পৃষ্ঠা নং-৮
কর, যাতে মানুষের সকল মকসুদ বা উদ্দেশ্য তার অন্তর্ভুক্ত থাকে। যথা, সরল পথ লাভ করা এবং দুনিয়ার যাবতীয় কাজে সরল-সঠিক পথ পাওয়া, যাতে কোথাও কোন ক্ষতি বা পদস্খলনের আশংকা না থাকে। মোটকথা, এখানে আল্লাহ্ তা‘আলার পক্ষ থেকে তাঁর তা’রীফ-প্রশংসা করার প্রকৃত উদ্দেশ্যই হল মানবকুলকে শিক্ষা দেয়া।
আল্লাহ্র তা’রীফ-প্রশংসা করা মানুষের মৌলিক দায়িত্বঃ
এসূরার প্রথম বাক্যে আল্লাহ্র তা’রীফ বা প্রশংসা শিক্ষা দেয়া হয়েছে। তা’রীফ বা প্রশংসা সাধারণতঃ কোন গুণের বা প্রতিদানের পরিপেক্ষিতে উল্লেখ হয়ে থাকে। কিন্তু এখানে কোন গুণের বা প্রতিদানের উল্লেখ নেই। এতে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্র নি‘আমত অগণিত। কোন মানুষ এর পরিমাপ করতে পারে না। কুরআনে ইরাশদ হয়েছেঃ
وَإِن تَعُدُّواْ نِعْمَةَ اللَّهِ لاَ تُحْصُوهَا অর্থাৎ, যদি তোমরা আল্লাহ্র নি’আমতের গণনা করতে চাও, তবে তা পারবে না। মানুষ যদি সারা বিশ্ব হতে মুখ ফিরিয়ে শুধুমাত্র নিজের অস্তিত্বের প্রতিই দৃষ্টি নিবদ্ধ করে, তবে বুঝতে পারবে যে, তার দেহই এমন একটি ক্ষুদ্র জগত যাতে বৃহৎ জগতের সকল নিদর্শন বিদ্যমান। তার দেহ যমীন তুল্য। কেশরাজি উদ্ভিদ তুল্য। তার হাড়গুলো পাহাড়ের মত এবং শিরা-উপশিরা যাতে রক্ত চলাচল করে, সেগুলো নদী-নালা বা সমুদ্রের নমুনা। দু’টি বস্তুর সংমিশ্রণে মানুষের অস্তিত্ব। একটি দেহ ও অপরটি আত্মা। এ কথাও স্বীকৃত যে, মানবদেহে আত্মা সর্বাপেক্ষা উত্তম অংশ আর তার দেহ হচ্ছে আত্মার অনুগত এবং অপেক্ষাকৃত নিকৃষ্ট মানের অধিকারী। এ নিকৃষ্ট অংশের পরীক্ষা-নিরীক্ষাকারী চিকিৎসকগণ বলেছেন যে, মানবদেহে আল্লাহ্ তা‘আলা পাঁচ হাজার প্রকার উপাদান রেখেছেন। এতে তিন শতেরও অধিক জোড়া রয়েছে। প্রত্যেকটি জোড়া আল্লাহ্র কুদরতে এমন সুন্দর ও মজবুতভাবে দেয়া হয়েছে যে, সর্বদা নড়া-চড়া করা সত্ত্বেও তার মধ্যে কোন পরিবর্তন হয় না এবং কোন প্রকার মেরামতরেও প্রয়োজন হয় না। সাধারণতঃ মানুষের বয়স ষাট-সত্তুর বছর হয়ে থাকে। এ দীর্ঘ সময় তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো সর্বদা নড়া-চড়া করছে, অথচ এর মধ্যে কোন পরিবর্তন দেখা যায় না। আল্লাহ্ তা‘আলা ইরশাদ করেছেনঃ نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَا أَسْرَهُمْ অর্থাৎ, ‘আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমিই তাদের জোড়াগুলোকে মজবুত করেছি।’ এ কুদরতী মজবুতির পরিণাম হয়েছে এই যে, সাধারণভাবে তা অত্যন্ত নরম ও নড়বড়ে জোড়া সত্তুর বছর বা এর চাইতে অধিক সময় পর্যন্ত কর্মরত থাকে। মানুষের অঙ্গগুলোর মধ্যে শুধু চক্ষুর কথাই চিন্তা করলে দেখা যাবে, এতে আল্লাহ্ তা‘আলার অসাধারণ ‘হিকমত প্রকাশিত হয়েছে; সারা জীবন সাধনা করেও এ রহস্যটুকু উদ্ধার করা সম্ভব নয়।
এ চোখের এক পলকের কার্যক্রম লক্ষ্য করলে বুঝতে পারা যাবে যে, এর এক মিনিটের কার্যক্রমে আল্লাহ্ তা‘আলার কত নি‘আমত যে কাজ করছে, তা ভেবে অবাক হতে হয়্ কেননা চক্ষু খুলে এ দ্বারা কত বস্তুকে সে দেখছে। এতে যেভাবে চক্ষুর ভেতরের শক্তি কাজ করছে, অনুরূপভাবে বহির্জগতের সৃষ্টিরাজিও এতে বিশেষ অংশ নিচ্ছে। সূর্যের কিরণ না থাকলে চোখের দৃষ্টিশক্তি কোন কাজ করতে পারে না। সূর্যের জন্য আকাশের প্রয়োজন হয়। মানুষের দেখার জন্য এবং চক্ষু দ্বারা কাজ করার জন্য আহার্য ও বায়ুর প্রয়োজন হয়। এতে বুঝা যায়, চোখের এক পলকের শক্তির জন্য বিশ্বের সকল শক্তি ব্যবহৃত হয়। এ তো একবারের দৃষ্টি এখন দিনে কতবার দেখে এবং জীবনে কতবার দেখে তা হিসাব করা মানুষের শক্তির উর্ধ্বে। এমনিভাবে কান, জিহ্বা, হাত ও পায়ের যত কাজ এতে সমগ্র জগতের শক্তি যুক্ত হয়ে কার্য সমাধা হয়। এ সে মহা-দান যা প্রতিটি জীবিত মানুষ ভোগ করে। এতে রাজা-প্রজা, ধনী-দরিদ্রের কোন পার্থক্য নেই। তাছাড়া আল্লাহ্ তা‘আলার অসংখ্য নি‘আমত এমন ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে যা প্রতিটি প্রাণী ভোগ করেও উপকৃত হয়। আকাশ-ভূমি এবং এ দু’টির মধ্যে সৃষ্ট সকল বস্তু চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র, বায়ূ প্রভৃতি প্রতিটি প্রাণীই উপভোগ করে।
এরপর আল্লাহ্র বিশেষ দান যা মানযুষকে ‘হিকমতের তাকীদে কম-বেশী দেয়া হয়েছে, ধন-সম্পদ, মান-সম্মান, আরাম-আয়েশ সবই এর অন্তর্ভুক্ত। যদিও একথা অত্যন্ত মৌলিক যে, সাধারণ নি‘আমত যা সকল স্তরের মানুষের মধ্যে সমভাবে উপভোগ্য; যথা-আকাশ,বাতাস,জমীন এবং বিরাট এ প্রকৃতি, এ সমস্ত নি‘আমত বিশেষ নি’আমতের (যথা-ধন-সম্পদ) তুলনায় অধিক গুরুত্বপূর্ণ ও উত্তম। অথচ এসব নি‘আমত সকল মানুষের মধ্যে সমভাবে পরিব্যাপ্ত বলে, এত বড় নি’আমতের প্রতি মানুষ দৃষ্টিপাত করে না। ভাবে, কি নি‘আমত। বরং আশপাশের সামান্য বস্তু যথা, আহার্য, পানীয়, বসবাসের নির্ধারিত স্থান, বাড়ী-ঘর প্রভৃতির প্রতিই তাদের দৃষ্টি সাধরণতঃ সীমাবদ্ধ থাকে।
মোটকথা, সৃষ্টিকর্তা মানবজাতির জীবন-ধারণ এবং দুনিয়ার জীবনে বেঁচে থাকার সুবিধার্থে যে অফুরন্ত নি‘আমত দান করেছেন, তার অতি অল্পই এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মানুষের পক্ষে দুনিয়ার জীবনে চোখ মেলেই মুখ থেকে স্বতঃস্পুর্তভাবে সেই মহান দাতার প্রশংসায় পঞ্চমুখ থাকা ছিল স্বাভাবিক। বলাবাহুল্য যে, মানবজীবনের সে চাহিদার প্রেক্ষিতে কুরআনের সর্ব প্রথম সূরার সর্বপ্রথম বাক্যে الْحَمْدُ ব্যবহার করা হয়েছে এবং সেই মহান সত্তার তা’রীফ ও প্রশংসাকে ‘ইবাদতের শীর্ষস্থানে রাখা হয়েছে।
রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন যে, আল্লাহ্ তা‘আলা তাঁর কোন নি‘আমত কোন বান্দাকে দান করার পর যখন সে الْحَمْدُ لِلّٰهِ বলে, তখন বুঝতে হবে, যা সে পেয়েছে, এ শব্দ তা অপেক্ষা অনেক উত্তম।
অন্য এক ‘হাদীসে বলা হয়েছে যে, কোন ব্যক্তি যদি বিশ্বচরাচরের সকল নি‘আমত লাভ করে এবং সেজন্য সে ‘আল্-’হাম্দু লিল্লাহ’ বলে, তবে বুঝতে হবে যে, সারা বিশ্বের নি‘আমতসমূহ অপেক্ষা তার الْحَمْدُ لِلّٰهِ বলা অপেক্ষা অতিউত্তম। [ক্বুরতুবী]
কোন কোন ‘আলিমের মন্তব্য উদ্ধৃত করে ক্বুরতুবী লিখেছেন যে, মুখে الْحَمْدُ لِلّٰهِ বলা একটি নি‘আমত এবং এ নি‘আমত সারা বিশ্বের সকল নি‘আমত অপেক্ষা উত্তম। স‘হীহ ‘হাদীসে আছে যে, الْحَمْدُ لِلّٰهِ পরকালের তৌলদন্ডের অর্ধেক পরিপূর্ণ করবে।
হযরত শফীক ইবনে ইব্রাহীম الْحَمْدُ -এর ফযীলত বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে, যখন আল্লাহ্ তা‘আলা তোমাদিগেকে কোন নি‘আমত দান করেন, তখন প্রথমে দাতাকে জানো এবং পরে তিনি যা দান করেছেন তাতে সন্তুষ্ট থাক। আর তাঁর দেয়া শক্তি ও ক্ষমতা তোমাদের দেহে যতক্ষণ থাকে, ততক্ষণ পর্যন্ত তাঁর অবাধ্যতার নিকটেও যেও না।