পৃষ্ঠা নং-৬৭
প্রতি পয়গম্বরগণের বিশেষ মনোযোগের কথা বর্ণিত হয়েছে। প্রথমতঃ আয়াতে ইবরাহিমী দ্বীনের শ্রেষ্ঠত্ব এবং এর দৌলতেই ইহকাল ও পরকালে ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম)-এর সম্মান লাভের কথা বর্ণনা করে বলা হয়েছে যে, যে ব্যক্তি এ ধর্ম থেকে বিমুখ হয়, সে নির্বোধদের স্বর্গে বাস করে।
وَمَن يَرۡغَبُ عَن مِّلَّةِ إِبۡرَٰهِۧمَ إِلَّا مَن سَفِهَ نَفۡسَهُۥ অর্থাৎ, ইবরাহিমী ধর্ম থেকে সে ব্যক্তিই মুখ ফিরিয়ে নিতে পারে, যার বিন্দুমাত্রও বোধশক্তি নেই। কারণ, এ ধর্মটি হুবহু স্বভাব-ধর্ম। কোন সুস্থস্বভাব ব্যক্তি এ ধর্মকে অস্বীকার করতে পারে না। পরবর্তী আয়াতে এর কারণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে। এতেই এ ধর্মের সম্মান ও শ্রেষ্ঠত্ব বোঝা যায় যে, আল্লাহ তা‘আলা এ ধর্মের দৌলতেই হযরত ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম)-কে ইহকালে সম্মান ও মাহাত্ম্য দান করেছেন এবং পরকালেও। ইহলৌকিক সম্মান ও মাহাত্ম্য সারা বিশ্বই প্রত্যক্ষ করেছে। নমরুদের মত পরাক্রমশালী সম্রাট ও তার পারিষদবর্গ একা এই মহাপুরুষের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে, ক্ষমতার যাবতীয় কলা-কৌশল তাঁর বিরুদ্ধে প্রয়োগ করেছে এবং সর্বশেষ ভয়াবহ অগ্নিকুন্ডে তাঁকে নিক্ষেপ করেছে, কিন্তু জগতের যাবতীয় উপাদান ও শক্তি যে অসীম ক্ষমতাবানের আজ্ঞাধীন, তিনি নমরুদের সমস্ত পরিকল্পনাকে ধুলিস্মাৎ করে দিলেন। আল্লাহ তা‘আলা প্রচণ্ড আগুনকেও তাঁর বন্ধুর জন্যে পুষ্পোদ্যানে পরিণত করে দিলেন। ফলে বিশ্বের সমগ্র জাতি তাঁর অপরিসীম মাহাত্মের সামনে মাথা নত করতে বাধ্য হল। বিশ্বের সমস্ত মুমিন ও কাফির, এমনকি পৌত্তলিকেরাও এ মুর্তিসংহারকের প্রতি সম্মান প্রদর্শন অব্যাহত রেখেছে। ‘আরবের মুশরিকরা আর যাই হোক, হযরত ইবরাহীমেরই সন্তান-সন্ততি ছিল। এ কারণে মুর্তিপূজা স্বত্ত্বেও হযরত ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম)-এর সম্মান ও মাহাত্ম্য মনে-প্রাণে স্বীকার করত এবং তাঁরই ধর্ম অনুসরণের দাবী করত। ইবরাহীমী ধর্মের কিছু অস্পষ্ট চিহ্ন তাদের কাজে-কর্মেও বিদ্যমান ছিল। ‘হজ্ব, ‘উমরা, কুরবানী ও অতিথি পরায়ণতা এ ধর্মেরই নিদর্শন। তবে তাদের মুর্খতার কারণে এগুলো বিকৃত হয়ে পড়েছিল। বলাবাহুল্য, এটা ঐ নি‘আমাহ/না‘মাত/নেয়ামতেরই ফলশ্রুতি-যার দরুন খলীলুল্লাহকে (‘আলাইহচ্ছালাম)- ‘মানব নেতা’ উপাধি দেয়া হয়েছিলঃ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًاۖ
ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম) ও তাঁর ধর্মের অপ্রতিরোধ্য প্রাধান্য ছাড়াও এ ধর্মের জনপ্রিয়তা ও স্বভাবধর্ম হওয়ার বিষয়টি সারা দুনিয়ার সামনে প্রতিভাত হয়ে গেছে। ফলে যার মধ্যে এতটুকুও বোধশক্তি ছিল, সে এ ধর্মের সামনে মাথা নত করেছিল। এই ছিল ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম)-এর ইহলৌকিক সম্মান ও মাহাত্ম্যের বর্ণনা। পারলৌকিক ব্যাপারটি আমাদের সামনে উপস্থিত নেই, কিন্তু ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম)-এর মর্যাদা কুরআনের সে আয়াতেই ফুটে উঠেছে, যাতে বলা হয়েছে, আল্লাহ তা‘আলা ইহকালে তাঁকে যেমন সম্মান ও শ্রেষ্ঠত্ব দান করেছেন, তেমনি পরকালেও তাঁর উচ্চাসন নির্ধারিত রয়েছে।
ইবরাহিমী ধর্মের মৌলনীতি আল্লাহ্র আনুগত্য শুধু মাত্র ইসলামেই সীমাবদ্ধঃ অতঃপর দ্বিতীয় আয়াতে ইবরাহিমী ধর্মের ইবরাহিমী মূলনীতি বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছেঃ
إِذۡ قَالَ لَهُۥ رَبُّهُۥٓ أَسۡلِمۡۖ قَالَ أَسۡلَمۡتُ لِرَبِّ الۡعَٰلَمِينَ
অর্থাৎ, ইব্রাহীমকে (‘আলাইহিচ্ছালাম) যখন তাঁর পালকর্তা বললেনঃ আনুগত্য অবলম্বন কর, তখন তিনি বললেনঃ ‘আমি বিশ্বপালকের আনুগত্য অবলম্বন করলাম।’ এ বর্ণনা-ভঙ্গিতে একটি বিষয় প্রণিধানযোগ্য। আল্লাহ তা‘আলার (أَسۡلِمۡۖ আনুগত্য অবলম্বন কর।) সম্মোধনের উত্তরে সম্মোধনেরই ভঙ্গিতে اسلمت لك (আমি আপনার আনুগত্য অবলম্বন করলাম।) বলা যেত, কিন্তু হযরত খলীল (‘আলাইহিচ্ছালাম) এ ভঙ্গি ত্যাগ করে বলেছেন, أَسۡلَمۡتُ لِرَبِّ الۡعَٰلَمِينَ অর্থাৎ, আমি বিশ্বপালকের আনুগত্য অবলম্বন করলাম। কারণ প্রথমতঃ এতে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ্র স্থানোপযোগী গুণকীর্তনও করা হয়েছে। দ্বিতীয়তঃ এ বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে যে, আমি আনুগত্য অবলম্বন করে কারো প্রতি অনুগ্রহ করিনি; বরং এমন করাই ছিল আমার জন্য অপরিহার্য। কারণ, তিনি রব্বুল ‘আলামীন তথা সারা জাহানের পালনকর্তা। তাঁর আনুগত্য না করে বিশ্ব তথা বিশ্ববাসীর কোনই গত্যন্তর নেই। যে আনুগত্য অবলম্বন করে, সে স্বীয় কর্তব্য পালন করে লাভবান হয়। এতে আরও জানা যায় যে, ইবরাহিমী ধর্মের মৌলনীতির যথার্থ স্বরূপ ও এক ‘ইসলাম’ শব্দের মধ্যেই নিহিত-যার অর্থ আল্লাহ্র আনুগত্য। ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম)-এর ধর্মের সারমর্মও তাই। ঐসব পরীক্ষার সারমর্মও তাই, যাতে উত্তীর্ণ হয়ে আল্লাহ্র এ দোস্ত মর্যাদার উচ্চস্তর শিখরে পৌঁছেছন। ইসলাম তথা আল্লাহ্র আনুগত্যের খাতিরেই সমগ্র সৃষ্টি। এরই জন্যে পয়গম্বরগণ প্রেরিত হয়েছিলেন এবং আসমানী গ্রন্থসমূহ নাযিল করা হয়েছে। এতে আরও বোঝা যায় যে, ইসলামই সমস্ত পয়গম্বরের অভিন্ন ধর্ম এবং ঐক্যের কেন্দ্রবিন্দু। হযরত আদম (‘আলাইহিচ্ছালাম) থেকে শুরু করে শেষ নবী সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আগমনকারী সমস্ত রসুল ইসলামের দিকেই মানুষকে আহবান করেছেন এবং তাঁরা এরই ভিত্তিতে নিজ নিজ উম্মতকে পরিচালনা করেছেন। কুরআন স্পষ্টভাষায় বলেছেঃ
اِنَّ الدِّيْنَ عِنْدَ اللهِ الاِسْلاَم ………..
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلاَمِ دِيْنًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ ………..
‘ইসলামই আল্লাহ্র মনোনীত ধর্ম। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম অন্বেষণ করে, তা কখনও কবুল করা হবে না।’
জগতে পয়গম্বরগণ যত ধর্ম এনেছেন, নিজ নিজ সময়ে সে সবই আল্লাহ্র কাছে মকবুল ছিল। সুতরাং নিঃসন্দেহে সেসব ধর্মও ছিল ইসলাম-যদিও সেগুলো বিভিন্ন নামে অভিহিত হতো। যেমন, মূসা (‘আলাইহিচ্ছালাম)-এর ধর্ম, ‘ঈসা (‘আলাইহিচ্ছালাম)-এর ধর্ম, তথা ইহুদী ধর্ম, খ্রীষ্টান ধর্ম ইত্যাদি। কিন্তু সবগুলোর স্বরূপ ছিল ইসলাম, যার মর্ম আল্লাহ্র আনুগত্য। তবে এ ব্যাপারে ইবরাহিমী ধর্মের একটি বৈশিষ্ট্য ছিল এই যে, তিনি নিজ ধর্মের নাম ‘ইসলাম’ রেখেছিলেন এবং স্বীয় উম্মতকে ‘উম্মতে-মুসলিমাহ’ নামে অভিহিত করেছিলেন। তিনি দু‘আ প্রসঙ্গে বলেছিলেনঃ
رَبَّنَا وَاجۡعَلۡنَا مُسۡلِمَيۡنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةٗ مُّسۡلِمَةٗ لَّكَ
অর্থাৎ, ‘হে আমাদের পালনকর্তা, আমাদের উভয়কে (ইব্রাহীম ও ইসমা‘ঈলকে) মুসলিম (অর্থাৎ, আনুগত্যশীল) কর এবং আমাদের বংশধর থেকেও এক দলকে আনুগত্যকারী কর।’ হযরত ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম) তাঁর সন্তানদের প্রতি ওসীয়ত প্রসঙ্গে বলেছেনঃ
فَلاَ تَمُوْتُنَّ اِلاَّ وَاَنْتُمْ مُسْلِمُوْنَ ‘তোমরা মুসলমান হওয়া ছাড়া অন্য ধর্মের উপর মৃত্যুবরণ করোনা।’
হযরত ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম)-এর পর তাঁরই প্রস্তাবক্রমে মু‘হাম্মাদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর উম্মত এ বিশেষ নাম লাভ করেছে। ফলে এ উম্মতের নাম হয়েছে ‘মুসলমান’। এ উম্মতের ধর্মও ‘মিল্লাতে-ইসলামিয়্যাহ নামে-