আন-নিসা, আয়াত ১-১০

পৃষ্ঠা নং-২৩১

একাধিক স্ত্রীর মধ্যে সমান ব্যবহার বজায় রাখতে সমর্থ হবে না, সুতরাং পরোক্ষভাবে কুরআন এক বিয়েরই অনুমোদন দেয় এবং বহু বিবাহ রহিত করে।

উপরোক্ত সিদ্ধান্ত যে ভূল তা একটু লক্ষ্য করলেই বোঝা যায়। কেননা, একাধিক বিয়ে বন্ধ করাই যদি আল্লাহ তাআলার অভিপ্রায় হত, তবে “নারীদের মধ্যে যাদের ভাল লাগে তাদের মধ্য থেকে তোমরা দুই, তিন, চারটি পর্যন্ত বিয়ে করতে পার” —এরূপ বলার কোন প্রয়োজন ছিল না। তাছাড়া فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا বলে ইনসাফ কায়েম না করার সম্ভাবনা ব্যক্ত করারও কোন অর্থ হয় না।

এছাড়া স্বয়ং রসুল (সাঃ) সাহাবীগনের কর্মধারা ও মৌখিক বর্ণনা এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমিকভাবে মুসলিম সমাজে বিনা দ্বিধায় একাধিক বিয়ের রীতি প্রচলিত থাকাই প্রমান করে যে, বহু বিবাহ বৈধ হওয়ার ব্যাপারে প্রথমযুগ থেকে আজ পর্যন্ত কেউ দ্বিমত পোষন করেন না।

প্রকৃত প্রস্তাবে সূরা নিসার এ আয়াত দ্বারা মানুষের সাধ্যায়ত্ব ব্যাপারে স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখার কথা বলা হয়েছে। এবং দ্বিতীয় আয়াতে যা মানুষের সাধ্যের বাইরে অর্থাৎ, আন্তরীক আকর্ষনের ব্যাপারে সমতা রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করা হয়েছে। সুতরাং দু’টি আয়াতের মর্মে যেমন বৈপরীত্য নেই, তেমনি এ আয়াতের দ্বারা একাধিক বিবাহের অবৈধতাও প্রমানীত হয় না।

আয়াতের শেষাংশে বলা হয়েছে; ذٰلِكَ اَدْنٰى اَلَّا تَعُوْلُوْا এতে দু’টি শব্দ রয়েছে একটি اَدْنٰى এটি دَنْو ধাতু থেকে উৎপন্ন, যার অর্থ হয় নিকটতর। দ্বিতীয় শব্দটি হচ্ছে لَا تَعُوْلُوْا = يَعِيْلُ – عَالَ ঝুঁকে পড়া অর্থে ব্যবহৃত হয়। এখানে শব্দটি অসঙ্গতভাবে ঝুঁকে পড়া এবং দাম্পত্য জীবনে নির্যাতনের পথ অবলম্বন করা অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থ হচ্ছে এই যে, এ আয়াতে তোমাদের যা বলা হলো যে, সমতা বজায় রাখতে না পারার আশংকা থাকলে এক স্ত্রী নিয়েই সংসারযাত্রা নির্বাহ কর কিংবা শরীয়ত সম্মত ক্রীতদাসী নিয়ে সংসার কর; এটা এমন এক পথ যা অবলম্বন করলে তোমরা জুলুম থেকে বেঁচে থাকতে পারবে। বাড়াবাড়ি বা সীমা লংঘনের সম্ভাবনাও দুর হবে।

প্রশ্ন হতে পারে যে, এক স্ত্রী হলে তো আর অবিচার কিংবা জুলুমের কোন অবকাশই থাকেনা। কিন্তু তা সত্বেও ‘তোমরা জুলুম না করার নিকটে থাকবে’ এরূপ বলার অর্থ কি? বরং এখানে বলা উচিত ছিল যে, এক বিবাহের ক্ষেত্রে তোমরা অবিচারের পথ থেকে সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে।

জবাব হচ্ছে এই যে, যেহেতু অনেক ক্ষেত্রে লোকেরা এক স্ত্রীকেও নানাভাবে জ্বালা যন্ত্রনার লক্ষ্যস্থলে পরিনত করে রাখে সুতরাং এক স্ত্রীর সংসার করলে তোমরা জুলুম বা সীমা লংঘন থেকে সম্পূর্ণরূপে বেঁচে যাবে এরূপ না বলে اَدْنٰى (আদনা) শব্দটি বাড়িয়ে বলা হয়েছে যে, এটা অবিচারের পথ পরিহার করার নিকটবর্তী পন্থা। এ পথ অবলম্বন করলে তোমরা ইনসাফের কাছাকাছি পৌঁছতে পারবে। আর পরিপূর্ণ ইনসাফ তখনই হবে, যখন তোমরা স্ত্রীর বদ মেজাজী, উদ্ধত আচরণ প্রভৃতি সবকিছু ধৈর্য সহকারে বরদাশত বা সহ্য করতে পারবে।

আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়ঃ

স্ত্রীদের মোহরের ব্যাপারে তখনকার দিনে অনেক ধরণের অবিচার ও জুলুমের পন্থা প্রচলিত ছিল।

(এক) স্ত্রীর প্রাপ্য মোহর তার হাতে পৌঁছাতো না, মেয়ের অভিভাবকগনই তাআদায় করে আত্মসাৎ করতো। যা ছিল নিতান্তই নির্যাতনমূলক রেওয়াজ। এ প্রথা উচ্ছেদ করার লক্ষ্যে কুরআন নির্দেশ দিয়েছেঃ

وَاٰتُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَة

এতে স্বামীর প্রতি নির্দেশ দেয়া হচ্ছে যে, স্ত্রীর মোহর তাকেই পরিশোধ কর; অন্যকে নয়। অন্যদিকে অভিভাবকগনকেও নির্দেশ দেয়া হয়েছে যে, মোহর আদায় হলে যার প্রাপ্য তার হাতেই অর্পন কর। তাদের অনুমতি ছাড়া অন্য কেউ যেন তা খরচ না করে।

(দুই) স্ত্রীর মোহর পরিশোধ করার ক্ষেত্রে নানা রকম তিক্ততার সৃষ্টি হতো। প্রথমত; মোহর পরিশোধ করতে হলে মনে করা হতো যেন জরিমানার অর্থ পরিশোধ করা হচ্ছে। এ অনাচার রোধ করার লক্ষ্যেই نِحْلَةً আয়াতে শব্দটি ব্যবহার করে অত্যন্ত হৃষ্টমনে তা পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে। কেননা, অভিধানে نِحْلَةً বলা হয় সে দানকে যা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রদান করা হয়।

মোটকথা, আয়াতে বলে দেয়া হয়েছে যে, স্ত্রীদের মোহর অবশ্য পরিশোধ্য একটা ঋন বিশেষ। এটা পরিশোধ করা অত্যন্ত জরুরী। পরন্ত অন্যান্য ওয়াজিব ঋন যেমন সন্তুষ্ট চিত্তে পরিশোধ করা হয়। স্ত্রীর মোহরের ঋনও তেমনি হৃষ্টচিত্তে, উদার মনে পরিশোধ করা কর্তব্য।

(তিন) অনেক স্বামীই তার বিবাহিত স্ত্রীকে অসহায় মনে করে নানাভাবে চাপ প্রয়োগের মাধ্যমে মোহর মাফ করিয়ে নিতো। এভাবে মাফ করিয়ে নিলে কিন্তু প্রকৃতপক্ষে তা মাফ হতো না। অথচ স্বামী মনে করতো যে, মৌখিকভাবে যখন স্বীকার করিয়ে নেয়া গেছে, সুতরাং মোহরের ঋণ মাফ হয়ে গেছে। এধরনের জুলুম প্রতিরোধ করার উদ্দেশ্যে বলা হয়েছেঃ

فَاِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيىئٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْــًٔا مَّرِيأً

অর্থাৎ, যদি স্ত্রী নিজের পক্ষ থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে মোহরের কোন অংশ ক্ষমা করে দেয়, তবেই তোমরা তা হৃষ্টমনে ভোগ করতে পার।

অর্থ হচ্ছে, চাপ প্রয়োগ কিংবা কোন প্রকার জোর-জবরদস্তি করে ক্ষমা করিয়ে নেয়ার অর্থ কোন অবস্থাতেই ক্ষমা নয়। তবে স্ত্রী যদি স্বেচ্ছায়, খুশি মনে মোহরের অংশ বিশেষ মাফ করে দেয় কিংবা পুরোপুরিভাবে বুঝে নিয়ে কোন অংশ তোমাদের ফিরিয়ে দেয়, তবেই কেবল তা তোমাদের পক্ষে ভোগ করা জায়েয হবে।

এধরনের বহু নির্যাতনমূলক প্রথা জাহেলিয়াত যুগে প্রচলিত ছিল। কুরআন এসব জুলুমের উচ্ছেদ করেছে। কিন্তু পরিতাপের বিষয়, আজও মুসলিম সমাজে মোহর সম্পর্কিত এধরনের নানা নির্যাতনমূলক ব্যবস্থা প্রচলিত দেখা যায়। কুরআনের নির্দেশ অনুযায়ী এরূপ নির্যাতনমূলক পথ পরিহার করা অবশ্য কর্তব্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ