পৃষ্ঠা নং-৩১৩
তওরাত ও ইঞ্জীলের উদ্ধৃতি। এতে বিস্তর পরিবর্তন ও পরিবর্ধনের পরও হুবহু কোরআনের বিধি-বিধানের অনুরূপ এ বিষয়বস্তুগুলো অবশিষ্ট রয়েছে।
কোরআনের বক্তব্যও এমনিঃ “তোমাদের জন্যে হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস, যে জীব আল্লাহ্ ছাড়া অন্যের নামে যবেহ করা হয়, কন্ঠরোধে নিহত জন্তু, আঘাতজনিত কারণে মৃত জন্তু, উচ্চস্থান থেকে পতনে মৃত জন্তু, শিং এর আঘাতে মৃত জন্তু, হিংস্র জন্তুর ভক্ষণ করা মৃত জন্তু –তবে যদি তোমরা যবেহ করে পাক করে নিতে পার এবং ঐ জন্তু, যা দেবদেবীর যজ্ঞবেদীতে যবেহ করা হয়।”
দেখুন আহবার ৬-১৮-১৯ পর্যন্ত। এখানে হারাম মহিলাদের একটি দীর্ঘ তালিকা দেয়া হয়েছে। তাদের অধিকাংশই ঐসব মহিলা, যাদের কোরআন হারাম করেছে। এমন কি, جمع بين الأختين অর্থাৎ, দুই বোনকে একত্রে বিবাহ করাও হারাম এবং হায়েয অবস্থায় সহবাস হারাম হওয়াও বর্ণিত রয়েছে। এছাড়া বাইবেলে আরও উল্লেখ করা হয়েছে যে, মূর্তিপূজারী ও মুশরিকদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা অবৈধ। প্রচলিত তওরাতের ভাষা এরূপঃ
“তাদের সাথে বৈবাহিক সম্পর্কও স্থাপন করবে না। তাদের পুত্রদের স্বীয় কন্যা দান করবে না এবং স্বীয় পুত্রদের জন্যে তাদের কন্যা গ্রহণ করবে না। কারণ, তারা আমার অনুসরণ থেকে আমার পুত্রদের বিমুখ করে দিবে –যাতে তারা অন্য উপাস্যের উপাসনা করে। (এস্তেস্না ৭-৩-৪)
তফসীরে মাযহারীতে বলা হয়েছে যে, যবেহ করার ব্যাপারে ও বিবাহের ব্যাপারে পার্থক্য এই যে, যবেহ করা জন্তু উভয় পক্ষ থেকেই হালাল। আহলে কিতাবদের যবেহ করা জন্তু মুসলমানদের জন্যে হালাল এবং মুসলমানদের যবেহ করা জন্তু আহলে-কিতাবদের জন্যে হালাল কিন্তু মহিলাদের বিবাহের ব্যাপারটি এরূপ নয়। আহলে-কিতাবদের মহিলাকে বিবাহ করা মুসলমানদের জন্যে হালাল বটে, কিন্তু আহলে-কিতাবদের সাথে মুসলমান মহিলাদের বিবাহ হালাল নয়।
আরেকটি বিষয় এই যে, যদি কোন মুসলমান কখনও ধর্মত্যাগী হয়ে ইহুদী অথবা খ্রীস্টান হয়ে যায়, তবে সে আহলে কিতাবদের অন্তর্ভুক্ত থাকবে না; বরং সে হবে ধর্মত্যাগী। তার যবেহ করা জন্তু সর্বসম্মতিক্রমে হারাম। এমনিভাবে যে মুসলমান ইসলামের কোন একটি জরুরী ও অকাট্য বিষয় অস্বীকার করার কারণে ধর্মত্যাগী বলে সাব্যস্ত হয়, সে কোরআন ও রসূলুল্লাহ্ (সাঃ)-এর প্রতি বিশ্বাসের দাবী করলেও ধর্মত্যাগী এবং তার যবেহ করা জন্তু হালাল নয়। অবশ্য অন্য কোন ধর্মাবলম্বী যদি স্বীয় ধর্ম পরিত্যাগ করে ইহুদী অথবা খ্রীস্টান হয়ে যায়, তবে সে আহলে-কিতাবদের অন্তর্ভুক্ত হবে এবং তার যবেহ করা জন্তু হালাল বলে গণ্য হবে।