পৃষ্ঠা নং-১৩৫
করতে নিষেধ করার মাঝেও বহু তাৎপর্য নিহিত। একটি হচ্ছে এই যে, যদি এ পলায়নের প্রথা চলতে থাকে, তবে সাধারণভাবে ও সমষ্টিগতভাবে সবাই ক্ষতিগ্রস্ত হবে। যারা সক্ষম ও সবল তারা তো সহজেই পালাতে পারে, কিন্তু যারা দুর্বল তাদের অবস্থা কি হবে? আর যারা রোগাক্রান্ত তাদের সেবা-শুশ্রুষা কিংবা মারা গেলে দাফন-কাফনেরই বা কি ব্যবস্থা হবে?
দ্বিতীয়তঃ যারা সেখানে ছিল, তাদের মধ্যে হয়তো রোগের জীবাণু প্রবেশ করে থাকবে। এমতাবস্থায় তারা যদি বাড়ী-ঘর ছেড়ে বের হয়ে থাকে, তবে তাদের দুঃখ-দুর্দশা আরো বেড়ে যাবে। কারণ, প্রবাসজীবনে রোগাক্রান্ত হলে যে কি অবস্থা হয় তা সবারই জানা।
তৃতীয়তঃ যদি তাদের মধ্যে রোগের জীবাণু ক্রিয়া করে থাকে, তবে তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে। আর যদি নিজের জায়গায় আল্লাহ্র উপর ভরসা করে পড়ে থাকে, তবে হয়তো নাজাত পেতে পারে। আর যদি এ রোগে মারা যাওয়াই তার ভাগ্যে থাকে, তবে ধৈর্য ও স্থিরতা অবলম্বন করার বদলায় শহীদের মর্যাদা লাভ করবে।
ইমাম বোখারী (রহঃ) ইয়াহইয়া ইবনে ইয়া’মার থেকে বর্ণনা করেছেন যে, হযরত আয়েশা (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) তাঁকে জানিয়েছেন যে, তিনি রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে প্লেগ-মহামারী সম্পর্কে জিজ্ঞেস করলে রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে বলেছেন, এ রোগটি আসলে শাস্তিরূপে অবতীর্ণ হয়েছিল এবং যে জাতিকে শাস্তি দেয়া উদ্দেশ্য হতো তাদের ভেতরে পাঠানো হতো। অতঃপর আল্লাহ্ তা’আলা একে মুমিনদের জন্য রহমতে পরিবর্তিত করে দিয়েছেন। আল্লাহ্র যেসব বান্দা এরোগের প্রাদুর্ভাব দেখা দেয়া সত্ত্বেও নিজ এলাকায়ই ধৈর্যসহকারে বসবাস করে এবং এ বিশ্বাস রাখে যে, তার শুধু সে বিপদই হতে পারে, যা আল্লাহ্ তা’আলা তার জন্য লিখে রেখেছেন, তবে এমন ব্যক্তি শহীদের মত সওয়াব পাবে। হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)- এর বাণী- ‘প্লেগ শাহাদত এবং প্লেগে আক্রান্ত ব্যক্তি শহীদ’-এর ব্যাখ্যাও তাই।
এ আয়াতের দ্বারা বোঝা যায় যে, মৃত্যুর ভয়ে জেহাদ থেকে পলায়ন করা ‘হারাম। এ বিষয়টি কুরআনের অন্যত্র বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে। অবশ্য কোন কোন বিশেষ অবস্থাকে নির্দেশের আওতা থেকে মুক্ত রাখা হয়েছে।
এটা একান্তই আল্লাহ্র কুদরত যে, সাহাবিগণের মধ্যে সবচেয়ে বড় সিপাহসালার আল্লাহ্র অসি হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) যার সমগ্র ইসলামী জীবনই জেহাদে অতিবাহিত হয়েছে, তিনি কোন জেহাদে শহীদ হননি; বরং রোগাক্রান্ত হয়ে বাড়ীতে ইন্তেকাল করেছেন। মৃত্যুর প্রাক্কালে বিছানায় পড়ে মৃত্যুবরণ করার আক্ষেপে তিনি অনুতাপ করেছিলেন এবং পরিবারের লোকদের লক্ষ্য করে বলেছিলেনঃ ‘আমি অমুক অমুক বিরাট বিরাট জেহাদে অংশগ্রহণ করেছি। আমার শরীরের এমন কোন জায়গা নেই যা তীর-বল্লম অথবা অন্য কোন মারাত্মক অস্ত্রের আঘাতে যখম হয়নি। কিন্তু অনুতাপের বিষয় এই যে, আজ আমি গাধার মত বিছানায় পড়ে মৃত্যুবরণ করছি। আল্লাহ্ যেন আমাকে ভীরু-কাপুরুষের প্রাপ্য শাস্তি না দেন। মৃত্যু ভয়ে যারা জেহাদ থেকে সরে থাকতে চায়, তাদেরকে আমার জীবনের এ উপদেশমূলক ঘটনাটি শুনিয়ে দিও।’
يُقْرِضُ اللهَ قَرْضًاحَسَنًا – কারজ বা ঋণ অর্থ নেক আমল ও আল্লাহ্র পথে ব্যয় করা। এখানে করজ বা ঋণ শব্দটি রূপক অর্থে বলা হয়েছে। অন্যথায় সবকিছুরই তো একমাত্র মালিক তিনিই। উদ্দেশ্য হচ্ছে এই যে, যেভাবে ঋণ পরিশোধ করা ওয়াজিব, এমনিভাবে তোমাদের সদ্ব্যয়ের প্রতিদান অবশ্যই দেয়া হবে।
বৃদ্ধি করার কথা এক হাদীসে এসেছে যে, আল্লাহ্র পথে একটি খেজুর দানা ব্যয় করলে, আল্লাহ্ তা’আলা একে এমনভাবে বৃদ্ধি করে দেবেন যে, তা পরিমাণে ওহুদ পাহাড়ের চেয়েও বেশী হবে।
আল্লাহ্কে ঋণ দেয়ার এ অর্থও বলা হয়েছে যে, তাঁর বান্দাদেরকে ঋণ দেয়া এবং তাদের অভাব পূরণ করা। তাই হাদীসে অভাবীদেরকে ঋণ দেয়ারও অনেক ফযীলত বর্ণিত হয়েছে। রসূল (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) ইরশাদ করেছেনঃ
(১) “কোন একজন মুসলমান অন্য মুসলমানকে একবার ঋণ দিলে এ ঋণদান আল্লাহ্র পথে সে পরিমাণ সম্পদ দু’বার সদকা করার সমতুল্য।”
(২) ইবনে আরাবী (রহঃ) বলেন, এ আয়াত শুনে মানুষের মধ্যে তিন ধরণের প্রতিক্রিয়া হয়েছিল। তন্মধ্যে একদল দুর্ভাগা বলাবলি করতো যে, মুহাম্মদের রব্ অভাবী এবং আমাদের মুখাপেক্ষী হয়ে পড়েছে; আর আমরা অভাবমুক্ত। এর উত্তরে ইরশাদ হয়েছেঃ
لَّقَدۡ سَمِعَ اللَّهُ قَوۡلَ الَّذِينَ قَالُوٓاْ إِنَّ اللَّهَ فَقِيرٌوَنَحۡنُ أَغۡنِيَآءُۘ
দ্বিতীয় দল হচ্ছে সে সমস্ত লোকের, যারা এ আয়াত শুনে এর বিরুদ্ধাচরণ এবং কার্পণ্য অবলম্বন করেছে। ধন-সম্পদের লোভ তাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলেছে যে, আল্লাহ্র পথে ব্যয় করার তৌফিক তাদের হয়নি।
তৃতীয় দল হচ্ছে সেসব নিষ্ঠাবান মুসলমানদের, যাঁরা এ ঘোষণা শোনার সাথে সাথেই সাড়া দিয়েছিলেন এবং নিজেদের পছন্দ করা সম্পদ আল্লাহ্র পথে ব্যয় করে দিয়েছিলেন। যেমন-আবুদ দারদাহ (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) প্রমুখ। এ আয়াত অবতীর্ণ হওয়ার পর হযরত আবুদ দারদাহ রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর খেদমতে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন,-হে আল্লাহ্র রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক! আল্লাহ্ তা’আলা কি আমাদের নিকট ঋণ চাচ্ছেন? তাঁর তো ঋণের প্রয়োজন নেই। আল্লাহ্র রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) উত্তর দিলেন যে, আল্লাহ্ তা’আলা এর বদলে তোমাদিগকে বেহেশতে প্রবেশ করাতে চাচ্ছেন। আবুদ দারদাহ্ একথা শুনে বললেন,- হে আল্লাহ্র রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম), হাত বাড়ান। তিনি হাত বাড়ালেন। আবুদ দারদাহ বলতে লাগলেন- ‘আমি আমার দু’টি বাগানই আল্লাহ্কে ঋণ দিলাম’। রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, একটি আল্লাহ্র রাস্তায় ওয়াক্ফ করে দাও এবং অন্যটি নিজের পরিবারের ভরণ-পোষণের জন্য রেখে দাও। আবুদ দারহ বললেন যে, আপনি সাক্ষী থাকুন, এ দুটি বাগানের মধ্যে যেটি উত্তম-যাতে খেজুরের ছয় শ’ ফলন্ত বৃক্ষ রয়েছে, সেটা আমি আল্লাহ্র রাস্তায় ওয়াক্ফ করলাম। আল্লাহ্র রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এর বদলে আল্লাহ্ তোমাকে বেহেশত দান করবেন।
আবুদ্ দারদাহ (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বাড়ী ফিরে স্ত্রীকে বিষয়টি জানালেন। স্ত্রীও তাঁর এ সৎকর্মের কথা শুনে অত্যন্ত খুশী হলেন। রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেনঃ খেজুরে পরিপূর্ণ অসংখ্য বৃক্ষ এবং প্রশস্ত অট্টালিকা আবুদ্ দারদাহ্র জন্য তৈরী হয়েছে।
(৩) ঋণ দেয়ার বেলায় তা ফেরত দেয়ার সময় যদি কিছু অতিরিক্ত দেয়ার কোন শর্ত করা না থাকে এবং নিজের পক্ষ থেকে যদি পিছু বেশী দিয়ে দেয়া হয়, তবে তা গ্রহণযোগ্য। রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেনঃ তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম যে তার (ঋণের) হককে উত্তমরূপে পরিশোধ করে।
তবে, যদি অতিরিক্ত দেয়ার শর্ত করা হয়, তাহলে তা সুদ এবং ‘হারাম বলে গণ্য হবে।