আল-মায়িদাহ, আয়াত ১-৫

পৃষ্ঠা নং-৩১২

ইহুদী ও খ্রীস্টানদের মধ্যে যারা নাস্তিক, তারা এর অন্তর্ভুক্ত নয়ঃ আজকাল ইউরোপে বিরাট সংখ্যক ইহুদী ও খ্রীস্টান রয়েছে, যারা শুধু আদম শুমারীর দিক দিয়েই ইহুদী ও খ্রীস্টান বলে কথিত হয়। প্রকৃতপক্ষে তারা আল্লাহ্‌র অস্তিত্ব ও কোন ধর্মে বিশ্বাস করে না, তওরাত ও ইঞ্জিলকে আল্লাহ্‌র গ্রন্থ মনে করে না এবং মূসা ও ঈসা (আঃ)-কে আল্লাহ্‌র নবী ও পয়গম্বর বলে স্বীকার করে না। সুতরাং এটা জানা কথা যে, এরূপ ব্যক্তি আদম শুমারীর নামের কারণে আহ্‌লে কিতাবের অন্তর্ভুক্ত হতে পারে না।

‘আহলে কিতাবের খাদ্য’ বলে কি বোঝানো হয়েছেঃ طعام শব্দের আভিধানিক অর্থ, খাদ্য দ্রব্য। শাব্দিক অর্থে সর্বপ্রকার খাদ্যই এর অন্তর্ভুক্ত। কিন্তু সাধারণ আলেমদের মতে এ স্থলে طعام বলে শুধু আহ্‌লে কিতাবদের যবেহ্ করা গোশত বোঝানো হয়েছে। কেননা, গোশত ছাড়া অন্যান্য খাদ্য দ্রব্যের ক্ষেত্রে আহ্‌লে কিতাব ও অপরাপর কাফেরদের মধ্যে কোন তফাৎ নেই। কাফেরদের হাতের আহার্য বস্তু গম, বুট, চাউল, ফল ইত্যাদি খাওয়া হালাল। এতে কারও দ্বিমত নেই। তবে যেসব খাদ্য মানুষের হাতে প্রস্তুত হয়, সেগুলোর ব্যাপারে যেহেতু কাফেরদের বাসন-কোসন ও হাতের পবিত্রতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না, সেহেতু তা থেকে বেঁচে থাকাই উত্তম। কিন্তু এতে মুশরেক মুর্তিপূজারীর যে অবস্থা, আহ্‌লে কিতাবদেরও একই অবস্থা। কারণ, অপবিত্রতার সম্ভাবনা উভয় ক্ষেত্রেই সমান।

আহ্‌লে-কিতাবদের যবেহ্ করা জন্তু হালাল হওয়ার কারণঃ এটি আলোচ্য বিষয়বস্তুর তৃতীয় প্রশ্ন। এর উত্তর অধিকাংশ সাহাবী, তাবেয়ী ও তফসীরবিদদের পক্ষ থেকে এই দেয়া হয় যে, কাফেরদের মধ্য থেকে আহ্‌লে কিতাব ইহুদী ও খ্রীস্টানদের যবেহ্ করা জন্তু হালাল হওয়া এবং তাদের মহিলাকে বিবাহ করা হালাল হওয়ার কারণ হচ্ছে এই যে, এ দুটি বিষয়ে তাদের ধর্মমতও ইসলামের হুবহু অনুরূপ। অর্থাৎ, আল্লাহ্‌র নাম উচ্চারণ করে জন্তু যবেহ করাকে তারাও বিশ্বাসগতভাবে জরুরী মনে করে। এ ছাড়া মৃত জন্তুকেও তারা হারাম মনে করে।

এমনিভাবে ইসলামে যেসব মহিলাকে বিবাহ করা হারাম, তাদের ধর্মেও তাদের বিবাহ করা হারাম। ইসলামে যেমন বিবাহ প্রচার করা ও সাক্ষীদের উপস্থিতিতে হওয়া জরুরী, তেমনি তাদের ধর্মেও এসব বিধি বিধান জরুরী।

আহ্‌লে-কিতাবদের যবেহ করা জন্তু হালাল হওয়ার কারণ এই যে, ইহুদী ও খ্রীস্টানদের ধর্ম অনেক পরিবর্তন সত্ত্বেও যবেহ্ করার মাসআলাটি ইসলামী শরীয়তের অনুরূপ রয়েছে। আল্লাহ্‌র নাম ছাড়া অন্যের নামে যবেহ করা জন্তুকে তারাও হারাম মনে করে এবং যবেহ করার সময় আল্লাহ্‌র নাম উচ্চারণ করা জরুরী মনে করে।

মোটকথা, পূর্ববর্তী আলেমদের মধ্যে যারা আহ্‌লে-কিতাবদের আল্লাহ্‌র নাম ছাড়া অন্যের নামে যবেহ করা জন্তু খাওয়ার অনুমতি দিয়েছেন, তাদের মতেও আহলে-কিতাবদের আসল মাযহাবে এরূপ জন্তু হারাম। কিন্তু তাঁরা বিভ্রান্ত লোকদেরকেও আসল আহলে-কিতাবদের সাথে এক করে তাদের যবেহ করা জন্তুকেও হালাল বলেছেন। পক্ষান্তরে সাধারণ সাহাবী, তাবেয়ী ও মুজতাহিদ ইমামগণ এ দিকটি লক্ষ্য করেছেন যে, আহলে-কিতাবদের মূর্খ জনগণ যে আল্লাহ্‌র নাম ছাড়া অন্যের নামে অথবা আল্লাহ্‌র নাম ব্যতীতই যবেহ করে, তা যেমন ইসলামী বিধানের পরিপন্থী, তেমনি স্বয়ং খ্রীস্টানদের বর্তমান ধর্মমতেরও বিরোধী। এ কারণে ধর্মীয় বিধানের উপর তাদের কর্মের কোন প্রতিক্রিয়া না হওয়া উচিত।  তাঁরা ফায়সালা দিয়েছেন যে, তাদের যবেহ করা জন্তু আয়াতে বর্ণিত আহ্‌লে-কিতাবদের যবেহ করা জন্তুর অন্তর্ভুক্ত নয়। সুতরাং তা হালাল হওয়ার কোন কারণ নাই। তাদের ভ্রান্ত কর্মের কারণে কোরআনের আয়াতে নসখ তথা রহিতকরণের পথ বেছে নেয়া কিছুতেই সমীচীন নয়।

এ কারণেই ইবনে জরীর, ইবনে কাছীর, আবু হাইয়্যান প্রমুখ তফসীরবিদগণ এ বিষয়ে একমত যে, সূরা বাক্বারা ও সূরা আনআমের আয়াতসমূহে কোন নস্‌খ হয়নি। এটাই সাধারণ সাহাবী ও তাবেয়ীদের মত। ইবনে কাছীরের বরাত দিয়ে পূর্বেই তা উল্লেখ করা হয়েছে। এ মতই বাহরে-মুহীত গ্রন্থে নিম্নোক্ত ভাষায় উল্লেখিত হয়েছেঃ

ذَهَبَ إِلَى أَنَّ الْكِتَابِيَّ إِذَا لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَى الذَّبِيحَةِ وَذَكَرَ غَيْرَ اللَّهِ لَمْ تُؤْكَلْ وَبِهِ قَالَ: أَبُو الدَّرْدَاءِ، وَعُبَادَةُ بْنُ الصَّامِتِ، وَجَمَاعَةٌ مِنَ الصَّحَابَةِ. وَبِهِ قَالَ: أَبُو حَنِيفَةَ، وَأَبُو يُوسُفَ، وَمُحَمَّدٌ، وَزُفَرُ، وَمَالِكٌ. وَكَرِهَ النَّخَعِيُّ وَالثَّوْرِيُّ أَكْلَ مَا ذُبِحَ وَأُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ

-“তাঁর মাযহাব এই যে, আহল-কিতাব যদি যবেহ করার সময় আল্লাহ্‌র নাম উচ্চারণ না করে, অথবা আল্লাহ্‌ ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করে, তবে তা খাওয়া জায়েয নয়। আবুদ্দরদা, ওবাদা ইবনে ছামেত এবং একদল ছাহাবী এ কথাই বলেন এবং ইমাম আবু হানীফা, আবু ইউসুফ, মোহাম্মদ, যুফার ও ইমাম মালেকের মতও তাই। নাখায়ী ও সওরী এরূপ জন্তুকে খাওয়া মকরূহ মনে করেন।” –(বাহ্‌রে মুহীত, ৪৩১পৃঃ, ৪র্থ খণ্ড)

বিভিন্ন সময়ে মুদ্রিত আজকালকার তওরাত ও ইঞ্জীল থেকেও এ বিষয়ের সমর্থন পাওয়া যায়। তাদের নিম্নোদ্ধৃত উক্তিসমূহ দেখুন। বর্তমান যুগের ইহুদী ও খ্রীস্টান উভয় সম্প্রদায়ের কাছে স্বীকৃত বাইবেলের প্রাচীন আহাদনামায় যবেহ সম্পর্কে এসব বিধি বিধান রয়েছেঃ

(১) যে জন্তু আপনা আপনি মরে যায় এবং যেসব জন্তুকে অন্য কোন হিংস্র প্রাণী ছিঁড়ে ফেলে, তার চর্বি অন্য কাজে লাগালে লাগাতে পারে; কিন্তু কোন অবস্থাতেই তা খেতে পারবে না। (আহবার-২৪)

(২) যে কোন পন্থা-প্রক্রিয়ায় মনের আগ্রহে এবং খোদাওয়ান্দ প্রদত্ত বরকত অনুযায়ী যবেহ করে মাংস খেতে পারবে; কিন্তু তোমরা রক্ত কখনও খেয়ো না। (এস্তেস্না, ১২-১৫)

(৩) তোমরা দেবদেবীর নামে কোরবানীর মাংস, রক্ত, কণ্ঠরোধে নিহত জন্তু এবং হারাম কর্ম থেকে বিরত থাক। -(আহ্‌দ নামা জাদীদ কিতাব আ’মাল ১-২৯)

(৪) খ্রীস্টানদের প্রধান পোপ পলিস ক্রিন্থউনের নামে প্রথম পত্রে লিখেনঃ বিধর্মীরা যেসব কোরবানী করে তা শয়তানের জন্যে করে; খোদার জন্যে নয়। আমি চাই না যে, তুমি শয়তানের অংশীদার হও। তুমি খোদাওয়ান্দের পিয়ালা ও শয়তানের পেয়ালা উভয়টি থেকে পান করতে পার না। (ক্রিন্থিউন ১০-২০-৩০)

(৫) ‘আ’মালে হাওয়ারিয়্যীন’ গ্রন্থে আছে, আমি এ মীমাংসা লিখেছিলাম যে, তারা শুধু দেবদেবীর কোরবানীর মাংস থেকে এবং কণ্ঠরোধে নিহত জন্তু ও হারাম কর্ম থেকে নিজকে বাঁচিয়ে রাখবে। (আ’মাল ২১-২৫)

এগুলো হচ্ছে আজকালকার বাইবেল সোসাইটিসমূহের মুদ্রিত-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ