পৃষ্ঠা নং-২২৯
আইন-কানুনের মত বর্ণনা করা হয়নি। কুরআনে বর্ণিত আইন কানুনগুলোকে জনগনের হৃদয়গ্রাহী করার জন্য বিশেষ আন্তরিকতার সাথে এবং প্রশিক্ষনমূলক পন্থায় বর্ণনা করা হয়েছে। আইনগুলো বর্ণনা করার সাথে সাথে মানুষের মন-মানসিকতারও প্রশিক্ষন দেয়া হয়ে থাকে, যাতে তাদের মধ্যে গ্রহন ক্ষমতা বৃদ্ধি পায়।
ইয়াতীমের অধিকারঃ আলোচ্য আয়াতের প্রথম বাক্যে বলা হয়েছেঃ وَاٰتُوا الْيَتٰمٰى اَمْوَالَهُمْ ইয়াতীমের সম্পদ তাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দাও। “ইয়াতীম” শব্দটির অর্থ হচ্ছে, নিঃসঙ্গ। একটি ঝিনুকের মধ্যে যদি একটি মাত্র মুক্তা জন্ম নেয়, তখন একে ‘দুররে-ইয়াতীম’ বা নিঃসঙ্গ মুক্তা বলা হয়ে থাকে।
ইসলামী পরিভাষায় যে শিশু-সন্তানের পিতা ইন্তেকাল করে, তাকে ইয়াতীম বলা হয়ে থাকে। অবশ্য জীব-জন্তুর ব্যপারে এর বিপরীতভাবে শব্দটি ব্যবহৃত হয়। যেমন যে সব জীব-জন্তুর মা মারা যায়, সেগুলোকে ইয়াতীম বলা হয়। ছেলে-মেয়ে বালেগ হয়ে গেলে তাদেরকে ইসলামী পরিভাষায় ইয়াতীম বলা হয় না। ‘হাদীসে বর্ণিত হয়েছে, মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বালেগ হবার পর আর কেউ ইয়াতীম থাকে না। (মিমশকাত পৃঃ২৮৪)
ইয়াতীম যদি পারিতোষিক অথবা উপটোকন হিসাবে কিছু সম্পদ প্রাপ্ত হয়, তাহলে ইয়াতীমের অভিভাবকের দায়িত্ব হচ্ছে সেসব মালেরও হেফাজত করা। ইয়াতীমের মৃত পিতা অথবা দেশের সরকার যেই উক্ত অভিভাবককে মনোনীত করুকনা কেন; তার উপরই ইয়াতীমের সম্পত্তির রক্ষনাবেক্ষনের দায়িত্ব বর্তায়। উক্ত অভিভাবকের উচিত, ইয়াতীমের যাবতীয় প্রয়োজন তার গচ্ছিত ধন-সম্পদ থেকে নির্বাহ করা। এবং যতক্ষন পর্যন্ত ইয়াতীম বালেগ না হবে, ততক্ষন পর্যন্ত তার নিকট তার সম্পত্তি অর্পণ না করা। কারণ বালেগ হওয়ার পূর্বে তার জ্ঞান ও বুদ্ধি বিবেচনা সম্পত্তি সংরক্ষনের মতো না হওয়াই স্বাভাবিক।
পবিত্র কুরআনে বলা হয়েছে; যে ইয়াতীমের ধন-সম্পদ তার নিকট পৌঁছে দাও। আর এর অর্থ হচ্ছে এইযে, সে বালেগ হলেই কেবল তার নিকট তার গচ্ছিত মালামাল পৌঁছে দেয়া যেতে পারে।
অতএব, ইয়াতীমের মালামাল তার কাছে পৌঁছে দেয়ার পন্থা হল ইয়াতীমের মালামাল পুরোপুরিভাবে সংরক্ষন করা এবং সে বালেগ হলে যথাসময় তার নিকট তার সম্পত্তি হস্তান্তর করা। কুরআনের এ আয়াতে এদিকেও ইঙ্গিত করা হয়েছে যে, কোন অভিভাবক ব্যক্তিগতভাবে ইয়াতীমের মাল অপচয় ও আত্মসাৎ করবে না, এটাই যথেষ্ট নয়; বরং তার নৈতিক দায়িত্ব হচ্ছে তার ধন-সম্পদের সার্বিক তত্বাবধান করা এবং ইয়াতীম বালেগ না হওয়া পর্যন্ত তার নিজস্ব দায়িত্বে তা সংরক্ষন করা।
মেয়েদের অধিকার সংরক্ষনঃ জাহেলিয়াত যুগে ইয়াতীম মেয়েদের অধিকার চরমভাবে ক্ষুন্ন করা হত। যদি কোন অভিভাবকের অধীনে কোন ইয়াতীম মেয়ে থাকতো আর তারা যদি সুন্দরী হতো এবং তাদের কিছু সম্পদ সম্পত্তিও থাকতো, তাহলে তাদের অভিভাবকরা নামমাত্র মোহর দিয়ে তাদেরকে বিয়ে করে নিতো অথবা তাদের সন্তানদের সাথে বিয়ে দিয়ে সম্পত্তি আত্মসাৎ করার ফিকির করতো। এসব অসহায় মেয়েদের পূর্ণ অধিকার সংরক্ষনের ব্যবস্হার কথা তারা চিন্তাও করতো না।
বুখারী শরীফে হযরত আয়েশা সিদ্দীকা (রদ্বিয়াল্ল-হু ‘আনহা) থেকে বর্ণিত আছে যে, মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর যুগে ঠিক এ ধরণের একটি ঘটনা সংঘঠিত হয়েছিল। জনৈক ব্যক্তির তত্বাবধানে একটি ইয়াতীম মেয়ে ছিল। সে ব্যক্তির একটি বাগান ছিল, যার মধ্যে উক্ত বালিকাটিরও অংশ ছিল। সে ব্যক্তি উক্ত মেয়েটিকে বিয়ে করে নিলো এবং নিজের পক্ষ থেকে ‘দেন মোহর’ আদায় তো করলোই না, বরং বাগানে মেয়েটির যে অংশ ছিল তাও সে আত্মসাৎ করে নিলো। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উপরোক্ত আয়াত নাযিল হয়।
وَ اِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَآءِ অর্থাৎ, মেয়েরতো অভাব নেই, বিয়ে যদি করতেই হয়, তবে অন্য স্ত্রীলোকদের মধ্য থেকেই একাধীক বিয়ে করতে পার।
নাবালেগের বিয়ে প্রসঙ্গেঃ আলোচ্য আয়াতে যে ‘ইয়াতামা’ শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে ইয়াতীম মেয়ে। আর শরি‘আতের পরিভাষায় সে বালক-বালিকাকেই ইয়াতীম বলা হয়ে থাকে, যে এখনো বালেগ হয়নি। সুতরাং এ আয়াত দ্বারা এ বিষয়টিও প্রমানিত হয়ে গেছে যে, ইয়াতীমের অভিভাবকের এখতিয়ার রয়েছে যে সে ইচ্ছা করলে বালেগ হওয়ার আগেই তাদের বিয়ে-সাদী দিতে পারে। তবে তাদের ভবিষ্যত মঙ্গল ও কল্যাণকে সামনে রেখেই এ ব্যবস্হা গ্রহন করা যেতে পারে।
অনেক ক্ষেত্রে দেখা যায়, বয়সের সমতার প্রতি লক্ষ্য রাখা হয়না। এমনকি অনেক বড় বড় মেয়েকেও ছোট ছোট ছেলেদের সাথে বিয়ে দেয়া হয়। ছেলের স্বভাব-চরিত্র যাচাই-বাছাই না করেই কোন একটি মেয়েকে তার নিকট সোপর্দ করা হয়। এটা কোন ক্রমেই ঠিক হবেনা। এছাড়া এমন বালেগ অবিবাহিতা মেয়েও পাওয়া যায়, বিয়ের পূর্বেই যাদের বাপ মারা গেছে। এসব মেয়ে বালেগ হলেও মেয়ে সূলভ লজ্জা-শরমের কারণে তাদের বিয়ের ব্যাপারে অভিভাবকের সামনে কোন প্রকার উচ্চ-বাচ্য করতে পারে না এবং অভিভাবক যা কিছু করে সেটাই তারা নতশিরে গ্রহণ করে নেয়। এমতাবস্হায় অভিভাবকের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যাতে তাদের অধিকার কোনক্রমেই ক্ষুন্ন না হয়।
এ আয়াতে ইয়াতীম মেয়েদের বৈবাহিক জীবনের যাবতীয় অধীকার সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সাধারণ আইন-কানুনের মতো তো শুধু প্রশাসনের উপর ন্যাস্ত করার পরিবর্তে জনসাধারণের মধ্যে আল্লাহ-ভীতির অনুভূতি জাগ্রত করা হয়েছে। তাই বলা হয়েছে যে, যদি ইনসাফ করতে পারবেনা বলে মনে করে, তাহলে ইয়াতীম মেয়েদেরকে বিয়ে করবেনা, বরং সে ক্ষেত্রে অন্য মেয়েকেই বিয়ে করে নেবে। একথা বলার সাথে সাথে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে। যাতে ইয়াতীম ছেলে মেয়েদের কোন প্রকার অধিকার ক্ষুন্ন না হয় সে ব্যাপারে পুরোপুরি সচেতন থাকার নির্দেশ দেয়া হয়েছে।