আল-বাকারা ১২০-১৩৪

পৃষ্ঠা নং-৬৩

কারণেই মক্কাবাসীরা বাণিজ্যব্যাপদেশে নির্ভিগ্নে সিরিয়া ও ইয়ামানে যাতায়াত করত। কেউ তাদের কেশাগ্রও স্পর্শ করত না।

আল্লাহ্ তা‘আলা ‘হারামের চতুঃসীমায় জীব-জন্তুকেও নিরাপত্তা দান করেছেন। এই এলাকায় শিকার করা জায়েয নয়। জীব-জন্তুর মধ্যেও স্বাভাবিক নিরাপত্তাবোধ জাগ্রত করে দেয়া হয়েছে। ফলে তারা সেখানে শিকারী দেখলেও ভয় পায় না।

হযরত ইবরাহীমের তৃতীয় দু‘আ এই যে, এ শহরের অধিবাসীদের উপজীবিকা হিসাবে যেন ফল-মূল দান করা হয়। মক্কা-মুকাররমা ও পার্শ্ববর্তী ভূমি কোনরূপ বাগ-বাগিচার উপযোগী ছিল না। দূর-দূরান্ত পর্যন্ত ছিল না পানির নাম-নিশানা। কিন্তু আল্লাহ্ তা‘আলা ইবরাহীমের দু‘আ কবুল করে নিয়ে মক্কার অদূরে ‘তায়েফ’ নামক একটি ভূখণ্ড সৃষ্টি করে দিলেন। তায়েফে যাবতীয় ফলমূল প্রচুর পরিমাণে উৎপন্ন হয় যা মক্কার বাজারেই বেচা-কেনা হয়।

হযরত খলীলুল্লাহ্ (‘আলাইহিচ্ছালাম)-এর সাবধানতাঃ আলোচ্য আয়াতে মু’মিন ও কাফের নির্বিশেষে সমগ্র মক্কাবাসীর জন্যে শাস্তি ও সুখ-স্বাচ্ছন্দ্যের দু‘আ করা হয়েছে। ইতিপূর্বে এক দু‘আয় যখন হযরত খলীল স্বীয় বংশধরের মুমিন ও কাফের নির্বিশেষে সবাইকে অন্তর্ভুক্ত করেছিলেন, তখন আল্লাহ্ তা‘আলার পক্ষ থেকে বলা হয়েছিলন যে, মু’মিনদের পক্ষে এ দু‘আ কবুল হলো, জালেম ও মুশরিকদের জন্য নয়। সে দু‘আটি ছিল নেতৃত্ব লাভের দু‘আ। হযরত খলীল (‘আলাইহিচ্ছালাম) ছিলেন আল্লাহ্‌র বন্ধুত্বের মহান মর্যাদার উন্নীত ও খোদাভীতির প্রতীক। তাই এ ক্ষেত্রে সে কথাটি মনে পড়ে গেল এবং তিনি দু‘আর শর্ত যোগ করলেন যে, আর্থিক সুখ-স্বাচ্ছন্দ্য ও শান্তির এ দু‘আ শুধু মু’মিনদের জন্য করেছি। আল্লাহ্‌র পক্ষ থেকে এ ভয় ও সাবধানতার মূল্য দিয়ে বলা হয়েছেঃ وَمَنْ كَفَرَ অর্থাৎ, পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য আমি সমস্ত মক্কাবাসীকেই দান করব, যদিও তারা কাফের, মুশরিক হয়। তবে মু’মিনদেরকে ইহকাল ও পরকাল সর্বত্রই তা দান করব, কিন্তু কাফেররা পরকালে শাস্তি ছাড়া আর কিছুই পাবে না।

স্বীয় সৎকর্মের উপর ভরসা না করা ও তুষ্ট না হওয়ার শিক্ষাঃ হযরত ইব্‌রাহীম (‘আলাইহিচ্ছালাম) আল্লাহ্‌র নির্দেশে সিরিয়ার সুজলা-সুফলা সুদর্শন ভূখণ্ড ছেড়ে মক্কার বিশুষ্ক পাহাড়সমূহের মাঝখানে স্বীয় পরিবার-পরিজনকে এনে রাখেন এবং কা’বা গৃহের নির্মাণে সর্বশক্তি নিয়োগ করেন। এরূপ ক্ষেত্রে অন্য কোন আত্মত্যাগী সাধকের অন্তরে অহংকার দানা বাঁধতে পারত এবং সে তাঁর ক্রিয়াকর্মকে অনেক মূল্যবান মনে করতে পারত। কিন্তু এখানে ছিলেন আল্লাহ্‌র এমন এক বন্ধু যিনি আল্লাহ্‌র প্রতাপ ও মহিমা সম্পর্কে যথার্থভাবে অবহিত। তিনি জানতেন, আল্লাহ্‌র উপযুক্ত ‘ইবাদত ও আনুগত্য কোন মানুষের পক্ষেই সম্ভব নয়। প্রত্যেকেই নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করে। তাই ‘আমল যত বড়ই হোক সেজন্য অহংকার না করে কেঁদে কেঁদে এমনি দু‘আ করা প্রয়োজন যে, হে পরওয়ারদেগার! আমার এ ‘আমল কবুল হোক। কা’বা গৃহ নির্মাণের ‘আমল প্রসঙ্গে হযরত ইব্‌রাহীম তাই বলেছেন, رَبَّنَا تَقَبَّلۡ مِنَّآۖ  হে পরওয়ারদেগার! আমাদের এ ‘আমল কবুল করুন। কেননা, আপনি শ্রোতা, আপনি সর্বজ্ঞ।

رَبَّنَا وَاجۡعَلۡنَا مُسۡلِمَيۡنِ لَكَ  -এ দু‘আটিও হযরত ইব্‌রাহীম (‘আলাইহিচ্ছালাম)-এর আল্লাহ্ সম্পর্কিত জ্ঞান ও খোদাভীতিরই ফল, আনুগত্যের অদ্বিতীয় কীর্তি স্থাপন করার পরও তিনি এরূপ দু‘আ করেন যে, আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ কর। কারণ, মা‘রিফাত তথা আল্লাহ্ সম্পর্কিত জ্ঞান যার যত বৃদ্ধি পেতে থাকে সে ততবেশী অনুভব করতে থাকে যে, যথার্থ আনুগত্য তার দ্বারা সম্ভব হচ্ছে না।

وَمِن ذُرِّيَّتِنَآ -এ দু‘আতেও স্বীয় সন্তান-সন্ততিকে অন্তর্ভূক্ত করেছেন। এতে বোঝা যায় যে, তিনি আল্লাহ্‌র প্রেমিক, আল্লাহ্‌র পথে নিজের সন্তান-সন্ততিকে বিসর্জন দিতেও এতটুকু কুন্ঠিত নন। তিনিও সন্তানদের প্রতি কতটুকু মহব্বত ও ভালবাসা রাখেন। কিন্তু এই ভালবাসার দাবীসমূহ কয়জন পূর্ণ করতে পারে? সাধারণ লোক সন্তানদের শুধু শারীরিক সুস্থতা ও আরামের দিকেই খেয়াল রাখে। তাদের যাবতীয় স্নেহ-মমতা এ দিকটিকে কেন্দ্র করেই। কিন্তু আল্লাহ্‌র প্রিয় বান্দারা শারীরিকের চাইতে আত্মিক এবং জাগতিকের চাইতে পারলৌকিক আরামের জন্যে চিন্তা করেন অধিক। এ কারণেই হযরত ইব্‌রাহীম (‘আলাইহিচ্ছালাম) দু‘আ করলেনঃ “আমাদের সন্তানদের মধ্য থেকে একটি দলকে পূর্ণ আনুগত্যশীল কর।” সন্তানদের জন্যে এ দু‘আর মধ্যে আরও একটি তাৎপর্য নিহিত রয়েছে। অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, সমাজে যারা গণ্য মান্য, তাদের সন্তানরা পিতার পথ অনুসরণ করলে সমাজে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তাদের যোগ্যতা জনগণের যোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হয়।– (বা‘হরে-মু‘হীত্ব)

হযরত খলীলুল্লাহ (‘আলাইহিচ্ছালাম)-এর এ দু‘আটিও কবুল হয়েছে। তাঁর বংশধরের মধ্যে কখনও সত্যধর্মের অনুসারী ও আল্লাহ্‌র আজ্ঞাবহ আদর্শ পুরুষের অভাব হয়নি। জাহেলিয়্যাত ‘আমলে ‘আরবে যখন সর্বত্র মুর্তিপূজার জয়-জয়কার, তখনও ইবরাহীমের বংশধরের মধ্যে কিছু লোক একত্ববাদ ও পরকালে বিশ্বাসী এবং আল্লাহ্‌র আনুগত্যশীল ছিলেন। যেমন যায়েদ ইব্‌নে ‘আমর, ইব্‌নে নওফল এবং ক্বুস ইব্‌নে সা-‘য়িদাহ প্রমুখ। রসূলুল্লাহ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর পিতামহ ‘আবদুল মুত্তালিব ইবনে হাশেম সম্পর্কেও বর্ণিত আছে যে, মুর্তিপূজার প্রতি তাঁরও অশ্রদ্ধা ছিল।–(বা‘হরে-মু‘হীত্ব)

يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِكَ  -তিলাওয়াতের আসল অর্থ অনুসরণ করা। কুরআন ও ‘   হাদীসের পরিভাষায় এ শব্দটি কুরআন ও অন্যান্য আসমানী কিতাব পাঠ করার ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ, যে লোক এসব কালাম পাঠ করে, এর অনুসরণ করাও তার অবশ্য কর্তব্য। আসমানী গ্রন্থ ঠিক যেভাবে আল্লাহ্‌র পক্ষ থেকে অবতীর্ণ হয়, হুবহু তেমনিভাবে পাঠ করা জরুরী। নিজের পক্ষ থেকে তাতে কোন শব্দ অথবা স্বরচিহ্নটিও পরিবর্তন পরিবর্ধন করার অনুমতি নেই। ইমাম রাগেব ইস্পাহানী ‘মুফ্‌রদাতুল-কুরআন’ গ্রন্থে বলেনঃ “আল্লাহ্‌র কালাম ছাড়া অন্য কোন গ্রন্থ অথবা কালাম পাঠ করাকে সাধারণ পরিভাষায় তিলাওয়াত বলা যায় না।”

وَيُعَلِّمُهُمُ الۡكِتَٰبَ وَالۡحِكۡمَةَ -এখানে কিতাব বলে আল্লাহ্‌র কিতাব বোঝানো হয়েছে। ‘হিকমাহ/‘হিকমত’ শব্দটি ‘আরবী অভিধানে একাধিক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যথা- সত্যে উপনীত হওয়া, ন্যায় ও সুবিচার, জ্ঞান ও প্রজ্ঞা ইত্যাদি।–(ক্বামূস)

ইমাম রাগেব ইস্পাহানী লেখেনঃ এ শব্দটি আল্লাহ্‌র জন্যে ব্যবহৃত হলে এর অর্থ হয় সকল পূর্ণজ্ঞান এবং সুদৃঢ় উদ্ভাবন। অন্যের জন্যে ব্যবহৃত হলে এর অর্থ হয়, বিদ্যমান বস্তুসমূহের বিশুদ্ধ জ্ঞান এবং সৎকর্ম। বিশুদ্ধ জ্ঞান, সৎকর্ম, ন্যায়, সুবিচার, সত্য কথা ইত্যাদি।– (ক্বামূস ও রাগেব)

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ