পৃষ্ঠা নং-১১৬
এই হলো শারাবের ধর্মীয়, পার্থিব, শারীরিক এবং আধ্যাত্মিক ক্ষতির একটি সংক্ষিপ্ত তালিকা, যা রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করেছেন- اُمُّ الفواحش واُمُّ الخبائث অর্থাৎ, ‘শারাব সকল মন্দ ও অশ্লীলতার জননী৷’ এ প্রসঙ্গে জনৈক জার্মান ডাক্তারের মন্তব্য প্রবাদ বাক্যের মতই প্রসিদ্ধ৷ তিনি বলেছেন, যদি অর্ধেক শারাবখানা বন্ধ করে দেয়া হয়, তবে আমি নিশ্চয়তা দিতে পারি যে, অর্ধেক হাসপাতাল ও অর্ধেক জেলখানা আপনা থেকেই অপ্রয়োজনীয় হয়ে যাবে৷— (তাফসীরে আল-মানারঃ মুফতি আবদুহু-পৃঃ২২৬, জিলদ (খন্ড) ২)
‘আল্লামা তনতাবী (র‘হিমাহুল্ল-হ) আল-জাওহারে এ প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূরণ বিষয় উল্লেখ করেছেন৷ তারই কয়েকটি এখানে উদ্ধৃত করা যাচ্ছে— ফ্রান্সের জনৈক বিশিষ্ট পণ্ডিত হেনরী তাঁর গ্রন্থ ‘খাওয়াতির ও সাওয়ানিহ ফিল ইসলাম’-এ লিখেছেন,— ‘প্রাচ্যবাসীকে সমূলে উৎখাত করার জন্য সবচেয়ে মারাত্মক অস্ত্র এবং মুসলমানদেরকে খতম করার জন্য নির্মিত দু’ধারী তলোয়ার ছিল এই ‘শারাব’৷ আমরা আলজিরিয়ার বিরুদ্ধে এ অস্ত্র ব্যবহার করেছি৷ কিন্তু ইসলামী শরী‘আত আমাদের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের ব্যবহৃত অস্ত্রে মুসলমানরা ব্যাপকভাবে প্রভাবিত হয়নি’; ফলে তাদের বংশ বেড়েই চলেছে৷ এরাও যদি আমাদের সেই উপঢৌকন গ্রহণ করে নিত, যেভাবে তাদের একটি বিশ্বাসঘাতক গোষ্ঠী তা গ্রহণ করে নিয়েছে, তাহলে তারাও আমাদের কাছে পদানত ও অপদস্থ হয়ে পড়ত৷ আজ যাদের ঘরে আমাদের সরবরাহকৃত শারাবের প্রবাহ বইছে, তারা আমাদের কাছে এতই নিকৃষ্ট ও পদদলিত হয়ে গেছে যে, তারা মাথাটি পর্যন্ত তুলতে পারছে না৷’
জনৈক বৃটিশ আইনজ্ঞ ব্যান্টাম লেখেন,— ‘ইসলামী শরী‘আতের অসংখ্য বৈশিষ্ট্যের মধ্যে এও একটি বৈশিষ্ট যে, এতে মদ্যপান নিষিদ্ধ৷ আমরা দেখেছি, আফ্রিকার লোকেরা যখন এর ব্যবহার শুরু করে, তখন থেকেই তাদের বংশে ‘উন্মাদনা’ সংক্রমিত হতে শুরু করেছে৷ আর ইউরোপের যেসব লোক এই পদার্থটিতে চুমুক দিতে শুরু করেছে, তাদের জ্ঞান-বুদ্ধির বিবর্তন ঘটতে শুরু করেছে৷ কাজেই আফ্রিকার লোকদের জন্যে যেমন এর নিষেধাজ্ঞা প্রয়োজন, তেমনি ইউরোপের লোকদের জন্যও এ কারণে কঠিন শাস্তি বিধান করা দরকার৷
সারকথা, যে কোন সৎলোক যখনই শীতল মস্তিষ্কে এ ব্যাপারে চিন্তা করেছেন, তখনই স্বতঃস্ফুর্তভাবে চিৎকার করে উঠেছেন যে, ‘এটি অপবিত্র বস্তু, এ যে শয়তানী কাজ, এ যে হলাহল— ধ্বংসের উপকরণ৷ এই ‘উম্মুল-খবায়িস’ বা সকল অকল্যাণের মাতার ধারে-কাছেও যেয়ো না; ফিরে এসো فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
মদ্যপানের নিষেধাজ্ঞা সম্পর্কিত কুরআনের চারটি আয়াত উপরে বর্ণনা করা হয়েছে৷ সূরা না‘হ্লের আরো এক জায়গায় নেশাকর দ্রব্যাদির আলোচনা অন্য ভঙ্গিতে করা হয়েছে৷ সে বিষয়টিও এখানেই আলোচনা করে ফেলা বাঞ্চনীয় হবে বলে মনে হয়৷ যাতে শারাব ও অন্যান্য যাবতীয় নেশাকর দ্রব্যাদি সম্পর্কে কুরআনী বর্ণনাগুলো মোটামুটিভাবে সামনে এসে যায়৷ সে আয়াতটি হচ্ছে এইঃ
وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَعْقِلُونَ
অর্থাৎ, আর খেজুর ও আঙ্গুর দ্বারা তোমরা নেশাকর দ্রব্য এবং উত্তম আহার্য প্রস্তুত করে থাক; নিশ্চয়ই এতে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য বড় প্রমাণ রয়েছে।
তাফসীর ও ব্যাখ্যাঃ পূর্ববর্তী আয়াতসমূহে আল্লাহ তা‘আলার ঐ সমস্ত নেয়ামতের উল্লেখ করা হয়েছে, যা মানুষের খাদ্যরুপে দান করে আল্লাহ তাআলা তাঁর অত্যাশ্চর্য সৃষ্টি মহিমার পরিচয় দিয়েছেন৷ এতে প্রথমে দুধের কথা বলা হয়েছে৷ যাকে আল্লাহ তা‘আলা জন্তুর পেটের মধ্যে রক্ত ও মলমূত্রের সংমিশ্রণ থেকে পৃথক করে মানুষের জন্য পরিচ্ছন্ন খাদ্য হিসাবে দান করেছেন৷ ফলে মানুষকে কোন কিছুই করতে হয় না৷ এজন্য এখানে نسقيكم শব্দ ব্যবহার করা হয়েছে যে, আমি তোমাদিগকে দুধ পান করিয়ে থাকি৷ অতঃপর বলা হয়েছে যে, খেজুর ও আঙ্গুরের দ্বারাও মানুষ কিছু খাদ্যবস্তু তৈরী করে থাকে, যাতে তাদের উপকার হয়৷ এতে ইঙ্গিত করা হয়েছে যে, খেজুর ও আঙ্গুর দ্বারা নিজেদের জন্য লাভজনক খাদ্য প্রস্তুতে মানুষের শিল্পজ্ঞানের কিছুটা হাত রয়েছে৷ আর এই দক্ষতার ফলে দু’রকমের খাদ্য তৈরী হয়েছে৷ একটি হল নেশাজাত দ্রব্য, যাকে মদ বা শারাব বলা হয়৷ দ্বিতীয়টি হলো উৎকৃষ্ট খাদ্য৷ অর্থাৎ, খেজুর ও আঙ্গুরকে তাজা অবস্থায় আহার করা অথবা শুকিয়ে ব্যবহার করা৷ উদ্দ্যেশ্য হচ্ছে যে, আল্লাহ তা‘আলা তাঁর পূর্ণ কুদরতের মাধ্যমে মানুষকে খেজুর ও আঙ্গুর দান করেছেন এবং তার দ্বারা নিজেদের খাদ্যদ্রব্য তৈরীর কিছুটা অধিকারও তিনি মানুষকে প্রদান করেছেন৷ এখন তাদের অভিপ্রায় ও ইচ্ছা, তারা কি প্পস্তুত করবে৷ নেশাজাত দ্রব্য তৈরী করে নিজেদের বুদ্ধিকে বিকল করবে, না উৎকৃষ্ট খাদ্য প্রস্তুত করে শক্তি অর্জন করবে?
এ তাফসীরের পরিপ্রেক্ষিতে এ আয়াত দ্বারা নেশাজাত দ্রব্যকে হালাল বলার দলীল দেয়া যাবে না৷ এখানে উদ্দ্যেশ্য হলো আল্লাহ তা‘আলার দানসমূহ এবং তার ব্যবহারের বিভিন্ন দিক ও পদ্ধতি নিয়ে আলোচনা করা, যা যে কোন অবস্থাতেই আল্লাহ্র নেয়ামত৷ যথা, সমস্ত আহার্য এবং মানুষের জন্য উপকারী বস্তুকে অনেকে না-জায়েয পথে ব্যবহার করে৷ কিন্তু কারো ভূলের জন্য আল্লাহ্র নেয়ামত তার বৈশিষ্ট হারিয়ে ফেলতে পারে না৷ অতঃপর এখানে এ বিষয়টির বিস্তারিত আলোচনা নিস্প্রয়োজন,— কোন পথে ব্যবহার ‘হালাল এবং কোন পথে ব্যবহার ‘হারাম৷ তবু আল্লাহ তা‘আলা এভাবে সামান্য ইঙ্গিত প্রদান করেছেন যে, নেশার বিপরীত ‘উৎকৃষ্ট খাদ্য’ বলা হয়েছে, যাতে বোঝা যায় যে, নেশা ভাল বিষয় নয়৷ অধিকাংশ মুফাস্সির নেশাযুক্ত বস্তুকেও ‘সুক্র্’ ( سكر) বলেছেন৷— (রুহুল মা’আনী, কুরতুবী, জাসসাস)
গোটা মুসলিম উম্মতের মতে এ আয়াতটি মক্কায় অবতীর্ণ৷ মদ্যপান ‘হারাম হওয়ার নির্দেশ সম্বলিত আয়াত পরবর্তী সময়ে মদীনায় অবতীর্ণ হয়েছে৷ এ আয়াতটি অবতীর্ণ হওয়ার সময় যদিও শারাব ‘হালাল ছিল এবং মুসলমানগণ স্বাভাবিকভাবেই তা পান করতেন, কিন্তু তখনও এ আয়াতে এদিকে ইশারা করা হয়েছিল যে, এটি পান করা ভাল নয়৷ তারপর অত্যন্ত কঠোরতার সাথে শারাবকে ‘হারাম ঘোষণা করা হয়েছে৷— (জাসসাস ও কুরতুবী)