পৃষ্ঠা নং-২২৪
বুদ্ধির কাজ হলো আরও একটু এগিয়ে দেওয়া যাতে তোমরা বুঝতে পার, উপলব্ধি করতে পার যে, আসল কাজটি কি মাটি, পানি বা লোহা-তামার, না মেশিনের; আর নাইবা সেগুলোর মাধ্যমে তৈরী বাষ্পের। বরং কাজটি তাঁরই যিনি আগুন, পানি ও বায়ুকে সৃষ্টি করেছেন— যার ফলে এই বিদ্যুৎ, এই বাষ্প তোমরা পেতে পারছ।
এ ব্যাখ্যার দ্বারা প্রতীয়মান হলো যে, সেসব লোকই শুধু বুদ্ধিমান বলে আখ্যায়িত হওয়ার যোগ্য, যারা আল্লা-হকে চেনবেন এবং সর্বাবস্থায় সর্বক্ষণ তাঁকে স্মরণ করবেন।
সারকথা, আল্লা-হ তা’আলার সৃষ্টি ও সৃষ্টজগতের উপর চিন্তা-গবেষণা করে তার মাহাত্ম্য ও কুদরত সম্পর্কে অবগত হওয়া একটি মহৎ ও উচ্চ পর্যায়ের ইবাদাত। সেগুলোর মধ্যে গভীর মনোনিবেশ করে তা থেকে কোন শিক্ষা গ্রহণ না করা একান্তই নির্বুদ্ধিতা। উল্লেখিত আয়াতের শেষ বাক্যে আল্লা-হ’র নিদর্শনসমূহে চিন্তা গবেষণা করার ফলাফল বাতলে দেয়া হয়েছে। বলা হয়েছে رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا অর্থাৎ, আল্লা-হ তা’আলার সীমাহীন সৃষ্টির উপর যে লোক চিন্তা-ভাবনা করে সে লোক এই অবস্থায় না পৌঁছে পারে না যে, এসব বস্তু-সামগ্রীকে আল্লা-হ নিরর্থক সৃষ্টি করেননি বরং এসবের সৃষ্টির পেছনে হাজারো তাৎপর্য নিহিত রয়েছে। সে সমস্তকে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়ে মানুষকে চিন্তা-ভাবনা করার আমন্ত্রণ জানানো হয়েছে যে, সমগ্র পৃথিবী তাদের কল্যাণের জন্য তৈরী করা হয়েছে এবং তাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লা-হ তা’আলার ইবাদাত-আরাধনার উদ্দেশ্যে। এটাই হলো তাদের জীবনের লক্ষ্য। তারপর চিন্তা-গবেষণা করে এই তাৎপর্য আবিষ্কারে সমর্থ হয়েছে যে, গোটা এই বিশ্ব-সৃষ্টি নিরর্থক নয় বরং এগুলো সবই বিশ্বস্রষ্টা আল্লা-হ রব্বুল আলামীনের অসীম কুদরত ও হেকমতেরই প্রকৃষ্ট প্রমাণ।
পরবর্তীতে সে সমস্ত লোকের কয়েকটি স্বতঃস্ফুর্ত প্রার্থনা উল্লেখ করা হয়েছে যা তারা নিজেদের পালনকর্তাকে চিনে নিয়ে তাঁর মহান দরবারে পেশ করেছিলেন।
প্রথম আবেদনটি ছিল এই যে, فَقِنَا عَذَابَ النَّارِ অর্থাৎ, আমাদিগকে জাহান্নামের আযাব থেকে রক্ষা কর।
দ্বিতীয় আবেদনে আমাদিগকে আখেরাতের লাঞ্ছনা থেকে অব্যাহতি দান কর। কারণ, যাদেরকে তুমি জাহান্নামে প্রবিষ্ট করবে, তাদেরকে সমগ্র বিশ্বের সামনে লাঞ্ছিত করা হবে। কোন কোন ওলামা লিখেছেন, হাশরের মাঠের লাঞ্ছনা এমন এক আযাব হবে যার ফলে মানুষ কামনা করবে যে, হায়, যদি তাকে জাহান্নামেই দিয়ে দেয়া হতো; তবুও যদি তার অপকর্মের প্রচার গোটা হাশরের সামনে করা না হতো।
তৃতীয় আবেদনঃ আমরা তোমার পক্ষ থেকে আগত আহবানকারী রসূলে মকবুল (সাঃ)-এর আহবান শুনেছি এবং তাতে ঈমান এনেছি। সুতরাং তুমি আমাদের বড় গোনাহগুলো ক্ষমা করে দাও এবং আমাদিগকে নেককার ও সৎকর্মশীলদের সাথে মৃত্যু দান কর। অর্থাৎ, তাঁদের শ্রেণীভুক্ত করে দাও।