পৃষ্ঠা নং-১৩৮
এরপরে বর্ণিত তালূতের কাহিনী দ্বারা বোঝানো হয়েছে যে, মর্যাদা ও কর্তৃত্বপ্রাপ্তি ধন-সম্পদের উপর নির্ভরশীল নয়। এটা একান্তভাবেই আল্লাহ্র ইচ্ছার উপর নির্ভরশীল। পরন্তু যারা জানের পরোয়া না করেই আল্লাহ্র পথে জীবন উৎসর্গ করে, তাদের নজীর এবং প্রতিফলও তালূতের ঘটনাতে বিধৃত হয়েছে। অতঃপর সম্পদ আল্লাহ্র পথে বিলিয়ে দিয়ে জীবনের প্রকৃত সাফল্য লাভ করার উপদেশ দিয়ে বলা হয়েছে-
….. أَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم -অর্থাৎ, আমি তোমাদেরকে যে উপজীবিকা দান করেছি, তা থেকে ব্যয় কর।
যেহেতু সম্পদ ব্যয় করার উপর অনেক ‘ইবাদত ও মু‘আমালাত নির্ভরশীল, তাই এ বিষয়টি সমধিক বিস্তারিতভাবে এবং গুরুত্বসহকারে বর্ণনা করা হয়েছে। পরবর্তী রুকু’তেও বেশীর ভাগ আলোচনা সম্পদ ব্যয় প্রসঙ্গেই করা হয়েছে। যার অর্থ দাঁড়ায় এই যে, এখনই কাজ করার সময়। পরকালে কোন কাজ বা ক্রয়-বিক্রয় চলবে না, আর বন্ধুত্বের খাতিরেও কেউ দেবে না। পক্ষান্তরে কেউ এসে সুপারিশ করে মুক্ত করবে তাও সম্ভব হবে না; যতক্ষণ আল্লাহ্ নিজে না ছাড়বেন।
আয়াতুল্ কুরসীর বিশেষ ফযীলতঃ এ আয়াতটি কুরআনের সর্ববৃহৎ আয়াত। ‘হাদীসে এ আয়াতের অনেক ফযীলত ও বরকত বর্ণিত হয়েছে। মুসনাদে আ‘হমাদ গ্রন্থে বর্ণিত আছে যে, রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) এটিকে সবচাইতে উত্তম আয়াত বলে উল্লেখ করেছেন। অন্য এক ‘হাদীসে আছে, রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) উবাই ইবনে কা’বকে জিজ্ঞেস করেছিলেন, কুরআনের মধ্যে কোন্ আয়াতটি সবচাইতে বড় ও গুরুত্বপূর্ণ? উবাই ইবনে কা’ব আরয করলেন, তা হচ্ছে আয়াতুল-কুরছি। রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) তা সমর্থন করে বললেন- হে আবুল মান্যার। তোমাকে এ উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ।
নাসায়ী শরীফের এক বর্ণনাতে রয়েছে যে, হুযুরে আকরম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন,- ‘যে লোক প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল-কুরসী নিয়মিত পাঠ করে, তার জন্য বেহেশতের প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া অন্য কোন অন্তরায় থাকে না।’ অর্থাৎ, মৃত্যুর সাথে সাথেই সে বেহেশতের ফলাফল এবং আরাম-আয়েশ উপভোগ করতে শুরু করবে।
এ আয়াতে মহান পরওয়ারদেগার আল্লাহ্ জাল্লা-শা’নুহুর একক অস্তিত্ব, তাও‘হীদ ও গুণাবলীর বর্ণনা এক অত্যাশ্চর্য ও অনুপম ভঙ্গিতে দেয়া হয়েছে, যাতে আল্লাহ্র অস্তিত্ববান হওয়া, জীবিত হওয়া, শ্রবণকারী হওয়া, দর্শক হওয়া, বাকশক্তিসম্পন্ন হওয়া, তাঁর সত্তার অপরিহার্যতা, তাঁর অসীম-অনন্তকাল পর্যন্ত থাকা, সমগ্র বিশ্বের স্রষ্টা ও উদ্ভাবক হওয়া, যাবতীয় ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রভাব থেকে মুক্ত হওয়া, সমগ্র বিশ্বের একচ্ছত্র অধিপতি হওয়া, এমন শ্রেষ্ঠত্ব ও মহত্বের অধিকারী হওয়া যাতে তাঁর অনুমতি ছাড়া তাঁর সামনে কেউ কোন কথা বলতে না পারে, এমন পরিপূর্ণ ক্ষমতার অধিকারী হওয়া যাতে সমগ্র বিশ্ব ও তার যাবতীয় বস্তুনিচয়কে সৃষ্টি করা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং তাদের শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে তাঁকে কোন ক্লান্তি বা পরিশ্রান্তির সম্মুখীন হতে হয় না। এবং এমন ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া, কোন প্রকাশ্য কিংবা গোপন বস্তু কিংবা কোন অণু-পরমাণুর বিন্দু-বিসর্গও যাতে বাদ পড়তে না পারে। এই হচ্ছে আয়াতটির মোটামোটি ও সংক্ষিপ্ত বিষয়বস্তু। এ আয়াতটিতে দশটি বাক্য রয়েছে। প্রথম বাক্য-
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ এতে ‘আল্লাহ্’ শব্দটি অস্তিত্ববাচক নাম। অর্থ, সে সত্তা যা সকল পরাকাষ্ঠার অধিকারী ও সব কিছু থেকে মুক্ত। لَا إِلَٰهَ إِلَّا هُوَ সে সত্তারই বর্ণনা, যে সত্তা ‘ইবাদতের যোগ্য। ‘ইলাহ্’ সে সত্তা ব্যতীত অন্য কেউ নেই।
দ্বিতীয় বাক্য الْحَيُّ الْقَيُّومُ ۚ ‘আরবী ভাষায় حَيٌّ অর্থ হচ্ছে জীবিত। আল্লাহ্র নামের মধ্য থেকে এ নামটি ব্যবহার করে বলে দিয়েছে যে, তিনি সর্বদা জীবিত ও বিদ্যমান থাকবেন; মৃত্যৃ তাঁকে স্পর্শ করতে পারবে না। قيُّوم শব্দ ক্বিয়াম শব্দ হতে উৎপন্ন, ইহা ব্যুৎপত্তিগত আধিক্যের অর্থ ব্যবহৃত। এর অর্থ হচ্ছে এই যে, তিনি নিজে বিদ্যমান থেকে অন্যকেও বিদ্যমান রাখেন এবং নিয়ন্ত্রণ করেন। ‘ক্বইয়ূম’ আল্লাহ্র এমন এক বিশেষ গুণ যাতে কোন সৃষ্টি অংশীদার হতে পারে না। তাঁর সত্তা স্থায়িত্বের জন্য কারো মুখোপেক্ষী নয়। কেননা, যে নিজের স্থায়িত্ব ও অস্তিত্বের জন্য অন্যের মুখাপেক্ষী, সে অন্যের পরিচালনা ও নিয়ন্ত্রণ কি করে করবে? সে জন্যই কোন মানুষকে ‘ক্বইয়ূম’ বলা জায়েয নয়। যারা ‘আবদুল ক্কইয়ূম’ নামকে বিকৃত করে শুধু ‘ক্বইয়ূম’ বলে তারা গোনাহগার হবে।
আল্লাহ্র গুণবাচক নামের মধ্যে حَيٌّ وَ قَيُّوْمٌ অনেকের মতে ‘ইসমে-আ’যম’। হযরত ‘আলী (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বলেছেন যে, বদরের যুদ্ধে আমি একবার চেয়েছিলাম যে, রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে দেখবো তিনি কি করছেন। সেখানে গিয়ে দেখলাম, তিনি সিজদায় পড়ে يَا حَيُّ يَا قَيُّوْمُ বলছেন।
তৃতীয় বাক্য لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ – سِنَةٌ সীন-এর যের দ্বারা উচ্চারণ করলে এর অর্থ হয় তন্দ্রা বা নিদ্রার প্রাথমিক প্রভাব। نَوْمٌ পূর্ণ নিদ্রাকে বলা হয়। এর অর্থ হচ্ছে এই যে, আল্লাহ তা‘আলা তন্দ্রা ও নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত। পূর্ববর্তী বাক্যে ‘ক্বইয়ূম’ শব্দে মানুষকে জানিয়ে দেয়া হয়েছে যে, আসমান ও যমিনের যাবতীয় বস্তুর নিয়ন্ত্রণকারী হচ্ছেন আল্লাহ্ তা‘আলা। সমস্ত সৃষ্টিরাজি তাঁর আশ্রয়েই বিদ্যমান। এতে করে হয়তো ধারণা হতে পারে যে, যে সত্তা এত বড় কার্য পরিচালনা করছেন, তাঁর কোন সময় ক্লান্তি আসতে পারে এবং কিছু সময় বিশ্রাম ও নিদ্রার জন্য থাকা দরকার। দ্বিতীয় বাক্য দ্বারা সীমিত জ্ঞান-বুদ্ধিসম্পন্ন মানুষকে জানানো হয়েছে যে, আল্লাহ্কে নিজের বা অন্য কোন সৃষ্টির সঙ্গে তুলনা করবে না, নিজের মতো মনে করবে না। তিনি সমকক্ষতা ও সকল তুলনার উর্ধ্বে। তাঁর পরিপূর্ণ ক্ষমতার পক্ষে এসব কাজ করা কঠিন নয়। আবার তাঁর ক্লান্তিরও কোন কারণ নেই। আর তাঁর সত্তা যাবতীয় ক্লান্তি, তন্দ্রা ও নিদ্রার প্রভাব থেকে মুক্ত ও পবিত্র।
চতুর্থ বাক্য لّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ বাক্যের প্রারম্ভে ব্যবহৃত لام অক্ষর-মালিকানা অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, আকাশ এবং যমিনে যা কিছু রয়েছে সে সবই আল্লাহ্র মালিকানাধীন। তিনি স্বয়ংসম্পূর্ণ ইচ্ছাশক্তির মালিক। যেভাবে ইচ্ছা তাকে নিয়ন্ত্রণ করতে পারেন।
পঞ্চম বাক্য- مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ অর্থ হচ্ছে, এমন কে আছে, যে তাঁর সামনে কারো সুপারিশ করতে পারে, তাঁর অনুমতি ব্যতীত? এতে কয়েকটি মাস্আলা বর্ণনা করা হয়েছে।
প্রথম হচ্ছে এই যে, যখন আল্লাহ তা‘আলা যাবতীয় সৃষ্টবস্তুর মালিক এবং কোন বস্তু তাঁর চাইতে বড় নয়, তাই কেউ তাঁর কোন কাজ সম্পর্কে প্রশ্ন করার অধিকারী নয়। তিনি যা কিছু করেন, তাতে কারো আপত্তি করার অধিকার নেই। তবে এমন হতে পারতো যে, কেউ কারো জন্য-