পৃষ্ঠা নং-৩০৩
وَاللهُ ذُوالْفَضْلِ الْعَظِيْمِ যে কোন সাহাবীর কল্যাণার্থ বা যার প্রশ্নের উত্তরে কোন আয়াত নাযিল হয়েছে, উক্ত আয়াত তাঁকে মহিমান্বিত ও গৌরবান্বিত করেছে। আর মতভেদ হলে যার বক্তব্য অনুসারে ওহী নাযিল হয়েছে, কেয়ামত পর্যন্ত চিরদিন তাঁর সুনাম ও সুখ্যাতি বজায় থাকবে। যাহোক, ‘কালালাহ’ সম্পর্কে প্রশ্ন ও উত্তর উল্লেখ করে উপরোক্ত সমাধানসমূহের প্রতিও ইঙ্গিত করা হয়েছে।–(ফাওয়ায়েদে-ওসমানী)
শানে নুযূলঃ এটি সূরা মায়েদার প্রথম আয়াত। সূরা মায়েদা সর্বসম্মতিক্রমে মদীনায় অবতীর্ণ। মদীনায় অবতীর্ণ সূরাসমূহের মধ্যেও এটি শেষ দিককার সূরা। এমনকি, কেউ কেউ একে কোরআন মজীদের সর্বশেষ সূরাও বলেছেন। মুসনাদে-আহ্মদে হযরত আবদুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) ও আসমা বিনতে এয়াযীদের (রাঃ) বাচনিক বর্ণিত আছে, সূরা মায়েদা যে সময় অবতীর্ণ হয়, সে সময় রসূলুল্লাহ্ (সাঃ) সফরে ‘আযবা’ নামীয় উষ্ট্রীর পিঠে সওয়ার ছিলেন। সাধারণতঃ ওহী অবতরণের সময় যেরূপ অসাধারণ ওজন ও বোঝা অনুভূত হতো, তখনও যথারীতি তা অনুভূত হয়েছিল। এমনকি ওজনের চাপে উষ্ট্রী অক্ষম হয়ে পড়লে রসূলুল্লাহ্ (সাঃ) নীচে নেমে আসেন। কোন কোন রেওয়ায়েত দৃষ্টে বোঝা যায় যে, এটি ছিল বিদায় হজ্বের সফর। বিদায় হজ্ব নবম হিজরীর ঘটনা। এ হজ্ব থেকে ফিরে আসার পর হুযূর (সাঃ) প্রায় আশি দিন জীবিত ছিলেন। ইবনে হাব্বান ‘বাহরে-মুহীত’ গ্রন্থে বলেনঃ সূরা মায়েদার কিয়দংশ হোদায়বিয়ার সফরে, কিয়দংশ মক্কা বিজয়ের সফরে এবং কিয়দংশ বিদায় হজ্বের সফরে অবতীর্ণ হয়। এতে বোঝা যায় যে, এ সূরাটি সর্বশেষ সূরা না হলেও শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছে।
রুহুল-মা’আনী গ্রন্থে আবু ওবায়দাহ্ হযরত হামযা ইবনে হাবীব এবং আতিয়্যা ইবনে কায়স বর্ণিত হাদীসে বলা হয়েছেঃ المائدة من آخر القرآن نزولا، فأحلوا حلالها وحرموا حرامها অর্থাৎ, ‘সূরা মায়েদাহ্ কোরআন অবতরণের শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছে। এতে যা হালাল করা হয়েছে, সেগুলোকে চিরকালের জন্যে হালাল এবং যা হারাম করা হয়েছে, সেগুলোকে চিরকালের জন্যে হারাম মনে করো।’
ইবনে-কাসীরে এমনি ধরনের একটি রেওয়ায়েত হযরত জুবায়ের ইবনে নুফায়ের (রাঃ) থেকে বর্ণিত রয়েছে, তিনি একবার হজ্বের পর হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)-এর কাছে উপস্থিত হলে তিনি বললেনঃ জুবায়ের, তুমি কি সূরা মায়েদাহ্ পাঠ কর? তিনি আরয করলেন, জী-হাঁ, পাঠ করি। হযরত আয়েশা (রাঃ) বললেনঃ এটি কোরআন পাকের সর্বশেষ সূরা। এতে হালাল ও হারামের যেসব বিধি-বিধান বর্ণিত আছে, তা অটল। এগুলো রহিত হওয়ার সম্ভাবনা নাই। কাজেই এগুলোর প্রতি বিশেষ যত্নবান থেকো।
সূরা মায়েদায়ও সূরা নেসার মত বিভিন্ন বিষয়ের মাসআল-মাসায়েল, লেন-দেন, পারস্পরিক চুক্তি-অঙ্গীকার ইত্যাদির বিধি-বিধান বর্ণিত হয়েছে। এ কারণেই রুহুল-মা’আনীর গ্রন্থকার বলেনঃ বিষয়বস্তুর দিক দিয়ে সূরা বাক্বারা ও সূরা আলে ইমরান অভিন্ন। কেননা, এ দু’টি সূরায় প্রধানতঃ মৌলিক বিধি-বিধান ও আকায়েদ, যথা, তওহীদ, রেসালত, কিয়ামত ইত্যাদির বর্ণনা উল্লেখিত হয়েছে। প্রসঙ্গক্রমে অনেক খুঁটিনাটি বিষয়ও বর্ণিত হয়েছে। পক্ষান্তরে সূরা নিসা ও সূরা মায়েদাহ বিষয়বস্তুর দিক দিয়ে অভিন্ন। কেননা, এ দু’টি সুরায় প্রধানতঃ বিভিন্ন বিধি-বিধানের বিস্তারিত আলোচনা স্থান লাভ করেছে এবং মৌলিক বিধি-বিধান প্রসঙ্গক্রমে বর্ণিত হয়েছে। সূরা নিসায় পারস্পরিক লেন-দেন ও বন্দার হকের উপর জোর দেয়া হয়েছে। স্বামী-স্ত্রীর হক, এতীমের হক, পিতা-মাতা ও অন্যান্য আত্মীয়-স্বজনের প্রাপ্য অধিকারের বিস্তারিত বিবরণ পেশ করা হয়েছে। সূরা মায়েদার প্রথম আয়াতেও এসব লেন-দেন ও চুক্তি-অঙ্গীকার মেনে চলা ও পূর্ণ করার নির্দেশ দেয়া হয়েছে। যেমনঃ
يٰأَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اَوْفُوْا بِالْعُقُوْدِ হে মুমিনগণ, তোমরা ওয়াদা-অঙ্গীকার পূর্ণ কর। এ কারণেই সূরা মায়েদার অপর নাম সূরা ওকূদ। অর্থাৎ, ওয়াদা-অঙ্গীকারের সূরা।–(বাহরে-মুহিত)
চুক্তি-অঙ্গীকার ও লেন-দেনের ক্ষেত্রে এ সূরাটি বিশেষ করে এর প্রথম আয়াতটি সবিশেষে গুরুত্বের অধিকারী। এ কারণেই রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন আমর ইবনে হাযম (রাঃ)-কে ঐ আমলের শাসনকর্তা নিযুক্ত করে প্রেরণ করেন এবং একটি ফরমান লিখে তাঁর হাতে অর্পণ করেন, তখন এ ফরমানের শিরোনামে উল্লেখিত আয়াতটিও লিপিবদ্ধ করে দেন।
এ সূরার প্রথম আয়াতের প্রথম বাক্যটি এত ব্যাপক অর্থবোধক যে, এর ব্যাখ্যায় হাজারো পৃষ্ঠা লেখা যায় এবং লেখা হয়েছে। এরশাদ হচ্ছেঃ يٰأَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اَوْفُوْا بِالْعُقُوْدِ অর্থাৎ, হে বিশ্বাসীগণ! স্বীয় চুক্তি-অঙ্গীকার পূর্ণ কর। এতে প্রথমে يٰأَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا বলে সম্বোধন করে বিষয়বস্তুর গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে, এতে যে নির্দেশ রয়েছে, তা সাক্ষাৎ ঈমানের দাবী। এরপর বলা হয়েছেঃ
اَوْفُوْا بِالْعُقُوْدِ
عقود – عقد শব্দের বহুবচন। এর শাব্দিক অর্থ বাঁধা, আবদ্ধ করা। চুক্তিতে যেহেতু দুই ব্যক্তি অথবা দুই দল আবদ্ধ হয়, এজন্য এটাকেও عقد বলা হয়। এভাবে عقود এর অর্থ হয় عهود অর্থাৎ, চুক্তি ও অঙ্গীকার।
খ্যাতনামা তাফসীরবিদ ইবনে-জারীর উপরোক্ত অর্থে তাফসীরবিদ সাহাবী ও তাবেয়ীগণের ‘ইজমা’ (ঐকমত্য) বর্ণনা করেছেন। ইমাম জাস্সাস বলেনঃ দুই পক্ষ যদি ভবিষ্যতে কোন কাজ করা অথবা না করার বাধ্য-বাধকতায় একমত হয়ে যায়, তবে তাকেই عقد , عهد ও معاهد বলা হয়। আমাদের পরিভাষায় একেই চুক্তি বলা হয়। অতএব, উপরোক্ত বাক্যের সারমর্ম এই যে, পারস্পরিক চুক্তি পূর্ণ করাকে জরুরী ও অপরিহার্য মনে কর।
এখন দেখতে হবে আয়াতে চুক্তি বলে কোন্ ধরনের চুক্তিকে বুঝানো হয়েছে? এ ব্যাপারে তাফসীরবিদগণের বাহ্যতঃ বিভিন্ন উক্তি রয়েছে। কেউ কেউ বলেনঃ আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে ঈমান ও এবাদত সম্পর্কিত যে সব অঙ্গীকার নিয়েছেন অথবা আল্লাহ্ তাআলা বান্দাদের কাছ থেকে স্বীয় নাযিলকৃত বিধি-বিধান হালাল ও হারাম সম্পর্কিত যেসব অঙ্গীকার নিয়েছেন, আয়াতে সেগুলোকেই বুঝানো হয়েছে। এ উক্তি হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত আছে।
তাফসীরবিদ ইবনে সাআদ ও যায়দ ইবনে আসলাম বলেনঃ এখানে ঐসব চুক্তিকে বুঝানো হয়েছে, যা মানুষ পরস্পরে একে অন্যের সাথে সম্পাদন করে। যেমন, বিবাহ-শাদী ও ক্রয়-বিক্রয় চুক্তি ইত্যাদি।
কেউ কেউ বলেনঃ এখানে ঐসব শপথ ও অঙ্গীকারকে বুঝানো হয়েছে, যা জাহেলিয়াত যুগে একজন অন্যজনের কাছ থেকে পারস্পরিক সাহায্য-সহযোগিতার ক্ষেত্রে সম্পাদন করতো। মুজাহিদ, রবী, কাতাদাহ-