পৃষ্ঠা নং-১৫১
এ হিংসা ও ঘৃণারই বহিঃপ্রকাশ। শ্রম ও পুঁজির মধ্যকার সংগ্রামই বিশ্বে সমাজতান্ত্রিক মতবাদের জন্ম দিয়েছে। কম্যুনিজমের ধ্বংসাত্মক তৎপরতা এ হিংসা ও ঘৃণারই ফলশ্রুতি। ফলে সমগ্র বিশ্ব মারামারি, কাটাকাটি ও যুদ্ধ-বিগ্রহের জাহান্নামে পরিণত হয়েছে। এ হচ্ছে তাদের সুখ ও সম্মানের অবস্থা। অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, সুদের ধন-সম্পদ সুদখোরের ভবিষ্যৎ বংশধরদের জীবনকেও কখনও সুখময় করে না। হয় তারা ধ্বংস হয়ে যায়, না হয় এর অমঙ্গলে তারাও ধন-সম্পদের সত্যিকার ফলাফল ভোগে বঞ্চিত হয়।
ইউরোপীয় সুদখোরদের দৃষ্টান্ত থেকে সম্ভবতঃ কেউ ধোঁকা খেতে পারে যে, তারা তো সবাই সুখী ও সমৃদ্ধশালী। তাদের বংশধররাও সমৃদ্ধশালী হচ্ছে। কিন্তু প্রথমতঃ তাদের সমৃদ্ধির সংক্ষিপ্ত চিত্র এইমাত্র ফুটিয়ে তোলা হয়েছে। দ্বিতীয়তঃ তাদের অবস্থা হচ্ছে এরূপঃ মনে করুন, কোন আদমখোর অন্যান্য মানুষের রক্ত চুষে নিজে দেহের লালন-পালন করে এবং এ জাতীয় কতিপয় আদমখোর কোন এক মহল্লায় বসতি স্থাপন করেছে। আপনি কাউকে এ মহল্লায় নিয়ে গিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করান। দেখা যাবে, তারা সবাই সুস্থ, সবল ও প্রফুল্ল। কিন্তু একজন মানবতার মঙ্গলকামী জ্ঞানী ব্যক্তি শুধু এ মহল্লায়ই দেখবে না। সে এদের বিপরীতে ঐসব বস্তিও দেখবে, যাদের রক্ত চুষে তাদেরকে অর্ধমৃত করে দেয়া হয়েছে। যে ব্যক্তি আদমখোরদের মহল্লা এবং এসব বস্তির প্রতি লক্ষ্য করবে, সে কখনও মহল্লাবাসীদেরকে মোটা-তাজা দেখে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে পারবে না এবং সামগ্রিক দিক দিয়ে এদের কর্মকে মানব জাতির উন্নতির উপায়ও বলতে পারবে না; বরং একে মানবতার বিপর্যয় ও ধ্বংস বলে আখ্যায়িত করতে বাধ্য হবে।
এর বিপরীতে দান-খয়রাতকারীদেরকে দেখুন। তাদেরকে কখনও ধন-সম্পদের পেছনে দিশেহারা হয়ে ঘুরতে দেখবেন না। সুখের সাজ-সরঞ্জাম যদিও তাদের কম, কিন্তু সাজ-সরঞ্জামওয়ালাদের চাইতে শান্তি, স্বস্তি এবং মানবিক স্থৈর্য তারা অনেকগুণ বেশী ভোগ করে থাকেন। বলাবাহুল্য, এটাই প্রকৃত সুখ। দুনিয়াতে প্রত্যেকেই তাদেরকে সম্মান ও ভক্তির চোখে দেখে থাকে।
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ -মোটকথা, এ আয়াতে আল্লাহ তা‘আলা বলেছেনঃ আল্লাহ্ সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দান-খয়রাতকে বর্ধিত করেন। এ উক্তি পরকালের দিক দিয়ে তো সম্পূর্ণ পরিস্কার; সত্যোপলদ্ধির সামান্য চেষ্টা করলে দুনিয়ার দিক দিয়েও সুস্পষ্ট। হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর এ উক্তির উদ্দেশ্যও তাইঃ “সুদ যদিও বৃদ্ধি পায় কিন্তু এর শেষ পরিণতি হচ্ছে স্বল্পতা।”- (মুসনাদে-আ‘হমাদ, ইবনে-মাজাহ)
আয়াতের শেষাংশে বলা হয়েছে, وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
অর্থাৎ, “আল্লাহ্ তা‘আলা কোন কাফের গোনাহ্গারকে পছন্দ করেন না।” এতে ইশারা বা ইঙ্গিত করা হয়েছে যে, যারা সুদকে ‘হারামই মনে করে না, তারা কুফরে লিপ্ত এবং যারা ‘হারাম মনে করা সত্ত্বেও কার্যতঃ সুদ খায়, তারা গোনাহ্গার, পাপাচারী।
তৃতীয় আয়াতে নামায ও যাকাতের নির্দেশের প্রতি অনুগত সৎকর্মশীল মু’মিনদের বিরাট পুরস্কার ও পরকালীন সুখ-শান্তি বর্ণিত হয়েছে।
চতুর্থ আয়াতের সারমর্ম হলো, সুদের নিষেধাজ্ঞা অবতীর্ণ হওয়ার পর সুদের যেসব বকেয়া অর্থ কারও কাছে প্রাপ্য ছিল, সেগুলোর লেনদেনও ‘হারাম।
এর ব্যাখ্যা এই যে, সুদের অবৈধতা অবতীর্ণ হওয়ার পূর্বে ‘আরবে ব্যাপকভাবে সুদী কারবারের প্রচলন ছিল। আলোচ্য আয়াতসমূহের প্রথম আয়াতে এর নিষেধাজ্ঞা অবতীর্ণ হলে মুসলমানরা যথারীতি সুদের কাজ-কারবার পরিত্যাগ করেন। কিন্তু বানী-ছাকীফ ও বানী-মাখযূমের মধ্যে পরস্পর সুদের কারবার বহাল ছিল এবং বানী-মাখযুম মুসলমান হওয়ার পর সুদের টাকা পরিশোধ করাকে অবৈধ মনে করতে থাকে। আর এদিকে বানী-ছাকীফ তাদের প্রাপ্য সুদ দাবী করতে থাকে। কারণ তারা মুসলমান ছিল না, কিন্তু মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল। বানী-মাখযুমের বক্তব্য ছিল এই যে, ইসলাম গ্রহণ করার পর আমরা যে ‘হালাল উপার্জন করছি, তা সুদ পরিশোধে ব্যয় করবো না।
এ মতবিরোধের ঘটনাস্থল ছিল মক্কা মুকাররমা। তখন মক্কা বিজিত হয়ে গিয়েছিল। রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর পক্ষ থেকে মক্কার শাসক ছিলেন হযরত মু‘আয(রদ্বিয়াল্ল-হু ‘আনহু)। অন্য রিওয়ায়াত মতে ‘ইতাব ইবনে- উসাইদ (রদ্বিয়াল্ল-হু ‘আনহু)। তিনি নির্দেশ লাভের উদ্দেশ্যে ঘটনার বিবরণ রসূলুল্লহ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট লিখে পাঠালেন। এরই প্রেক্ষিতে কুরআন পাকের আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। এর সারমর্ম এই যে, ইসলাম গ্রহণ করার পর সুদের পুর্ববর্তী সব কাজ-কারবার অবিলম্বে মওকুফ করে দিতে হবে। অতীত সুদও গ্রহণ না করে শুধু মূলধন আদায় করতে হবে।
এই ইসলামী আইন কার্যকর হলে মুসলমানরা তো তা মানতে বাধ্য ছিলই, যেসব অমুসলিম গোত্র মুসলমানদের সাথে শান্তি-চুক্তিতে আবদ্ধ হয়ে ইসলামী আইন কবুল করে নিয়েছিল, তারাও এই আইন মেনে নিতে বাধ্য হল। কিন্তু এতদসত্ত্বেও রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) যখন বিদায়-হজ্বের ভাষণে এ আইন ঘোষণা করলেন, তখন একথাও প্রকাশ করলেন যে, এ আইন ব্যক্তিবিশেষ, সম্প্রদায় বিশেষ কিংবা মুসলমানদের আর্থিক স্বার্থের প্রতি লক্ষ্য করে নয়; বরং সমগ্র মানব সমাজের উন্নতি ও কল্যাণের প্রতি লক্ষ্য রেখেই প্রবর্তন করা হয়েছে। তাই আমি সর্বপ্রথম অ-মুসলমানদের কাছে মুসলমানদের প্রাপ্য বকেয়া সুদের বিরাট অঙ্ক মওকুফ করে দিচ্ছি। এখন তাদেরও নিজ নিজ বকেয়া সুদের অঙ্ক ছেড়ে দিতে আপত্তি থাকা উচিত নয়।
নির্দেশটি পালন কষ্টসাধ্য ছিল বলেই নির্দেশের পূর্বে اتَّقُوا اللَّهَ এবং নির্দেশের পরে إِن كُنتُم مُّؤْمِنِينَ যুক্ত করা হয়েছে।
এরপর পঞ্চম আয়াতে এ নির্দেশের বিরুদ্ধাচরণকারীদেরকে কঠোর শাস্তির কথা শুনানো হয়েছে। অর্থাৎ, তোমরা যদি সুদ পরিহার না কর, তবে আল্লাহ্ তা‘আলাও তাঁর রসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কুফর ছাড়া অন্য কোন বৃহত্তম গোনাহের কারণে কুরআন পাকে এত বড় শাস্তির কথা আর উচ্চারিত হয়নি। এ আয়াতের শেষে বলা হয়েছে-
وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
অর্থাৎ, যদি তোমরা তাওবা করে ভবিষ্যতের জন্যে বকেয়া সুদ ছেড়ে দিতে কৃতসংকল্প হও, তবে তোমরা আসল মূলধন ফেরত পেয়ে যাবে। মূলধনের অতিরিক্ত আদায় করে তোমরা কারও উপর যুলুম করতে পার না এবং কেউ মূলধন হ্রাস করে কিংবা পরিশোধে বিলম্ব করে তোমাদের উপরও যুলুম করতে পারবে না। আয়াতে মূলধন দেয়াকে তাওবার সাথে শর্তযুক্ত করা হয়েছে। অর্থাৎ, যদি তোমরা তাওবা কর এবং ভবিষ্যতে সুদ ছেড়ে দিতে কৃতসংকল্প হও, তবেই তোমরা মূলধন ফেরত পাবে।