আল-বাকারা ২৭৫-২৮৬

পৃষ্ঠা নং-১৬২

কারও ক্ষতি হয়ে যাওয়া। এখানে লক্ষণীয় যে, বিশেষভাবে ইচ্ছাধীন কাজ-কর্মেরই হিসাব-নিকাশ, প্রতিদান ও শাস্তি হবে— অনিচ্ছাকৃত কাজের আদেশ মানুষকে দেয়া হয়নি এবং সেজন্যে সওয়াব বা আযাব হবে না।

          এমনিভাবে যেসব কাজকর্ম মানুষের অন্তরের সাথে সম্পর্কযুক্ত, সেগুলোও দু’প্রকার। এক, ইচ্ছাধীন। যেমন, ইচ্ছা করে অন্তরের কুফ্‌র ও শির্‌কের বিশ্বাস পোষণ করা কিংবা জেনে বুঝে ইচ্ছা সহকারে নিজেকে বড় মনে করা। অর্থাৎ, অহংকার করা কিংবা মদ্য পানে কৃতসংকল্প হওয়া প্রভৃতি। দুই, অনিচ্ছাধীন। যেমন, ইচ্ছা ব্যতিরেকেই মনে কু-ধারণা আসা। এ ক্ষেত্রেও হিসাব-নিকাশ, প্রতিদান ও শাস্তি শুধু ইচ্ছাধীন কাজের জন্যেই হবে—অনিচ্ছাধীন কাজের জন্যে নয়।

          কুরআনে বর্ণিত এ ব্যাখ্যার ফলে সা‘হাবায়ে কেরামের মানসিক উদ্বেগ দূর হয়ে যায়। আয়াতের শেষে এই বিষয়বস্তুটি আরও ফুটিয়ে তোলার জন্যে বলা হয়েছেঃ

لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ

          অর্থাৎ, মানুষ ছাওয়াবও সেকাজের জন্যেই পাবে, যা স্বেচ্ছায় করে এবং শস্তিও সেকাজরে জন্যেই পাবে যা স্বেচ্ছায় করে।

          এখানে সন্দেহ দেখা যায় যে, মাঝে মাঝে ইচ্ছা ছাড়াও মানুষের ছাওয়াব অথবা আযাব হয়। যে ব্যক্তি কোন সকৎকাজ করে, যা দেখে অন্যরাও এ সৎকাজে উদ্ভুদ্ধ হয়, যতদিন পর্যন্ত অন্যেরা এ সৎকাজ করতে থাকবে, ততদিন এর ছাওয়াব প্রথম ব্যক্তিও পেতে থাকবে। এমনিভাবে, যে ব্যক্তি কোন পাপ কাজ প্রবর্তন করে, ভবিষ্যতে যত লোক এ পাপকাজে লিপ্ত হবে, তাদের সমান পাপ প্রথম প্রচলনকারী ব্যক্তিরও হতে থাকবে। ‘হাদীস দ্বারা আরও প্রমাণিত আছে যে, কেউ যদি নিজের ছাওয়াব অন্যকে দিতে চায়, তবে অন্য ব্যক্তি এ ছাওয়াব পায়। অতএব, বোঝা গেল যে, ইচ্ছা ছাড়াও মানুষের ছাওয়াব কিংবা আযাব হয়।

          এ সন্দেহ নিরসনকল্পে বলা যায় যে, প্রথমাবস্থায় প্রত্যক্ষভাবে ঐ কাজের ছাওয়াব কিংবা আযাব হবে, যা ইচ্ছাকৃতভাবে করে। অতএব, পরোক্ষভাবে এমন কোন কাজের ছাওয়াব কিংবা আযাব হওয়া এর পরিপন্থি নয়, যা ইচ্ছাকৃতভাবে করেনি। উপরোক্ত দৃষ্টান্তসমূহে একথা সুস্পষ্ট যে, প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তির ছাওয়াব কিংবা আযাব হয়নি, বরং অন্যের মধ্যস্থতায় হয়েছে। এছাড়া মধ্যস্থতার মধ্যে তার কার্য ও ইচ্ছার প্রভাব অবশ্যই রয়েছে। কেননা, যে ব্যক্তি কারও উদ্ভাবিত ভাল কিংবা মন্দ পথ অবরম্বন করে, তার মধ্যে প্রথম ব্যক্তির ইচ্ছাকৃত কাজের প্রভাব থাকে, যদিও প্রথম ব্যক্তি এ প্রভাবের ইচ্ছা করেনি। এমনিভাবে কেউ কোন ব্যক্তিকে ছাওয়াব তখনই পৌঁছায়, যখন সে তার প্রতি কোন অনুগ্রহ করে থাকে। এ হিসেবে অপরের কাজের ছাওয়াব এবং আযাবও প্রকৃতপক্ষে নিজের কাজেরই ছাওয়াব ও আযাব।

          উপসংহারে কুরআন পাক মুসলমানদেরকে একটি বিশেষ দু‘আ শিক্ষা দিয়েছে। এতে ভুল-ভ্রান্তিবশতঃ কোন কাজ হয়ে যাওয়ার জন্যে ক্ষমা প্রার্থনা করে বলা হয়ঃ

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ

          ‘হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দায়ী করো না যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি।’ এরপর বলা হয়েছেঃ

رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ

          অর্থাৎ, ‘হে আমাদের পালনকর্তা! আমাদের উপর ভারী ও কঠিন কাজের বোঝা অর্পন করো না, যেমন আমাদের পূর্ববর্তী লোকদের (বানী ইসরাঈলদের) উপর অর্পণ করেছিলে এবং আমাদের উপর এমন ফরয কাজ আরোপ করো না, যা সম্পাদনের শক্তি আমাদের নেই।’

          এর অর্থ সেসব কঠিন কাজকর্ম, যা বানী-ইসরাঈলের উপর আরোপিত ছিল। যেমন, না-পাক বস্ত্র ধৌত করলে পাক হতো না, বরং না-পাক অংশ কেটে ফেলতে হতো কিংবা পুড়িয়ে ফেলতে হতো এবং নিজেকে হত্যা করা ব্যতীত তাদের তাওবা কবুল হতো না। কিংবা অর্থ এই যে, দুনিয়াতে আমাদের উপর আযাব নাযিল করো না; যেমন, বানী-ইসরাঈলের কু-কর্মের জন্যে নাযিল করেছে। এসব দু‘আ যে আল্লাহ্ তা‘আলা কবূল করেছেন, তা রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাধ্যমে প্রকাশও করেছেন।

সূরা বাক্বারাহ সমাপ্ত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ