পৃষ্ঠা নং-১৫৭
ধনীকে সম্পদ স্থাবর অবস্থায় না রেখে ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত রাখতে বাধ্য করেছে৷ কেননা, পুঁজিকরের আকারে যাকাত আরোপিত হওয়ার কারণে যদি কোন ব্যক্তি টাকা-পয়সা অথবা সোনা-রুপা মাটির নীচে পুঁতে রাখে, তবে প্রতি বছর চল্লিশ ভাগের এক ভাগ যাকাত যেতে যেতে তার মূল নিঃশেষ হয়ে যাবে৷ কাজেই প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তিই পুঁজিকে ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত করে তদ্দ্বারা নিজে উপকৃত হতে, অপরের উপকার করতে এবং মুনাফা থেকেই যাকাত আদায় করতে বাধ্য হবে৷
যাকাত একদিক দিয়ে ব্যবসায়ের উন্নতির নিশ্চয়তা দেয়ঃ এ থেকে আরও জানা গেল যে, যাকাত প্রদানের মধ্যে যেমন জাতির অক্ষম শ্রেণীর সাহায্য করার মত বিরাট উপকার নিহিত, তেমনি মুসলমানদের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধির জন্যেও ব্যবসা-বাণিজ্যের প্রতি উৎসাহিত করার ক্ষেত্রে এটি একটি চমৎকার প্রক্রিয়া৷ কেননা, প্রত্যেকেই যখন দেখবে, নগদ পুঁজি আবদ্ধ রাখার ফলে মুনাফা তো দুরের কথা, বছরান্তে চল্লিশ ভাগের এক ভাগ ক্রমান্বয়ে হ্রাস পেয়ে যাচ্ছে, তখন অবশ্যই সে এ পুঁজি কোন ব্যবসায়ে নিয়োজিত করার জন্যে সচেষ্ট হবে৷ ‘হারাম সুদ থেকে বাঁচার জন্য ব্যবসায়ের আকার-প্রকৃতি এরূপ হবে না যে, লাখো মানুষের পুঁজি দ্বারা শুধু এক ব্যক্তিই ব্যবসা করবে; বরং প্রত্যেকেই নিজে বিনিয়োগের চিন্তা করবে৷ বৃহৎ পুঁজিপতিরাও যখন নিজ পুঁজি দ্বারা ব্যবসা করবে, তখন ক্ষুদ্র পুঁজিপতিরা ব্যবসা ক্ষেত্রে ঐসব অসুবিধার সম্মুখীন হবে না যা ব্যাংক থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা করলে দেখা দেয়৷ এভাবে দেশের আনাচে-কানাচে প্রত্যন্ত এলাকাতেও ব্যবসা এবং বিভিন্ন-মূখী বিনিয়োগ প্রচেষ্টা ছড়িয়ে পড়বে যাতে সর্বশ্রেণীর মানুষই উপকৃত হবে৷
(১) মানবচরিত্রের সর্বপ্রধান গুণ হচ্ছে আত্মত্যাগ ও দানশীলতা৷ অর্থাৎ, নিজে কষ্ট করে হলেও অপরকে সুখী করার প্রেরণা৷ সুদের ব্যবসায়ের অবশ্যম্ভাবী ফলশ্রুতিতে এ প্রেরণা লোপ পায়৷ সুদখোর ব্যক্তি অপরের উপকার করা তো দূরের কথা অপরকে নিজ চেষ্টায় ও নিজ পুঁজি দ্বারা তার সমতুল্য হতে দেখলে তাও সহ্য করতে পারে না৷
(২) সুদখোরেরা কোন বিপদগ্রস্ত ব্যক্তির প্রতি দয়ার্দ্র হওয়ার পরিবর্তে তার বিপদের সুযোগে অবৈধ মুনাফা লাভের চেষ্টায় মত্ত থাকে৷
(৩) সুদ খাওয়ার ফলশ্রুতিতে অর্থলালসা সীমাহীনভাবে বেড়ে যায়৷ সে এতে এমন মত্ত হয়ে পড়ে যে, ভালমন্দেরও পরিচয় থাকে না এবং সুদের অশুভ পরিণামের প্রতি সে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়ে৷
সুদ ছাড়া কি কোন ব্যবসা চলতে পারে নাঃ? সুদের স্বরূপ এর বৈষয়িক, পার্থিব ও ধর্মীয় অনিষ্টকারিতা বিস্তারিতভাবেই বর্ণিত হয়েছে৷ এখন তৃতীয় আলোচ্য বিষয় হলো অর্থনৈতিক ও আত্মিক অনিষ্টকারিতা৷ বর্তমান যুগে সুদই হচ্ছে কাজ-কারবারের প্রধান অবলম্বন৷ সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য সুদের উপরই চলছে৷ এ থেকে মুক্তিলাভের উপায় কি? বর্তমান যুগে ব্যাংকের সাথে সম্পর্ক বর্জন করার অর্থ ব্যবসায়ের তল্পীতল্পা গুটানো৷
এর জওয়াব এই যে, কোন রোগ যখন ব্যাপক হয়ে মহামারীর আকার ধারণ করে, তখন তার চিকিৎসা কঠিন অবশ্যই হয়; কিন্তু নিস্ফল কখনো হয় না৷ নিষ্ঠার সাথে যে কোন সংশোধন প্রচেষ্টাই পরিণামে সফল হয়৷ তবে এজন্যে ধৈর্য, দৃঢ়তা এবং সাহসিকতা একান্ত প্রয়োজন৷ কুরআন পাকেই আল্লাহ্ তা‘আলা বলেনঃ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ অর্থাৎ, আল্লাহ্ তা‘আলা ধর্মের ব্যাপারে তোমাদের কোন রূপ সংকীর্ণতায় ফেলেনি৷ তাই সুদ থেকে বেঁচে থাকার জন্যে এমন কোন কার্যকর ও ফলপ্রসূ পথ অবশ্যই রয়েছে, যাতে অর্থনৈতিক ক্ষতিও নেই, আভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের দ্বারাও রুদ্ধ হয় না এবং সুদ থেকেও মুক্তি পাওয়া যায়৷
এ ব্যাপারে প্রথম কথা এই যে, ব্যাংকিং ব্যবস্থার বর্তমান পদ্ধতি দেখে বাহ্যদৃষ্টিতে মনে করা হয় যে, সুদের উপরই ব্যাংক নির্ভরশীল; সুদ ছাড়া ব্যাংক চলতে পারে না৷ কিন্তু এ ধারণা নিশ্চিতরুপে নির্ভুল নয়৷ সুদ ছাড়াও ব্যাংক ব্যবস্থা এমনিভাবে ফলপ্রসু ও কার্যকরী ভূমিকা সহকারেই কায়েম থাকতে পারে; শুধু তাই নয় বরং আরও উত্তম, ও উপকারী ভূমিকা নিয়েই তা প্রতিষ্ঠিত থাকতে পারে৷ তবে এর জন্যে কিছুসংখ্যক শরী‘আত-বিশেষজ্ঞ ও কিছু সংখ্যক ব্যাংক বিশেষজ্ঞের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন৷ তাঁরা নতুনভাবে এর পদ্ধতি নির্ধারণ করলে সাফল্য দূরে নয়৷ শরী‘আতের নিয়মানুযায়ী ব্যাংক পদ্ধতি প্রতিষ্ঠিত হয়ে গেলে ইনশাল্লাহ সমগ্র বিশ্ববাসী প্রত্যক্ষ করবে যে, এতে জাতির কিরুপ মঙ্গল সাধিত হয়৷ ব্যাংক ব্যবসা পরিচালনা করার পদ্ধতি ও নীতি ব্যাখ্যা করার স্থান এটা নয়, তাই এ সম্পর্কে আলোচনা সংক্ষিপ্ত করতে হচ্ছে৷
কিছু বাণিজ্যিক উদ্দেশ্যে সুদের প্রয়োজন দেখা দেয়৷ ব্যাংকের বর্তমান পদ্ধতি পরিবর্তন করে এর ব্যবস্থা করা যায়৷ সুদের দ্বিতীয় প্রয়োজন অসহায় দরিদ্র লোকদের সাময়িক অভাব পূরণ করা৷ এর চমৎকার প্রতিকার ইসলামে পূর্ব থেকেই যাকাতও ওয়াজিব সদাকার আকারে বিদ্যমান রয়েছে৷ কিন্তু ধর্ম ও ধর্মীয় জ্ঞান সম্পর্কে অজ্ঞতা ও উদাসীনতা আজকাল যাকাত ব্যবস্থাকেও পঙ্গু করে দিয়েছে৷ অসংখ্য মুসলমান নামাযের মত যাকাতেরও ধারে কাছে যায় না৷ যারা যাকাত দেয়, তাদের মধ্যে অনেক বৃহৎ পুঁজিপতি হিসাব করে পূর্ণ যাকাতও প্রদান করে না৷ যারা সম্পূর্ণ যাকাত প্রদান করে, তারা শুধু যাকাত পকেট থেকে বের করতেই জানে৷ অথচ আল্লাহ তা‘আলা শুধুমাত্র যাকাত পকেট থেকে বের করারই নির্দেশ দেননি— তা আদায় করারও নির্দেশ দিয়েছেন৷ প্রদত্ত যাকাত যথার্থ হকদারকে পৌঁছে দিয়ে তার অধিকারভুক্ত করে দিলেই যাকাত আদায় করা শুদ্ধ হতে পারে৷ সুতরাং চিন্তা করার বিষয় হলো, এমন মুসলমান কয়জন আছে, যারা যথার্থ হকদার খুঁজে তাদের কাছে যাকাত দিতে যত্নবান৷ মুসলমান জাতি যতই গরীব হোক, যাদের উপর যাকাত ফরয, তারা প্রত্যেকেই যদি পুরোপুরি যাকাত প্রদান করে এবং বিশুদ্ধ পন্থায় স্বীয় অর্থ-সম্পদ ব্যয় করে, তবে কর্জের তাগিদে সুদের কাছে যাওয়ার প্রয়োজন কোন মুসলমানেরই থাকতে পারে না৷ যদি শরী‘আতের বিধি অনুযায়ী ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এর অধীনে বায়তুল-মাল প্রতিষ্ঠিত হয় এবং মুসলমানদের ধন-সম্পদের যাকাত এতে জমা হয়, তবে বায়তুল-মাল থেকে প্রত্যেক অভাব গ্রস্তেরই অভাব পুরণ করা সম্ভব৷ বেশী টাকার প্রয়োজন হলে সুদবিহীন কর্জও প্রদান করা যেতে পারে৷ এভাবে বেকার ও কর্মহীনদের ছোট ছোট দোকান করে দিয়ে কিংবা কোন শিল্পকর্মে নিয়োগ করেও কাজে লাগানো যায়৷ জনৈক ইউরোপীয় বিশেষজ্ঞ ঠিকই বলেছেন যে, মুসলমানরা যাকাত-ব্যবস্থার অনুবর্তী হয়ে গেলে তাদের মধ্যে কোন নিঃস্ব ও অভাবগ্রস্ত লোক দেখা যাবে না৷
মোটকথা, বর্তমান যুগে সুদকে মহামারী আকারে প্রসার লাভ করতে দেখে এরূপ মনে করা ঠিক নয় যে, সুদের ব্যবসা বর্জন করা অর্থনৈতিক আত্মহত্যার নামান্তর এবং এ যুগের লোক সুদের ব্যবসায়ের ব্যাপারে ক্ষমার্হ৷