পৃষ্ঠা নং ২৯৯
(দুই) কারো মতে আধ্যাত্মিক জীবন দান করে মানুষের মৃতপ্রায় অন্তরকে পুনরুজ্জীবিত করার জন্য হযরত ঈসা (আঃ) প্রেরিত হয়েছিলেন। দৈহিক জীবনের মূল যেমন রূহ বা প্রাণ, তদ্রুপ হযরত ঈসা (আঃ) ছিলেন আধ্যাত্মিক জীবনের প্রাণ স্বরূপ। অতএব, তাঁকে ‘রূহ’ বলে আখ্যা দেয়া হয়েছে। যেমন وَكَذَٰلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا আয়াতে পবিত্র কোরআনকেও ‘রূহ’ বলে অভিহিত করা হয়েছে। কেননা, কোরআনপাক আধ্যাত্মিক জীবনের উৎসমূল।
(তিন) কেউ বলেন- ‘রূহ’ শব্দটি রহস্য অর্থেও ব্যবহৃত হয়। এখানে এ অর্থই অধিক সমীচীন। কারণ, হযরত ঈসা (আঃ)-এর নজীরহীন ও বিস্ময়কর জয় আল্লাহ তাআলার অসীম কুদরতের নিদর্শন ও রহস্য। এজন্যই তাঁকে ‘রূহুল্লাহ’ বলা হয়।
(চার) আরেকটি অভিমত এই যে, روح (রুহ) শব্দ ফুঁক অর্থেও ব্যবহৃত হয়। আল্লাহ পাকের নির্দেশক্রমে হযরত জিবরাঈল (আঃ) হযরত মরিয়ম (আঃ)-এর গলবন্দে ফুঁক দিয়েছিলেন। আর তার ফলেই তিনি গর্ভবতী হয়েছিলেন। যেহেতু হযরত ঈসা (আঃ) শুধু ফুৎকারে জন্মগ্রহণ করেছিলেন, তাই তাঁকে রুহুল্লাহ খেতাব দেয়া হয়েছে। কোরআন পাকে এদিকেই ইঙ্গিত করে বলা হয়েছে। فَنَفَخْنَا فِيهَا مِن رُّوحِنَا
এতদ্ব্যতীত আরো কতিপয় ব্যাখ্যার অবকাশ রয়েছে। তবে হযরত ঈসা (আঃ) আল্লাহর সত্তার অংশ ছিলেন বা আল্লাহই ঈসা (আঃ)-এর মানবীয় দেহে আত্মপ্রকাশ করেছিলেন-এমন অর্থ করা বা ধারণা পোষণ করা সম্পূর্ণ ভ্রান্ত ও বাতিল।
একটি ঘটনাঃ আল্লামা আলুসী (রাহঃ) লিখেছেন যে, একদিন খলিফা হারুনুর রশীদের দরবারে জনৈক খৃস্টান চিকিৎসক হযরত আলী ইবনে হোসাইন ওয়াকেদীর সাথে তর্কে প্রবৃত্ত হয়। সে বলল,- তোমাদের কোরআনে এমন একটি শব্দ রয়েছে যার দ্বারা বোঝা যায় যে, হযরত ঈসা (আঃ) আল্লাহর অংশ ছিলেন। প্রমাণ স্বরূপ সে কোরআনের رُوحٌ مِّنْهُ শব্দটি পেশ করল। তদুত্তরে আল্লামা ওয়াকেদী কোরআন পাকের আয়াত وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ পাঠ করলেন। এখানে جَمِيعًا مِّنْهُ শব্দ দ্বারা সব কিছুকে আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত করা হয়েছে। যার অর্থ আসমান ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর পক্ষ হতে। অতএব, رُوحٌ مِّنْهُ শব্দের অর্থ যদি করা হয় যে, ঈসা (আঃ) আল্লাহর অংশ, তবে جَمِيعًا مِّنْهُ শব্দের অর্থ করতে হবে আসমানে ও যমীনে যা কিছু আছে তা সবই আল্লাহর অংশ। (নাযুবিল্লাহি মিন যালিক)।
অতএব, হযরত ঈসা (আঃ)-এর বিশেষ কোন মর্যাদা সাব্যস্ত হয় না। এ উত্তর শুনে খৃস্টান চিকিৎসক নিরুত্তর হয়ে গেল এবং ইসলাম গ্রহণ করলো।
وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ কোরআন নাযিলের সমসাময়িক কালে খৃস্টানরা যেসব উপদলে বিভক্ত ছিল, তন্মমধ্যে ত্রিত্ববাদ সম্পর্কে তাদের ধর্মবিশ্বাস তিনটি ভিন্ন ভিন্ন মূলনীতির উপর প্রতিষ্ঠিত ছিল। একদল মনে করতো- মসীহই খোদা। স্বয়ং খোদাই মসীহরূপে পৃথিবীতে আবির্ভুত হয়েছেন। দ্বিতীয় দল বলতো-মসীহ পুত্র। তৃতীয় দলের বিশ্বাস ছিল, তিন সদস্য সমন্বয়ে খোদার একক পরিবার। এ দলটি দু’টি উপদলে বিভক্ত ছিল। এক দলের মতে পিতা, পুত্র ও মরিয়ম এ তিনের সমন্বয়ে এক খোদা। অন্য এক দলের মতে হযরত মরিয়ম (আঃ)-এর পরিবর্তে রূহুল কুদুস পবিত্রাত্মা হযরত জিবরাঈল (আঃ) ছিলেন তিন খোদার একজন।
মোটকথা, খৃস্টানরা হযরত ঈসা মসীহ্ (আঃ)-কে তিনের এক খোদা মনে করতো। তাদের ভ্রান্তি অপনোদনের জন্য কোরআন করীমে প্রত্যেকটি উপদলকে ভিন্ন ভিন্নভাবে সম্বোধন করা হয়েছে এবং সম্মিলিতভাবেও সম্বোধন করা হয়েছে। তাদের সামনে স্পষ্ট ও জোরলোভাবে তুলে ধরা হয়েছে যে, সত্য একটিই। আর তা হল হযরত ঈসা মসীহ (আঃ) তাঁর মাতা হযরত মরিয়মের গর্ভে জন্মগ্রহণকারী একজন মানুষ ও আল্লাহ তাআলার সত্য রসূল। এর অতিরিক্ত তাঁর সম্পর্কে যা কিছু বলা বা ধারণা করা হয়, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বাতিল। তাঁর প্রতি ইহুদীদের মত অবজ্ঞা বা ঈর্ষা পোষণ করা অথবা খৃষ্টানদের মত অতি ভক্তি প্রদর্শন করা সমভাবে নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।
কোরআন মজীদের অসংখ্য আয়াতে একদিকে ইহুদী-খৃস্টানদের পথভ্রষ্টতা দৃঢ়ভাবে প্রকাশ করা হয়েছে, অপরদিকে আল্লাহ তাআলার দরবারে হযরত ঈসা (আঃ)-এর উচ্চ মর্যাদা ও বিশেষ সম্মানের অধিকারী হওয়ার কথাও জোরালোভাবে ব্যক্ত করা হয়েছে। ফলে অবজ্ঞা ও অতিভক্তি দু’টি পরস্পর বিরোধী ভ্রান্ত মতবাদের মধ্যবর্তী সত্য ও ন্যায়ে সঠিক পথ উজ্জ্বল হয়ে উঠেছে।
لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا
অর্থাৎ, আসমান ও যমীনে উপর হতে নীচে পর্যন্ত যা কিছু আছে সবই আল্লাহ তাআলার সৃষ্টি ও তাঁর বান্দা। অতএব, তাঁর কোন অংশীদার বা পুত্র-পরিজন হতে পারে না। আল্লাহ তাআলা একাই সর্বকার্য সম্পাদনকারী এবং সকলের কার্য সম্পাদনের জন্য তিনি একাই যথেষ্ট; অন্য কারো সাহায্য-সহায়তার প্রয়োজন নেই। তিনি একক; তাঁর কোন অংশীদার বা পুত্র-পরিজন থাকতে পারে না।
সারকথা, কোন সৃষ্ট ব্যক্তিরই স্রষ্টার অংশীদার হওয়ার যোগ্যতা নেই। আল্লাহ্ তাআলার পবিত্র সত্তার জন্য এর অবকাশও নেই, প্রয়োজনও নেই। অতএব, একমাত্র বিবেকবর্জিত, ঈমান হতে বঞ্চিত ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলার সৃষ্ট কোন জীবকে তাঁর অংশীদার বা পুত্র বলা অন্য কারো পক্ষে সম্ভব নয়।
ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা হারামঃ لَا تَغْلُوا فِي دِينِكُمْ আয়াতে ইহুদী-নাসারাগণকে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। غلو শব্দের অর্থ সীমা ছাড়িয়ে যাওয়া। ইমাম জাসসাস ‘আহকামুল-কোরআনে’ লিখেছেনঃ الغلوفى الدين هومجاوزة حد الحق فيه অর্থাৎ, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার অর্থ তার ন্যায়সঙ্গত সীমা রেখা অতিক্রম করা।
আহলে কিতবা অর্থাৎ, ইহুদী-খৃস্টান উভয় জাতিকে নির্দেশ দেয়া হয়েছে যে, ধর্মের ব্যাপারে কোনরূপ বাড়াবাড়ি করো না। কারণ, এ বাড়াবাড়ির রোগে উভয় জাতিই আক্রান্ত হয়েছে। খৃস্টানরা হযরত ঈসা (আঃ)-কে ভক্তি-শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। তাঁকে স্বয়ং খোদা, খোদার পুত্র অথবা তিনের এক খোদা বানিয়ে দিয়েছে। অপর দিকে ইহুদীরা তাঁকে অমান্য ও প্রত্যাখ্যান করার দিক দিয়ে বাড়াবাড়ির শিকার হয়েছে। তারা হযরত ঈসা (আঃ)-কে আল্লাহর নবী হিসেবে স্বীকার করেনি। বরং তাঁর মাতা হযরত মরিয়ম (আঃ)-এর উপর মারাত্মক অপবাদ আরোপ করেছে এবং তাঁর নিন্দাবাদ করেছে।