙ্গ-প্রত্যঙ্গ সন্তানরা কখনও দেখে না।