আল-বাকারা ২১৬-২১৯

পৃষ্ঠা নং-১১৮

অপরজনের ক্ষতির উপর পরিক্রমণশীল৷ জয়লাভকারীর কেবল লাভই লাভ; আর পরাজিত ব্যক্তির ক্ষতিই ক্ষতি৷ কেননা, এ খেলায় একজনের মাল অন্যজনের হাতে চলে যায়৷ এজন্য জুয়া সামগ্রিকভাবে জাতির ধ্বংস এবং মানব চরিত্রের অধঃপতন ঘটায়৷ যে ব্যক্তি এতে লাভবান হয়, সে পরোপকারের ব্রত থেকে দূরে সরে রক্ত-পিপাসুতে পরিণত হয়ে পড়ে৷ পক্ষান্তরে অপর ব্যক্তির মৃত্যু এগিয়ে আসে, অথচ প্রথম ব্যক্তি আয়েশ বোধ করতে থাকে এবং নিজের পূর্ণ সামর্থ এতে ব্যয় করে৷ ক্রয়-বিক্রয় এবং ব্যবসা-বাণিজ্য এর বিপরীত৷ কেননা, এতে উভয়পক্ষের লাভ-লোকসানের সম্ভাবনা থাকে৷ ব্যবসা দ্বারা মাল হস্তান্তরে ধন-সম্পদ বৃদ্ধি পায় এবং উভয় পক্ষই এতে লাভবান হয়ে থাকে।

জুয়ার একটি বড় ক্ষতি হচ্ছে এই যে, জুয়াড়ী প্রকৃত উপার্জন থেকে বঞ্চিত থাকে৷ কেননা, তার একমাত্র চিন্তা থাকে যে, বসে বসে একটি বাজির মাধ্যমে মুহূর্তের মধ্যেই অন্যের মাল হস্তগত করবে, যাতে কোন পরিশ্রমের প্রয়োজনই নেই৷ কোন কোন মনীষী সর্বপ্রকার জুয়াকেই ‘মাইসির’ বলেছেন৷ কারণস্বরুপ বলেছেন যে, এতে অতি সহজে অন্যের মাল হস্তগত হয়৷ জুয়া খেলা যদি দু’চার জনের মধ্যেও সীমাবদ্ধ থাকে তবে তাতেও আলোচ্য ক্ষতি পরিলক্ষিত হয়৷ কিন্তু বর্তমান যুগ, যাকে অনভিজ্ঞ, দূরদর্শিতাবিহীন মানুষ উন্নতির যুগ বলে অভিহিত করে থাকে, নতুন নতুন ও রকমারি শারাব বের করে নতুন নতুন নাম দিচ্ছে, স্বাদেরও নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে নানা পদ্ধতিতে তার প্রচলন ঘটাচ্ছে, অনুরূপভাবে জুয়ারও নানা প্রকার পন্থা বের করা হয়েছে৷ এর মধ্যে অনেক দিক রয়েছে যা সামগ্রিক৷ এসব নতুন পদ্ধতিতে সম্মিলিতভাবে গোটা জাতির কাছ থেকে কিছু কিছু করে টাকা নেয়া হয় এবং ক্ষতিটা সকলের মধ্যে বন্টন করা হয়৷ ফলে তা দেখার মত কিছু হয় না৷ আর যে ব্যক্তি এ অর্থ পায়, তা সকলের দৃষ্টিতে ধরা পড়ে৷ ফলে অনেকেই তার ব্যক্তিগত লাভ লক্ষ্য করে জাতির সমষ্টিগত ক্ষতির প্রতি ভ্রুক্ষেপও করে না৷ এ জন্য অনেকেই এ নতুন প্রকারের জুয়া জায়েয বলে মনে করে৷ অথচ এতেও সেসব ক্ষতিই নিহিত, যা সীমিত জুয়ায় বিদ্যমান৷ একদিক দিয়ে জুয়ার এই নতুন পদ্ধতি প্রাচীন পদ্ধতির জুয়া অপেক্ষা অধিক ক্ষতিকর এবং এর প্রতিক্রিয়া সুদূরপ্রসারী ও সমগ্র জাতির পতনের কারণ হয়ে দাঁড়ায়৷ কারণ, এর ফলে জাতির সাধারণ মানুষের সম্পদ দিন দিন কমতে থাকে; আর কয়েকজন পুঁজিপতির মাল বাড়তে থাকে৷ এতে সমগ্র জাতির সম্পদ কয়েক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হওয়ার পথ খুলে যায়৷

পক্ষান্তরে ইসলামী জীবন-ব্যবস্থার বিধান হচ্ছে এই যে, যেসব ব্যবস্থায় সমগ্র জাতির সম্পদ মুষ্টিমেয় কয়েক ব্যক্তির হাতে জমা হওয়ার পথ খোলে, সে সবগুলো পন্থাই হারাম৷ এ প্রসঙ্গে কুরআন ঘোষণা করেছেঃ

كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنكُمْ ۚ

অর্থাৎ, সম্পদ বন্টন করার যে নিয়ম কুরআন নির্ধারণ করেছে, তার উদ্দেশ্য হচ্ছে এই যে, ধন-দৌলত যেন কয়েকজন পুঁজিপতির হাতে পুঞ্জীভূত না হয়ে পড়ে৷

তাছাড়া জুয়ার আরো একটা ক্ষতিকর দিক হচ্ছে এই যে, জুয়াও শারাবের মত পারস্পরিক ঝগড়া-বিবাদ ও ফিতনা-ফাসাদ সৃষ্টি করে৷ পরাজিত ব্যক্তি স্বাভাবিকভাবেই জয়ী ব্যক্তির প্রতি ঘৃণা পোষণ করে এবং শত্রু হয়ে দাঁড়ায়৷ সুতরাং জুয়া সমাজ ও সভ্যতার জন্য অত্যন্ত মারাত্মক বিষয়৷ কাজেই, কুরআন কারীম বিশেষভাবে এ ক্ষতির কথা উল্লেখ করেছে৷

إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ

অর্থাৎ, শয়তান শারাব ও জুয়ার দ্বারা তোমাদের মধ্যে ঝগড়া-বিবাদ, শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করতে এবং তোমাদেরকে আল্লাহ্‌র যিকির ও নামায থেকে বিরত রাখতে চায়৷

ফিকাহ শাস্ত্রের কয়েকটি নিয়মঃ এ আয়াতে শারাব ও জুয়ার কিছু আপাত উপকারের কথা স্বীকার করেও তা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে৷ যার ফলে বোঝা গেল যে, কোন বস্তু কিংবা কোন কাজে দুনিয়ার সাময়িক উপকার বা লাভ থাকলেই শরী‘আত একে ‘হারাম করতে পারে না, এমন কথা নয়৷ কেননা, যে খাদ্য বা অষুধে উপকারের চাইতে ক্ষতি বেশী, তাকে কোন অবস্থাতেই প্রকৃত উপকারী বলে স্বীকার করা যায় না৷ অন্যথায় পৃথিবীর সবচাইতে খারাপ বস্তুতেও কিছু না কিছু উপকার নিহিত থাকা মোটেও বিচিত্র নয়৷ প্রাণসংহারক বিষ, সাপ-বিচ্ছু বা হিংস্র জন্তুর মধ্যেও কিছু না কিছু উপকারিতার দিক অবশ্যই খুঁজে পাওয়া যায়৷ কিন্তু সামগ্রিকভাবে আভ্যন্তরীণ দিক দিয়ে যেসব বস্তুতে উপকারের তুলনায় ক্ষতি বেশী, শরী‘আত সেগুলোকেও ‘হারাম সাব্যস্ত করেছে৷ চুরি-ডাকাতি, যেনা-প্রতারণা এমন কি আছে, যাতে উপকার কিছুই নেই? কেননা, কিছু না কিছু উপকার না থাকলে কোন বুদ্ধিমান মানুষ এর ধারে-কাছেও যেতো না৷ বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে, এসব কাজে তারাই বেশী লিপ্ত, যারা অপেক্ষাকৃত বুদ্ধিমান ও বিচক্ষণ বলে বিবেচিত৷ তাতেই বুঝা যায় যে, প্রতিটি অন্যায় কাজেও কিছু না কিছু উপকার অবশ্যই আছে৷ তবে যেহেতু এ সবের উপকারের চাইতে ক্ষতি মারাত্মক, এজন্য কোন সুবুদ্ধিসম্পন্ন লোক এগুলোকে উপকারী বা ‘হালাল বলবে না৷ ইসলামী শরী‘আত শারাব ও জুয়াকে এই ভিত্তিতেই ‘হারাম বলে ঘোষণা করেছে৷

ফিকাহ্‌র আর একটি আইনঃ এ আয়াতের দ্বারা একথাও প্রতীয়মান হয় যে, উপকার হাসিল করার চাইতে ক্ষতি রোধ করাকে অগ্রাধিকার দেওয়া বিধেয়৷ অর্থাৎ, কোন একটি কাজে কিছু উপকারও হয়, আবার ক্ষতিও হয়, এক্ষেত্রে ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য লাভ ত্যাগ করতে হবে৷ এমন উপকার সর্বাবস্থায় পরিত্যাজ্য যা ক্ষতি বহন করে৷

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ