পৃষ্ঠা নং-৯৯
জায়েয। কারণ, তাঁরা الَّذِينَ يُقَاتِلُونَكُمْ ‘যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে’- এই আয়াতের আওতাভুক্ত। (মাযহারী, কুরতুবী ও জাসসাস) যুদ্ধের সময় রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর তরফ থেকে মুজাহিদদেরকে যেসব উপদেশ দেয়া হতো, সেগুলোর মধ্যে এ নির্দেশের বিস্তারিত উল্লেখ রয়েছে।
আয়াতের শেষাংশে وَلَا تَعْتَدُوا (এবং সীমা অতিক্রম করো না)-বাক্যটির অর্থ অধিকাংশ তাফসীরকারের মতে এই যে, নারী ও শিশুদেরকে হত্যা করে সীমা অতিক্রম করো না।
وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُم مِّنْ حَيْثُ أَخْرَجُوكُمْ ۚ
-(আর তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা কর এবং যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে, তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দাও।) হুদায়বিয়ার সন্ধি-চুক্তির শর্ত মোতাবেক হযরত রসূলুল্ল-হু (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) সাহাবায়ে-কেরাম (রদ্বিয়াল্ল-হু ‘আনহুম আজমা‘য়ীন)-সহ সে ওমরার কাযা আদায়ের উদ্দেশ্যে যাত্রার নিয়ত করেন, আগের বছর মক্কার কাফেররা যে ওমরা উদযাপনে বাধা প্রদান করেছিল। কিন্তু সাহাবায়ে-কেরামের মনে তখন সন্দেহের উদ্রেক হয় যে, কাফেররা হয় তো তাদের সন্ধি ও চুক্তির মর্যাদা রক্ষা করবে না। যদি তারা এ বছরও তাঁদেরকে বাধা দেয়, তবে তাঁরা কি করবেন? এ প্রসঙ্গেই উল্লেখিত আয়াতে অনুমতি প্রদান করা হলো যে, যদি তারা তোমাদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয়, তবে তোমাদেরও তার সমুচিত জবাব দেওয়ার অনুমতি থাকলো।
পুরো মক্কী যিন্দেগীতে বা যিবনে মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে বাধা দান করা হয়েছিল এবং সর্বদা ক্ষমা ও উদারতার শিক্ষা প্রদান করা হয়েছিল। কাজেই এ আয়াত নাযিল হওয়ার পর সাহাবিগণের ধারণা হয়েছিল যে, হয় তো কোন কোন ক্ষেত্রে কাফেরদিগকে হত্যা করা নিষিদ্ধ ও দোষণীয় হয়ে থাকবে। এ ধারণার অপনোদনকল্পে ইরশাদ হলোঃ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ -(এবং ফেতনা বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যা অপেক্ষা কঠিন অপরাধ)। অর্থাৎ, একথা তো অবশ্যই সত্য ও সর্বজনবিদিত যে, নরহত্যা নিকৃষ্ট কর্ম, কিন্তু মক্কার কাফেরদের কুফরী ও শিরকের উপর অটল থাকা এবং মুসলমানদিগকে ওমরা ও হজ্বের মত ‘ইবাদতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি অতি গুরুতর ও কঠিন অপরপাধ। এরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণেই তাঁদেরকে হত্যা করার অনুমতি প্রদান করা হলো। আলোচ্য আয়াতে উল্লেখিত فِتْنَةٌ (ফিতনাহ) শব্দটির দ্বারা কুফর, শিরক এবং মুসলমানদের ‘ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করাকেই বোঝানো হয়েছে। -(জাসসাস, কুরতুবী প্রমুখ)
অবশ্য এ আয়াতের ব্যাপকতার দ্বারা বোঝা যায় যে, কাফেররা যেখানেই থাকুক না কেন, তাঁদেরকে হত্যা করা শরী‘আতসিদ্ধ। আয়াতের এই ব্যাপকতাকে পরবর্তী বাক্যে এই বলে সীমিত করা হয়েছে-
وَلَا تُقَاتِلُوهُمْ عِندَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّىٰ يُقَاتِلُوكُمْ فِيهِ ۖ
অর্থাৎ, ‘মাসজিদুল-‘হারামের পার্শ্ববর্তী এলাকা তথা পুরো ‘হারামে মক্কায় তোমরা তাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো না, যতক্ষণ না তারা নিজেরাই তোমাদের উপর আক্রমণোদ্যত হয়।
মাসয়ালাঃ এ আয়াত দ্বারা আরও বুঝা যাচ্ছে যে, প্রথম অভিযান বা আগ্রাসন কেবলমাত্র মাসজিদুল-‘হারামের পার্শ্ববর্তী এলাকায় বা ‘হারামে মক্কায়’-ই নিষিদ্ধ। অপরাপর এলাকায় যেমন প্রতিরোধমূলক যুদ্ধ অপরিহার্য, তেমনি প্রথম আক্রমণ বা অভিযানও জায়েয।
সপ্তম হিজরী সনে যখন রসূলুল্ল-হু (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) হুদায়বিয়ার সন্ধি-চুক্তির শর্ত অনুযায়ী বিগত বছরের ‘ওমরার কাযা আদায় করার নিয়তে সাহাবিগণ (রদ্বিয়াল্ল-হু ‘আনহুম আজমা‘য়ীন)-সহ মক্কা অভিমুখে যাত্রা করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন হযরত (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সাহাবিগণ জানতেন যে, কাফেরদের কাছে চুক্তি ও সন্ধির কোনই মর্যাদা নেই। এমনও হতে পারে, তারা সন্ধির প্রতি ভ্রুক্ষেপ না করে যুদ্ধে প্রবৃত্ত হবে। তখন সে ক্ষেত্রে সাহাবিগণের মনে এই আশঙ্কার উদ্ভব হয় যে, এতে করে ‘হারাম-শরীফেও যুদ্ধ সংঘটিত হয়ে যেতে পারে, যা ইসলামী শরী‘আতে নিষিদ্ধ। উপরের আয়াতে সাহাবিগনের এ আশংকার জবাব দান প্রসঙ্গে বলা হয়েছেঃ মক্কার ‘হারাম শরীফের প্রতি সম্মান প্রদর্শন মুসলমানদের অবশ্যই অপরিহার্য কর্তব্য। কিন্তু যদি কাফেররা ‘হারাম-শরীফের এলাকায় মুসলমানদের সঙ্গে যুদ্দে প্রবৃত্ত হয়, তবে তার মোকাবেলায় মুসলমানদের পক্ষেও যুদ্ধ করা জায়েয।
সাহাবিগণের মনে দ্বিতীয় সন্দেহ এই ছিল যে, এটা যিলকদ মাস এবং সে চার মাসেরই অন্তর্ভুক্ত, যেগুলোকে ‘আশহুরে-‘হারাম’ বা সম্মানিত মাস বলা হয়। এই মাসসমূহে কোথাও কারও সঙ্গে যুদ্ধ করা জায়েয নয়। এমতাবস্থায় যদি মক্কার মুশরিকরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে আমরা এই মাসে তার প্রতিরোধকল্পে কিভাবে যুদ্ধ করবো। তাঁদের এই দ্বিধা দূর করার জন্যই আয়াতটি নাযিল করা হয়েছে। অর্থাৎ, মক্কার ‘হারাম-শরীফের সম্মানার্থে শত্রুর হামলা প্রতিরোধকল্পে যুদ্ধ করা যেমন শরী‘আতসিদ্ধ, তেমনিভাবে ‘হারাম মাসের (সম্মানিত মাসেও) যদি কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হয়, তবে তার প্রতিরোধকল্পে যুদ্ধ করাও জায়েয।