পৃষ্ঠা নং-৬৬
লক্ষ মানুষ এ রাস্তায় বের হয়েছে এবং হচ্ছে। পক্ষান্তরে এমন কিছু লোক রয়েছে; যারা কুরআন ও ‘হাদীসের শিক্ষা অর্জনের জন্য কোন উস্তায/ওস্তাদ ও অভিভাবকের প্রয়োজনই মনে করে না। তারা বলেঃ ‘আল্লাহ্র কিতাব কুরআনই আমাদের জন্য যথেষ্ট।’ এটাও আরেক পথভ্রষ্টতা। এর ফল হচ্ছে ধর্মচ্যুত হয়ে মানবীয় প্রবৃত্তির শিকারে পরিণত হওয়া। কেননা, বিশেষজ্ঞদের সাহায্য ব্যতিরেকে শাস্ত্র অর্জন মানুষের স্বাভাববিরুদ্ধ কাজ। এরূপ ব্যক্তি অবশ্যই ভূল বোঝাবুঝির শিকারে পরিণত হয়। এ ভূল বোঝাবুঝি কোন কোন সময় তাকে ধর্মচ্যুতও করে দেয়।
কুরআন সম্পর্কে বলা হয়েছেঃ إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا الذِّكۡرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ অর্থাৎ, ‘আমিই কুরআন নাযিল করেছি এবং আমিই এর হেফাযত করব।’
এ ওয়াদার ফলেই কুরআনের প্রতিটি যের ও যবর পর্যন্ত সম্পূর্ণ সংরক্ষিত রয়েছে এবং ক্বিয়ামত পর্যন্ত থাকবে। সুন্নাহ্র ভাষা যদিও এভাবে সংরক্ষিত নয়, কিন্তু সমষ্টিগতভাবে সুন্নাহ্ এবং ‘হাদীসেরও সংরক্ষিত হওয়া উল্লেখিত আয়াতদৃষ্টে অপরিহার্য। বাস্তবে সুন্নাহ্ এবং ‘হাদীসও সংরক্ষিত রয়েছে। যখনই কোন পক্ষ থেকে এতে কোন বাধা সৃষ্টি অথবা মিথ্যা রিওয়ায়াত সংমিশ্রিত করা হয়েছে, তখনই ‘হাদীস বিশেষজ্ঞরা এগিয়ে এসেছেন এবং দুধ ও পানিকে পৃথক করে দিয়েছেন। ক্বিয়ামত পর্যন্ত এ কর্মধারা অব্যাহত থাকবে। রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আমার উম্মতে ক্বিয়ামত পর্যন্ত সত্যপন্থী এমন একদল ‘আলিম থাকবেন, যারা কুরআন ও ‘হাদীসকে বিশুদ্ধ অবস্থায় সংরক্ষিত রাখবেন এবং সকল বাধা-বিপত্তির অবসান ঘটাবেন।
মোটকথা, কুরআন বাস্তবায়নের জন্যে রসূলের শিক্ষা অপরিহার্য। কুরআনের বাস্তবায়ন ক্বিয়ামত পর্যন্ত ফরয। কাজেই রসুলের শিক্ষাও ক্বিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকা অবশ্যম্ভাবী। অতএব, উল্লেখিত আয়াতে ক্বিয়ামত পর্যন্ত রসুলের শিক্ষা সংরক্ষিত হওয়ারও ভবিষ্যদ্বাণী রয়েছে। আল্লাহ তা‘আলা সা‘হাবায়ে কেরামের ‘আমল থেকে নিয়ে আজ পর্যন্ত একে ‘হাদীস বিশারদ ‘উলামা ও বিশুদ্ধ গ্রন্থাদির মাধ্যমে সংরক্ষিত রেখেছেন। সম্প্রতিককালে কিছু লোক ইসলামী বিধি-বিধান থেকে গা বাঁচানোর উদ্দেশে একটি অজুহাত আবিস্কার করেছে যে, ‘হাদীসের বর্তমান ভাণ্ডার সংরক্ষিত ও নির্ভরযোগ্য নয়। উপরোক্ত বক্তব্যের মাধ্যমে তাদের ধর্মদ্রোহিতার স্বরূপই ফুটে উঠেছে। তাদের বোঝা উচিত যে, ‘হাদীসের ভাণ্ডার থেকে আস্থা উঠে গেলে কুরআনের উপরও আস্থা রাখার উপায় থাকে না।
সংশোধনের নিমিত্ত বিশুদ্ধ শিক্ষাই যথেষ্ট নয়, চারিত্রিক প্রশিক্ষণও আবশ্যকঃ পবিত্রকরণকে একটি স্বতন্ত্র কর্তব্য সাব্যস্ত করার মধ্যে ইঙ্গিত দান করা হয়েছে যে, শিক্ষা যতই বিশুদ্ধ হোক না কেন, প্রশিক্ষণ প্রাপ্ত মুরুব্বীর অধীন কার্যতঃ প্রশিক্ষণ লাভ না করা পর্যন্ত শুধু শিক্ষা দ্বারাই চরিত্র সংশোধিত হয় না। কারণ, শিক্ষার কাজ হল প্রকৃতপক্ষে সরল ও নির্ভূল পথ প্রদর্শন। এ কথা সুস্পষ্ট যে, পথ জানা থাকাই গন্তব্যস্থলে পৌঁছার জন্যে যথেষ্ট নয়। এ জন্যে সাহস করে পা বাড়াতে হবে এবং চলতেও হবে। সাহসী বুযুর্গদের সংসর্গ ও আনুগত্য ছাড়া সাহস অর্জিত হয় না। যে সব সৌভাগ্যবান ব্যক্তি রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সামনে শিক্ষা অর্জন করেছেন, শিক্ষার সাথে সাথে তাঁদের আত্মিক পরিশুদ্ধিও সম্পন্ন হয়েছে। এভাবে তাঁর প্রশিক্ষণাধীনে ‘সাহাবিগণের যে একটি দল তৈরী হয়েছিল, একদিকে তাঁদের জ্ঞান-বুদ্ধির গভীরতা ছিল বিষ্ময়কর; বিশ্বের দর্শন তাঁদের সামনে হার মেনেছিল এবং অন্যদিকে তাঁদের আত্মিক পবিত্রতা, আল্লাহ্র সাথে সম্পর্ক এবং আল্লাহ্র উপর ভরসাও ছিল অভাবনীয়। স্বয়ং কুরআন তাদের প্রশংসায় বলেঃ ‘যারা পয়গম্বরের সঙ্গে রয়েছে, তারা কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পর সদয়। তুমি তাদের রুকু’-সিজদা করতে দেখবে। তারা আল্লাহ্র কৃপা ও সন্তুষ্টি অন্বেষণ করে।’
এ কারণেই তাঁরা যে দিকে পা বাড়াতেন, সাফল্য ও কৃতকার্যতা তাঁদের পদচুম্বন করত এবং আল্লাহ্র সাহায্য ও সমর্থন তাঁদের সাথে থাকত। তাঁদের বিস্ময়কর কীর্তিসমূহ আজও জাতি ধর্ম নির্বিশেষে সবার মস্তিষ্ককে মোহাচ্ছন্ন করে রেখেছে। বলাবাহুল্য, এগুলো শিক্ষা ও প্রশিক্ষণেরই ফল। বর্তমান পৃথিবীতে শিক্ষার মনোন্নয়নের লক্ষ্যে পাঠ্যসুচী পরিবর্তনের চিন্তা সবাই করেন। কিন্তু শিক্ষার প্রাণ সংশোধনের দিক মোটেই মনোযোগ দেয়া হয় না। অর্থাৎ, শিক্ষক ও শিক্ষাগুরুর চারিত্রিক সংশোধন এবং সংস্কারক সুলভ প্রশিক্ষণের উপর জোর দেয়া হয় না। ফলে হাজারো চেষ্টাযত্নের পরও এমন কৃতী পুরুষের সৃষ্টি হয় না, যার চারিত্রিক বৈশিষ্ট্য ও বলিষ্ঠতা অন্যের উপরও প্রভাব বিস্তার করতে পারে এবং অন্যকে প্রশিক্ষণ দিতে পারে।
একথা অনস্বীকার্য যে, শিক্ষকবর্গ যে ধরণের জ্ঞানগরিমা ও চরিত্রের অধিকারী হবেন, তাদের শিক্ষাধীন ছাত্রসমাজও বেশীর চেয়ে বেশী তাদের মতই হতে পারবে। একারণে শিক্ষাকে কল্যাণকর ও উন্নত করতে হলে পাঠ্যসূচীর পরিবর্তন-পরিবর্ধনের চাইতে শিক্ষকদের শিক্ষাগত, কর্মগত ও চরিত্রগত অবস্থার প্রতি অধিক নজর দেয়া আবশ্যক।
এ পর্যন্ত নবুওয়াত ও রিসালাতের তিনটি উদ্দেশ্য বর্ণিত হল। পরিশেষে সংক্ষেপে আরও জানা প্রয়োজন যে, রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর উপর অর্পিত তিনটি কর্তব্য তিনি কতদূর বাস্তবায়িত করেছেন; এ ব্যাপারে তাঁর সাফল্য কতটুকু হয়েছে? এর জন্য এতটুকু জানাই যথেষ্ট যে, তাঁর তিরোধানের সময় সমগ্র ‘আরব উপত্যকার ঘরে ঘরে কুরআন তিলাওয়াত হত। হাজার হাজার ‘হাফেযে কুরআন ছিলেন। শত শত লোক দৈনিক অথবা প্রতি তৃতীয় দিনে কুরআন খতম করতেন। কুরআন ও ‘হিকমাহ/‘হিকমত শিক্ষার ব্যবস্থা ছিল।
বিশ্বের সমগ্র দর্শন কুরআনের সামনে নিষ্প্রভ হয়ে গিয়েছিল। তাওরাত ও ইঞ্জীলের বিকৃত সংকলনসমূহ গল্প-কাহিনীতে পর্যবসিত হয়েছিল, কিন্তু কুরআনের নীতিমালাকে সম্মান ও শিষ্টাচারের মানদন্ড গণ্য করা হত। অপরদিকে ‘তাযকিয়া’ তথা পবিত্রকরণও চরম উৎকর্ষ লাভ করেছিল। এককালের দুশ্চরিত্র ব্যক্তিরাও চরিত্র-দর্শনের শ্রেষ্ঠ গুরুর আসনে আসীন হয়েছিলেন। চরিত্রহীনতার রোগীরা শুধু রোগমুক্তই হয়নি, সফল চিকিসৎকের পর্যায়ে উন্নীত হয়েছিল। যারা দস্যু ছিল তারা পথপ্রদর্শক হয়ে গেল। মুর্তিপূজারীরা মূর্তমান ত্যাগ ও সহানুভূতি হয়ে গিয়েছিল। কঠোরতা ও যুদ্ধলিপ্সার স্থলে নম্রতা ও পারস্পরিক শান্তি বিরাজমান ছিল। এক সময় ডাকাতিই যাদের পেশা ছিল, তারাই মানুষের ধন-সম্পদের রক্ষকে পরিণত হয়েছিল।
মোটকথা, হযরত খলীলুল্লাহ (‘আলাইহিচ্ছালাম)-এর দু‘আর ফলে যে তিনটি কর্তব্য রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর উপর অর্পিত হয়েছিল, তাতে তিনি স্বীয় জীবদ্দশায়ই পরিপূর্ণ সাফল্য অর্জন করেছিলেন। তাঁর তিরোধানের পর তাঁর সহচরগণ এগুলোকে পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তরে তথা সারা বিশ্বে সম্প্রসারিত করে গিয়েছিলেন।
আলোচ্য আয়াতসমূহে সন্তানদের ধর্মীয় ও আধ্যাত্মিক প্রশিক্ষণের-