আল-মায়িদাহ, আয়াত ১-৫

পৃষ্ঠা নং-৩১১

দিয়েছেন, সেগুলো প্রকৃতপক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন।

অতএব, নূহ্ (আঃ)-এর আমল থেকে শেষনবী (সাঃ)-এর আমল পর্যন্ত প্রত্যেক পয়গম্বর মৃত জন্তু ও শূকর ইত্যাদিকে নিজেদের সময়ে হারাম বলে ঘোষণা করেছেন। এতে বোঝা যায় যে, প্রতি যুগের সুস্থ-স্বভাব মনীষীরা এদের নোংরা ও ক্ষতিকর বলেই মনে করেছেন।

হযরত শাহ্ ওয়ালী উল্লাহ্ দেহলভী (রাঃ) ‘হুজ্জাতুল্লাহিল বালেগা’ গ্রন্থে বলেন, ইসলামী শরীয়তে হারামকৃত জন্তুদের সম্পর্কে চিন্তা করলে সেগুলো দুটি মূলনীতির অন্তর্ভুক্ত হয়ে যায়। এক প্রকার জন্তু সৃষ্টিগত ও স্বভাবগতভাবে নোংরা ও অপবিত্র এবং দ্বিতীয় প্রকার জন্তুর যবেহ পদ্ধতি ভ্রান্ত, ফলে যবেহ্-করা জন্তুর পরিবর্তে মৃত বলেই সাব্যস্ত করা হবে।

সূরা মায়েদার তৃতীয় আয়াতে নয়টি বস্তুকে হারাম বলা হয়েছে। তন্মধ্যে শূকর প্রথম প্রকারের অন্তর্ভুক্ত এবং অবশিষ্ট আটটি দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত।

কোরআন পাক وَيُحَرّمُ عَلَيْهِمُ الْخَبٰآئِثَ বলে সংক্ষেপে সব নোংরা ও অপবিত্র জন্তু হারাম হওয়ার কথা ঘোষণা করেছে। অতঃপর শূকরের মাংস, প্রবাহিত রক্ত ইত্যাদি কয়েকটি বস্তুর নাম পরিষ্কার উল্লেখ করেছে। অবশিষ্ট নোংরা ও অপবিত্র বস্তুসমূহের বর্ণনা রসূলুল্লাহ্ (সাঃ)-এর দায়িত্বে ন্যস্ত করা হয়েছে। তিনি কোন জন্তুর خبيث তথা নোংরা হওয়ার আলামত বর্ণনা প্রসঙ্গে বলেনঃ কোন জাতিকে শাস্তি হিসেবে কোন জন্তুর আকৃতিতে বিকৃত ও রূপান্তরিত করা হলে বোঝা যায় যে, জন্তুটি স্বভাবগত নোংরা। ফলে যারা আল্লাহ্‌র গযবে পতিত, তাকে সেসব জীবেন আকৃতিতে রূপান্তরিত করে দেয়া হয়েছে। উদাহরণতঃ কোরআনে বলা হয়েছেঃ

وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيْر

অর্থাৎ, কোন কোন জাতিকে শাস্তি হিসেবে শূকর ও বানরের আকৃতিতে বিকৃত করা হয়েছে। অতএব, বোঝা যায় যে, এই দুই প্রকার জন্তু স্বভাবগতভাবেই নোংরা শ্রেণীভুক্ত। নিয়মিত যবেহ্ করলেও এগুলো হালাল হবে না। এছাড়া অনেক জন্তু এমনও আছে, ক্রিয়াকর্ম ও লক্ষণাদি দ্বারা সেগুলো নোংরা হওয়ার বিষয় প্রত্যেকেই অনুভব করতে পারে। উদাহরণতঃ হিংস্র জন্তু। অন্যান্য জন্তুকে ক্ষত-বিক্ষত করা, ছিঁড়ে-খামচে ভক্ষণ করা এবং নির্মমতাই এদের কাজ।

এ জন্যেই রসূলুল্লাহ্ (সাঃ) একটি সাধারণ নীতি হিসেবে বর্ণনা করেন যে, দাঁত দ্বারা ছিঁড়ে খায় এমন যাবতীয় হিংস্র জন্তু যেমন, সিংহ, বাঘ ইত্যাদি এবং থাবা দ্বারা শিকার করে এমন প্রত্যেক প্রাণী যেমন বাজ, চিল প্রভৃতি সবই হারাম। এছাড়া ইঁদুর, মৃতভোজী জন্তু, গাধা ইত্যাদির স্বভাব হচ্ছে হীনতা, নিকৃষ্টতা ও অপবিত্রতার সাথে জড়িত হওয়া। এসব জন্তুর স্বভাবগত বৈশিষ্ট্য এবং ক্ষতিকর হওয়া প্রত্যেক সাধারণ সুস্থ-স্বভাব ব্যক্তিই অনুভব করতে সক্ষম।

মোটকথা এই যে, ইসলামী শরীয়ত যেসব জন্তুকে হারাম সাব্যস্ত করেছে, তন্মধ্যে এক প্রকার জন্তুর মধ্যে প্রকৃতিগতভাবেই নোংরামি পরিলক্ষিত হয়। দ্বিতীয় প্রকার জন্তুর মাঝে প্রকৃতিগতভাবে কোন নোংরামি নাই; কিন্তু যবেহ্ করার যে পদ্ধতি আল্লাহ্ তাআলা নির্ধারণ করেছেন তাকে সে পদ্ধতিতে যবেহ্ করা হয়নি। এখন এর ধরন বিভিন্ন হতে পারেঃ (এক) মূলতঃ যবেহ্‌ই করা হয়নি। যেমন, হেঁচকা টানে মেরে ফেলা, আঘাত করে মারা ইত্যাদি। (দুই) যবেহ করা হয়েছে; কিন্তু আল্লাহ্‌র নামের পরিবর্তে অন্যের নাম নিয়ে। (তিন) কারও নাম নেয়া হয়নি এবং যবেহ্ করার সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহ্‌র নাম উচ্চারণ করা হয়নি। এরূপ যবেহ্ শরীয়তে ধর্তব্য নয়; বরং যবেহ ব্যতীত মেরে ফেলারই শামিল।

وَطَعَامُ الَّذِيْنَ اُتُواالْكِتٰبَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ

অর্থাৎ, আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্যে হালাল এবং তোমাদের খাদ্য আহলে কিতাবদের জন্যে হালাল।

এক্ষেত্রে সাধারণ সাহাবী ও তাবেয়িগণের মতে ‘খাদ্য’ বলতে যবেহ্ করা জন্তুকে বোঝানো হয়েছে। হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস, আবুদ্দরদা, ইবরাহীম, কাতাদাহ, সুদ্দী, যাহ্‌হাক, মুজাহিদ, রাদ্বিয়াল্লাহু আনহুম থেকে এ কথাই বর্ণিত আছে।–(রুহুল-মা’আনী, জাস্‌সাস) কেননা, অন্য প্রকার খাদ্যবস্তুতে আহ্‌লে-কিতাব, পৌত্তলিক, মুশরেক সবাই সমান। রুটি, আটা, চাল, ডাল ইত্যাদিতে যবেহ্ করার প্রয়োজন নেই। এগুলো যে কোন লোকের কাছ থেকে যে কোন বৈধ পন্থায় অর্জিত হলে মুসলমানের জন্যে খাওয়া হালাল। অতএব, আলোচ্য বাক্যের মূল বিষয়বস্তু হচ্ছে আহ্‌লে-কিতাবদের যবেহ করা জন্তু মুসলমানদের জন্যে এবং মুসলমানদের যবেহ্ করা জন্তু আহ্‌লে-কিতাবদের জন্যে হালাল।

এখানে কয়েকটি বিষয় প্রণিধানযোগ্য। প্রথম, কোরআন ও সুন্নাহ্‌র পরিভাষায় আহ্‌লে কিতাব কারা? কিতাব বলে কোন্ কিতাবকে বোঝানো হয়েছে? আহ্‌লে-কিতাব হওয়ার জন্যে স্বীয় কিতাবের প্রতি বিশুদ্ধ ঈমান থাকা এবং আমল করাও জরুরী কি না? এটা জানা কথা যে, এ স্থলে কিতাবের আভিধানিক অর্থে যে কোন লিখিতপাতাকে বোঝানো হয়নি, বরং যে কিতাব আল্লাহ্‌র পক্ষ থেকে আগমন করেছে, তাই বোঝানো হয়েছে। তাই এ বিষয়ে কারও দ্বিমত নেই যে, এখানে ঐ ঐশী কিতাবকেই বোঝানো হয়েছে, যা আল্লাহ্‌র কিতাব হওয়া কোরআনের সমর্থন দ্বারা নিশ্চিত। যেমন, তওরাত, ইঞ্জীল, যবুর, মূসা ও ইবরাহীম (আঃ)-এর ছহীফা ইত্যাদি। সুতরাং যেসব জাতি এমন কিতাবের প্রতি বিশ্বাস রাখে এবং তাকে খোদায়ী প্রত্যাদেশ বলে মনে করে তারাই আহ্‌লে কিতাব। পক্ষান্তরে আল্লাহ্‌র কিতাব বলে কোরআন ও সুন্নাহ্‌র নিশ্চিত পন্থায় প্রমাণিত নয়, তারা আহ্‌লে কিতাবদের অন্তর্ভুক্ত হবে না। যেমন মক্কার মুশরেক, অগ্নিউপাসক, মূর্তিপূজারী হিন্দু, বৌদ্ধ, আর্য, শিখ ইত্যাদি। এতে বোঝা গেল যে, কোরআনের পরিভাষায় ইহুদী ও খ্রীষ্টান জাতিই আহ্‌লে-কিতাবের অন্তর্ভুক্ত। তারা তওরাত ও ইঞ্জীলের প্রতি বিশ্বাসী।

তৃতীয় একটি জাতি হচ্ছে ‘ছাবেয়ীন’। তাদের অবস্থা সন্দেহযুক্ত।

যেসব আলেমের মতে তারা দাউদ (আঃ)-এর কিতাব যবুরের প্রতি ঈমান রাখে, তাঁরা তাদেরও আহ্‌লে-কিতাবের অন্তর্ভুক্ত মনে করেন। আর যারা অনুসন্ধান করে জানতে পেরেছেন যে, যবুর কিতাবের সাথে এদের কোন সম্পর্ক নেই; এরা তারকা উপাসক জাতি, তারা এদের মূর্তি ও অগ্নিউপাসকদের অন্তর্ভুক্ত বলে মনে করেন। মোটকথা, নিশ্চিতরূপে যাদের আহ্‌লে-কিতাব বলা যায় তারা হল ইহুদী ও খ্রীস্টান জাতি। তাদের যবেহ করা জন্তু মুসলমানদের জন্যে এবং মুসলমানদের যবেহ্ করা জন্তু তাদের জন্যে হালাল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ