আলি ইমরান ১৭৪-২০০

পৃষ্ঠা নং-২২৬

(১) ইসলামী সীমান্তের হেফাযতে সুসজ্জিত হয়ে থাকা অপরিহার্য, যাতে ইসলামী সীমান্তের প্রতি শত্রুরা রক্তচক্ষু তুলে তাকাতেও সাহস না পায়।

(২) জামাতের নামাযের এমন নিয়মানুবর্তিতা করা যে, এক নামাযান্তেই দ্বিতীয় নামাযের জন্য অপেক্ষমান থাকা। এ দু’টি বিষয়ই ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মকবুল ইবাদাত। এর মাহাত্ম অসংখ্য অগণিত। এখানে কয়েকটি মাত্র লিখে দেয়া হলো।

‪          ‎রিবাত বা ইসলামী সীমান্ত রক্ষার ব্যবস্থাঃ ইসলামী সীমান্তের হেফাযত করার লক্ষে যুদ্ধের জন্যে প্রস্তুতি নিয়ে অপেক্ষারত থাকাকেই ‘রিবাত’ ও মোরাবাতাহ বলা হয়। এর দু’ টি রূপ হতে পারে। প্রথমতঃ যুদ্ধের কোন সম্ভাবনা নেই, সীমান্ত সম্পূর্ণ শান্ত, এমতাবস্থায় শুধুমাত্র অগ্রিম হেফাযত হিসাবে তার দেখা-শোনা করতে থাকা। এক্ষেত্রে পরিবার-পরিজনসহ সেখানে (সীমান্তে) বসবাস করতে থাকা কিংবা চাষ-বাস করে রুযী-রোযগার করাও জায়েয। এমতাবস্থায় যদি সীমান্ত রক্ষাই নিয়্যত হয় এবং সেখানে থাকা অবস্থায় রুযী-রোযগার করা যদি তারই আনুষঙ্গিক বিষয় হয়, তবে এমন ব্যক্তিরও ‘রিবাত ফী সাবীলিল্লাহ’র সাওয়াব হতে থাকবে। তাকে যদি কখনও যুদ্ধ করতে না হয়, তবুও। কিন্তু প্রকৃত নিয়্যত যদি সীমান্তের হেফাযত না হয়, বরং রুযী-রোযগারই হয় মূখ্য, তবে দৃশ্যতঃ সীমান্ত রক্ষার কাজ করে থাকলেও এমন ব্যক্তি ‘মোরাবেত ফী-সাবীলিল্লাহ’ হবে না। অর্থাৎ, সে ব্যক্তি আল্লা-হ্‌র ওয়াস্তে সীমান্ত রক্ষাকারী বলে গণ্য হবে না।

দ্বিতীয়তঃ সীমান্তে যদি শত্রুর আক্রমণের আশঙ্কা থাকে, তবে এমতাবস্থায় নারী ও শিশুদিগকে সেখানে রাখা জায়েয নয়। তখন সেখানে তারাই থাকবে, যারা শত্রুর মোকাবিলা করতে পারে।—(কুরতুবী)

এতদুভয় অবস্থাতে ‘রিবাত’ বা সীমান্তরক্ষার অসংখ্য ফযীলত রয়েছে। সহীহ বুখারীর এক হাদীসে হযরত সাহ্‌ল ইবনে সা’দ সায়েদী (রাঃ) থেকে বর্ণিত রয়েছে যে, রসূলুল্ল-হ স-ল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,— ‘আল্লাহর পথে একদিনের ‘রিবাত’ (সীমান্ত প্রহরা) সমগ্র দুনিয়া এবং এর মাঝে যা কিছু রয়েছে সে সমুদয় থেকেও উত্তম।

মুসলিম শরীফের এক হাদীসে হযরত সালমান কর্তৃক বর্ণিত রয়েছে যে, রসূলে কারীম সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— ‘একদিন ও একরাতের ‘রিবাত (সীমান্ত প্রহরা) ক্রমাগত এক মাসের রোযা এবং সমগ্র রাত ইবাদাতে কাটিয়ে দেয়া অপেক্ষাও উত্তম। যদি এমতাবস্থায় কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার সীমান্ত প্রহরার পর্যায়ক্রমিক সাওয়াব সর্বদা অব্যাহত থাকবে। আল্লাহ্‌র পক্ষ থেকে তার রিযিক জারী থাকবে এবং সে শয়তান থেকে নিরাপদে থাকবে।

আবু দাঊদ (রহঃ) ফুসালাহ ইবনে ওবায়েদ-এর রেওয়ায়াতক্রমে এ মর্মে এক রাওয়ায়াত উদ্ধৃত করেছেন যে, রসূল কারীম সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছে—প্রত্যেক মৃত ব্যক্তির আমল তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় শুধুমাত্র মোরাবেত (ইসলামী সীমান্তরক্ষী) ছাড়া। অর্থাৎ, তার আমল কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। এবং সে কবরে হিসাব-নিকাশ গ্রহণকারী থেকে নিরাপদ থাকবে।

এসব রেওয়ায়াতের দ্বারা প্রতীয়মান হয় যে, ‘রিবাত’ বা সীমান্ত রক্ষার কাজটি সমস্ত সদকায়ে জারিয়া অপেক্ষাও উত্তম। কারণ, সদকায়ে জারিয়ার সওয়াব ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তার সদকাকৃত বাড়ী-ঘর, জমি-জমা, রচিত গ্রন্থরাজি কিংবা ওয়াকফকৃত জিনিসের দ্বারা মানুষ উপকৃত হতে থাকে। যখন উপকারিতা বন্ধ হয়ে যায়, তখন তার সাওয়াব বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ্‌র পথে সীমান্ত প্রহরার সাওয়াব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কারণ, সমস্ত মুসলমানের সৎকর্মে নিয়োজিত থাকা তখনই সম্ভব, যখন তারা শত্রুর আক্রমণ থেকে নিরাপদে থাকবে। ফলে একজন সীমান্তরক্ষীর এ কাজ সমস্ত মুসলমানের সৎকাজের কারণ হয়। সে কারণেই কিয়ামত পর্যন্ত তার ‘রিবাত’ কর্মের সাওয়াব অব্যাহত থাকবে। তাছাড়াও সে যত নেক কাজ দুনিয়ায় করতো, সেগুলোর সওয়াবও আমল করা ছাড়াই সর্বদা জারী থাকবে।

‪‎সূরা আলি-‎ইমরান সমাপ্ত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ