আল-বাকারা ২৭৫-২৮৬

পৃষ্ঠা নং-১৫২

এ থেকে বাহ্যতঃ ইঙ্গিত বোঝা যায় যে, সুদ ছেড়ে দেয়ার সংকল্প করে তাওবা না করলে মূলধনও পাবে না৷

এরপর ষষ্ঠ আয়াতে সুদখোরীর মানবতা বিরোধী কাণ্ডকীর্তির বিপরীতে পুতঃপবিত্র চরিত্র এবং দরিদ্র ও নিঃস্বদের প্রতি কৃপামুলক ব্যবহার শিক্ষা দিয়ে বলা হয়েছেঃ

وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ ۚ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَّكُمْ ۖ

— অর্থাৎ, তোমার খাতক যদি রিক্ত হস্ত হয়— ঋণ পরিশোধে সক্ষম না হয়, তবে শরী‘আতের নির্দেশ এই যে, তাকে স্বাচ্ছন্দ্যশীল হওয়া পর্যন্ত সময় দেয়া বিধেয়৷ যদি তাকে ঋণ থেকেই রেহাই দিয়ে দাও, তবে তা তোমার জন্যে আরও উত্তম৷

সুদখোরদের অভ্যাস এই যে, খাতক নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে সক্ষম না হলে সুদের অঙ্ক আসলের সাথে যোগ করে চক্রবৃদ্ধি হারে সুদের কারবার চালায় এবং সুদের হারও আগের চাইতে বাড়িয়ে দেয়৷

এখানে শ্রেষ্ঠতম বিচারক আল্লাহ্ তা‘আলা আইন প্রণয়ন করে দিয়েছেন যে, কোন খাতক বাস্তবিকই নিঃস্ব হলে এবং ঋণ পরিশোধ করতে অক্ষম হলে তাকে অতিষ্ঠ করা জায়েয নয়; বরং তাকে সক্ষম হওয়া পর্যন্ত সময় দেয়া উচিত৷ সাথে সাথে এ ব্যাপারেও উৎসাহিত করেছেন যে, যদি গরীবকে ক্ষমা করে দাও, তবে তা তোমাদের জন্যে অধিক উত্তম৷

এখানে ক্ষমা করাকে কুরআন পাক সদাকা শব্দে ব্যক্ত করেছে৷ এতে ইঙ্গিত রয়েছে যে, এ ক্ষমা প্রদর্শন তোমাদের জন্যে সদাকা হয়ে যাবে এবং বিরাট সওয়াবের কারণ হবে৷ এছাড়াও আরও বলেছেনঃ ক্ষমা করা তোমাদের জন্য উত্তম৷

সূরা আলি-‘ইমরানের ১৩শ রুকূ’র ১৩০ তম আয়াতটি এইঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

অর্থাৎ, “হে ঈমানদারগণ, তোমরা সুদ খেয়ো না দ্বিগুণ চতুর্গুণ এবং আল্লাহ্‌কে ভয় কর৷ আশা করা যায়, তোমরা সফল হবে৷”

এ আয়াত অবতরণের একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে৷ জাহেলিয়াত আমলের ‘আরবে সুদ গ্রহণের সাধারণ রীতি ছিল এই যে, একটি নির্দিষ্ট মেয়াদের জন্যে সুদের উপর বাকী দেয়া হতো৷ মেয়াদ এসে গেলে দেনাদার যদি দেনা শোধ করতে অক্ষম হতো, তবে সুদের পরিমাণ বাড়িয়ে দেয়ার শর্তে তাকে আরও সময় দেয়া হতো৷ এমনিভাবে দ্বিতীয় মেয়াদেও যদি দেনা শোধ করতে অক্ষম হতো, তবে সুদের পরিমাণ আরও বাড়িয়ে দেয়া হতো৷ সাধারণ তাফসীর গ্রন্থসমূহে এবং বিশেষভাবে ‘লুবা-বুন্নুকূল’ গ্রন্থে মুজাহিদের রিওয়ায়েতক্রমে এ বিবরণ উল্লেখিত আছে৷

জাহেলিয়াত যুগের সে সর্বনাশা প্রথা বিলোপ করার জন্যেই এ আয়াত অবতীর্ণ হয়৷ এ কারণেই আয়াতে أَضْعَافًا مُّضَاعَفَةً (অর্থাৎ, কয়েকগুণ অতিরিক্ত) বলে তাদের প্রচলিত পদ্ধতির নিন্দা এবং অপরের চরম সর্বনাশ সাধন করে স্বার্থ উদ্ধার করার ঘৃণ্য মানসিকতা সম্পর্কে হুঁশিয়ার করে একে ‘হারাম করা হয়েছে৷ এর অর্থ এই নয় যে, কয়েকগুণ অতিরিক্ত না হলে সুদ ‘হারাম হবে না৷ কেননা, সূরা বাক্বারা ও নিসায় যে কোন ধরনের সুদের অবৈধতা পরিষ্কার বর্ণিত হয়েছে; কয়েকগুণ বেশী হোক বা না হোক৷ এর দৃষ্টান্ত যেমন কুরআনের স্থানে স্থানে বলা হয়েছেঃ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا অর্থাৎ, আমার আয়াতের বিনিময়ে অল্পমূল্য গ্রহণ করো না৷ এতে ‘অল্পমূল্য’ বলার কারণ এই যে, খোদায়ী আয়াতের বিনিময়ে যদি সপ্তরাজ্যও গ্রহণ করা হয়, তবে অল্পমূল্যই হবে৷ এর অর্থ এই নয় যে, কুরআনের আয়াতের বিনিময়ে অল্পমূল্য গ্রহণ করা তো ‘হারাম, বেশী মূল্য ‘হারাম নয়৷ এমনিভাবে এ আয়াতে أَضْعَافًا مُّضَاعَفَةً শব্দটি তাদের লজ্জাকর পদ্ধতি সম্পর্কে চিন্তা করার জন্যে ব্যবহার করা হয়েছে৷ এটি অবৈধতার শর্ত নয়৷

রিবার’ আরও কিছু ব্যাখ্যাঃ

আজকাল সুদ ব্যবসা-বাণিজ্যের প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছে৷ এ কারণে কুরআন ও সুন্নাহ্‌য় যখন এর অবৈধতা ও নিষেধাজ্ঞা দৃষ্টিগোচর হয় এবং এর স্বরূপ বোঝা ও বোঝানো হয়, তখন সাধারণ মন-মানস এর অবৈধতা মেনে নিতে ইতস্ততঃ করে এবং নানা রকম বাহানা সৃষ্টিতে প্রবৃত্ত হয়৷ তাই আলোচনাটিকে বিভিন্ন অংশে বিভক্ত করে এর প্রত্যেকটি দিক সম্পর্কে পৃথক পৃথকভাবে চিন্তা-ভাবনা করা উচিত৷ বিষয়টির গুরুত্বের প্রতি লক্ষ্য করেই এখানে এ সম্পর্কিত ধারাবাহিক আলোচনার সূত্রপাত করা হচ্ছে৷

প্রথমতঃ কুরআন ও সুন্নাহ্‌য় ‘রিবার’ স্বরূপ কি এবং এর প্রকার কি কি?

দ্বিতীয়তঃ ‘রিবার’ অবৈধতা ও নিষেধাজ্ঞার তাৎপর্য ও উপযোগিতা কি?

তৃতীয়তঃ সুদ বা ‘রিবা’ যতই মন্দ হোক না কেন, এটি বর্তমান বিশ্বের অর্থনীতি ও বাণিজ্য নীতির প্রধান ভিত্তিতে পরিণত হয়েছে৷ যদি কুরআনী নির্দেশ অনুযায়ী একে পরিত্যাগ করা হয়, তবে ব্যাংক ও বাণিজ্যনীতি কিভাবে চালু থাকবে?

‎রিবা শব্দের ব্যাখ্যাঃ একটি বিভ্রান্তিকর ঘটনা ও উত্তরঃ ‘রিবা’ ‘আরবী ভাষার একটি বহুল প্রচলিত শব্দ৷ রসুলুল্ল-হ (সল্লাল।ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)—এর নবুওয়াতপ্রাপ্তি এবং কুরআন অবতরণের পূর্বে জাহেলিয়াত যুগের ‘আরবেও এ শব্দটি প্রচলিত ছিল৷ শুধু প্রচলিতই নয়, বরং রিবার লেন-দেনও তখনকার সমাজে ব্যাপকভাবে প্রসার লাভ করেছিল৷ সুতরাং সূরা নিসার আয়াত থেকে জানা যায় যে, ‘রিবা’ শব্দ এবং এর লেন-দেন তাওরাতের আমলেও সুবিদিত ছিল এবং তাওরাতেও একে ‘হারাম বলে ঘোষণা করা হয়েছিল৷

যে শব্দ প্রাচীনকাল থেকেই ‘আরব ও নিকটবর্তী দেশসমূহে সুবিদিত রয়েছে, যার লেন-দেনেরও প্রচলন রয়েছে এবং যার অবৈধতা ও নিষেধাজ্ঞা বর্ণনা করার সাথে কুরআন পাক বলে যে, মূসা (‘আলাইহিচ্ছালাম)— এর উম্মতের জন্যেও সুদ বা ‘রিবা’ ‘হারাম করা হয়েছিল, তখন এটা জানা কথা যে, সেই শব্দের স্বরূপ এমন ধরনের কোন অস্পষ্ট বিষয় হতে পারে না যে, তাকে বুঝতে গিয়ে অহেতুক জটিলতা দেখা দেবে৷

এ কারণেই অষ্টম হিজরীতে যখন সুদ বা ‘রিবার’ অবৈধতা সম্পর্কে সূরা বাক্বারার আয়াতসমূহ অবতীর্ণ হয়, তখন কোথাও বর্ণিত হয়নি যে, সাহাবায়ে-কেরাম ‘রিবা’ শব্দের স্বরূপ বোঝার ব্যাপারে কোনরূপ সন্দিগ্ধতার সম্মুখীন হয়েছিলেন এবং মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)—এর কাছ থেকে অন্যান্য ব্যাপারের মত রিবার স্বরূপ সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছিলেন৷ বরং দেখা গেছে যে, মদ্যপানের অবৈধতা অবতীর্ণ হওয়ার সাথে সাথে যেমন তাঁরা তা বাস্তবায়নে তৎপর হয়েছিলেন, তেমনি রিবার অবৈধতার-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ