পৃষ্ঠা নং-৬৪
এখন লক্ষ্য করা দরখার যে, আয়াতে ‘হিকমাহা/‘হিকমতের কি অর্থ? তাফসীরকার সা‘হাবীগণ হুযুর আকরাম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছ থেকে শিখে কুরআনের ব্যাখ্যা করতেন। এখানে ‘হিকমাহা/‘হিকমত শব্দের অর্থে তাঁদের ভাষা ভিন্ন ভিন্ন হলেও সবগুলোর মর্মই এক। অর্থাৎ, রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সুন্নাহ। ইব্নে কাসীর ও ইব্নে জারীর ক্বতাদাহ্ থেকে এ ব্যাখ্যাই উদ্ধৃত করেছেন। ‘হিকমাহা/‘হিকমতের অর্থ কেউ কুরআনের তাফসীর, কেউ ধর্মে গভীর জ্ঞান, কেউ শরী‘আতের বিধি-বিধানের জ্ঞান, কেউ এমন বিধি-বিধানের জ্ঞান অর্জন বলেছেন, যা শুধু রসূলুল্লাহ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর বর্ণনা থেকেই জানা যায়। নিঃসন্দেহে এসব উক্তির সারমর্ম হল রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সুন্নাহ্।
وَيُزَكِّيهِمۡۖ – زكوة শব্দ থেকে উদ্ধৃত। এর অর্থ পবিত্রতা। বাহ্যিক ও আত্মিক সর্বপ্রকার পবিত্রতার অর্থেই এ শব্দটি ব্যবহৃত হয়।
উপরোক্ত ব্যাখ্যার দ্বারা আয়াতের মর্ম সুস্পষ্ট হয়ে গেছে। হযরত ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম) ভবিষ্যত বংশধরদের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গলের জন্য আল্লাহ্র কাছে দু‘আ করেছেন যে, আমার বংশধরের মধ্যে একজন পয়গম্বর প্রেরণ করুন- যিনি আপনার আয়াতসমূহ তাদের তিলাওয়াত করে শোনাবেন, কুরআন ও সুন্নাহ্র শিক্ষা দেবেন এবং বাহ্যিক ও আত্মিক অপবিত্রতা থেকে তাদের পবিত্র করবেন। দু‘আয় নিজের বংশধরের মধ্য থেকেই পয়গম্বর হওয়ার কথা বলা হয়েছে। এর কারণ প্রথমতঃ এতে তাদের কল্যাণও নিহিত রয়েছে। কারণ, স্বগোত্র থেকে পয়গম্বর হলে তাঁর চাল-চলন ও অভ্যাস-আচরণ সম্পর্কে তারা উত্তমরূপে অবগত থাকবে। ধোঁকাবাজি ও প্রবঞ্চনার সম্ভাবনা থাকবে না। হাদীসে বলা হয়েছেঃ প্রত্যুত্তরে ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম)-কে আল্লাহ্র পক্ষ থেকে বলে দেয়া হয় যে, আপনার দু‘আ কবূল হয়েছে এবং কাঙ্খিত গয়গম্বরকে শেষ যমানায় প্রেরণ করা হবে।’-(ইবনে-জারীর, ইবনে-কাসীর)
রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর জন্মের বৈশিষ্ট্যঃ মুসনাদে-আ‘হমাদ গ্রন্থে উদ্ধৃত এক ‘হাদীস বর্ণিত আছে যে, মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ ‘আমি আল্লাহ্র কাছে তখনও পয়গাম্বর ছিলাম, যখন আদম (‘আলাইহিচ্ছালাম)-ও পয়দা/সৃষ্টি হননি; বরং তাঁর সৃষ্টির জন্য উপাদান তৈরী হচ্ছিল মাত্র। আমি আমার সূচনা বলে দিচ্ছিঃ আমি পিতা হযরত ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম)-এর দু‘আ, ‘ঈসা (‘আলাইহিচ্ছালাম)-এর সুসংবাদ স্বীয় জননীর স্বপ্নের প্রতীক। ‘ঈসা (‘আলাইহিচ্ছালাম)-এর সুসংবাদের অর্থ তাঁর এ উক্তি وَمُبَشِّرَۢا بِرَسُولٍ يَأۡتِي مِنۢ بَعۡدِي اسۡمُهُۥٓ أَحۡمَدُۖ আমি এমন এক পয়গম্বরের সুসংবাদদাতা, যিনি আমার পরে আসবেন। তাঁর নাম আ‘হমাদ।) তাঁর জননী গর্ভাবস্থায় স্বপ্নে দেখেন যে, তাঁর পেট থেকে একটি নুর বের হয়ে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকোজ্জ্বল করে তুলেছে। কুরআনে হুজুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর আবির্ভাবের আলোচনা প্রসঙ্গে দু’জায়গায় সূরা আ-লি ‘ইমরানের ১৬৪তম আয়াতে এবং সূরা জুমু‘আয় ইবরাহীমের দু‘আয় উল্লিখিত ভাষারই পুরনাবৃত্তি করা হয়েছে। এভাবে ইঙ্গিত করা হয়েছে যে, হযরত ইব্রাহীম (‘আলাইহিচ্ছালাম) যে পয়গম্বরের জন্যে দু‘আ করেছিলেন, তিনি হচ্ছেন হযরত মু‘হাম্মাদ মুস্তফা (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)।
গয়গম্বর প্রেরণের অর্থ তিনটিঃ সূরা বাক্বরার আলোচ্য আয়াতে এবং সূরা আলি-‘ইমরান ও সূরা জুমু‘আর বিভিন্ন আয়াতে হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) সম্পর্কে একই বিষয়বস্তু অভিন্ন ভাষায় বর্ণিত হয়েছে। এসব আয়াতে মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর পৃথিবীতে পদার্পণ ও তাঁর রিসালাতের তিনটি লক্ষ্য বর্ণিত হয়েছে। প্রথমতঃ কুরআন তিলাওয়াত, দ্বিতীয়তঃ আসমানী গ্রন্থ ও ‘হিকমাহ/‘হিকমতের শিক্ষাদান এবং তৃতীয়তঃ মানুষের চরিত্রশুদ্ধি।
প্রথম উদ্দেশ্য কুরআন তিলাওয়াতঃ এখানে সর্বপ্রথম প্রণিধানযোগ্য যে, তিলাওয়াতের সম্পর্ক শব্দের সাথে এবং শিক্ষাদানের সম্পর্ক অর্থের সাথে। তিলাওয়াত ও শিক্ষাদান পৃথক পৃথকভাবে বর্ণিত হওয়ার মর্মার্থ এই যে, কুরআনের অর্থসম্ভার যেমন উদ্দেশ্য, শব্দসম্ভারও তেমনি একটি লক্ষ্য। এসব শব্দের ততিলাওয়াত ও হেফাযত ফরয ও গুরুত্বপূর্ণ ‘ইবাদত। এখানে আরও একটি প্রণিধানযোগ্য বিষয় এই যে, যাঁরা মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রত্যক্ষ শিষ্য ও সম্বোধিত ছিলেন তাঁরা শুধু ‘আরবী ভাষা সম্পর্কেই ওয়াকিবহাল ছিলেন না, বরং অলংকারপূর্ণ ‘আরবী ভাষার একেকজন বাগ্নী কবিও ছিলেন। তাঁদের সামনে কুরআন পাঠ করাই বাহ্যতঃ তাঁদের শিক্ষাদানের জন্য যথেষ্ট ছিল, পৃথকভাবে অনুবাদ ও ব্যাখ্যার প্রয়োজন ছিল না। এমতাবস্থায় কুরআন তিলাওয়াতকে পৃথক উদ্দেশ্য এবং গ্রন্থ শিক্ষাদানকে পৃথক উদ্দেশ্য সাব্যস্ত করার কি প্রয়োজন ছিল? অথচ কার্যক্ষেত্রে উভয় উদ্দেশ্যই এক হয়ে যায়। চিন্তা করলে এ থেকে দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ের উদ্ভব হয়। প্রথম এই যে, কুরআন অপরাপর গ্রন্থের মত নয়- যাতে শুধু অর্থসম্ভারের উপর ‘আমল করাই উদ্দেশ্য হয়ে থাকে এবং শব্দসম্ভার থাকে দ্বিতীয় পর্যায়ে; শব্দে সামান্য পরিবর্তন পরিবর্ধন হয়ে গেলেও ক্ষতির কারণ মনে হয় না। অর্থ না বুঝে এসব গ্রন্থের শব্দ পাঠ করা একেবারেই নিরর্থক, কিন্তু কুরআন এমন নয়। কুআনের শব্দের সাথে বিশেষ বিশেষ বিধি-বিধান সম্পৃক্ত রয়েছে। ফিক্ব্হ্শাস্ত্রের মূলনীতিসংক্রান্ত গ্রন্থসমূহে কুরআনের সংজ্ঞা এভাবে هوالنظم والمعنى جميعا বর্ণিত হয়েছে। অর্থাৎ, শব্দসম্ভার ও অর্থসম্ভারকে অন্য শব্দ অথবা অন্য ভাষায় লিপিবদ্ধ করা হলে তাকে কুরআন বলা যাবে না, যদিও বিষয়বস্তু একেবারে নির্ভুল ও ত্রুটিমুক্ত হয়। কুরআনের বিষয়বস্তুকে পরিবর্তিত শব্দের মাধ্যমে কেউ নামাযে পাঠ করলে তার নামায হবে না। এমনিভাবে কুরআন সম্পর্কিত অপরাপর বিধি-বিধানও এর প্রতি প্রযোজ্য হবে না। এ কারণেই ফি্ক্ব্হ্শাস্ত্রবিদগণ কুরআনের মূল শব্দ বাদ দিয়ে শুধু অনুবাদ লিখতে ও মুদ্রিত করতে নিষেধ করেছেন। সাধারণ পরিভাষায় এ জাতীয় অনুবাদকে ‘উর্দূ কুরআন, বাংলা কুরআন অথবা ইংরেজী কুরআন’ বলা হয়। কারণ, ভাষান্তরিত কুরআন প্রকৃতপক্ষে কুরআন বলে কথিত হওয়ারই যোগ্য নয়।
অর্থ না বুঝে কুআনের শব্দ পাঠ করা নিরর্থক নয়-ছাওয়াবের কাজঃ
একথা বলা কিছুতেই সঙ্গত নয় যে, অর্থ না বুঝে তোতাপাখীর মত শব্দ পাঠ করা অর্থহীন। বিষয়টির প্রতি বিশেষ জোর দেয়ার কারণ এই যে, আজকাল অনেকেই কুরআনকে অন্যান্য গ্রন্থের সাথে তুলনা করে মনে করে যে, অর্থ না বুঝে কোন গ্রন্থের শব্দাবলী পড়া ও পড়ানো বৃথা কালক্ষেপণ বৈ কিছুই নয়। কুরআন সম্পর্কে তাদের এ ধারণা ঠিক নয়। কারণ, শব্দ ও অর্থ উভয়টির সমন্বিত আসমানী গ্রন্থের নামই কুরআন। কুরআনের অর্থ হৃদয়ঙ্গম করা এবং তার বিধি-বিধান পালন করা যেমন ফরয ও উচ্চস্তরের ‘ইবাদত, তেমনিভাবে তার শব্দ তিলাওয়াত করাও একটি স্বতন্ত্র ‘ইবাদত ও ছাওয়াবের কাজ।
দ্বিতীয় উদ্দেশ্য গ্রন্থ শিক্ষাদানঃ রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ও সা‘হাবায়ে-কেরাম কুরআনের অর্থ সম্পর্কে সমধিক জ্ঞান ছিলেন। কিন্তু উপরোক্ত কারণেই তাঁরা শুধু অর্থ বোঝে ও তা বাস্তবায়ন করাকেই যথেষ্ট মনে করেননি। বোঝা এবং ‘আমল করার জন্যে একবার পড়ে নেয়াই যথেষ্ট-