আন-নিসা, আয়াত ১৫৫-১৭৬

পৃষ্ঠা নং ২৯৭

যেসব পয়গম্বর আগমন করেছেন, তাদের সম্পর্কে প্রথমে সাধারণভাবে বলার পর তন্মধ্যে বিশিষ্ট্য ও মর্যাদাসম্পন্ন কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এতে বোঝানো হয়েছে যে, এঁরা সবাই আল্লাহর পয়গম্বর এবং নবিগণের নিকটে বিভিন্ন পন্থায় ওহী প্রেরিত হয়েছে। কখনো ফেরশতার মাধ্যমে ওহী পৌঁছেছে, কখনো লিপিবদ্ধ কিতাব আকারে এসেছে, আবার কখনো আল্লাহ তাআলা রসুলের সাথে সরাসরি কথোপকথন করেছেন। সারকথা যে কোন পন্থায় ওহী পৌঁছুক না কেন, তদনুযায়ী আমল করা মানুষের একান্ত কর্তব্য। অতএব, ইহুদীদের এরূপ আবদার করা যে, তওরাতের মত লিখিত কিতাব নাযিল হলে আমরা মান্য করবো, অন্যথায় নয়-সম্পূর্ণ আহম্মকী ও স্পষ্ট কুফরী।

হযরত আবু যর গিফারী (রাঃ) থেকে বর্ণিত আছে যে, রসুলুল্লাহ (সাঃ)বলেছেন- আল্লাহ তাআলা একলাখ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরণ করেছেন, যাঁদের মধ্যে স্বতন্ত্র শরীয়তের অধিকারী রসূলের সংখ্যা ছিল তিন’শ তের জন।– (তাফসীরে-কুরতুবী)

رُّسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ “পয়গম্বরগণ সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী।” আল্লাহ তাআলা ঈমানদারদের ঈমান ও সৎকর্মশীলতার পুরস্কারস্বরূপ বেহেশতের সুসংবাদ দান করার জন্য এবং কাফের, বেঈমান ও দুরাচারদের কুফরী ও অবাধ্যতার শাস্তিস্বরূপ জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির ভীতি প্রদর্শনের জন্য যুগে যুগে, দেশে দেশে অব্যাহতভাবে নবী প্রেরণ করেছেন যেন কেয়ামতের শেষ বিচারের দিনে অবাধ্য ব্যক্তিরা অজুহাত উত্থাপন করতে না পারে যে, ইয়া আল্লাহ, কোন কাজে আপনি সন্তুষ্ট আর কোন কাজে বিরাগ হন, তা আমরা উপলব্ধি করতে পারিনি। জানতে পারলে অবশ্যই আমরা আপনার সন্তুষ্টির পথ অবলম্বর করতাম। অতএব, আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয় এবং আমরা নিরপরাধ। পথভ্রষ্ট লোকেরা যাতে এহেন অজুহাত পেশ করতে বা বাহানার আশ্রয় নিতে না পারে, তজ্জন্য আল্লাহ তাআলা অলৌকিক মোজেযাসহ নবিগণকে প্রেরণ করেছেন এবং তারা সর্বস্ব উৎসর্গ করে সত্য পথ প্রদর্শন করেছেন। অতএব, এখন আর সত্য দ্বীন ইসলাম গ্রহণ না করার ব্যাপারে কোন অজুহাত গ্রহণযোগ্য হবে না, কোন বাহানারও অবকাশ নেই। আল্লাহর ওহী এমন এক প্রকৃষ্ট প্রমাণ যার মোকাবিলায় অন্য কোন প্রমাণই কার্যকর হতে পারে না। কোরআন পাক এমন এক অকাট্য দলীল যার সামনে কোন অযুক্তি টিকতে পারে না। আল্লাহ তাআলা হেকমত ও তদবীরের এটা এক কল্পনাতীত নিদর্শন।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন- একদা হযরত রসূলুল্লাহ (সাঃ)-এর সমীপে একদল ইহুদী উপস্থিত হলো। রসূলুল্লাহ (সাঃ) তাদেরকে লক্ষ্য করে বললেন,-আল্লাহর কসম! তোমরা সন্দেহাতীতভাবে জান যে, আমি আল্লাহ তাআলার সত্য রসূল। তারা অস্বীকার করলো। তখনই ওহী নাযিল হলঃ لَّٰكِنِ اللَّهُ يَشْهَدُ بِمَا أَنزَلَ إِلَيْكَ অর্থাৎ, আল্লাহ তাআলা ঐ কিতাবের (আল-কোরআনের) মাধ্যমে যা তাঁর পরিপূর্ণ জ্ঞানের নিদর্শন, আপনার নবুওয়াতের সাক্ষ্য দিচ্ছেন। তিনি আপনাকে ঐ কিতাবের যোগ্য জেনেই কিতাব নাযিল করেছেন। আর ফেরেশেতাগণও এর সাক্ষী। অধিকন্ত সর্বজ্ঞানী আল্লাহ তাআলার সাক্ষ্যদানের পর আর কোন সাক্ষ্য-প্রমাণের প্রয়োজন নাই।

মহানবী (সাঃ) ও কোরআন পাকের সত্যতা প্রমাণের পর আল্লাহ তাআলা বলেনঃ এখনও যারা কোরআন মজীদ ও রসূল করীম (সাঃ)-কে অস্বীকার করে এবং তাওরাতে রসূল (সাঃ)-এর যেসব গুণ-বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে তা গোপন করে এবং এক কথায় অন্য কথা লোকের কাছে প্রকাশ করে এবং তাদেরকে সত্য দ্বীন হতে বিরত ও বঞ্চিত করে, এহেন চরম অপরাধীদের কস্মিনকালেও ক্ষমা ও হেদায়েত লাভের সৌভাগ্য হবে না। এতদ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে, একমাত্র হযরত রসূলুল্লাহ (সাঃ)-এর আনুগত্যের মধ্যেই হেদায়েত সীমাবদ্ধ ; তাঁর অবাধ্যতা ও বিরুদ্ধাচারণ করা চরম গোমরাহী। অতএব, ইহুদীদের-ধ্যান-ধারণা, ধর্ম-কর্ম ভ্রান্ত ও বাতিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ