পৃষ্ঠা নং-৮২
সাব্যস্ত হতে পারে না। প্রশ্নের জবাবে এরুপ বলাতে এ আমলটি ওয়াজিব হওয়ার পরিপন্থী বুঝা যায় না।
‘ইলমে-দ্বীনের প্রকাশ ও প্রচার করা ওয়াজিব এবং গোপন করা হারামঃ উল্লেখিত আয়াতে এ কথা বলা হয়েছে যে, আল্লাহর যে সমস্ত প্রকৃষ্ট হিদায়ত অবতীর্ণ হয়েছে, সেগুলো মানুষের কাছে গোপন করা এত কঠিন হারাম ও মহাপাপ, যার জন্য আল্লাহ তা‘আলা নিজেও লা’নত বা অভিসম্পাত করে থাকেন এবং সমগ্র সৃষ্টিও অভিসম্পাত করে। এতে কয়েকটি বিষয় জানা যায়ঃ
প্রথমতঃ যে জ্ঞানের প্রচার ও প্রসার বিশেষ জরুরী, তা গোপন করা হারাম। রসূলে-করীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন- ‘যে লোক দ্বীনের কোন বিধানের বিষয় জানা সত্ত্বেও তা জিজ্ঞেস করলে গোপন করবে, কেয়ামতের দিন আল্লাহ তা‘আলা তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেবেন।’- ‘হাদীসটি হযরত আবু হুরায়রা ও ‘আমর ইবনে ‘আস (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) থেকে ইবনে মাজা রিওয়ায়াত করেছেন।
ফেকাহবিদগণ বলেছেন, এ অভিসম্পাত আরোপিত হবে তখনই, যখন অন্য কোন লোক সেখানে উপস্থিত থাকবে না। যদি অন্যান্য আলেম লোকও সেখানে উপস্থিত থাকেন, তবে একথা বলে দেয়া যেতে পারে যে, অন্য কোন আলেমকে জিজ্ঞাসা করে নাও।-(কুরতুবী, জাসসাস)
দ্বিতীয়তঃ জানা যায় যে, ‘জ্ঞানকে গোপন করার’ অভিসম্পাত সে সমস্ত জ্ঞান ও মাসআলা গোপন করার ব্যাপারেই প্রযোজ্য, যা কুরআন ও সুন্নাহতে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এবং যার প্রকাশ ও প্রচার করা কর্তব্য। পক্ষান্তরে এমন সুক্ষ্ম ও জটিল মাসআলা সাধারণ্যে প্রকাশ না করাই উত্তম, যদ্দারা সাধারণ লোকদের মধ্যে ভুল বুঝাবুঝি ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তখন তা كتمان علم বা জ্ঞানকে গোপন করার হুকুমের আওতায় পড়বে না। উল্লেখিত আয়াতে مِنَ الْبَیِّنٰتِ وَالْهُدٰی বাক্যের দ্বারাও তেমনি ইঙ্গিত পাওয়া যায়। তেমনিভাবে মাসআলা-মাসায়েল সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বলেছেন, ‘তোমরা যদি সাধারণ মানুষকে এমনসব ‘হাদীস শোনাও যা তারা পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারে না, তবে তাদেরকে ফেতনা-ফাসাদেরই সম্মুখীন করবে।’-(কুরতুবী)
সহীহ বুখারীতে হযরত আলী (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) থেকে উদ্ধৃত রয়েছে, তিনি বলেছেন যে,- সাধারণ মানুষের সামনে ইলমের শুধুমাত্র ততটুকু প্রকাশ করবে, যতটুকু তাদের জ্ঞান-বুদ্ধি ধারণ করতে পারে। মানুষ আল্লাহ ও রসূলকে মিথ্যা প্রতিপন্ন করুক; তোমরা কি এমন কামনা কর? কারণ, যেকথা তাদের বোধগম্য নয়, তাতে তাদের মনে নানারকম সন্দেহ-সংশয় সৃষ্টি হবে এবং তাতে করে তারা আল্লাহ ও রসূলকে অস্বীকারও করে বসতে পারে।
কোন কোন পাপের জন্য সমগ্র সৃষ্টি লা’নত করেঃ وَیَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَ -আয়াতে কুরআনে-কারীম লা’নত বা অভিসম্পাতকারীদের নির্দিষ্টভাবে চিহ্নিত করেনি। তাফসীর শাস্ত্রের ইমাম হযরত মুজাহিদ ও ইকরিমা (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বলেছেন, এভাবে বিষয়টি অনির্ধারিত রাখাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, দুনিয়ার প্রতিটি বস্তু এবং প্রতিটি সৃষ্টিই তাদের উপর অভিসম্পাত করে থাকে। এমনকি জীব-জন্তু, কীট-পতঙ্গও তাদের প্রতি অভিসম্পাত করে। কারণ, তাদের অপকর্মের দরুন সেসব সৃষ্টিরও ক্ষতি সাধিত হয়। হযরত বারা’ ইবনে আযেব (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বর্ণিত এক হাদীসেও তার সমর্থন পাওয়া যায়। তাতে রসূল কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, اللّٰعِنُوْنَ -এর অর্থ হল সমগ্র পৃথিবীতে বিচরণশীল সমস্ত জীব।-(কুরতুবী)
কোন নির্দিষ্ট ব্যক্তির প্রতি লা’নত করা ততক্ষণ পর্যন্ত জায়েয নয় যতক্ষণ না তার কাফের অবস্থায় মৃত্যুবরণের বিষয় নিশ্চিত হওয়া যায়ঃ وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ -বাক্যাংশের দ্বারা জাসসাস ও কুরতুবী প্রমুখ উদ্ভাবন করেছেন যে, যে কাফের কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত নয়, তার প্রতি লা’নত করা বৈধ নয়। আর আমাদের পক্ষে যেহেতু কারও শেষ পরিণতির (মৃত্যুর) নিশ্চিত অবস্থা সম্পর্কে অবগত হওয়ার কোন উপায় নেই, সেহেতু কোন কাফেরের নাম নিয়ে তার প্রতি লা’নত বা অভিসম্পাত করাও জায়েয নয়। বস্তুতঃ রসূলে কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) যে সমস্ত কাফেরের নামোল্লেখ করে লা’নত করেছেন, কুফর অবস্থায় তাদের মৃত্যু সম্পর্কে আল্লাহ তা‘আলার পক্ষ থেকে তিনি অবহিত হয়েছিলেন। অবশ্য সাধারণ কাফের ও জালেমদের প্রতি অনির্দিষ্টভাবে লা’নত করা জায়েয।
এতে একথাও প্রতীয়মান হয়ে যায় যে, লা’নতের ব্যাপারটি যখন এতই কঠিন ও নাযুক যে, কুফর অবস্থায় মৃত্যু সম্পর্কে নিশ্চিত না হয়ে কোন কাফেরের প্রতিও লা’নত করা বৈধ নয়, তখন কোন মুসলমান কিংবা কোন জীব-জন্তুর উপর কেমন করে লা’নত করা যেতে পারে? পক্ষান্তরে সাধারণ মানুষ, বিশেষতঃ আমাদের নারী সম্প্রদায় একান্ত গাফলতিতে পড়ে আছে। তারা কথায় কথায় নিজেদের আপনজনদের প্রতিও অভিসম্পাত বা লা’নত বাক্য ব্যবহার করতে থাকে এবং শুধু লা’নত বাক্য ব্যবহার করেই সন্তুষ্ট হয় না; বরং তার সমার্থক যে সমস্ত শব্দ জানা থাকে সেগুলোও ব্যবহার করতে কসুর করে না। লা’নতের প্রকৃত অর্থ হল, আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়া। কাজেই কাউকে ‘মরদুদ’, ‘আল্লাহর অভিশপ্ত’ প্রভৃতি শব্দে গালি দেয়াও লা’নতেরই সমপর্যায়ভুক্ত।
আরবের মুশরিকরা যখন নিজেদের বিশ্বাসের পরিপন্থী আয়াত وَ اِلٰـهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ শুনল, তখন বিস্মিত হয়ে বলতে লাগল, সারা বিশ্বেরই কি একজন মাত্র উপাস্য হতে পারে? যদি এ দাবী যথার্থ হয়ে থাকে, তবে তার কোন প্রমাণ উপস্থাপন করা উচিত। সুতরাং আল্লাহ তা‘আলা তারই প্রমাণ পেশ করেছেন আলোচ্য আয়াতে।
তাওহীদের মর্মার্থঃ وَ اِلٰـهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ বিভিন্নভাবেই আল্লাহ তা‘আলার তাওহীদ বা একত্ববাদ সপ্রমাণিত রয়েছে। উদাহরণতঃ তিনি একক , সমগ্র বিশ্বে না আছে তাঁর তুলনা, না আছে কোন সমকক্ষ। সুতরাং একক উপাস্য হওয়ার অধিকারও একমাত্র তাঁরই।
দ্বিতীয়তঃ উপাস্য হওয়ার অধিকারেও তিনি একক । অর্থাৎ, তিনি ছাড়া অন্য আর কেউই ‘ইবাদতের যোগ্য নয়।
তৃতীয়তঃ সত্তার দিক দিয়েও তিনি্ একক । অর্থাৎ অংশী-বিশিষ্ট নন। তিনি অংশী ও অঙ্গ-প্রত্যঙ্গ থেকে পবিত্র। তাঁর বিভক্তি কিংবা ব্যবচ্ছেদ হতে পারে না।
চতুর্থতঃ তিনি তাঁর আদি ও অনন্ত সত্তার দিক দিয়েও একক , তিনি তখনও বিদ্যমান ছিলেন, যখন অন্য কোন কিছুই ছিল না এবং তখনও বিদ্যমান থাকবেন যখন কোন কিছুই থাকবে না। অতএব তিনিই একমাত্র-