পৃষ্ঠা নং-৬৯
মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) সর্বদাই এ নির্দেশ পালন করেছেন।
তৃতীয়তঃ আরও একটি রহস্য এই যে, কোন মতবাদ ও কর্মসূচীতে পরিবারের লোকজন ও নিকটবর্তী আত্মীয়-স্বজন সহযোগী ও সমমান না হলে সে মতবাদ অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে না। এ কারণেই প্রাথমিক যুগে মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রচারকার্যের জওয়াবে সাধারণ লোকদের উত্তর ছিল যে, প্রথমে আপনি নিজ পরিবার ক্বুরাইশকে ঠিক করে নিন; এরপর আমাদের কাছে আসুন। হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর পরিবারে যখন ইসলাম বিস্তার লাভ করল এবং মক্কা বিজয়ের সময় তা পরিপূর্ণ রূপ পরিগ্রহ করল, তখন এর প্রতিক্রিয়া কুরআনের ভাষায় এরূপ প্রকাশ পেল- يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللهِ اَفْوَاجًا অর্থাৎ, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকবে।
আজকাল ধর্মহীনতার যে সয়লাব শুরু হয়েছে, তার বড় কারণ এই যে, পিতা-মাতা ধর্মজ্ঞানে জ্ঞানী ও ধার্মিক হলেও সন্তানদের ধার্মিক হওয়ার বিষয়ে চিন্তা করে না। সাধারণভাবে আমাদের দৃষ্টি সন্তানের পার্থিব ও স্বল্পকালীন আরাম-আয়েশের প্রতিই নিবদ্ধ থাকে এবং আমরা এর ব্যবস্থাপনায়ই ব্যতিব্যস্ত থাকি। অক্ষয় ধন-সম্পদের দিকে মনোযোগ দেই না। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে তাওফীক দিন, যাতে আমরা আখিরাতের চিন্তায় ব্যাপৃত হই এবং নিজের ও সন্তানদের জন্যে ঈমান ও নেক ‘আমলকে সর্ববৃহৎ পূঁজি মনে করে তা অর্জনে সচেষ্ট হই।
বাপ-দাদার কৃতকর্মের ফলাফল সন্তানরা ভোগ করবে নাঃ
لَهَامَاكَسَبَتْ আয়াত থেকে বোঝা যায় যে, বাপ-দাদার সৎকর্ম সন্তানদের উপকারে আসে না- যতক্ষণ না তারা নিজেরা সৎকর্ম সম্পাদন করবে। এমনিভাবে বাপ-দাদার কুকর্মের শাস্তিও সন্তানরা ভোগ করবে না, যদি তারা সৎকর্মশীল হয়। এতে বোঝা যায় যে, মুশরিকদের সন্তান-সন্ততি সাবালক হওয়ার পূর্বে মারা গেলে পিতা-মাতার কুফ্র ও শির্কের কারণে তারা শাস্তি ভোগ করবে না। এতে ইহুদীদের সে দাবীও ভ্রান্ত প্রমাণিত হয় যে, আমরা যা ইচ্ছা তা-ই করব, আমাদের বাপ-দাদার সৎকর্মের দ্বারাই আমাদের মাগফিরাত/ক্ষমা হয়ে যাবে। কিন্তু তা নয়।
কুরআন এ বিষয়টি বারবার বিভিন্ন ভঙ্গিতে বর্ণনা করেছে। এক আয়াতে বলা হয়েছেঃ
“প্রত্যেকের ‘আমলের দায়িত্ব তাকেই বহন করতে হবে।” অন্য এক আয়াতে আছেঃ “ক্বিয়ামতের দিন একজনের বোঝা অন্যজন বহন করবে না।” রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলছেনঃ “হে বনী-হাশেম, এমন যেন না হয় যে, ক্বিয়ামতের দিন অন্যান্য লোক নিজ নিজ সৎকর্ম নিয়ে আসবে আর তোমরা আসবে সৎকর্ম থেকে উদাসীন হয়ে শুধু বংশ গৌরব নিয়ে এবং আমি বলব যে, আল্লাহ্র ‘আযাব থেকে আমি তোমাদের বাঁচাতে পারব না। অন্য এক ‘হাদীসে আছেঃ “আমল যাকে পেছনে ফেলে দেয়, বংশ তাকে এগিয়ে নিতে পারে না।”